কৃচ্ছ্রতা, মিতব্যয় ও ধৈর্য- আমরা কি ভুলতে বসেছি?
বিভিন্ন ধর্ম ও নীতি শিক্ষায় মানুষকে সংযমী ও মিতব্যয়ী হতে নির্দেশনা দেয়া হয়েছে। একটি বিশেষ পরিস্থিতি বা সঙ্কটময় পরিস্থিতির সাথে যাতে মানুষ মানিয়ে নিতে পারে সেইজন্যই মিতব্যয়ী ও সংযমী হওয়া জরুরি। ইসলাম ধর্ম কোনোভাবেই অমিতব্যয়ী এবং অপচয়কারীকে বিন্দুমাত্র প্রশ্রয় দেয় না। বাংলাদেশে সুরা বনি ইসরাইলের একটি আয়াত বহুল প্রচলিত- "অপচয়কারী শয়তানের ভাই।" সরকারি হিসাব অনুযায়ী বাংলাদেশের মুসলিম জনগণের সংখ্যা ৯০ দশমিক ৮ ভাগ। দেশটির অনেক কিছুই ইসলামী ঐতিহ্য ও সংস্কৃতির কথা মাথায় রেখে গড়ে উঠেছে, এমনকি আইনেও সেই বিষয়টি স্পষ্ট। সে ক্ষেত্রে অধৈর্য না হয়ে, সংকটময় পরিস্থিতিতে সে দেশের জনগণ অন্তত ইসলামী নীতি আদর্শ আদর্শের আলোকে নিজেদেরকে পরিচালিত করবেন সেটা কাম্য।
ছোটবেলায় পড়েছিলাম, মহানবী হযরত মোহাম্মদ (সা.)- কে একজন এসে বললেন হুজুর আমার ছেলে প্রতিদিন মিষ্টি খেতে চায়, আমি গরিব মানুষ তাকে প্রতিদিন মিষ্টি খাওয়ানোর সামর্থ্য নেই। আপনি তাকে বোঝান বা দোয়া করে দেন যাতে সে মিষ্টির বায়না না ধরে। নবীজি সাথে সাথেই ছেলেটিকে কিছু না বলে ওই ব্যক্তির হাতে কিছু টাকা দিয়ে কয়েকদিন পরে আসতে বললেন। নবীজির প্রতিদিন রাত্রে মধু খাওয়ার অভ্যাস ছিল। যেহেতু তিনি মধু খেতে অভ্যস্ত ছিলেন, তাই তাৎক্ষণিকভাবে সেই ছেলেটির মিষ্টি খাওয়ার উপর নিষেধাজ্ঞা দেননি। তাদের কয়েকদিন পরে আসতে বলেছেন। এরমধ্যে নিজে চেষ্টা করেছেন মধু খাওয়া ছেড়ে দিতে। তিনি সফল হয়েছেন; তারপরে যখন সেই ব্যক্তি আবার আসেন তখন নবীজি সেই ছেলের জন্য দোয়া করে দিয়ে তাকে প্রতিদিন মিষ্টি না দেবার পরামর্শ দিয়েছেন। মহানবী হযরত মুহাম্মদ এর মধ্যে সততা ছিল তাই তিনি নিজে মধুতে অভ্যস্ত হয়ে একটা বাচ্চা ছেলেকে মিষ্টি ছাড়ত উপদেশ দেননি। কিন্তু আজ কালকের ধর্মগুরুদের নীতি আদর্শ হলো, 'আমি যাহা করি তোমরা তাহা করিও না, আমি যাহা বলি তোমরা তাহা করিও।'
উপরের ভূমিকা টানার পিছে একটি কারণ আছে। ২৫ মে টেলিফোনে কথা বলছিলাম বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর বারেক শিকদারের সাথে। তিনি আমাকে কথার এক পর্যায়ে জানতে চাইলেন, ইউক্রেইনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের কারণে জার্মানিতে বা ইউরোপের জনজীবনে কী প্রভাব, আমরা কেমন আছি ইত্যাদি। আমি তাকে জানালাম যে খাদ্য সামগ্রীর দাম বেড়েছে প্রায় ৬০ থেকে ৮০ শতাংশ, আর যে ভোজ্যতেলের দাম আগে এক লিটার ৯৯ সেন্ট ছিল সেটা