গণতন্ত্রের প্রশ্নে বিএনপি আপস করবে না: ফখরুল
“মানুষের কাছে ভোট দেওয়ার মত বড় নির্ভরযোগ্য বিকল্প বিএনপি ছাড়া আর কিছু দেখি না,” বলেন নাগরিক ঐক্যের মান্না।
দেশের ‘ঐক্য ও গণতন্ত্রের প্রশ্নে’ বিএনপি কোনো আপস করবে না বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘‘এ আন্দোলনে আমাদেরও অনেক লোক মারা গেছে, জামায়াতে ইসলামীরও অসংখ্য মারা গেছে। বিভিন্ন রাজনৈতিক দলের অনেক লোক মারা গেছে। সুতরাং ঐক্যের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে আমাদের কোনো আপস নাই।
“আমরা খুব পরিস্কার বলতে চাই, বিএনপি একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি। লিবারেল ডেমোক্রেটিক পার্টি হিসেবে আমরা গণতন্ত্রের মধ্য দিয়ে, নির্বাচনের মধ্য দিয়ে পরিবর্তনটা চাই এবং সেই পরিবর্তনটা পার্লামেন্টের মধ্যে যায়। আমি অনুরোধ করব সকলকে, এসব বিষয় ইতিবাচকভাবে দেখবেন।”
বিএনপি মহাসচিব বলেন, “জুলাই সনদের কথা আমরা আগেই বলে দিয়েছি। এখন এটা সরকারের দায়িত্ব; এটাকে চূড়ান্ত করা। আমরা কোন জায়গায় একমত হচ্ছি না, কোন জায়গায় হচ্ছি, সেটা সরকার বলুক।
‘‘আমরা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই, আমরা এই তরুণদের ভবিষ্যত দেখতে চাই, আমরা তরুণদের কর্মসংস্থান করতে চাই, অর্থনীতির বিকাশ ঘটাতে চাই, কৃষক-শ্রমিকের উন্নতি করতে চাই, আমরা নারীদের ক্ষমতায় চাই।”
‘বিএনপি ছাড়া বিকল্প দেখি না’
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি এ সভা আয়োজন করে। এতে অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারাও বক্তব্য রাখেন।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘‘যদিও আমি এখন দেখি, বাংলাদেশে প্রায় একটা প্রতিদ্বন্দ্বিতাবিহীন নির্বাচন হতে যাচ্ছে। টুকটাক সমালোচনা আছে, এটা-ওটা নিয়ে কথা আছে। কিন্তু তারপরেও মানুষের কাছে ভোট দেওয়ার মত বড় নির্ভরযোগ্য বিকল্প বিএনপি ছাড়া আর কিছু আমি দেখি না।”
‘‘আমি বিএনপি করি না। কিন্তু বাস্তবতা এটাই, বিএনপি জিতবে।”
জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল অধ্যাপক আবদুল হালিম বলেন, ‘‘এখানে আমরা আজ অনেক দলের লোকজন এসেছি, ভিন্ন ধর্মের যারা এই আন্দোলনে ভূমিকা রেখেছেন তারাও এসেছে।
“আসুন, সবার জন্য বাংলাদেশ, সংখ্যাগুরুও নয়, সংখ্যালঘুও নয়, আমরা সবাই বাংলাদেশি। আমরা সবাই মিলে ‘সবার জন্য বাংলাদেশ’ গড়ব ইনশাল্লাহ।”
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, “ওই লড়াইটা ছিল ১৬ বছর ৩৬দিনের। কিন্তু কেউ কেউ এটা মনে করছেন কয়েক দিনের। হ্যাঁ শেষ ধাক্কাটা দরকার ছিল। সবাই মিলে ছাত্র-তরুন-যুবক পেশাজীবীদের সঙ্গে রাজনৈতিক দলের নেতাকর্মী, সমাজের সর্বস্তরের মানুষ, গৃহবধূ যিনি কখনো মিছিল কী জানে না,রাজপথের লড়াই কী জানেন না, তিনিও শরিক হয়েছেন…আমরা শেষ ধাক্কা দিয়েছি।
“আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা হয়েছে, একক ব্যক্তি ও পরিবারের ইতিহাস তৈরি করা হয়েছিল। এখন আমরা দেখছি ঠিক একইভাবে গোটা লড়াই এবং গণঅভ্যুত্থানের ইতিহাসকে আবার বিকৃত করার একটা চেষ্টা। রাম ছাড়া যেমন রামায়ন লেখার চেষ্টা বিভিন্ন সময় নাকি হয়েছিল, সেটা ব্যর্থ হয়েছে। বিএনপিসহ বিরোধীদলের জানবাজি যে লড়াই, তাদের যে সংগ্রাম, পুরো দেশ ও জনগণকে জাগিয়ে তোলার, সেটা ভুলে গেলে চলবে না।”
