২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেধাস্বত্ব: ‘মানলে তাল গাছ, না মানলে কচু গাছ’?

আনিসুর রহমান আনিসুর রহমান

Published : 27 Dec 2021, 10:15 PM

Updated : 22 Jul 2022, 03:49 AM

সম্প্রতি মেধাস্বত্ব নিয়ে বাংলাদেশের উচ্চ আদালত দুইটি রায় দিয়েছে। এর একটি রায়ের সারমর্ম এরকম: জাতির পিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধের ঐতিহাসিক ছবির স্বত্ব কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান দাবি করতে পারবে না, বাংলাদেশ রাষ্ট্রই এসব ছবির মালিক। এই রায় এসেছে ১৪ই ডিসেম্বর ২০২১ তারিখে।

ডিসেম্বরের ১৩ তারিখে দেওয়া অপর রায়ের সারকথা হচ্ছে সেবা প্রকাশনীর পাঠকপ্রিয় স্পাই থ্রিলার 'মাসুদ রানা' সিরিজের ২৬০টি এবং 'কুয়াশা' সিরিজের ৫০টি বইয়ের লেখক হিসেবে মালিকানা স্বত্ব শেখ আব্দুল হাকিমকে দিয়ে কপিরাইট অফিসের দেওয়া সিদ্ধান্তই বহাল রেখেছে উচ্চ আদালত।

এই রায় দুটি নিয়ে এখনও কিছু বলার এখতিয়ার আমাদের নাই। আইনি ধাপ এখনো শেষ হয়নি, আপিল বিভাগে যাওয়ার সুযোগ এখনও রয়েছে। চূড়ান্ত রায় হওয়ার আগে পর্যন্ত বিচারাধীন বিষয় হিসেবে বিবেচনায় নিলে রায় দুইটির পক্ষে বা বিপক্ষে কোনো মন্তব্য না করাটাই সমীচীন। তবে আমাদের দেশে মেধাস্বত্বের হালহকিকত নিয়ে কিছু কথা বলা যায়। তার আগে আমার বাবার কাছে শোনা একটি গল্প বলে নিতে চাই।

এক গ্রামে এক চোরের যন্ত্রণায় গ্রামবাসী যারপর নাই অতিষ্ঠ। একপর্যায়ে গ্রামের লোকজন বৈঠক করে ঠিক করলেন- সকলে মিলে টাকাকড়ি সংগ্রহ করে এই চোর ব্যাটাকে হজে পাঠাবেন। হয়তো ভালো হবেন এ আশায়। যেরকম সিদ্ধান্ত, সেরকম কাজ।  চোরকে হজে পাঠানো হলো। তিনি হজে গেলেন ঠিকই। কিন্তু হজে গিয়ে রাতে তার আর ঘুম আসে না।  এতদিনের অভ্যাস রাতে রাতে চুরি করেন। কী করবেন এখন? হজ ক্যাম্পে সকলে ঘুমিয়ে পড়লে, তিনি একজনের পুটলা আরেকজনের হিথানে বা পইতানে রাখেন। সকালে সকলে ঘুম থেকে উঠলে প্রতিদিন এক মহা হুলুস্থুল পড়ে যায়।  অন্য এক হাজি ঠিক করলেন রাত জেগে তিনি ঘুমের ভান করে পাহারা দিবেন আর তক্কে তক্কে থেকে ধরবেন কে এই অপকর্ম করেন। শেষে একরাতে সেই চোরকে ধরা হলো। 

আমাদের মেধা আছে, মেধাস্বত্বের জন্যে আইন আছে, মেধাস্বত্বের জন্যে দপ্তর আছে।  গল্পের হজক্যাম্পে রাত জেগে পাহারা দিয়ে চোর ধরার স্বীকৃত ব্যবস্থা বা অবকাঠামো  কি আমাদের আছে?

মেধাস্বত্ব নিয়ে আমাদের পরিস্কার ধারণা কতটুকু আছে?