বেড়ে ৪ দশমিক ৯৯ ইউরো হয়েছে অর্থাৎ ৫ গুণেরও বেশি বেড়ে গেছে। তারপরও বাজারে তেলের জোগান খুব কম। ৬/৭ সপ্তাহ দোকানে তেলের তাক ফাঁকা ছিল। আর বড় সমস্যা হয়েছে বেতন এক পয়সাও বাড়েনি, আমাদেরকে এর মধ্য দিয়েই চলতে হচ্ছে। ধনীদের সমস্যা নেই, কিন্তু মধ্যবিত্তের নাভিশ্বাস উঠছে। সবক্ষেত্রেই সংযম এখন জরুরি। ইউরোপের আরও বড় সমস্যা হয়েছে পেট্রোল ও গ্যাসের দাম বেড়ে গেছে মারাত্মক হারে।
এসব জানার পর তিনি আমাকে বললেন আমার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেইসবুকে লেখা উচিৎ। আমি বললাম- "ফেইসবুকে লিখে কী লাভ হবে? আমার লেখা খুব বেশি হলে ২০/২৫ জন প্রতিক্রিয়া ব্যক্ত করবে।" তারপরও তিনি আমাকে বললেন, "সে যাইহোক, তোমার লেখা উচিত যে কোন মিডিয়ায়। আমাদের দেশের জনগণের অন্তত ধারণা হবে ইউরোপের সবাই কী রকম পরিস্থিতির শিকার হয়েছে। আর আমরা বাংলাদেশে অল্পতেই অধৈর্য হয়ে উঠেছি। তেলের দাম একটু বাড়াতে ও বাজারে জোগান কম হওয়াতে বিরোধীদল ও তার নেতা কর্মীরা উস্কানিমূলক কথাবার্তা বলছে, এবং সরকারকে দোষারোপ করছে।"
বারেক শিকদার ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর একজন ভক্ত এবং তার আদর্শের সৈনিক। স্বাভাবিক কারণেই বর্তমান সরকারের প্রতি তার মমত্ববোধ আছে। এই সরকার দেশের উন্নতি করেছে অনেক, তার প্রমাণও আছে। সেই কারণেই তিনি বিরোধীদলের এবং তাদের নেতা কর্মীদের বক্তব্যে বিরক্ত হবেন সেটাই স্বাভাবিক। মেজর শিকদার আমাকে জানিয়েছেন তাঁর পরিবার কৃচ্ছ্রতা সাধন করছে। রান্নার ক্ষেত্রে তারা কড়াইয়ের মধ্যে ডুবো তেলে মাছ না ভেজে ওভেনে অল্প তেলে মাছ ভাজছেন। মুরগি রান্নার ক্ষেত্রে সেই একই পদ্ধতি অনুসরণ করছেন।
দুপুরে তিনি স্বাভাবিক খাবারের পরিবর্তে এখন তরমুজের দাম কম বলে তরমুজ, আপেল ও ফলমূল খেয়ে থাকছেন। রাতে তিনি বিশেষ পদ্ধতিতে মাছ মাংস রান্না করে খাওয়ার চেষ্টা করছেন। এইসব পদ্ধতির মাধ্যমে তার পরিবার তেলের ব্যবহার অর্ধেক বা তারও কমে নামিয়ে এনেছেন। এভাবে আমরা ক্রান্তিকালে মোকাবেলা করতে পারি। বাংলাদেশের যে পরিমাণ তেল রান্নায় ব্যবহার করা হয়, তার দশ ভাগের এক ভাগে কাজ চালানো সম্ভব।
জার্মানিতে আমি স্ত্রী ও একমাত্র মেয়ে নিয়ে থাকি। আমাদের তিনজনের পাঁচ থেকে ছয় সপ্তাহে এক লিটার তেল লাগে। ব্যক্তিগতভাবে আমার পদ্ধতিতে চললে এক লিটার তেল তিনজনের একটি পরিবার ৩ মাসেও শেষ করতে পারবে না। আমাদের সর্বোচ্চ তেলের খরচটি হয় মাঝে মাঝে মেয়েটার জন্য কাটলেট ভাজলে। সেটা তো ভাসা তেলে ছাড়া হয় না!
