Published : 29 Jul 2025, 08:54 PM
চট্টগ্রামের রাউজানে বিএনপি নেতা গোলাম আকবর খোন্দকারের গাড়ি বহরে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের হামলা ও দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।
সেইসঙ্গে ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পদ স্থগিত করেছে বিএনপি।
মঙ্গলবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরে দেওয়া আলাদা দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব ব্যবস্থা নেওয়ার বিষয়টি জানানো হয়েছে।
কমিটি বিলুপ্ত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অতি শিগগিরিই’ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হবে।
আর গিয়াস উদ্দিন কাদের পদ স্থগিতের বিজ্ঞপ্তিতে তার বিরুদ্ধে দলের অভ্যন্তরে হানাহানি, সংঘাতে মদদ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, “আপনাকে বারবার দল থেকে সতর্ক করার পরও আপনি সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। সুতরাং দলের গঠনতন্ত্রের বিধান অনুযায়ী প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে আপনাকে নির্দেশক্রমে স্থগিত করা হল।”
মঙ্গলবার বিকালে রাউজানের সাত্তারঘাট এলাকায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য গোলাম আকবর খোন্দকারের গাড়ি বহরে হামলা করে দলের ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা। এরপর দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের সময় গোলাম আকবর খন্দোকারের ব্যক্তিগত গাড়ি ভাঙচুর ও বেশকিছু মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
এ সংঘর্ষের ঘটনায় গোলাম আকবর খোন্দকারসহ দুই পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।
গিয়াস উদ্দিন কাদেরের অনুসারীদের সঙ্গে গোলাম আকবর খোন্দকারের অনুসারীদের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। গত বছরের ৫ অগাস্ট সরকার পতনের পর দুই নেতার অনুসারীদের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে।
মঙ্গলবার আরেকটি বিজ্ঞপ্তিতে চট্টগ্রামের পাঁচ নেতাকে বহিষ্কারের কথা জানিয়েছে বিএনপি।
তারা হলেন- চট্টগ্রাম উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন (চেয়ারম্যান), মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারৈয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল ইসলাম মিয়াজী এবং জাতীয়তাবাদী যুবদল নেতা সিরাজুল ইসলাম ও কামাল উদ্দিন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বালিয়াডাঙ্গীর দুজনকে বহিষ্কার
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির কাউন্সিল অধিবেশনকে কেন্দ্র করে সংঘাতের ঘটনায় দুজনকে বহিষ্কার করা হয়েছে।
এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ জুলাই কাউন্সিল অধিবেশনকে কেন্দ্র করে সেখানে ‘হানাহানি ও সংঘাতের’ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. সৈয়দ আলম ও সাবেক সাধারণ সম্পাদক পদপ্রার্থী টি এম মাহবুবুর রহমানকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।