২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আকরামের নেতৃত্বে ঢাকা মহানগর উত্তরে এনসিপির কমিটি, আছেন সাবেক ছাত্রদল নেতাও

“তারুণ্যের এই শক্তিকে একটা ইতিবাচক জায়গায় নিয়ে যেতে চাই। একটা গণতান্ত্রিক, বহুত্ববাদী, আধুনিক রাষ্ট্র গঠনে এনসিপির সঙ্গে সময় ও শ্রম দিতে চাই,” বলেন আমিরুল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2025, 12:18 PM

Updated : 26 Aug 2026, 12:50 PM

অঞ্চলভিত্তিক প্রথম কমিটি হিসাবে ঢাকা মহানগর উত্তরে ১৩ সদস্যের একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

সাবেক ছাত্রনেতা আকরাম হুসাইনের নেতৃত্বে গঠিত এই কমিটিতে ছাত্রদল সাবেক মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক সর্দার আমিরুল ইসলাম সাগরও যুক্ত হয়েছেন সদস্য হিসেবে। কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হত্যাকাণ্ডের শিকার শাহরিয়ার আলম সাম্যের আপন বড় ভাই সর্দার আমিরুল।

এনসিপিতি যোগ দেওয়ার বিষয়ে সর্দার আমিরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্রদলের মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদক পদ ছাড়ার পর নতুন কোনো রাজনীতির সাথে যুক্ত হইনি। দেশে গণতন্ত্র ফিরে আসার প্রতিক্ষায় ছিলাম এবং একটা রাজনৈতিক বোঝাপড়ার মধ্য দিয়ে যাচ্ছিলাম। গত অগাস্টে তরুণ্যের বিপ্লব যখন ঘটল, তখন নতুন করে আবার রাজনীতি নিয়ে আশান্বিত হয়ে উঠলাম। 

“তারুণ্যের এই শক্তিকে একটা ইতিবাচক জায়গায় নিয়ে যেতে চাই। একটা গণতান্ত্রিক, বহুত্ববাদী, আধুনিক রাষ্ট্র গঠনে এনসিপির সঙ্গে সময় ও শ্রম দিতে চাই।”

নিজের ভাইয়ের হত্যার ঘটনা নিয়ে তিনি বলেন, “অনেক আগ থেকেই এনসিপির রাজনৈতিক কার্যক্রম পর্যবেক্ষণ করছিলাম। দলে সক্রিয় হওয়ার ব্যাপারে শীর্ষ নেতাদের সঙ্গে আলাপ আলোচনা চলছিল। কিন্তু সাম্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর কিছুটা ভেঙে পড়েছিলাম। তাই দলে যুক্ত হতে কিছুটা বিলম্ব হয়েছে।”

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম রোববার রাতে নতুন এই আহ্বায়ক কমিটি অনুমোদন করেন।

এনসিপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির প্রধান সমন্বয়কারী হাফেজ আকরাম হুসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এবং এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব। 

আকরাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সদস্য ছিলেন। তিনি ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক। তখন সভাপতি ছিলেন এনসিপির বর্তমান সদস্য সচিব আখতার হোসেন।

সমাজবিজ্ঞানের স্নাতক আকরাম তথ্যপ্রযুক্তি খাতের একজন তরুণ উদ্যোক্তা। গত অক্টোবরে তিনি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট আয়োজিত লিডারশিপ এক্সচেঞ্জ প্রোগ্রামে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছিলেন।

কমিটিতে যুগ্ম সমন্বয়কারী হিসেবে এসেছেন মোস্তাক আহমেদ শিশির।

সদস্য হিসেবে সর্দার আমিরুল ইসলামের পাশাপাশি এই কমিটিতে আছেন এম এম শোয়াইব (মোহাম্মদপুর জোন), আব্দুল্লাহ আল মনসুর (মিরপুর জোন), মুনতাসির মাহমুদ (তেজগাঁও জোন), সৈয়দা নীলিমা দোলা, কাজী সাইফুল ইসলাম, মাশকুর রাতুল (উত্তরা জোন), মাইনুল ইসলাম (গুলশান জোন),  ওমর ফারুক (রামপুরা জোন), খালেদা আক্তার ও নাদিয়া চৌধুরী।