এর মাঝে আমার কন্যা একদিন আবদার করেছিল কাটলেট খাওয়ার জন্য, কিন্তু বাসায় তেল না থাকার কারণে তার আবদার রাখা সম্ভব হয়নি। বাসায় অলিভ অয়েল ছিল তাতে আবার কাটলেট ভাজা যায় না। বাচ্চারা জলপাই তেলের গন্ধ পছন্দ করে না। সেদিন মেয়েটাকে পছন্দের খাবার না দিতে পেরে বাবা হিসেবে আমার খারাপ লেগেছিল কিন্তু কিছু করার ছিল না। এসব দেশে কেউ প্রতিবেশীর কাছে যায় না তেল ধার নিতে। আর এই সময়ে সেটা শোভনও নয়।
যাদের অভিজ্ঞতা ছিল তারা সামরিক অভিযান শুরুর সাথে সাথে বাজার থেকে সব তেল কিনে বাজার ফাঁকা করে ফেলেছিল। যার কারণে সাধারণ মানুষ যারা বিষয়টি চিন্তা করেননি, বা যাদের পরিবারে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন অভিজ্ঞতার চর্চা হয়নি তারা তেল মজুত করেনি। আর যারা বিশেষ সামরিক অভিযানের শুরুতেই বাজার থেকে অতিরিক্ত তেল কিনেছেন, তখন তারা কোনও বাধার সম্মুখীন হয়নি। বাজারে তখন কোনও নিয়ন্ত্রণ ছিল না, একাধিক তেলের ক্যান কেনার উপর। কিন্তু পরবর্তীতে যখন সমস্যা সৃষ্টি হয়েছে প্রত্যেকটি দোকান একটা পরিবারের জন্য এক লিটারের বা এক বোতলের বেশি তেল বিক্রি করেনি। এই নিয়ন্ত্রণের পরও এখন পর্যন্ত বাজারে যথেষ্ট তেলের সরবরাহ নেই। সরবরাহ না থাকাটাই স্বাভাবিক। কারণ, ইউরোপে যত ভোজ্য তেল প্রয়োজন হয় তার বেশিরভাগ তেল আসে ইউক্রেইন থেকে। ইউক্রেইন ইউরোপের মধ্যে সবচেয়ে কৃষি সমৃদ্ধ দেশ সেখান ভুট্টো, গম ও প্রচুর পরিমাণ সূর্যমুখী ফুলের চাষ হয়। সূর্যমুখীর তেল ইউরোপের ভোজ্য তেলের চাহিদা পূরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সাবেক সোভিয়েত ইউনিয়নের ১৫টি প্রজাতন্ত্রের ছিল। এর মধ্যে কৃষিতে খুবই উন্নত ছিল উজবেকিস্তান ও ইউক্রেইন। ১৯৬৬ সালে এক প্রলয়ঙ্করী ভূমিকম্পের আঘাতে উজবেকিস্থানের তাসখন্দ লণ্ডভণ্ড হয়েছিল। এরপর কৃষিপ্রধান অঙ্গরাজ্যটি কী করে পুনরায় ঘুরে দাঁড়িয়েছিল, সেটা দেখতে বঙ্গবন্ধুর স্বাভাবিকভাবেই আগ্রহ ছিল। কারণ তার দেশও ছিল কৃষি প্রধান। কৃষকের ভাগ্য উন্নয়নই ছিল তার রাজনীতির মূল লক্ষ্য। সোভিয়েত ইউনিয়ন সফরের শেষ পর্যায়ে লেনিনগ্রাদ বিমানবন্দরে বঙ্গবন্ধুকে বিদায় জানান প্রধানমন্ত্রী আলেক্সি কোসিগিন। তবে তিনি তার কৃষিমন্ত্রী ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ মাটসেকেভিচকে উজবেকিস্তান সফরে বঙ্গবন্ধুর সফরসঙ্গি করে পাঠান। তিনি প্রবীণ রাজনীতিক, ১৯৫৬ সালেই সোভিয়েত মন্ত্রীপরিষদের ডেপুটি চেয়ারম্যান ছিলেন। মাটসেকেভিচ ছিলেন ইউক্রেইনের কৃষক