‘বানর মেরেছে, বেশ করেছে!’
উইলবার স্মিথের থ্রিলার উপন্যাস 'এলিফ্যান্ট সং'-এ প্রথম 'কালিং অপারেশন' সম্পর্কে পড়েছিলাম। আফ্রিকায় এখনো হাতির সংখ্যা নিয়ন্ত্রণ করতে হলে টার্গেট করা একটি পুরো হাতির দলকে কিভাবে গুলি করে মারা হয়, তার বর্ণনা পড়ে চোখে জল এসেছিল। আইনানুযায়ী কাজটি করা হয়।
কেন 'কালিং অপারেশন' নামের এই হত্যাযজ্ঞ হয়? উত্তর হচ্ছে, যেকোনও প্রাণীর বিস্তার কখনো খুব বেড়ে গেলে তাদের প্রজাতির রক্ষার্থেই 'কালিং অপারেশন' হাতে নেওয়া হয়। কোথাও গুলি করে মারা হয়, কোথাও অজ্ঞান করে শরীরে বিষ ঢুকিয়ে মারা হয়, এরকম আরও নানা পদ্ধতি রয়েছে।
হাতির 'কালিং অপারেশনে'র পক্ষের যুক্তি হচ্ছে, প্রত্যেক হাতির পালের জন্য নির্দিষ্ট পরিমাণ জায়গা রাখতে হয়, যাতে তার খাদ্য সংকট তৈরি না হয়। হাতির সংখ্যা বেড়ে গেলে সব হাতির পালের জন্যই অস্তিত্বের সংকট তৈরি হয়, কেননা খাদ্য সংকট তৈরি হয়। হাতির খাদ্য সংকট তৈরি হলে তারা লোকালয়ে আক্রমণ করে। তাছাড়া বনের গাছও উপড়ে ফেলে।
হাতির কালিং অপারেশনের সবচেয়ে ভয়ঙ্কর দিক হচ্ছে দলটির বাচ্চা, গর্ভবতী হাতিদেরও মেরে ফেলতে হয়। কেননা হাতিদের মধ্যে যোগাযোগ ভালো; বুদ্ধিমান প্রাণী। একটি টার্গেট করা পালের খালি পুরুষ হাতি ও বাচ্চা হাতি যদি মেরে ফেলা হয়, তাহলে যেটা হয় অন্য পালের কাছে সে খবর পৌঁছে যায়। হাতির অন্যপালের পূর্ণাঙ্গ ও বাচ্চা পুরুষ হাতিগুলো যখন জানতে পারে, তাদেরকে নিধন করা হচ্ছে, তখন হতাশা থেকে তারা বিশৃঙ্খলা তৈরি করে। অপ্রাপ্তবয়স্ক হস্তিনীর সাথে জোর করে যৌনমিলন (ধর্ষণ!) করে। ফলে জন্ম হয় অপূর্ণাঙ্গ ও পঙ্গু হাতির।
অনেক সময় পশু বা পাখির মধ্যে ভাইরাস ছড়িয়ে পড়লে কালিং অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়, যাতে প্রজাতিটি রক্ষা পায়। বার্ড ফ্লু-র সময় এ ধরনের কালিং অপারেশন চলে। রোগ ছড়িয়ে পড়ার ক্ষেত্রে কালিং অপারেশন বা হত্যাযজ্ঞ মেনে নেওয়া যায়।
বাকি ক্ষেত্রে অর্থাৎ হাতির ক্ষেত্রেই ৫০ বছর আগের পৃথিবী হলে কালিং অপারেশন হয়তো মেনে নেওয়া যেত। তখন হয়তো আমাদের বিজ্ঞান পিছিয়ে ছিল। কিন্তু এখন এ যুগে, যখন যেকোনও প্রাণীর জন্মনিয়ন্ত্রণ মানুষের হাতের মুঠোয়, তখন কি 'কালিং অপারেশন' অনেক বেশি অমানবিক মনে হয় না!
মানুষ কী নিয়ে গর্ব করে? এতো এতো জন্মনিরোধক উপায় তারা বের করলো, হত্যাযজ্ঞ তো বন্ধ করতে পারলো না!
