Published : 21 Jan 2026, 02:11 PM
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন এনসিপি থেকে বেরিয়ে এসে স্বতন্ত্র প্রার্থী হওয়া তাসনিম জারা।
বুধবার সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দের সময় ফুটবলই চেয়েছিলেন ঢাকা–৯ আসানের প্রার্থী তাসনিম জারা। তাকে সেই প্রতীকই দেওয়া হয়।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, "গত কয়েকদিন ধরে খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলার সময় প্রায় প্রতিদিনই কেউ না কেউ জানতে চেয়েছেন, তাকে সমর্থন করতে চাইলে ব্যালট পেপারে কোন প্রতীকে ভোট দিতে হবে। আজকে ফুটবল প্রতীক বরাদ্দের মাধ্যমে সেই প্রশ্নের স্পষ্ট উত্তর আজ পাওয়া গেছে।
"আগামীকাল থেকে নির্বাচনী প্রচার শুরু করব। স্বচ্ছতা ও জবাবদিহিতার রাজনীতিই আমার নির্বাচনী প্রচারের মূল ভিত্তি হবে।"
ঢাকা–৯ আসনের ভোটারদের কাছে দোয়া ও শুভকামনা চেয়েছেন এনসিপির এই সাবেক নেত্রী।
এনসিপি গত ডিসেম্বরের শেষ দিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার আলোচনা শুরু করলে দল থেকে পদত্যাগ করেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। সেইসঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন।
১ শতাংশ ভোটারের তালিকায় গড়মিলের কারণ দেখিয়ে যাচাই বাছাইয়ে তার প্রার্থিতা বাতিল করে দিয়েছিলেন রিটার্নিং কর্মকর্তা। পরে নির্বাচন কমিশনে আপিল করে ভোটের মাঠে থাকার সবুজ সংকেত পান জারা।