২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জনগণ মনে করে সরকার আস্থা হারাচ্ছে: আমীর খসরু

তিনি বলেন, দেশ কোথায় যাচ্ছে, কেউ জানে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2025, 10:08 PM

Updated : 10 Sep 2026, 12:42 PM

জাতীয় নির্বাচন বিলম্বিত করে দেশকে অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার রাজধানীর বনানীর হোটেলে সেরিনায় সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “দেশের জনগণ যেটা মনে করে, নির্বাচন যত বিলম্বিত হচ্ছে, দেশকে তত বেশি অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। জাতি এখন এক গভীর শঙ্কার মধ্যে রয়েছে, বাংলাদেশ এখন এক অনিশ্চিত অবস্থার মধ্যে আছে।

“দেশ কোথায় যাচ্ছে, কেউ জানে না। এদেশের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে সবাই মিলে ফ্যাসিস্ট স্বৈরাচারের পতন ঘটিয়েছে, স্বৈরাচার পালিয়েও গেছে। এরপর গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ পরিচালনার যে প্রত্যাশা ছিল, তা এখনো হয়নি। জনগণ এজন্য শঙ্কায় আছে।”

আমীর খসরু বলেন, “জনগণ মনে করে, সরকার আস্থা হারাচ্ছে, এটি দেশের জন্য দুর্ভাগ্য।”  

তিনি বলেন, “এই সরকারটি কিন্ত একটি অন্তবর্তীকালীন সরকার। তাদের মূল দায়িত্ব, মূল কর্তব্য হচ্ছে, দেশে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করে ক্ষমতা নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করা, গণতান্ত্রিক অর্ডারে দেশকে নিয়ে যাওয়া।”

আরকানে ‘মানবিক করিডোর’, চট্টগ্রাম বন্দরের দায়িত্ব বিদেশি কোম্পানির কাছে দেওয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো আলোচনা না করেই অন্তবর্তীকালীন সরকারের সিদ্ধান্ত নেওয়া নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

“করিডোর, বন্দর, বিনিয়োগ সম্মেলন- এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না। এগুলো কী জন্য? তারা সময় নষ্ট করছে। এগুলো দেখিয়ে তারা কী বোঝাতে চাচ্ছে? চট্টগ্রাম পোর্ট হ্যান্ডওভার করছে। এসব সিদ্ধান্তে তারা কী বোঝাতে চাচ্ছে? তাদের ম্যান্ডেট কে দিয়েছে? প্রশ্ন হলো, এই সরকারের এসব সিদ্ধান্ত নেওয়ার বৈধতা কোথায়? তারা কি নির্বাচিত সরকার? তাদের কি জনগণের ম্যান্ডেট আছে? নাই।”

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচনের ফলাফলের বিষয়ে আদালতের আদেশ বাস্তবায়ন না করায় ক্ষোভ প্রকাশ করেন আমীর খসরু।

তিনি বলেন, “যদি আদালতে অর্ডার হয়ে থাকে, তাহলে সেটা বাস্তবায়ন হতে অসুবিধাটা কোথায়? যখন আদালতের আদেশ মানা হচ্ছে না তখন আইনের শাসনের প্রশ্ন চলে আসে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কার স্বার্থে কাজ করছে? সেটাও এখন প্রশ্নবিদ্ধ হচ্ছে।”

‘নির্বাচন তিন মাসের মধ্যেই হতে পারে’

আমীর খসরু বলেন, “নির্বাচনের জন্য ডিসেম্বর পর্যন্ত যেতে হবে কেন? আমি তো দেখছি, ডিসেম্বর পর্যন্ত যাওয়ার কোনো কারণ নেই। নির্বাচনের জন্য তিন মাস সময় নিয়ে এগিয়ে যাওয়া দরকার। অগাস্ট, সেপ্টেম্বর বা অক্টোবরে নির্বাচন হতে পারে।

“যে সংস্কার প্রস্তাবগুলোতে ঐকমত্য হয়েছে, সেগুলো আগামী এক সপ্তাহের মধ্যে তারা (অন্তবর্তীকালীন সরকার) বলতে পারে। একদিনের মধ্যেও বলতে পারে। এতদিন তো লাগে না।”