সন্তান। কৃষকদের বাঁচাতে হবে, সেটাই ছিল তার ধ্যানজ্ঞান। আর বঙ্গবন্ধুকে কাজ করতে হবে কৃষির উন্নয়নে, কারণ তার দেশের ৮৫ ভাগ মানুষ ছিলেন কৃষিজীবী। তাই হয়তো অভিজ্ঞ রাজনীতিবিদ সোভিয়েত কৃষিমন্ত্রীকে সবথেকে উপযোগী মনে করেছিলেন কোসিগিন বঙ্গবন্ধুর সফরসঙ্গি হিসেবে। তাতে এই দুই নেতা কৃষির সাফল্য ও সমস্যা ভাগাভাগি করতে পারবে। সাবেক সোভিয়েত ইউনিয়নের কৃষিমন্ত্রী ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ মাটসেকেভিচ এর দেশ ইউক্রেইন। আর ইউক্রেইন ছিল ইউরোপের শস্যভাণ্ডার। এখনও সেই ঐতিহ্য তারা ধরে রেখেছে। আর যার কারণেই রশিয়া-ইউক্রেইন সমস্যা বিশ্ববাজারে তেলসহ অন্যান্য ভোগ্যপণ্যের সরবরাহে মারাত্মক সঙ্কট সৃষ্টি করেছে।
'ইউক্রেইনের নাৎসিবাদী বর্তমান শাসকদের আচরণে, দনৎস্ক প্রদেশে বিগত বছরগুলোতে রুশভাষী জনগণের উপর অত্যাচার ও গণহত্যার' অভিযোগ এনে রাশিয়া 'বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে'। আর এই 'বিশেষ সামরিক অভিযানের' কারণে ইউক্রেইন এখন সম্পূর্ণরূপে রপ্তানি বিচ্ছিন্ন। আমার মতে, রাশিয়া সেখানে যুদ্ধ করছে না, যুদ্ধ ঘোষণা করলে অনেক আগেই সেটা শেষ হয়ে যেত। তাতে সাধারণ জনগণের অনেক বেশি মৃত্যুর শিকার হতেন। কিন্তু সেটা এড়িয়ে যেতেই এই বিশেষ সামরিক অভিযান দীর্ঘায়িত হচ্ছে। যার কারণে রপ্তানি সম্ভব হচ্ছে না। আর বিশ্বের অন্যতম ভোজ্য তেল রপ্তানিকারক দেশের তেল রপ্তানি বন্ধ থাকলে, তেলের দাম বিশ্ব বাজারে বাড়বে সেটাই স্বাভাবিক। এই সমস্যাকে সামনে এনে রাজনীতির কোন সুযোগ নেই।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তার দায় ব্যক্তিগতভাবে কোন সরকারের পড়ে না। বিশ্বায়নের সমস্যা এখানে যে, বিশ্বের অনেক দেশই ইউক্রেইনের তেলের উপর নির্ভরশীল হয়ে পড়েছিল। এখন সেখান থেকে তেল না পেয়ে ইউরোপের দেশগুলো অন্যান্য দেশ থেকে তেল আমদানি করছে। সেইসব দেশগুলোও চাহিদার কারণে বা সুযোগে তেলের দাম বাড়িয়ে দিয়েছে। যার কারণে বাংলাদেশের তেলের অপ্রতুলতা দেখা দিয়েছে এবং দামও বেড়েছে, এটি একটি স্বাভাবিক নিয়ম। এই নিয়মের বাইরে কেবল বাংলাদেশ সরকার নয়, কোন দেশের সরকারই রাতারাতি যেতে পারবে না। কারো যদি তেল বেশি ব্যবহার করা দরকার হয় তাহলে দেশের মধ্যে তেল উৎপাদন করতে হবে এবং আমাদের এক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। আর তেলের বিকল্প পশু-পাখির চর্বি, মাখন বা ঘি ব্যবহার করা যেতে পারে আপাতত। মনে রাখতে হবে পশু-পাখির চর্বি স্বাস্থ্যকর নয়। তবে কোনওভাবেই এই সমস্যার রাতারাতি সমাধান অসম্ভব।
