২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চেতনা, হুজুগ আর নিষেধাজ্ঞার বর্ষবরণ

চেতনা, হুজুগ আর নিষেধাজ্ঞার বর্ষবরণ
মহামারীর পর আবারও বর্ষবরণ হবে রমনা বটমূলে। ছায়ানট গানে গানে নতুন বাংলা বছরকে বরণ করে নিবে। ছায়ানটের অনুষ্ঠান নির্বিঘ্ন করতে ঢাকা মহানগর পুলিশের ডগ স্কোয়াড রমনা বটমূল প্রাঙ্গণে নিরাপত্তা মহড়ায় অংশ নিচ্ছে। ছবি: মাহমুদ জামান অভি

চিররঞ্জন সরকার চিররঞ্জন সরকার

Published : 13 Apr 2022, 10:54 PM

Updated : 22 Jul 2022, 03:48 AM

করোনাভাইরাসের কারণে গত দুই বছর বন্ধ থাকার এবছর আবার সারা দেশে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাঙালির প্রিয় অনুষ্ঠান বাংলা নববর্ষ-১৪২৯ উদযাপন করা হচ্ছে। এটা নিঃসন্দেহে আনন্দের সংবাদ। কারণ পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন। আনন্দ-উৎসবের দিন। পৃথিবীর যেসব দেশে বাঙালি আছে, বাংলাভাষাভাষী আছে, সেখানেই পালন করা হয় বর্ষবরণের অনুষ্ঠান। এই একটি উৎসবের মধ্যে খুঁজে পাওয়া যায় বাংলা ও বাঙালিকে। এদিনের অনুষ্ঠানে, পোশাকে, আলপনায়, সাজসজ্জায়, এমনকি খাবারে পর্যন্ত বাঙালি ঐতিহ্যের ছাপ লক্ষ করা যায়। গত কয়েক দশকে বিবর্তনের মধ্য দিয়ে বাঙালি মধ্যবিত্তের কাছে প্রাণের উৎসবে পরিণত হয়েছে এই পহেলা বৈশাখ। 

দূর অতীতে অবশ্য পহেলা বৈশাখ এখনকার মতো উৎসব-অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হতো না। তখন পহেলা বৈশাখ মানে ছিল হালখাতার দিন। 'হাল' শব্দটি সংস্কৃত ও ফারসি, দু'টি ভাষাতেই পাওয়া যায়। সংস্কৃত 'হল' শব্দের অর্থ লাঙল। তার থেকে বাংলায় এসেছে হাল। আর ফারসি 'হাল' মানে নতুন। আজকের পহেলা বৈশাখে সে কালে ছিল ব্যবসায়ীদের নতুন খাতা খোলার দিন। আর এই সময় রাজা, মহারাজ, সম্রাটরা প্রজাদের কাছ থেকে কৃষিজমির খাজনা আদায় করতেন। ভারতবর্ষে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর সম্রাটরা হিজরি পঞ্জিকা অনুসারে কৃষিপণ্যের খাজনা আদায় করতেন। হিজরি সন গণনা করা হত চাঁদের হিসেবে। আর চাষবাস নির্ভর করত সৌরবছরের উপর। এতে অসময়ে কৃষকদের খাজনা দিতে হত। সেই জন্যে সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তন করেন। প্রথমে এই সনের নাম ছিল 'ফসলি সন', পরে বঙ্গাব্দ বা বাংলা বর্ষ নামে পরিচিত হয়। আবার অনেকের মতে বাংলার রাজা শশাঙ্ক এই বঙ্গাব্দের সূচনা করেন।

বাংলা সন বা বাংলা নববর্ষের সূচনা যেভাবেই ঘটুক, পহেলা বৈশাখকে যিনি বাঙালির প্রাণের সঙ্গে জুড়ে দিয়েছেন, তিনি রবীন্দ্রনাথ। যা ছিল বাণিজ্যিক, তা চিরকালের জন্যে ধরা পড়ল আমাদের চিন্তা-চেতনার মধ্যে। তাঁর কবিতা, গান, প্রবন্ধ, নাটকে বার বার এসেছে নতুন বছরের স্বাগতবাণী। এ তাঁর কাছে নবজন্ম। পুরনো জীর্ণ জীবনের অস্তিত্বকে বিদায় দিয়ে নতুন জীবনে প্রবেশের আনন্দ অনুভূতি। 

আমাদের ঢাকা নগরীতে সাংস্কৃতিক আন্দোলনের অংশ হিসেবে পহেলা বৈশাখ পালন শুরু হয় এবং তা রাজনৈতিক আন্দোলনে তা নতুন মাত্রা যোগ করে। রাজধানীকেন্দ্রিক পহেলা বৈশাখ পালন শুরু হয় ছায়ানট নামে সাংস্কৃতিক সংগঠনটির হাত ধরে। ভাষা আন্দোলনের পরের দশকে পাকিস্তানি শাসকদের বাঙালি সংস্কৃতির উপর ক্রমাগত নিষেধাজ্ঞা ও আক্রমণের মুখে ১৯৬১ সালে রবীন্দ্রনাথের জন্মশতবার্ষিকী উৎযাপনের পর একটি প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠার উদ্যোগ নেন কয়েকজন সংগঠক। তাদের মধ্যে মোখলেসুর রহমান (সিধু ভাই নামে পরিচিত), শামসুন্নাহার রহমান, বেগম সুফিয়া কামাল, ওয়াহিদুল হক অন্যতম। 

