নিবন্ধনের অগ্রগতি জানতে ইসিতে যাচ্ছে এনসিপি প্রতিনিধি দল
এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারি থাকবেন তিন সদস্যের প্রতিনিধি দলে।
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের বিষয়ে অগ্রগতি জানতে নির্বাচন কমিশনে যাচ্ছেন নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
দলের যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা জানান, সোমবার বিকালে তারা ইসিতে যাবেন। এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারি থাকবেন তিন সদস্যের প্রতিনিধি দলে।
“আমরা সিইসির সঙ্গে সাক্ষাত করতে যাব। ৮ সেপ্টেম্বর আমরা নিবন্ধনের অগ্রগতি জানতে গিয়েছিলাম। তখন সচিবের সঙ্গে বৈঠক হয়েছে, সিইসি দেশের বাইরে ছিলেন। এ ধারাবাহিকতায় আজকের বৈঠকে নিবন্ধনের বিষয়ে অগ্রগতি জানতে পারব।”
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নতুন দল নিবন্ধনের কাজ গুছিয়ে এনেছে নির্বাচন কমিশন। আগামী এক সপ্তাহের মধ্যে সরেজমিন তদন্ত প্রতিবেদন পাওয়া পর যোগ্য দলগুলোর বিষয়ে আপত্তি রয়েছে কিনা তা জানতে বিজ্ঞপ্তি দেওয়ার প্রক্রিয়া চলছে।
প্রাথমিক বাছাইয়ের পর টিকে থাকা ২২ দলের কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের কমিটিসহ প্রাসঙ্গিক দলিলপত্র দেখতে সরেজমিন তদন্ত শেষ হয়েছে।
নতুন দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপিসহ কয়েকটি দল নিবন্ধন পাওয়ার দৌঁড়ে এগিয়ে রয়েছে বলে আভাস মিলেছে।
তদন্ত প্রতিবেদন পাওয়ার পর গেল সপ্তাহে বেশ কিছু দলের প্রতিনিধিদের সঙ্গে ইসির বাছাই কমিটি সাক্ষাৎ করেছে।
এনসিপি নেতারা বলছেন, তারা নিবন্ধন পাওয়ার বিষয়ে বরাবরই আশাবাদী। তবে দলীয় প্রতীক শাপলা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে ইসির তরফ থেকে জানানো হয়েছে।
এনসিপি শাপলার পাশাপাশি সাদা ও লাল শাপলা প্রতীক চেয়ে আবেদনে করেছে দ্বিতীয়বার। কিন্তু প্রতীকের তালিকায় এ ধরনের নির্বাচনি প্রতীক রাখেনি ইসি। আইন মন্ত্রণালয়ে পাঠানো প্রতীক তালিকা এখন ভেটিংয়ের অপেক্ষায় রয়েছে।
জহিরুল ইসলাম মুসা বলেন, “নিবন্ধন পাওয়ার পর আমরা প্রতীকের বিষয়টি নিয়ে আলোচনা করব। সোমবোরের বৈঠকে আলোচনার সময় নিবন্ধনের আপডেট পাব আশা করি।”
পুরনো খবর