এক্ষেত্রে একটি দেশপ্রেমিক বিরোধীদল জনগণকে উস্কানি না দিয়ে কম তেল ব্যবহারে উদ্বুদ্ধ করতে পারে এবং তেল কম ব্যবহারে স্বাস্থ্যগত ও অর্থনৈতিক যে সুফলগুলো পাওয়া যাবে তা জনগণের সামনে তুলে ধরতে পারে। ২১ মে বেলা সাড়ের ১১টার দিকে শরীয়তপুর জেলা পুলিশ লাইন্সে উগ্রবাদবিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রীপরিষদের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, "দেশে বর্তমানে তেলের বাজারে অস্থিরতা বেশি চলছে। অতিদ্রুত এই বাজার স্থিতিশীল হয়ে যাবে। ইন্দোনেশিয়ায় যেই সমস্যাটি ছিল, তা এখন আর নেই। ইন্দোনেশিয়ার পাম অয়েলটা আসলেই বাজার পুরো আগের মতো হয়ে যাবে। আমাদের ধৈর্য ধরতে হবে। খাবার নিয়ন্ত্রিত করে খেতে হবে।" মন্ত্রীপরিষদ সচিব আরও বলেন, "নবী (সা.) আমাদের শিক্ষা দিয়েছেন কীভাবে নিয়ন্ত্রিতভাবে চলতে হয়, খাবার খেতে হয়। আমি মাঠে কাজ করেছি। আমি জানি মানুষের কিসে কষ্ট।" বিরোধীদল যখন ক্ষমতায় ছিল তারাও এজাতীয় সমস্যার রাতারাতি সমাধান তো দূরে থাক, দীর্ঘমেয়াদেও কোন সমাধান করতে পারেনি।
বিশেষজ্ঞরা তো অতিরিক্ত তেল ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে বারবার সর্তক করেই এসেছেন। অতএব এখাতে সরকারের কোনও ভর্তুকি দেওয়া উচিৎ নয়। কেউ যদি বলে রাশিয়া ইউক্রেইন সমস্যার কারণে সিগারেটের দাম বেড়ে গেছে, সেখানে বিকল্প পথে আমদানি ঠিক রেখে দাম নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে, সে দাবি যেমন যৌক্তিক নয়, আমার মনে হয় তেলের ক্ষেত্রেও জনগণকে কম ব্যবহারে উৎসাহিত করে সমস্যার সমাধান করতে হবে। আগামী বছরেও ভোজ্য তেলের জোগান বাজারে কম থাকবে। কারণ এই বিশেষ সামরিক অভিযান থেমে গেলেও কোন তেল ইউক্রেইন রপ্তানি করতে পারবে না। এবছর সেখানকার চাষীরা চাষ করতে পারছেন না। এই বিষয়টি আমাদের মাথার মধ্যে রাখতে হবে। অতএব যেসব শস্য থেকে তেল উৎপন্ন হয়, সেসব শস্য দেশে উৎপাদন করতে হবে। আমাদের কৃষি মন্ত্রণালয়ের এ ব্যাপারে বিশেষ নজর রাখা উচিত।
আগেই বলেছি আমার পদ্ধতি ব্যবহার করলে ৩ জনের একটি পরিবার ১ লিটার তেলে ৩ মাস চালিয়ে যেতে পারবে। সেটা কীভাবে সম্ভব বলি। ছোটবেলায় আমার কিছু সমস্যা ছিল তাই ডাক্তার তেল ঝাল মসলা কম বা কোন কোন ক্ষেত্রে না খাবার পরামর্শ দিয়েছিলেন। সেই থেকে আমি কম তেল মসলায় অভ্যস্ত। বছরখানেক আগে আমার ব্যক্তিগত চিকিৎসক জানালেন, আমার রক্তে শর্করার (সুগার) পরিমাণ সীমানার কাছাকাছি চলে এসেছে, সেজন্য এখনই খাদ্যাভ্যাসের পরিবর্তন জরুরি। তাছাড়া লিভারে সামান্য চর্বি আছে সে কারণে আমার তৈলাক্ত খাবার কম খাওয়া উচিত। ডাক্তার ভাত বন্ধ করে দিলেন। সবজি এবং অন্যান্য খাবার বেশি খেতে বললেন।
