যদি বলি জুলাই কার, জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই চেতনা নিয়ে কাউকে রাজনীতি না করতে অনুরোধ করেন সালাহউদ্দিন আহমদ।
রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “স্বৈরাচারের কবল থেকে মুক্তির পরে আমরা যদি বলি জুলাই কার, জুলাই কার; তাহলে জুলাই আমাদের কারোই থাকবে না। এই অবস্থা থেকে আমাদের মুক্তি পেতে হবে।”
রাজধানীর শেরেবাংলা নগরে বুধবার জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
সাবেক ‘স্বৈরাচারী সরকারের’ পতন কি একদিনে হয় কিনা প্রশ্ন তুলে তিনি বলেন, “আমাদের অসংখ্য দলীয় নেতাকর্মী হামলা মামলা, হত্যাকাণ্ডের শিকার হয়েছে। ইলিয়াস আলী গুম হয়েছে। ২০০৯ থেকে ২০২৪ এর সেই সোপানগুলো বাদ দিলে জুলাইয়ের ৩৬ দিনে কি নিউটনের আপেল টপকিয়ে পড়েছে? না।
“বন্ধুদের বুঝতে বলব, যারা জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করছে, সেই রাজনীতি করা যাবে না। একাত্তরের চেতনাকে বিক্রি করতে করতে শেখ হাসিনা দিল্লিতে গিয়ে বসে আছে। আমি অনেকবার বক্তব্য দিয়েছি, শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে।”
জুলাই আন্দোলনকে ‘মুক্তির মন্দির সোপান’ আখ্যা দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, “এই মুক্তির মন্দির সোপান একদিনে নির্মিত হয়নি। নির্মিত হয়েছে ২০০৯ থেকে শুরু করে ২০২৪ পর্যন্ত। এই সফলতার পেছনে সাবেক প্রধানমন্ত্রী খালেদার জিয়ার অবদানও আছে। বিন্দু বিন্দু জমে সিন্ধু হয়েছে, একদিনে হয় নাই।”
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিল, যখন মুক্তিযুদ্ধের চেতনা বললে মানুষ ঘৃণা করত বলেও মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা যেন জুলাইয়ের এই চেতনাকে কোনোদিন অসম্মান না করতে হয়, সেই রকম রাজনীতি করি। জুলাই আমাদের সবার, বাংলাদেশের ১৮-২০ কোটি মানুষের। সবার সম্বলিত প্রয়াসে আমরা কেউ কেউ হয়ত নেতৃত্ব দিয়েছি। আমাদের সামনের সারিতে যারা শহীদ হয়েছেন, তারাই হচ্ছে আসল জুলাই যোদ্ধা। আসল নেতা। তাদের আকাঙ্খা বাস্তবায়ন করাই হবে আমাদের জন্য ফরজ। অথচ জুলাই কৃতিত্ব নেওয়ার জন্য, রাজনীতি করার জন্য সবাই প্রতেযোগিতায় নেমেছে। আমরা প্রতিযোগিতা করছি জুলাইয়ের আকাঙ্খা বাস্তবায়নের জন্য।”
স্বরাষ্ট্রমন্ত্রী তার ‘আয়নাঘরে’ থাকার অভিজ্ঞতার বর্ণনা করে বলেন, “যদি আমরা আয়নাঘরে যাই, যেখানে আমার ৬১ দিনের অভিজ্ঞতা আছে। সেখানে একটা জানোয়ার ২৪ ঘণ্টা থাকতে পারে না, আমরা থেকেছি। আমার ভাই মীর কাসেমের (জামায়াত নেতা মীর কাসেম আলী) ছেলে মীর আহমেদ (মীর আহমাদ বিন কাসেম) এখন এমপি। এখনো ট্রমাটাইজড। আমরা একসঙ্গে কারাগারে ছিলাম।”
মীর কাসেমের সঙ্গে কথোপকথনের কথা স্মরণ করে সালাহউদ্দিন আহমদ বলেন, “আমি বললাম ভাই, কেন ফেরত আসলেন? তিনি বললেন, আমি যদি না আসি আমার ছেলেটাকে ধরে নিয়ে যাবে। ফাঁসি তো তার হল, কিন্তু ছেলেকে ধরে নিয়ে গেল। আমি একটা জলন্ত ইতিহাস, জীবন্ত ইতিহাস। বাবা এ জন্য ফেরত এসেছিলেন, তার সন্তানকে রক্ষা করার জন্য। কিন্তু সন্তানকে রক্ষা করতে পারেননি। সেরকম একটি স্বৈরাচারের কবল থেকে মুক্তির পরে আমরা যদি বলি জুলাই কার জুলাই কার, তা হলে জুলাই আমাদের কারোই থাকবে না। এই অবস্থা থেকে আমাদের মুক্তি পেতে হবে।”
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের গণভোটের রায় বাস্তবায়ন দাবির প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আসুন, একসাথে বসি। সংবিধান সংশোধন কমিটিতে আপনাদের আহ্বান জানিয়েছি, আপনারা এখনো নাম দেন নাই। গতকাল প্রথম বৈঠক করেছি। জুলাই জাতীয় সনদের প্রত্যেকটা অক্ষর বাস্তবায়ন করা হবে, আমরা প্রতিশ্রুতি দিয়েছি।
“আসুন কথা বলি, সমাজের সমস্ত সেক্টরের সাথে কথা বলব। তাদের প্রত্যাশা কি সেটা নেওয়া হবে। সংবিধান বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে। এমন একটা সংবিধান আনতে চাই, যে সংবিধান নিয়ে আমরা অনেক বছর চলতে পারব।”
একাত্তর বা জুলাই একটি জাতির কাছে বারবার আসে না মন্তব্য করে তিনি বলেন, “বারবার বাংলাদেশে গণঅভ্যুত্থান হবে না। এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের যে অর্জিত আকাঙ্খা, তা যদি পূরণ করতে না পারি সারাজীবন দায়ি থাকব।”
আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং তাদের বিচার নিশ্চিত করা হবে বলেও মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী সবাইকে ঐক্যবব্ধ থাকার আহ্বান জানান।