সাঈদুল হাসানের প্রস্তাবে সংঠনটির নামকরণ করা হয় 'ছায়ানট'। ১৯৬১ সালে সুফিয়া কামালকে সভাপতি আর ফরিদা হাসানকে সম্পাদক করে প্রথম কমিটি গঠিত হয়। সহ-সভাপতি জহুর হোসেন চৌধুরী, সাঈদুল হাসান। সহ-সম্পাদক সাইফুদ্দীন আহমদ মানিক, মিজানুর রহমান ছানা। কোষাধ্যক্ষ পদে মোখলেসুর রহমান এবং সদস্য হিসেবে ছিলেন কামাল লোহানী, ওয়াহিদুল হক, সনজীদা খাতুন, আহমেদুর রহমান প্রমুখ।

পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খানের আমলে রবীন্দ্র সংগীত ও বাঙালি সংস্কৃতির ওপর আক্রমণ শুরু হলে, ছায়ানট পহেলা বৈশাখে নববর্ষ পালন উপলক্ষে রমনার বটমূলে আয়োজন করে রবীন্দ্রসংগীতের। গোড়া ধর্মবাদের বিরুদ্ধে ছিল তা প্রতিবাদ। ছায়ানটের এই প্রচেষ্টা ক্রমেই জনপ্রিয় হয়ে ওঠে এবং স্বাধিকার আন্দোলনের পরিপ্রেক্ষিতে শাসকগোষ্ঠীর বাঙালি সংস্কৃতির ভাবাদর্শবিরোধী তৎপরতার প্রতিবাদে ঘটা করে বাংলা নববর্ষ পালিত হতে থাকে।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, বাংলা নববর্ষ ঘোষিত হয় সরকারি ছুটির দিন হিসেবে। এভাবে নতুন আঙ্গিকে পহেলা বৈশাখ পালন তৃণমূল পর্যায়ে ছড়িয়ে পড়ে। 

উল্লেখ্য, শহরকেন্দ্রিক বাংলা নববর্ষ পালনের ছায়ানটের সেই অভিযাত্রা কোনো খেয়ালি আয়োজন ছিল না। তা ছিল বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির সাংস্কৃতিক আন্দোলনের ভিন্ন ধরনের প্রকাশ। কেননা, এ ভূখণ্ডের তৎকালীন ইতিহাসে লেখা আছে যে, পাক-ভারত যুদ্ধের পর ১৯৬৫ খ্রিস্টাব্দে পাকিস্তান সরকার পূর্ব-পাকিস্তানের বেতার ও টেলিভিশনে রবীন্দ্রসংগীতের প্রচার বন্ধ করে দেয়। শুধু তাই নয়, ১৯৬৭ সালে পাকিস্তানের তথ্যমন্ত্রী খাজা শাহাবুদ্দিন ঘোষণা করেন, 'রবীন্দ্রনাথ আমাদের জাতীয় আদর্শবিরোধী কবি, তাই তার গান নিষিদ্ধ হওয়া দরকার'। এই ঘোষণার প্রতিবাদ করেন বাংলাদেশের লেখক-কবি-বুদ্ধিজীবী ও সংস্কৃতিকর্মীরা। শুধু তাই নয়, এদেশের সংস্কৃতিসচেতন মানুষ সে সময় চিরায়ত সাংস্কৃতিক ঐতিহ্যের শক্তিকে বেগবান করতে প্রাচীন বাংলা ভাষা ও সাহিত্যের সাংস্কৃতিক ভাবসম্পদ থেকে শুরু করে রবীন্দ্র-নজরুল ও লোকায়ত সংস্কৃতির ভেতর থেকে সম্প্রীতির বোধ নিয়ে নতুন উদ্দীপনায় জেগে ওঠার পথ খুঁজতে থাকে। আসলে, সেই বোধ থেকে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট বাংলা নববর্ষ পালনের উদ্যোগ গ্রহণ করে খোলা মাঠে গান গেয়ে। তখন এ নিয়ে অনেক সমালোচনা হয়েছে। এমনকি প্রগতিশীল শিল্পী-সাহিত্যিকরাও খোলা মাঠে গান গেয়ে বর্ষবরণের এ উদ্যোগের সমালোচনা করেন। 

