স্বাধীনতা দিবসে বিএনপির দুই দিনের কর্মসূচি
সহযোগী সংগঠনগুলো কর্মসূচি করবে নিজ উদ্যোগে।
স্বাধীনতা ও জাতীয় দিবস ঘিরে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
এর মধ্যে রয়েছে ২৫ মার্চ বেলা ১১টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনাসভা। ২৬ মার্চ ভোরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় স্মৃতি সৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের শেষে সেখানে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন।
এরপর ওই দিন শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন দলের নেতা-কর্মীরা। ওই সময়ে সেখানে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিলও হবে।।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব প্রধানমন্ত্রীর শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, “কয়েকদিন পরেই মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ যে অর্জন আমাদের মহান স্বাধীনতা আমাদেরকে একটি স্বতন্ত্র পরিচয় দিয়েছে বিশ্ব মানচিত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে। এই দিনটি অত্যন্ত তাৎপর্যমণ্ডিত। কেবল তাই নয়, হাজার বছরের সংগ্রাম, যুদ্ধ এবং রক্তপাতের মধ্যে দিয়ে আমাদের স্বাধীনতা প্রস্ফুঠিত হয়ে উঠেছে, আমাদের স্বাধীনতা চূড়ান্ত লক্ষ্য অর্জনে উপনীত হয়েছিল ২৬ মার্চ।
“এই দেশের এক অকুতভয় বীর সেদিনের মেজর জিয়াউর রহমান এই দিনে স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে যেদিয়া দিশা দিয়েছিলেন, সেই দিশায় ছাত্র, শ্রমিক, কৃষক, মজুর এবং জনগণ ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এই যুদ্ধ ছিল পৃথিবীর সকল মানুষের কাছে প্রেরণাদায়ক, এই যুদ্ধ ছিল রক্তক্ষয়ী। এই যুদ্ধে হাসতে হাসতে জীবন দানকারী মুক্তিযোদ্ধারা যে দৃষ্টান্ত স্থাপন করেছেন আমরা সেই স্বাধীনতা যুদ্ধ। দিবস পালকে বিএনপি এই কর্মসূচি গ্রহন করেছে।”
স্বাধীনতা দিবস উপলক্ষে দলের পক্ষ থেকে পোস্টার প্রকাশ করা হয়েছে এবং সেদিন বিভিন্ন জাতীয় দৈনিকে ক্রোড় পত্রও প্রকাশ করা হবে।
দুইদিনের কেন্দ্রীয় কর্মসূচি ছাড়াও জেলা, পৌরসভায় সকল ইউনিট দিবসটি উপলক্ষে আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচি হাতে নিয়েছে।
এছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠন নিজ নিজ উদ্যোগে কর্মসূচি নেবে জানিয়ে রিজভী বলেন, “বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের এসব কর্মসূচি সফল করার অনুরোধ জানানো হচ্ছে।”
সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম ও স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত সপু আলী উপস্থিত ছিলেন।
