১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

হাদিকে হত্যাচেষ্টার মামলা ডিবির হাতে

“গোয়েন্দা পুলিশকে মামলার নথিপত্র বুঝিয়ে দেওয়া হয়েছে,” বলেন পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশিদ

হাদিকে হত্যাচেষ্টার মামলা ডিবির হাতে
ঢাকায় গুলিবিদ্ধ হওয়া ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2025, 12:41 AM

Updated : 26 Aug 2026, 05:19 PM

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলির ঘটনায় রোববার রাতে পল্টন থানায় যে মামলা হয়েছে, সেটার তদন্তের দায়িত্ব পেয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার দুপুরে পুলিশের মতিঝিল বিভাগের উপ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  “রাতে দায়ের হওয়া মামলাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সোমবার ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। এখন থেকে গোয়েন্দা পুলিশ তদন্ত করবে। তাদেরকে নথিপত্র বুঝিয়ে দেওয়া হয়েছে।”

এ মামলায় আসামি হিসেবে শুধু ফয়সাল করিম মাসুদের নাম রয়েছে। তবে যে মোটরসাইকেল থেকে এই হত্যাচেষ্টা হয়, সেই মোটরসাইকেলের চালক আলমগীরকে গোয়েন্দা পুলিশ শনাক্তের দাবি করলেও আসামি করা হয়নি।

এর আগে উপ কমিশনার সকালে বলেছিলেন, হাদির পরিবারের সম্মতি নিয়ে পল্টন থানায় রোববার রাতে হত্যাচেষ্টা মামলাটি করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

ইতোমধ্যে ফয়সাল করিম মাসুদের স্ত্রী সামিয়া ও শ্যালক শিপু এবং বান্ধবী মারিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

এছাড়া গুলি করার সময় ব্যবহার করা মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকেও র‌্যাব গ্রেপ্তার করে। 

এই চারজন ছাড়াও মানবপাচারের অভিযোগে গোয়েন্দা পুলিশ শেরপুরের নালিতাবাড়ী এলাকা থেকেও দুজনকে গ্রেপ্তার কথা জানায়।

বিজিবি বলছে, নালিতাবাড়ীতে আটক দুজন মানবপাচারকারী ফিলিপ স্নালের সহযোগী। তারা হলেন- বেঞ্জামিন চিরান (৪৫) ও নেংমিনজা (২৮)। 

এরই মধ্যে ফয়সাল ও তার তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ‘অ্যাপল সফট আইটি লিমিটেড’র সব ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।

শুক্রবার ঢাকার বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন হাদি। চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী। গুলিটি লাগে হাদির মাথায়।

গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা ‘অত্যন্ত আশঙ্কাজনক’ বলে চিকিৎসকরা জানিয়েছেন।

হাদির সার্বিক অবস্থা ‘অত্যন্ত আশঙ্কাজনক’ জানিয়ে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড বলেছিল, রোগীকে চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার সিদ্ধান্ত হলে হাসপাতাল কর্তৃপক্ষ ও মেডিকেল বোর্ড ‘সর্বাত্মক সহযোগিতার’ জন্য প্রস্তুত রয়েছে।

এর মধ্যে রোববার তাকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরের দিন বিকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয় হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স।