২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খেলারাম খেলে চলে, বেচারাম বেচেসংবাদ-জরুরিত্বটা আসলে কী বস্তু?

মানস চৌধুরী

Published : 05 Jul 2010, 04:55 PM

Updated : 01 Jul 2022, 05:53 PM

২০০৩-এর কথা, যদ্দুর মনে পড়ে। ডেভিড বেকহ্যাম আর আমি প্রায় একই সময়ে কোলকাতা গেছি। তিনি যে আমার সঙ্গে আলাপ-সালাপ করে কোলকাতা যান নাই তা আশা করি আপনারা, বলে না দিলেও, বুঝতে পারছেন। আমাদের সফর নেহায়েৎ কাকতালীয়। আমাদের দুজনের কোলকাতা সফরের ধরন-ধারণ কিংবা উদ্দেশ্য-বিধেয় যা ছিল তাতে পরস্পরকে নিয়ে কোনো সংকটময় পরিস্থিতিতে পড়বার কথা নয়। কিন্তু পড়ল। তিনি জানলেন না। আর আমি পড়লাম। এই যা পার্থক্য। ডেভিড বেকহ্যাম মানে, হ্যাঁ, ইংল্যান্ড ফুটবল দলের সাবেক অধিনায়ক। 'ম্যানলি', 'হ্যান্ডসাম', 'লিজেন্ড', 'নিউজমেকার', এর কোনো কিছুই তাঁকে নিয়ে আমার বানিয়ে-বলা নয়। সেই ডেভিড বেকহ্যাম এসে আমাকে সংকটে ফেলে দিলেন।

তখনো খবরের কাগজ পড়ার উৎসাহ আর উত্তেজনা দুটোই অটুট আছে আমার। যেখানে থাকি আনন্দবাজার সেখানে রাখবার কথা নয়। দৈনিক আজকাল। আর সপ্তাহ শেষে গণশক্তি। আমার গৃহস্বামী হাতে করে কিনে নিয়ে আসেন। কোলকাতায় মধ্যবিত্ত জীবনযাপনে খাঁটি, অথবা মোটামুটি পরিপাটি বামপন্থী সংবাদ-সেবন বলতে যা বোঝায় আর কি। আরাম-আয়েশে ছুটি কাটাচ্ছি। সকালের নাশতার সঙ্গে গোসলখানার মগের সাইজের প্রায় এককাপ চায়ের ব্যবস্থা হয়েছিল। সেটা নিয়ে বসতে না বসতেই আজকাল ভাঁজি, ভাঁজ খুলি। বেকহ্যাম আসার পরের দিনেই ইয়া বড় এক ফোটো। মানে যাকে বলে কভার ফোটো। বেকহ্যামের। ফোটোর সঙ্গে মানানসই শিরোনাম, যাকে বলে হেডলাইন। পরদিন তাই। তারপর দিনও তাই। পরপর এরকম দেখে খানিক হতচকিত হয়েই যাই। অথবা কী জানি হিংসাও হতে পারে! ফলে অন্যান্য পত্রিকা কী করছে আমার জানার খুব খায়েশ হলো। চেষ্টা চরিত্র করে আনন্দবাজার, বর্তমান সমেত যা যা যোগাড় করা যায় করলাম। বেকহ্যাম বন্দনায় আজকাল সেসবের কাছে নস্যিই বলতে হবে। চারদিন এমনকি পাঁচদিনও হতে পারে। যতক্ষণ না আদভানি এসে, কী কারণে যেন, বেকহ্যামের জায়গা নিলেন, আজকাল ক্ষান্ত দিল না।

'গণ'মাধ্যম যে বিশেষ 'গণ' নয় একথা ভালমতো বুঝতে, ও মানতে, বহু বছর সময় লেগে গেছে আমাদের রাজনীতি বিশ্লেষকদের। ৬০-৭০ দশকের বিশ্বব্যাপী গণ-রাজনৈতিক জোয়ার মিডিয়াকেও মাস-মিডিয়া ভাবতে উদ্বুদ্ধ ছিল। কিংবা হয়তো বাসনাতুর ছিল। এখন বোঝাবুঝির সুবিধার্থে মিডিয়াকে প্রচারমাধ্যম বলার পক্ষপাতী আমি। নাহলে গোড়াতেই ভুলভাল অনুমান থেকে আলাপ চলতে থাকে। কোনো ফয়সালায় আর পৌঁছানো সম্ভব হয় না, যদি আদৌ আমাদের লক্ষ্য হয় সেটা। প্রচারমাধ্যমের নবনির্ধারিত কর্তব্যের মধ্যে বিনোদন এখন সর্বাগ্রে এবং এ নিয়ে সংশয় তোলাই বরং বিপজ্জনক কাজ হবে।