এ সম্পর্কে ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সনজীদা খাতুন লিখেছেন, "খোলা মাঠে গান হয় না বলে বিজ্ঞ সংগীতজ্ঞরা আমাদের নিরুৎসাহ ও নিরস্ত করতে চেষ্টা করেছেন। কিন্তু আমরা জানতাম এ দিনের গান কেবল গাইবার আনন্দে গাওয়া! কেউ শুনল কি না তা আমাদের গ্রাহ্য করবার দায় নেই। নববর্ষ-সম্মিলন হচ্ছে সরবে। পাকুড় গাছের পাতা দুলিয়ে বইছে প্রভাতের ঝিরিঝিরি বাতাস। সমবেত কণ্ঠে গাইছি 'আনন্দধ্বনি জাগাও গগনে', প্রচলিত ধর্মাচরণের কোনোই স্পর্শ নেই, তবুও সংগীতের সংবেদন মনকে আশ্চর্য ভক্তিমাখা আনন্দরসে আপ্লুত করেছে এই প্রভাতে! সূর্য অন্ধকারকে বিদূরিত করে। মানুষ আলোর পিয়াসী। আমরা আলোকের ঝরনাধারায় অন্তরকে ধুয়ে নিতে চেয়েছি, অন্তরের যে ধূলার আস্তরণ তা মোচন করতে চেয়েছি, একে কোনো বিশেষ মতের ধর্মাচরণ বলে জানি না, মানি না। মানবসমাজের অভিসার তো আলোর অভিমুখেই। এর জন্য বিশেষ কারও বন্দনা করবার প্রয়োজন দেখি না। আপন আত্মাকেই আমরা বলতে চাই জাগো উদ্ভাসিত হও'' (সন্জীদা খাতুন, প্রবন্ধসংগ্রহ, নবযুগ প্রকাশনী, ঢাকা, ২০১০)।

ছায়ানটের এই উদ্যোগ বিভিন্ন সময়ে নানা ধরনের প্রতিরোধের সম্মুখীন হতে হয়েছে। এই প্রতিরোধ কখনো এসেছে স্বৈরশাসকদের কাছ থেকে, কখনো মৌলবাদীদের কাছ থেকে। ২০০১ সালে রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানস্থলে মৌলবাদীদের ভয়ংকর বোমার বিস্ফোরণে ১০জন প্রাণ হারান। তবুও ছায়ানটের সেই বাংলা বর্ষবরণের অভিযাত্রা থামেনি। ছায়ানটের বর্ষবরণের আয়োজনটি ধীরে শহরকেন্দ্রিক মানুষের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হয়ে গেছে।

দিন দিন পহেলা বৈশাখের বিভিন্ন অনুষ্ঠানে জনসমাগম যেমন বাড়ছে, একইসঙ্গে বিভিন্ন ধর্মান্ধগোষ্ঠীর পহেলা বৈশাখ পালনের বিরুদ্ধে প্রচার-প্রচাগাণ্ডাও বাড়ছে। এটা 'হিন্দুয়ানি', 'ধর্মবিরোধী'-এমন প্রচারণায় অনেকে বিশ্বাসী হয়ে উঠছেন। 

এখন ধর্ম আর রাজনীতির প্রচ্ছন্ন শাসন মানুষের থেকে মানুষকে আলাদা করে দিচ্ছে। শুধু তাই নয়, যে উৎসবটাকে আমরা বলছি বাঙালির 'প্রাণের উৎসব', কোনো বিশেষ ধর্মের বাইরে সব মানুষের, সব জাতিগোষ্ঠীর উৎসব-সেটাকে ধর্ম আর নিরাপত্তার অজুহাতে 'কর্তন' বা 'খণ্ডিত' করার একটা অপপ্রয়াসও আমরা দেখছি। তবে আনন্দের সংবাদ হচ্ছে, নববর্ষ কী, কেন, এসব কিছু না জেনে না বুঝে, ধর্মান্ধদের নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে পহেলা বৈশাখে বর্ষবরণের একটা যুক্তিহীন হুজুগও লক্ষ করা যাচ্ছে। আপাতত সেই হুজুগের জয় হোক−আমরা সেটাই চাই। তাতে অন্তত ধর্মব্যবসায়ীদের গালে থাপ্পর পড়বে। 

আমরা বাংলা নববর্ষে 'এসো হে বৈশাখ' বলে গলা ফাটিয়ে চিৎকার করব!  সবাই মিলে আনন্দে মাতোয়ারা হবো! পহেলা বৈশাখ তো দ্বিধাহীন মহামিলনের উৎসব। রবীন্দ্রনাথ, নজরুল, রজনীকান্ত, অতুলপ্রসাদ, শামসুর রহমানরা এই দিনটিকে কেন্দ্র করে মিলনের গান গেয়েছেন, অশুভকে দূর করে শুভর বার্তা দিয়েছেন। আমাদের বর্ষবরণের সম্মিলিত হুজুগে সব নিয়ন্ত্রণের শেকল, নিষেধাজ্ঞা, মৌলবাদীদের সব ফতোয়া ভেসে যাক, মুছে যাক!

আজ আমাদের অঙ্গীকার হোক, আমরা আর একটু বেশি মানুষ হব, আরো বেশি, অনেক বেশি সহানুভুতিশীল, অনেক বেশি ভালোবাসতে পারা মানুষ হব।