আমাদের দেশে কালিং অপারেশনের প্রয়োজন পড়ে না। পাবলিকলি আমরা মানুষেরাই 'কিলিং অপারেশনে' নামি। যেই প্রাণীকে আমাদের কাছে বিপজ্জনক মনে হয় তাদের আমরা মারি; যাদের আমরা পছন্দ করি না, কিন্তু বিপজ্জনক নয়, তাদেরও আমরা মারি। যে প্রাণীকে দেখতে ভালো লাগে তাদের আমরা মারি, আমরা বীরত্ব দেখাতে প্রাণী হত্যা করি, আমরা সামাজিক মর্যাদা বাড়াতে প্রাণী হত্যা করি, আমরা বিনোদনের জন্য প্রাণী হত্যা করি। হত্যা না করলেও আহত করি, আহত না করলেও খোঁচা দেই (চিড়িয়াখানাই উদাহরণ), আর খোঁচা দিতে না পারলে নিদেনপক্ষে একটা ঢিল তো ছুঁড়িই।
কালিং অপারেশন বা সরকারি অর্থ খরচ বাঁচিয়ে আমরা নিজরাই 'কিলিং অপারেশনে' অংশ নিয়ে বরং ভালো আছি।
এই কিছুদিন আগে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর এলো- সেইন্ট মার্টিনে নাকি কুকুর কমাতে নাকি দুইশ কুকুর হত্যা করা হয়েছে খোদ ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে। আমি ঠিক জানিনা সেই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা হয়েছে কিনা। হলেও হয়তো এতো নগণ্য কিছু, যা আর গণমাধ্যম খবর দেওয়ার প্রয়োজন মনে করেনি।
১১টি বানরকে বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে। সঙ্গত কারণেই জায়গার নাম উল্লেখ করছি না। কেননা এটা শুধু ওই হত্যাযজ্ঞের জায়গাতেই ঘটেছে বা ঘটতে পারে এমন নয়, বাংলাদেশের সব জায়গাতেই এ সম্ভাবনা প্রবল। প্রতিনিয়ত আমরা এমন সংবাদ গণমাধ্যমে বা সোশাল মিডিয়ায় দেখি। কেউ মেছো বাঘ মারে, কেউ সত্যি বাঘ মারে, কেউ বুনো পাখি মারে, কেউ হনুমান মারে, কেউ হরিণ মারে, শহুরে মানুষ- যারা মারার জন্য ব্যতিক্রম কিছু পায়না তারা কুকুরের বাচ্চা মারে, বেড়াল মারে। নিজে মারে বা এলাকার নিরাপত্তারক্ষীদের পয়সা দিয়ে মারায়।
এদের একটা বড় অংশ আবার সোশাল মিডিয়ায় আহা-উহুও করে।
বানর মারার প্রতিবাদে কিছুদিন সোশাল মিডিয়ায় ট্রল হবে, দু চারজন গ্রেপ্তার হবে, তারপর আবার ছাড়া পাবে। মিডিয়ার চাপ সামলাতে থানা-পুলিশ কিছুদিন কড়া কড়া কথা বলবে।
বানর, কুকুর, বেড়াল- যেকোনও পশুপাখি অবলা। এদের তো কোনও ভোটাধিকার নাই। টাকা-পয়সা নাই। লোক দেখানো কিছু আইন আছে। সেই আইনের কোনও কার্যকারিতা আছে কিনা তা নিয়ে যথেষ্ঠ সন্দেহ আছে। আর মানুষেরই বা এতো ঠ্যাকা কোথায় পশু নির্যাতন নিয়ে মামলা করার। যেকোনও থানায় যান, যেকোনও বাড়িওয়ালা মালিক সমিতিতে যান, ইউপি চেয়ারম্যানের কাছে যান- তাদের কাছ থেকে কুকুর বা যেকোনও নির্যাতন বিষয়ে জানতে চান, ৯৯ ভাগ লোক আপনাকে পাগল ঠাওরাবে। পেঁচা, চড়ুই, শালিক, শীতে আসা অতিথি পাখি হত্যা নিয়ে কথা বলেন- আপনি অবশ্যই পাগল।
হ্যা সত্যি তো যে দেশে মানুষ খেতে পারে না, সেদেশে কুকুর-বানর এসবের জীবনের মূল্য কী! কেউ যদি শক্তঘাড়ে এদের অধিকার (!) নিয়ে কথা বলে, তখন একদল ধর্মীয় লেবাসধারী দিব্যি ধর্মের আশ্রয় নেয় সুকৌশলে। বিশেষ করে সেইসব হাদিস বা ধর্মীয় বাণী তারা সামনে নিয়ে আসে- যেগুলো বিশেষ পরিস্থিতিতে বলা হয়েছে। এভাবে যেকোনও প্রাণী নির্যাতন বা হত্যাকে নিজের স্বার্থ ও ভীতির কারণে ধর্মীয় বাণী দিয়ে তারা জায়েজ করার মাধ্যমে ধর্মকে খাটো করতেও দ্বিধাবোধ করে না।
যে বানরগুলো হত্যা করা হলো নিশ্চয়ই বাড়ির খাবারদাবার চুরি করতো, মানুষের কাপড়-চোপড় নিয়ে দৌড় দিত, এলাকাবাসী অতিষ্ঠ হয়ে গিয়েছিল- তাই না! সৃষ্টির সেরা জীবের কাজ হচ্ছে সব প্রজাতিকে নির্বংশ করে পৃথিবীকে ভোগ দখল করা!