পশ্চিমবঙ্গে যে একটা বামপন্থী সরকার ক্ষমতায় আছে সেটা নিশ্চয়ই তাঁদের দোষ নয়। বরং এইটা আমার নিজেরই দোষ মানি যে একটা বামপন্থী সরকার আছে বলে আমি সমাজে বা প্রেস-সমাজের অংশবিশেষে ঘোরতর ক্রিটিক্যাল চর্চা আশা করছিলাম। বা অন্তত আজকাল পত্রিকায়, যেটাকে মার্ক্সবাদীরা ওখানে নিজেদের পত্রিকা মনে করে আসছিলেন, বেকহ্যামের এরূপ ফোটো- বা সংবাদ-বিস্তার আশা করি নাই। পত্রিকায় শীর্ষ-ফোটো বা শিরোনাম খুবই গুরুত্বপূর্ণ। সংবাদ-বিশেষজ্ঞরা যাকে বলেন নিউজ-এমার্জেন্সি, সেই সংবাদ-জরুরিত্ব আজকাল-এর জন্য বেকহ্যাম হবে না এটা ধরে-নেয়াই বরং আমার সমস্যা। এই বিশেষ তিন-চারদিনের আগে আমি যতই এ বিষয়ে ভাবি না কেন, এই দিনগুলো সংবাদ-জরুরিত্বের প্রসঙ্গে একটা বাঁকের মুখে দাঁড় করিয়ে দিয়েছিল আমাকে। প্রেস ইন্ডাস্ট্রি নিয়ে বোঝাবুঝির প্রক্রিয়ায় সম্ভবত বেকহ্যামও আমার কৃতজ্ঞতাভাজন হয়ে ছেড়েছেন, তখন থেকে।

বিশ্বকাপের উছিলায় এই বিষয়টা আবার মনে করা আকস্মিক নয়। ধরা যাক বিষয়টা আমারই ভাল-লাগা না-লাগা নিয়ে। ঠিক যেসব কারণে ইরাকে মার্কিন হামলার প্রারম্ভিক কালে বাংলাদেশের পত্রিকাগুলোর সংবাদ-জরুরিত্ব বোধ আমাকে উৎসাহী করেছিল, ঠিক প্রায় সমধর্মী কারণেই বিশ্বকাপ ফুটবলে পত্রিকাগুলোর শীর্ষপাতা, এবং বিশেষ ক্রোড়পত্র আমাকে উৎপীড়িত করে চলেছে। কারণগুলো নিশ্চয় রাজনৈতিক। আবার কারণগুলো, বলাই বাহুল্য, বাণিজ্যিক। প্রধান প্রচলিত একটা দৈনিকের কথাও আমি মনে করতে পারছি না যেটার চেহারা-সুরৎ এই দিনগুলোতে কিছুমাত্র স্বতন্ত্র। বিশ্বকাপের ল্যাপ্টালেপ্টি মাখামাখি অবস্থা।

একটা মাস ধরে জাতীয় দৈনিকগুলোর সংবাদ-জরুরিত্ব অনুশীলনে বিশ্বকাপ তুলনাহীন প্রথম স্থানে আছে, এই অবস্থাটা কিছুতেই আরাম দিচ্ছে না। গত বিশ্বকাপ ক্রিকেটেও এই অনুভূতিটা আমার তৈরি হয়েছিল। এবং স্মরণ করতে পারি বছরের পর বছর ক্রীড়া বিষয়ক এই বিনোদন বোধ পত্রিকাগুলোতে অধিক প্রকট হচ্ছে। ১৯৯০ বা ৯৪ এর তুলনায় ২০০৬ বা ২০১০-এ অনেক সরব এগুলো। অনেক জায়গা অনেক লগ্নি করে ক্রীড়া বিষয়ক প্রতিবেদন ও ক্রোড়পত্র বানানো হচ্ছে এখন। পত্রিকা তরফে নিশ্চয় দাবি উঠবে যে উন্মাদনাটা জনমনে তৈরি হয়েছে বলেই তারা সেটাকে বজায় রাখছেন বা প্রোমোট করছেন। খবরের কাগজ জন-অনুভূতির দলিল নাকি জন-অনুভূতির কারক সেই বিতর্কটা আচানক আমি হাজির করছি না। সংবাদ ও 'গণ'মাধ্যম নিয়ে এটা পুরোনো বিতর্কের মধ্যেই পড়ে সম্ভবত। এবং বিতর্কটা বিনোদন এবং বিনোদনের বিশ্বব্যাপী কারখানার সাথেও সম্পর্কিত।

