তার শিক্ষা আমাকে পথ দেখায় সত্য-সঠিক রিপোর্ট লিখতে
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে যোগ দেওয়া এবং প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর সঙ্গে দীর্ঘদিন কাজ করা নিয়ে স্মৃতিচারণ করেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশেষ প্রতিনিধি সুমন মাহমুদ।
“তথ্য বা সংবাদ যেটাই বলেন, প্রথম কাজ হচ্ছে- তথ্যের সত্যতা যাচাই শতভাগ নিশ্চিত করা,” এটা ছিল তৌফিক ইমরোজ খালিদীর কাছ থেকে আমার প্রথম শিক্ষা।
দেশের শীর্ষস্থানীয় একটি ইংরেজি পত্রিকা থেকে সদ্য পদত্যাগ করেছি। পরদিন সকালে আমার কাছে টেলিফোন। ‘আমি তৌফিক ইমরোজ খালিদী বলছি, সুমন আপনি কি সোনারগাঁও হোটেলে আমার সাথে আজকে লাঞ্চ করতে আসতে পারবেন? আজকে না হলে কালকে।’
ইংরেজি দৈনিক ডেইলি স্টার ছেড়ে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে কাজ করতেন তৌফিক ভাই। সেজন্য আগে থেকেই আমার সঙ্গে তার পরিচয় ছিল। তার সেদিনের টেলিফোনে আমি সঙ্গে সঙ্গে বলেছি, তৌফিক ভাই আজকে নয়, কালকে আসব বেলা ১২টায়।
যথারীতি পরদিন সোনাগাঁও হোটেলের লবিতে তৌফিক ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল। সেই থেকে আমি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে। সত্য সংবাদ প্রকাশে যেসব নিয়ম নীতি রয়েছে তার পুরোটা অনুসরণ করতেন তৌফিক ভাই। আমাকে বলতেন, ‘সুমন নিউজ অবশ্যই করতে হবে তবে সূত্র গোপন রেখে নয়, উন্মুক্ত করে হতে হবে। এজন্য যদি বিলম্ব হয় তাতেও কোনো ক্ষতি নেই। আমরা প্রতিযোগিতার জোয়ারে যেন পাঠককে সঠিক এবং নির্ভরযোগ্য সংবাদ দিতে বির্তকের ভেতরে না জড়াই। পেশাদারত্বে এরকম শিক্ষা আসলেই দৃষ্টান্ত।‘
এক-এগারোর অবৈধ সরকারের সময়ে গভীর রাতে ঢাকা সেনা নিবাসের শহীদ মঈনুল সড়কের বাসা থেকে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে গ্রেপ্তার করেছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের যৌথ বাহিনী। সেই সময়ে গ্রেপ্তারের সত্যতা যাচাই করতে গভীর রাত পর্যন্ত আমি এবং আমার প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী ভাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ধানমন্ডির নিউজ রুমে। একদিকে আমি বাংলায় গ্রেপ্তারের নিউজ উদ্ধৃতিসহ টাইপ করছি এবং অন্যদিকে তৌফিক ভাই সেটি অতি দ্রুত ইংরেজিতে টাইপ করছেন। তার টাইপিং ও নিউজ লেখার স্টাইল বা মুন্সিয়ানা দেখে আমি অভিভূত হয়েছিলাম সেদিন।
তৌফিক ভাই চলে গেছেন আমাকে ছেড়ে, আমাদেরকে ছেড়ে অসীম দূরে না জানার দেশের। কিন্তু তার শিক্ষা আমাকে পথ দেখায় সত্য সঠিক রিপোর্ট লেখতে।
তৌফিক ভাইয়ের মৃত্যু কিংবা এভাবে চলে যাওয়াকে আমি বিশ্বাস করতে পারছি না, বিশ্বাস করতে চাই না। তবে যেখানেই উনি থাকুক যেন ভালো থাকেন এই শুভকামনা তার প্রতি।
সুমন মাহমুদ, বিশেষ প্রতিনিধি- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস।