ভালোবাসা দিয়ে জয় করার কথা বলতে ভালো লাগে, কিন্তু ঘৃণা দিয়েই সবকিছু মানুষ জয় করতে চায়। কেননা ভালোবাসা দিয়ে জয় করার পথ খুব কষ্ট সাধ্য। সময়সাপেক্ষ। ঘৃণা খুব দ্রুত মানুষকে সংগঠিত করতে পারে। ছোট একটা উদাহরণ দেই। বাড্ডায় ছেলেধরা সন্দেহে রেনু নামের যে নারীকে হত্যা করা হলো, তাকে গণপিটুনি দিয়ে হত্যা করার জন্য মানুষের সংগঠিত হতে ঠিক কতো সময় লেগেছিল- মাত্র আধঘণ্টা হয়তো! ভালোবাসার ক্ষেত্রে আধ ঘণ্টা কেন আধা শতাব্দীতেও সংগঠিত হতে ৫০ জন লোক পাবেন কিনা সন্দেহ।
পশু অধিকার নিয়ে কথা বলা সংগঠনগুলো সারা পৃথিবীব্যাপী অহিংস রাস্তাতেই (দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা রয়েছে, তাও তেমন সহিংস নয়) হাঁটছে। ফলে রাতারাতি এক্ষেত্রে বিপ্লব হওয়া কঠিন। বাংলাদেশে পশু অধিকার নিয়ে লড়াই করার সংগঠনের সংখ্যা এমনিতেই কম। তার উপর আবার পেশিশক্তিই এখানে মূল। ভালোবাসা, মায়া এখানে দুর্বলতা।
আরেক উদাহরণ দেই। ধরুন এলাকায় সবার জাকাতের টাকা এক জায়গায় জড়ো করে একটা ফান্ড বানিয়ে এলাকারই গরীবদের দিবেন। কাজটা করতে যান, দেখবেন কতো ফতোয়া, কতো কূটচাল- গলির মোড়ের বখাটেদের ভাষায়- কতো কিরিঞ্চি!
বানর প্রসঙ্গে আসছি পরে; কুকুর 'নাপাক' প্রাণী বলে যতো হাদিস শুনেছি বা লোকে শুনিয়েছে সেইসব হাদিস খুঁজে বের করে দেখেছি- কোথাও এ ধরনের কোনও কথা নেই। এর বিপরীতে একটা সহীহ হাদিসের দৃষ্টান্ত দেই-
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, 'একবার এক পিপাসাকাতর কুকুর কূপের পাশে ঘোরাঘুরি করছিল। পিপাসায় তার প্রাণ বের হওয়ার উপক্রম হয়ে গিয়েছিল। হঠাৎ বনি ইসরাইলের এক ব্যভিচারী নারী তা দেখতে পায়। সে নিজের পায়ের মোজা খুলে ভিজিয়ে কুকুরটিকে পানি পান করায়। এ কারণে তার অতীত পাপ ক্ষমা করে দেওয়া হয়।' (বুখারি, হাদিস : ৩৪৬৭)
অদ্ভুত হলেও সত্যি আমাদের ৯৯ ভাগ মানুষ এ হাদিসটি শোনেনি। শুনবেন কিভাবে নিজের স্বার্থের সামান্যতম অসুবিধা হয় এমন হাদিস মনে রাখার কোনওই দরকার নাই। ঘৃণার দোকানে তো আর ভালোবাসা পাওয়া যায় না!