'গণ'মাধ্যম যে বিশেষ 'গণ' নয় একথা ভালমতো বুঝতে, ও মানতে, বহু বছর সময় লেগে গেছে আমাদের রাজনীতি বিশ্লেষকদের। ৬০-৭০ দশকের বিশ্বব্যাপী গণ-রাজনৈতিক জোয়ার মিডিয়াকেও মাস-মিডিয়া ভাবতে উদ্বুদ্ধ ছিল। কিংবা হয়তো বাসনাতুর ছিল। এখন বোঝাবুঝির সুবিধার্থে মিডিয়াকে প্রচারমাধ্যম বলার পক্ষপাতী আমি। নাহলে গোড়াতেই ভুলভাল অনুমান থেকে আলাপ চলতে থাকে। কোনো ফয়সালায় আর পৌঁছানো সম্ভব হয় না, যদি আদৌ আমাদের লক্ষ্য হয় সেটা। প্রচারমাধ্যমের নবনির্ধারিত কর্তব্যের মধ্যে বিনোদন এখন সর্বাগ্রে এবং এ নিয়ে সংশয় তোলাই বরং বিপজ্জনক কাজ হবে। এটাও খুব জরুরি বিষয় যে বিনোদন কী এবং কে এর গ্রহীতা এবং কী পরিমাণে বিনোদন উৎপাদন লক্ষ্যমাত্রা– এসব এখন বিভিন্ন পাত্রপক্ষের মধ্যে কমবেশি মীমাংসিত বিষয়। সম্ভবত আরও জরুরি বিষয় হচ্ছে, বিনোদন এমন একটা ক্ষেত্র যেখানে গ্রহীতা পক্ষ, বিতরণকারী পক্ষ এবং পণ্যবিজ্ঞাপক পক্ষ সকলে এক কাতারে খুশি থাকেন। এরকম বহুপক্ষীয় দিলখুশিত্বে কোনো প্রশ্ন উত্থাপন করা গর্দানের জন্য নিরাপদ না বোধহয়। কিন্তু বিশ্বকাপকে একমাস ধরে মাথায়-তুলে না-রাখা পত্রিকাগুলোর জন্য এত কঠিন কেন?

খুব বেশি বছর আগের কথা না যখন বস্তিতে আগুন লাগলে আপনি দু' তিনটি, এমনকি আরও বেশি, পত্রিকায় ফলাও করে প্রকাশিত হতে দেখতেন ঘটনাটি। দাউ দাউ আগুনের ছবি। ভুক্তভোগীদের আহাজারি, সাক্ষাৎকার। একটা দীর্ঘ প্রতিবেদন। আগুন লাগা এতে বন্ধ হতো না। উপরন্তু কেন ও কীভাবে নির্দিষ্ট বস্তিগুলোতে নির্দিষ্ট আগুন লাগত সেটা একটা স্বতন্ত্র গবেষণার বিষয় এবং সকল আবিষ্কার নিশ্চয়ই পত্রিকার দায়দায়িত্ব নয়। কিন্তু প্রতিবেদন তৈরি করবার এই তাগিদ নিয়ে আমার বক্তব্য। এমন ভাবার কোনো কারণ নেই যে বস্তিতে আগুন হঠাৎ উধাও হয়ে গেছে। বস্তি নিজেই উধাও হয়ে অট্টালিকা হয়েছে। অধিকাংশ বস্তিবাসীও ভোজভাজির মতো উধাও জনমন থেকে (তাঁদের মধ্যে অল্প কেউ কেউ অট্টালিকা নির্মাণের সময় পড়ে গিয়ে বা বিনির্মাণের সময় চাপা খেয়ে, অন্য কয়েকজন মাত্র গার্মেন্টস বিল্ডিং ধ্বসে বা আগুন-লেগে মারা পড়ে থাকতে পারেন; কিন্তু তাতেও এত লোকের উধাও হবার হিসেব মেলে না)। কিন্তু বস্তিতে আগুন এখনও নৈমিত্তিক ঘটনা ঢাকায়। তফাৎ এই যে এই খবরগুলো সম্মুখ-পাতার শীর্ষফোটো স্ট্যাটাস থেকে পশ্চাৎ-পাতার ইচ্ছাসাপেক্ষ একটা খুদে আইটেম হয়েছে।

