এস আলমের গাড়িকাণ্ডে বিলুপ্ত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটি
দক্ষিণ জেলার আহ্বায়ক আবু সুফিয়ান, ১ নম্বর যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম এবং সদস্য এসএম মামুন মিয়ার প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়েছে।
এস আলমের গাড়ি কাণ্ডে নাম আসায় চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক কমিটি বিলুপ্ত করার পাশাপাশি তিন নেতার প্রাথমিক সদস্যপদ স্থগিত করেছে বিএনপি।
রোববার গভীর রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী কমিটি ঘোষিত না হওয়া পর্যন্ত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নামে কোনেো সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না।
সদস্যপদ স্থগিত হওয়া নেতারা হলেন, দক্ষিণ জেলার আহ্বায়ক আবু সুফিয়ান, ১ নম্বর যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম এবং সদস্য এসএম মামুন মিয়া।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ স্থগিত থাকবে এবং এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
গত বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের কালুরঘাট এলাকার একটি ওয়্যারহাউস থেকে একে একে ১৪টি বিলাসবহুল গাড়ি বের হওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে।
দুর্নীতিতে আলোচিত শিল্প গ্রুপ এস আলমের গাড়িগুলো বিএনপির ওই তিন নেতার তদারকিতে পার করে দেওয়া হচ্ছিল বলে খবর আসে বিভিন্ন সংবাদসাধ্যমে।
বিব্রতকর পরিস্থিতিতে শনিবার আবু সুফিয়ানসহ দক্ষিণ জেলা বিএনপির ওই তিন নেতাকে কারণ দর্শানোর নোটিস দেয় বিএনপি।
সংবাদমাধ্যমে আসা প্রতিবেদবনে বলা হচ্ছে, এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের মেয়ের শ্বশুর মীর গ্রুপের আবদুস সালাম বিএনপি নেতা এনামুল হক এনামের মামাতো ভাই। যে ওয়্যার হাউস থেকে গাড়িগুলো বের করা হচ্ছিল, সেটি মীর গ্রুপের।
মাঠ পর্যায়ের তিন নেতা বহিষ্কার
‘সংগঠন বিরোধী কার্যকলাপের’ অভিযোগে ময়মনসিংহ দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চু এবং মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নের সভাপতি মো. কাউসার তালুকদার এবং একই ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জনিকে দলের সকল পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি।
দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