আমি মোটামুটি নিশ্চিত বানর মারার ক্ষেত্রেও 'জাল হাদিস' বা মিথ্যাশ্রিত ধর্মীয় বাণী ফেদে কেউ কেউ সাফাই গাইতে শুরু করবেন।
বানর কুকুরের মতো কামড়ায় না ঠিকই, কিন্তু ভেঙচি কাটে। সেই চেহারা দেখে আপনার প্রেস্টিজে লাগতে পারে। বানর লাফায়-ঝাপায়, জামা-কাপড় নিয়ে যায়, খাবার না পেলে ভাতের হাড়ি শুদ্ধ নিয়ে যায়, কলাটা-মূলাটা-আমটা খেয়ে ফেলে, আপনার-আমার-মানুষের তো সমস্যা হবেই। মানুষ ওদের জঙ্গল কেড়ে নিবে, ওদের থাকার গাছগুলো কেটে ফেলবে, নিজের ভোগের জন্য ফল-মূলের গাছ উজাড় করে চাষের জমি বানাবে- এটা অবশ্যই কোনও দোষের কিছু নয়। খিদের চোটে ওরা যদি বিরক্ত করে, আক্রমণও করে- তাহলে অবশ্যই মেরে ফেলতে হবে। কেননা জান বাঁচানো তো ফরজ!
মালয়েশিয়ার ২০১২ সালের একটা খবর পড়ছিলাম। মালয়েশিয়ায় ওই বছর সরকারি সিদ্ধান্তে ৯৭ হাজার ১১৯টি লম্বা লেজের বানর মেরে ফেলা হয়েছিল। কালিং অপারেশন! তারা নাকি শস্যক্ষেত নষ্ট করছিল এই তো গত বছর ভারতের হিমাচল প্রদেশের সরকার শিমলা শহরের ভেতর থাকা বানর মেরে ফেলার সিদ্ধান্ত জানায় গত বছরই। তারা নাকি শস্য খেয়ে ফেলছিল!
দুই ক্ষেত্রেই পশুপ্রেমীরা বলেছে, প্রাণীসম্পদ বিভাগ নিউটার বা খোজা করার কাজে দুর্নীতি এবং গড়িমসি করায় এমন অচলাবস্থা তৈরি হয়েছে। কোনও জায়গায় যদি এরকম কোনও প্রাণীর বিস্তার ঘটেই, তবে প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের উচিত আগেভাগেই চিন্তা করে ব্যবস্থা নেওয়া।
আসলে বানরেরা শহরে বা লোকালয়ে আসেনি। লোকালয় জিভ বড় করতে করতে বানরের বনে চলে গেছে, জঙ্গল কেটে হয়েছে চকচকে শপিং মল আর উঁচু কন্ডোমিনিয়াম।
মানুষের উপর প্রয়োগ করা যেকোনও ভ্যাকসিন বানরজাতীয় প্রাণীর উপর প্রয়োগ করে দেখা হয় কাজ করে কিনা। ভাবুন তো কতো কাছাকাছি ওরা মানুষের অবয়বের! অবশ্য সেটা না ভেবে বরং এটাও কেউ কেউ বলতেই পারেন- "ভ্যাকসিন পরীক্ষা করার মতো, বিষ খাইয়ে পরীক্ষা করে দেখা হলো, কার্যকারিতা কতোটুকু! ক্ষতি কী, বানরই তো। বানর মেরেছে বেশ করেছে!"
মানুষকে বিষ খাইয়ে মারার জন্য হাত পাকানো এভাবেই হয়। এমনিভাবে কুকুর পিটিয়ে মানুষ পেটানোর জন্যও হাত পাকানো হয়। অসুস্থ সমাজ এভাবেই গড়ে ওঠে। শিশুরা ছোটবেলা থেকে এসব অসংবেদনশীলতা দেখতে দেখতে বড় হয়েই, একদিন বাবা-মাকে কোপায়, বা জঙ্গলে ফেলে দিয়ে আসে।
২০০৮ সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণভবনে বন্দি অবস্থায় রেখেছিল। মুক্তি পাওয়ার পর তার বন্দিদশার অভিজ্ঞতা নিয়ে একটা লেখা প্রকাশ (শিরোনাম মনে পড়ছে না) হয়েছিল। শেখ হাসিনার নিজের সে লেখায় আস্ত একটা প্যারাগ্রাফ ছিল বানর নিয়ে। গণভবনে একটা বানর তার কাছে কোত্থেকে নিয়মিত আসতো, সঙ্গ দিত আর তিনি দিতেন খাবার। তাকে যে স্বল্প খাবার দেওয়া হতো সেখান থেকেই ফলমূল বাঁচিয়ে রাখতেন। সম্ভবত বানরটা আসবে বলেই এ কাজ তিনি করতেন।
আমি নিশ্চিত করেই জানি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিষ খেয়ে মারা যাওয়া বানরগুলোর অসহায় চেহারা দেখলে আজ তার সেই একাকিত্বে সঙ্গ দেওয়া বানরটার কথা মনে পড়বে।