বিজেপির সভাপতি আন্দালিব রহমান পার্থ বলেন, ‘‘আওয়ামী লীগ মেধার রাজনীতিতে বিশ্বাস করে না, প্রতিশোধে বিশ্বাস করে। খুব শিগগিরই আওয়ামী লীগের লোকজন বলবে, আসেন আমরা একসঙ্গে কাজ করি।
“এরা জঙ্গি। ভাইয়েরা আমরা, এই ট্র্যাপে পড়বেন না। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, যারা ফেইসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে ফেলবে, ধ্বংস করে ফেলবে। আওয়ামী লীগের ব্যাপারে পুরো জাতিকে এক সঙ্গে থাকতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটির আহ্বায়ক বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটির আহ্বায়ক বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে এবং অধ্যাপক আবদুল্লাহ আল মামুন ও অধ্যাপক নাহরিন খানের যৌথ পরিচালনায় আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সালাহ উদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক আবদুল হালিম, জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, ন্যাশনাল পিপলস পার্টির ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণফ্রন্টের টিপু বিশ্বাস, এলডিপির রেদোয়ান আহমেদ, নেজামী ইসলাম পার্টির একেএম আশরাফুল হক, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু, এনসিপির আজিজুর ইসলাম আদিব, হেফাজতে ইসলামের জোনায়েদ আল হাবিব, এনডিএমের ববি হাজ্জাজ, জমিয়তে উলামায়ে ইসলামের মঞ্জরুল হক আফেন্দি, বাংলাদেশ জাসদের নাজমুল হক প্রধান, খেলাফত মজলিশের আহমেদ আলী কাশেমী, গণঅধিকার পরিষদের রাশেদ খান এবং বর্ষপূর্তি পালন কমিটির সদস্য সচিব অধ্যাপক মোর্শেদ হাসান খান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে গুম হওয়া ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রশদীর লুনা, আওয়ামী লীগ সরকারের সময় নির্যাতনের শিকার চিকিৎসক সাখাওয়াত হোসেন সায়ান্থ, জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময়ে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের ভাই রমজান আলী, মীর মুগ্ধের বাবা মীর মোস্তাফিজুর রহমান, ওয়াসীমের বাবা শফিউল আলম, ইয়ামিনের বাবা মহিউদ্দিন, ফারহান ফাইয়াজের ছোট বোন ফারিন, আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ, পুরানা ঢাকায় বিশ্বজিৎ দাশের বাবা আনন্দ দাস, আবদুল্লাহ বিন জাহিদের মা ফাতেমাতুজ জোহরা, নুরুজ্জামান জনির ছোট ভাই মনিরুজ্জামান হীরা, পারভেজ হোসেনের মেয়ে আবিদা ইসলাম হৃদি, কাজী ফাহমীম জাফরের মা কাজী লুলুল মাকমিম, গুম থেকে বেঁচে যাওয়া বিএনপি গণশিক্ষা বিষয়ক সহ-সম্পাদক আনিসুর রহমান তালুকার খোকন এবং ‘মায়ের ডাক’ এর আহ্বায়ক সানজিদা ইসলাম তুলি, জুলাই-আগস্ট অভ্যুত্থানের গুলিবিদ্ধ হয়ে পঙ্গু নাভিল, পুলিশের গুলিতে চোখ নষ্ট হয়ে যাওয়া রেদোয়ান হোসেন রিয়াদ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, এজেডএম জাহিদ হোসেন, গণফোরামের সুব্রত চৌধুরী, ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম, বিএলডিপির শাহাদাত হোসেন সেলিম, কল্যাণ পার্টির শামসুদ্দিন পারভেজ, জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি মহিউদ্দিন ইকরামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