বিশ্বকাপের মধ্যে হঠাৎ আগুন প্রসঙ্গ আনার বিশেষ কারণ নেই। প্রিন্ট-প্রচারমাধ্যমের এজেন্ডা তথা সংবাদ-জরুরিত্ব প্রসঙ্গেই এই উদাহরণটা মনে এল মাত্র। সাম্প্রতিক যে আগুন পত্রিকায় জায়গা পেল, নিমতলির সেই ঘটনাটাও হয়তো মাথার কোথাও নড়াচড়া করছে। চারপাশের মানুষ যতই মমতাময় ও অনুভূতিপ্রবণ হোন না কেন আমার কিন্তু একটুও আরাম লাগেনি যে ক'দিনের মধ্যেই পত্রিকাগুলোর মুখ্য সুর ও সুরৎ নগর-পরিকল্পনা (বা তার দুরাবস্থা) আর টাটকা মুনাফার মনুষ্য-বিদ্বেষের তুলনায় দু'টি মহৎ বিয়ে অনুষ্ঠানকে ঘিরে গড়ে উঠেছিল। এভাবেই উদাহরণ এল। আসতে থাকে।

পত্রিকার জায়গাগুলো আসলে চূড়ান্ত বিচারে পত্রিকার না। পাঠকের তো না-ই। বরং বিনোদনের। আর অতি অবশ্যই পণ্য উৎপাদকদের। তাঁরাই পাতাগুলোর প্রত্যক্ষ ও পরোক্ষ চালক। তাঁরা বিনোদনেরও পরিচালক। বিশ্বকাপও বিনোদন। বিশ্বকাপও পণ্য। পণ্যই বিনোদন। বিনোদনই পণ্য। এইরকম একটা চক্রাকার অবস্থায় বিশ্বকাপের লাল-নীল-সবুজ-পতাকাগুলোকে বড়জোর আরেকটা আইটেম মনে হয়। সবমিলে আরেকটা মস্ত আইটেম। এসবের মধ্যে নিউজ-এমার্জেন্সির যে আলাপটা বিশেষজ্ঞরা করেন সেটাকে বড় কিতাবী মনে হয়। এমনকি বস্তাপচা।

[উত্তর-কলাম বা বেকলাম বা বকলম: ক' সপ্তাহ ধরে ডাক্তারের হুকুমে পিঠের উপর শুয়ে আছি। এমনিতে সারাদিন কোঁতাকুঁতি করেও লেখা হয় না, আলসেমি লাগে। কিন্তু যেই না হুকুমসাপেক্ষ জীবন পেলাম অমনি তামাম দুনিয়া নিয়ে লেখার বাসনা। বিশ্বকাপ থেকে বর্ষাকাল, জামাত থেকে জাতীয় পতাকা, সবকিছু নিয়ে লেখার ইচ্ছায় পেট ফেটে যাচ্ছে। এদিকে নাম যতই ল্যাপটপ হোক, পেটের উপর তা রাখাই যায়। কিন্তু পেটের উপর ল্যাপটপ রাখলে পেট ফাটে না বটে, কিন্তু লেখা ফোটে না। চেষ্টা করে দেখেছি। টাইপ করা খুব কঠিন। অনলাইন পড়াও খুব কঠিন। চোখ পর্দায় রাখতে গেলে পিঠ বাঁকাতে হয়। সেটাই মানা। দুরূহভাবে এই লেখাটা শেষ করতে করতেই ফরিদা আখতার-এর কলামখানি পড়লাম। তিনি এটা লিখছেন আগে জানলে এই কসরৎ আমার না-করলেও চলত। তাঁকে সেলাম।]