আমি তাকে শুধু বললাম, "ডাক্তার আমি সব পারবো কিন্তু ক্ষুধার্ত থাকতে পারবো না।" উত্তরে তিনি বললেন, "আপনাকে ক্ষুধার্ত থাকতে হবে না, শুধু চর্বি এবং কার্বোহাইড্রেট পরিমিত পরিমাণ খাবেন অথবা এড়িয়ে চলবেন।" আর ফল প্রায় বন্ধ করে দিলেন। দিনে শুধু অর্ধেক আপেল অথবা অর্ধেক কলা খাওয়ার অনুমতি দিলেন। এই পদ্ধতি অনুসরণ করে তিন মাস পর আমার রক্ত পরীক্ষার যে রিপোর্ট আসলো তাতে ডাক্তার খুবই খুশি হলেন। বললেন- এভাবে চললে আমার কোন ওষুধের প্রয়োজন হবে না। তা না হলে আমাকে এখন প্রি-ডায়াবেটিসের জন্য বড়ি গিলতে হতো প্রতিদিন।
ডাক্তার যখন আমাকে অর্ধেক আপেলের পরামর্শ দিলেন তখন কৌতুক করে তাকে বলেছিলাম ইংরেজিতে একটা প্রবাদ আছে, "An apple a day, keeps the doctor away'. ডাক্তার আপনার কী রোগী কমে গেছে যে আমাকে অর্ধেক আপেল খাবার পরামর্শ দিলেন?" ডাক্তার শুনে খুব হাসলেন। চর্বি এড়িয়ে যেতে আমি যে খাবার খাই তাতে কোন তেল ব্যবহার করি না বা কোন কোন সময় একটা বড় বাটি সালাদে তিন/চার ফুটো জলপাই তেল ব্যবহার করি। মাছ রান্নার ক্ষেত্রে আমি কোন তেল ব্যবহার করিনা, মাছের তেলেই মাছ ভাজি। মুরগির মাংস রান্নার ক্ষেত্রেও অতিরিক্ত তেল ব্যবহার করি না, কোন কোন সময় দু কেজি মাংসে এক চা চামচ তেল দিয়ে থাকি।
আমার এক সহকর্মী এসব দেখে বলা শুরু করলো- 'তুই এসব খাস কেমনে?' প্রায়ই একই প্রশ্ন করে। আমি একদিন বিরক্ত হয়ে একটা শসা নিয়ে কামড়ে চিবিয়ে খেয়ে দেখালাম, এইভাবে খায়। এ প্রশ্নের সম্মুখীন আমি বাংলাদেশের অনেকের কাছ থেকে হয়েছি। এটা একটা অবান্তর প্রশ্ন- আমি কেমনে খাই। জার্মানদের একটু কী খায়, কী খায়, স্বভাব। পর পর দুদিন ভাত খেতে হলে হাঁপিয়ে ওঠে। আজ ইটালিয়ান তো কাল চায়নিজ, পরেরদিন জাপানি খাবার হলে ভাল হয়। আর কাটলেট গেলে তারা গোগ্রাসে।
আমার ছোট বোন একটা ডিম ভাজতে যে তেল ব্যবহার করে আমি তার সাত ভাগের এক ভাগে কাজ চালায়। আর আমার মা যে পরিমাণ তেল ব্যবহার করেন তার পাঁচ ভাগের এক ভাগ ব্যবহার করি। এসব ক্ষেত্রে অবশ্য কিছু ভালো হাড়ি-পাতিল জরুরি। একটি ননস্টিক ফ্রাই প্যান তেলের খরচ বাঁচাতে সাহায্য করে। একটি আধুনিক পাতিলে রান্না করলে কম তেল দিলেও পাতিলের নিচে মাংস লেগে যাবার ভয় থাকেনা। এমনকি দীর্ঘ সময় নড়াচড়া না দিলেও মাংস পুড়ে পাতিলে লাগেনা। পাতিল কিনতে হয়তো কিছু অর্থের প্রয়োজন হবে, সেটা হয়তো যে যার মতো করে একটি সমাধান ঠিকই বের করতে পারবেন।
