১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইসির ‘আশ্বাসে’ নির্বাচন ভবন এলাকা ছাড়ল ছাত্রদল

‘বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাবে পক্ষপাতদুষ্ট আচরণসহ’ বিভিন্ন অভিযোগে নির্বাচন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2026, 08:07 PM

Updated : 26 Aug 2026, 05:36 PM

‘পক্ষপাতদুষ্ট আচরণসহ’ বিভিন্ন অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) সামনে অবস্থান কর্মসূচি পালন করা ছাত্রদল নেতাকর্মীরা কর্মসূচি প্রত্যাহার করেছেন।

অভিযোগগুলো নিয়ে ‘ইসির আশ্বাসের’ পর সোমবার সন্ধ্যা ৬টার দিকে ছাত্রদল সভাপতি সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অবস্থান কর্মসূচি থেকে সরে আসার ঘোষণা দেন।

এরপর ছাত্রদল নেতাকর্মীরা আগারগাঁওয়ে নির্বাচন ভবন এলাকা ছাড়েন। সড়কগুলোতে তখন যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

‘বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাবে পক্ষপাতদুষ্ট আচরণসহ’ বিভিন্ন অভিযোগ তুলে সোমবার সকাল থেকে নির্বাচন ভবনের সামনে দ্বিতীয় দিনের মত অবস্থান কর্মসূচি চালিয়ে আসছিলেন ছাত্রদল নেতাকর্মীরা।

‘পক্ষপাতদুষ্ট আচরণ’ ছাড়াও ‘বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপে’ ইসির সিদ্ধান্তের পরিবর্তন, শাকসু নির্বাচন বিষয়ে ইসির ‘নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপনের’ অভিযোগ তুলেছে ছাত্রদল।

সোমবার দুপুরে আদালত চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত করলেও বাকি দুটি বিষয়ের ‘সুরাহা’ চেয়ে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ছাত্রদল সভাপতি। দাবি না মানলে নির্বাচন ভবনের প্রধান ফটক অবরোধের হুঁশিয়ারিও দেন তিনি।

এ অবস্থার মধ্যে সোমবার ইসির প্রতিনিধি দলের সঙ্গে ছাত্রদলের বৈঠকের কথা তুলে ধরে রাকিব বলেন, “তারা আমাদের সঙ্গে কথা বলেছে এবং তারা আমাদের তিনটি দাবির বিষয়ে সুস্পষ্টভাবে অবস্থান স্পষ্ট করেছে। আমরা তাদের প্রতি বিশ্বাস রাখতে চাই।”

রাকিব বলেন, “ইসি পোস্টাল ব্যালটের বিষয়টি ‘আমলে নিয়েছে’ এবং তারা কথা দিয়েছে দেশের বাইরে যাইই হয়েছে, দেশের জন্য নতুন করে পোস্টাল ব্যালট ছাপাবে। ‘কারো প্রভাব ও প্রতিপত্তি ব্যতীতই’ ইসি এই কাজ করতে সক্ষম বলে ছাত্রদলকে অবহিত করেছে।

‘একটি বিশেষ রাজনৈতিক দলের প্রভাব’ নিয়ে ছাত্রদলের অভিযোগ প্রসঙ্গে রাকিব বলেন, “তারা (ইসি) তাদের উপর আস্থা রাখতে বলেছে। তারা বলেছে, ছাত্রদল শুধু  গতকাল (রোববার) প্রথম নির্বাচন কমিশনে এসেছে, কিন্তু অপর ছাত্র সংগঠন বারবার অবাধে এখানে প্রবেশ করেছে।

“তারা আমাদের আশ্বস্ত করেছে যে, আর কখনো কোনো রাজনৈতিক প্রভাব-প্রতিপত্তি দ্বারা কোনো সিদ্ধান্তে উপনীত হবে না।”

ছাত্রদল সভাপতির ভাষ্য, “আমরা আশ্বস্ত হতে চাই। তাদের সিদ্ধান্ত বলে দিবে আমরা আশ্বস্ত হয়েছি কিনা। আমাদের পরবর্তীতে আবারও কোনো কর্মসূচি ঘোষণা করতে হবে কিনা।”

ইসির আশ্বাসে ‘আলোচনার ভিত্তিতে’ কর্মসূচি শেষ করার কথা তুলে ধরে রাকিব বলেন, “কিন্তু যদি আবারও কোনো রাজনৈতিক গোষ্ঠী কিংবা কোনো ছাত্র সংগঠন এখানে প্রবেশ করে কিংবা মব করে নির্বাচন বানচালের চেষ্টা চালায়, কিংবা নির্বাচন চলাকালীন কোনো সিদ্ধান্ত গ্রহণে এদের (ইসি) বাধ্য করে…; ছাত্রদল কী করতে পারে দুই দিন দেখিয়েছে।

“আজকের (সোমবার) এই অবস্থান কর্মসূচি সমাপ্তির সঙ্গে সঙ্গে বলে দিচ্ছি, আবারও যদি সে ধরনের কোনো ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত আসে, আমরা তাৎক্ষণিকভাবে নতুন কর্মসূচি নিয়ে হাজির হব।”

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, “শাকসু নির্বাচন নিয়ে যাবতীয় যত ম্যানেজমেন্ট হয়েছে, তাতে শিক্ষা মন্ত্রণালয়, নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ছিল। সেখানে কোনোভাবেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সম্পৃক্ত ছিল না।”

শাকসু নির্বাচন স্থগিত নিয়ে ছাত্রদলের বিরুদ্ধে ‘অপপ্রচার চালানো হচ্ছে’ মন্তব্য করে তিনি বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। বলা হচ্ছে, ছাত্রদল শাকসু নির্বাচনের বিপক্ষে। ছাত্রদল কোনো ছাত্র সংসদ নির্বাচনের বিপক্ষে নয়।

“এমনকি আজকে (সোমবার) যে নির্বাচন প্রক্রিয়াটি ব্যাহত হয়েছে, তার দায়দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বহন করবে না।”