জাতিকে, দেশকে তথা বিশ্বকে এগিয়ে নেওয়ার জন্য দরকার কম তেলে রান্না করা। কম তেলে রান্না খাবার তাদের নিজের, সন্তানের ও পরিবারের অন্যদের সুস্বাস্থ্যের নিশ্চয়তা দেবে।
গত রোজার মাসে বেগুনের দাম বেড়েছিল, এই নিয়ে পত্রিকায় দেখেছিলাম খুব লেখালেখি হলো এবং ফেইসবুকে ঝড় উঠলো। পারলে বেগুনের উচ্চমূল্যের জন্য সরকারকে গদি থেকে নামিয়ে ফেলে। আমার প্রশ্ন হলো- সরকার কী তার নির্বাচনী মেনুফেস্টোতে এমন কোন প্রতিশ্রুতি দিয়েছিল যে রোজার মাসে বেগুনের দাম এই অংকের মধ্যে সীমাবদ্ধ থাকবে! ইসলাম, হাদিস ও কোরানে কি এমন কোন নির্দেশনা আছে বেগুনি না খেলে রোজা হবে না? তখন অবস্থাদৃষ্টে মনে হয়েছে, আমরা ভুলে গিয়েছি- রোজা সংযমের মাস, রসনা তৃপ্ত করার মাস নয়।
আমি মনে করি রোজার সময় বেগুনের দাম বাড়াই উচিত। তাতে কিছুটা হলেও কৃষক বেশি উপার্জন করতে পারে। অনেকে আবার বলেছেন- কৃষক বেশি পয়সা পায় না, সব মধ্যস্বত্বভোগীদের হাতে চলে যায়। যদি তাই হয় তাহলে এত অভিযোগ ও লেখালেখি না করে এক সপ্তাহ বেগুন বর্জন করলেই হতো, তাতেই মধ্যস্বত্বভোগীদের শিক্ষা হয়ে যেত। বেগুন পঁচে নষ্ট হতো অথবা শুকিয়ে যেত। একবার এই পদক্ষেপ নিলে পরবর্তীতে মধ্যস্বত্তভোগীরা অনৈতিকভাবে আর দাম বাড়াতো না। বঙ্গবন্ধুর সরকারের সময় একবার কাঁচামরিচের মূল্য ১০০ টাকা কেজি হয়ে গিয়েছিল। তাতে তিনি বিন্দুমাত্র বিচলিত হননি বরং খুশি হয়েছিলেন। কারণ কৃষক তাতে উপকৃত হয়েছিলেন। এ ব্যাপারে অতীতে বিস্তারিত লিখেছিলাম।
আমার ফ্রান্স প্রবাসী ঘনিষ্ঠ বন্ধু মামুন খান এবার পুরো রোজার মাস সৌদিআরবে কাটিয়ে আসলেন। তিনি জানালেন, সেখানে ইফতারের জন্য তাকে দেয়া হতো সাদা দই, একটা রুটি আর খেজুর। আহামরি কিছু নেই। বেগুনির মতো মুখরোচক খাবারের বালাই নেই। বাংলাদেশের মতো হরেক রকমের ইফতারের সাজসজ্জা সেখানে ছিল না।
ইউরোপে মাংসের চেয়ে সবজির মূল্য অনেক বেশি। যেখানে মুরগির দাম কেজিপ্রতি ২ দশমিক ২ ইউরো (বাংলাদেশি টাকায় ২২০ টাকার আশেপাশে), সেখানে এক কেজি বেগুনের দাম ছিল ৬/৭ ইউরো। এক কেজি বাঁধাকপির দাম ৩ ইউরো। গত সপ্তাহে একটি বিশেষ দোকানে দেখলাম বেগুনের দাম ২ ইউরো, কিন্তু সব জায়গায় নয়। আমি ৫ মাস পর গত সপ্তাহে বেগুন কিনলাম, সমস্যা কোন জায়গায়! শীতকালে আমাকে আম খেতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই। শুধু একটু সংযম প্রয়োজন।
প্রতিবছর ঈদের আগে টিকেটের দাম বাড়লে হইচই শুরু হয়ে যায়। আর এই একই বিষয় নিয়ে পত্রিকায় লেখালেখি শুরু হয় প্রত্যেক বছর। কিন্তু কোনও প্রতিকার কি আজ পর্যন্ত হয়েছে? সব থেকে বড় কথা সরকারি কোন যানবাহনের টিকেটের দাম কিন্তু কখনো সরকার বাড়ায়নি। পক্ষান্তরে ইউরোপে বড়দিনের আগে বিমান থেকে শুরু করে সব যানবাহনের টিকেটের দাম ৫০ থেকে ২০০ ভাগ পর্যন্ত বেড়ে যাচ্ছে এবং সরকারি যানবাহনও এর বাইরে নয়। কিন্তু এখানে তো টু শব্দ হচ্ছে না। শুধু এই নয় প্রতিদিন প্রতি ঘণ্টায় জার্মান ট্রেনের টিকিটের মূল্য উঠানামা করছে। কেউ তো কোন প্রতিবাদ করছে না। খুব ভোরে দেখা যাচ্ছে টিকেটের দাম কম কিন্তু সকাল ৭টা থেকে শুরু করে টিকেটের দাম বেশি। কারোর প্রয়োজন হলে যাবে, না হলে অন্য সময় যাবে। অক্টোবরে এক সপ্তাহের যে অবকাশ ভ্রমণের জন্য খরচ হয় ৪০০ ইউরো (৪০ হাজার টাকা) জুলাই বা অগাস্টে সেজন্য গুনতে হয় ১০০০ থেকে ১২০০ ইউরো বা তারও বেশি। এ নিয়ে অভিযোগ করে বা পত্রিকায় লিখে কোনও লাভ নেই। কারণ কারো পোষালে যাবে, আর না পোষালে যাবে না।
আমাদের দেশে পান থেকে চুন খসলে 'প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের' কালচার শুরু হয়েছে। বিশ্ববাজারে তেলের দাম বাড়লে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যার কিছু করার নেই। এখানে আমাদের কৃচ্ছ্রতা সাধন খুবই জরুরি। আমার আব্বাকে দেখেছি ঢাকা শহরে রিকশা থামিয়ে সরকারি জলের কল বন্ধ করে আবার রিকশায় উঠেছেন। ১৯৭৫ সালে আমাদের বাড়ির জলের ট্যাঙ্ক ভর্তি করতে বিদ্যুৎ খরচ হতো ২৯ পয়সা। সেটা তখনকার সময়েও খুবই সুলভ ছিল। কিন্তু তারপরও আমাদের কড়া নির্দেশ ছিল জলের অপচয় না করার। সে নির্দেশনা আজও মেনে চলি।
জার্মান জাতির ফ্রিজে রাখা খাবারের ৩০ থেকে ৪০ ভাগ পচে অথবা শুকিয়ে নষ্ট হয়। এদের রেস্টুরেন্টে যে খাবার পরিবেশন হয় তার ৩০ থেকে ৪০ ভাগ ফেরত আসে, যা ফেলে দেওয়া হয়। কিন্তু 'খাই' 'খাই' স্বভাবের কারণে যে রেস্টুরেন্টে প্লেটে বেশি খাবার দেয় সেখানে জার্মানরা যান বেশি। এরা জাপানি বা চায়নিজদের মত খাবার প্যাকেট করেও নিয়ে আসেন না। কেউ কেউ প্যাকেট করে নিয়ে আসলেও পরে আর গরম করে খান না, ফ্রিজে পঁচে। বর্তমান সময়ে বিশ্বের কোন জাতির সে সুযোগ নেই। কোন সময়ই অপচয় গ্রহণযোগ্য নয়। আর বর্তমান বিশ্ব পরিস্থিতিতে আমাদের কৃচ্ছ্রতা সাধন, অপচয় রোধ ধনী-দরিদ্র নির্বিশেষে সকলের জন্য জরুরি হয়ে পড়েছে। আমাদের সবাইকে সেদিকে কঠোরভাবে নজর দিতে হবে।