এখন ডিজিটাল অগ্রসরমান সময়ে মেধাস্বত্ব আইনের সংস্কার ও আইনি রক্ষাকবচ আমাদের কতটুকু রয়েছে?

প্রশ্ন আরো আছে। 

যেসমস্ত বিদেশি কাহিনী বা বইয়ের আদলে বা অনুকরণে আমাদের দেশে 'মাসুদ রানা'র মতো আরো আরো সাহিত্যকর্ম প্রকাশিত হচ্ছে সেসবের কী হবে?

শেখ আব্দুল হাকিম না হয় এদেশের নাগরিক বলে মামলা করার সুযোগ কাজে লাগাতে পেরেছেন। কিন্তু যেসব বিদেশি লেখকের বই নকল বা অনুকরণ করা হচ্ছে সেসব লেখকের মেধাস্বত্বের কী হবে?

এই চুরি বা বিদেশি গল্প হুবুহু মেরে দেওয়ার অভিযোগ অনেক রথী-মহারথী লেখকের বিরুদ্ধেই রয়েছে। বাঙালি লেখক প্রকাশকদের এই চুরিচামারি গত শতকেও ছিল। এই বিষয়ে কলকাতার অনেক ডাকসাইটে লেখককে কাঠগড়ায় দাঁড় করিয়ে আমাদের জাতীয় নাট্যকার শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী, 'আসুন চুরি করি' শিরোনামে একটি প্রবন্ধ লিখেছিলেন। এখন মুনীর চৌধুরী যেমন 'চোর বুদ্ধিজীবী' ধরেছিলেন, সেরকম ধরার মতো- রাতজাগা কেউ কি আছেন? 

কথা আরো আছে। বই প্রকাশ হলো।  সেই বইয়ের বিক্রি থেকে লেখক তার সম্মানী পাবেন, যদি প্রকাশক নিয়ম ও নীতি মেনে ততটা সদয় ও পেশাদারী হয়ে থাকেন। কিন্তু বই যখন অনুলিপি বা ফটোকপি করে আইন আদালতে, সরকারি বেসরকারি নানা কাজে, কিংবা পড়াশোনা বা গবেষণার প্রয়োজনে অথবা নানা ডিজিটাল মাধ্যমে ব্যবহার করা হচ্ছে, তার বিপরীতে মেধাস্বত্বের প্রতিমূল্য কিভাবে নির্ধারিত হবে? তার প্রতিদান কে দিবেন? এসব নিয়ে আমাদের দেশে কি কোনও আলাপ-আলোচনা শুরু হয়েছে কোনো পর্যায়ে? অন্যান্য কার্যকর গণতান্ত্রিক দেশে এর বিধিবিধান কী রকম? এই প্রশ্ন নিয়ে একটু আলোকপাত করতে চাই।

ওইসব দেশে এরকম বাস্তবতায় 'ফটোকপি তহবিল' নাম একটি তহবিল গঠন করা হয়েছে। সেই তহবিলে সরকার প্রতিবছর জাতীয় বাজেট থেকে একটা নির্দিষ্ট বরাদ্দ দিয়ে থাকে। আর সেই বরাদ্দ থেকে লেখক, অনুবাদক, আলোকচিত্রী এবং অলঙ্করণ শিল্পীদের মাঝে প্রতিবছর বৃত্তি দেওয়া হয়ে থাকে।

এমনকি কেউ মারা গেলে তার উত্তরাধিকার ঝামেলা এড়ানোর জন্য জাতীয় বা স্থানীয় মূলধারার পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের বাধ্যবাধকতা থাকে। আর এসব বিজ্ঞপ্তিতে ব্যবহৃত কোনো সাহিত্যকর্মের উদ্ধৃতি, বিশেষ করে কবিতার উদ্ধৃতির জন্যে প্রতিমূল্য হিসেবে একটা বরাদ্দ নিশ্চিত করা হয়ে থাকে।

একইভাবে ফেইসবুক এবং গুগল এর মতো ডিজিটাল সর্বগ্রাসী কোম্পানিকেও মেধাস্বত্বের প্রতিটি শর্ত পইপই করে মেনে চলতে হয় এবং টাকা গুনতে হয়। তাদেরকে আইনগত চুক্তিতে আসতে বাধ্য করা হয়। 

বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের ঐতিহাসিক ছবি নিয়ে দেওয়া রায় নিয়ে আমার মনে একটা প্রশ্ন কাজ করছে। এসবের মালিক জনগণ বা রাষ্ট্র। তার মানে কি এটা যে কেউ চাইলেই এগুলো বাণিজ্যিকভাবে ব্যবহার করার এখতিয়ার পাবেন? এই বাস্তবতা সম্পর্কে সংশ্লিষ্ট সকলের ধারণা থাকা দরকার।

রাষ্ট্রও যদি মালিক হয়, সেই মালিকানার বিপরীতে মেধাস্বত্বের যে দাবি এবং প্রতিমূল্য তা নিশ্চিত করার ব্যবস্থাও রাষ্ট্রের থাকতে হবে।  'সরকারি মাল দরিয়ায় ঢাল' এই প্রবণতা থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে।

এখানে একটা প্রশ্ন তুলতে চাই: ধরে নিলাম বঙ্গবন্ধু বা মুক্তিযুদ্ধের কোনো ছবি টেলিফোন কোম্পানির কোনো বিজ্ঞাপনে ব্যবহার করা হলো।  এর বিপরীতে মেধাস্বত্বের রক্ষাকবচ কিভাবে নির্ধারিত হবে? সেখানে বিধিবিধান এবং রক্ষাকবচ আমাদের না থাকলে, তা সে ব্যাপারে সংশ্লিষ্ট মহলের কাজ শুরু করতে হবে এখনই। 

এবার গান বা সংগীতের মেধাস্বত্ব নিয়ে অন্যান্য দেশের বিদ্যমান অবকাঠামো নিয়ে একটা উদাহরণ তুলে ধরতে চাই।  বিশ্বের উন্নত দেশগুলোতে পে চ্যানেল বা অ্যাপস এর বাইরে (যেমন কোনও সংগীতানুষ্ঠান বা সাংস্কৃতিক অনুষ্ঠানে) যদি কোনও সংগীত ব্যবহার করা হয়, তার বিপরীতে নির্দিষ্ট হারে সরকার নির্ধারিত জাতীয় একটি তহবিলে আয়োজক প্রতিষ্ঠানকে অর্থ পরিশোধ করতে হয়। আর এই অর্থ সংগীতের সঙ্গে জড়িত পেশাজীবীদের মাঝে বরাদ্দ বা বৃত্তির ব্যবস্থা করা হয়। 

আমাদের দেশে হরেদরে নানা পর্যায়ে একজনের কর্ম আরেকজন দেদারছে ব্যবহার করে যাচ্ছে সেসবের কোনো বালাই নাই। গবেষক অধ্যাপক তার অধীনস্ত শিক্ষার্থীদের দিয়ে গবেষণা করাচ্ছেন আর ছাপাচ্ছেন নিজের নামে। এরকম দূষণ তো আমাদের পণ্ডিতি মহলে রয়েছে। এরকম প্রশ্ন নানা পর্যায়ে তোলা যায়।  আমাদের গবেষক অধ্যাপকদের বুদ্ধিবৃত্তিক চুরিধারির খবর তো মাঝে মাঝে আমাদের পড়তে হয়।

মেধাস্বত্ব নিয়ে চলমান বিতর্ক ও সংকট থেকে উত্তরণের জন্যে এখন সময় এসেছে একটা 'মেধাস্বত্ব কমিশন গঠন' করার। যে কমিশন প্রয়োজনীয় আইনি সংস্কারসহ আন্তর্জাতিক মানদণ্ডে মেধাস্বত্ব ব্যবস্থাপনার জন্য পরিকাঠামো এবং অবকাঠামো বিষয়ে নীতিমালা ও সুপারিশ প্রণয়ন করবে।

প্রায় দেড় দশক আগে জাপানের আর্থিক সহায়তায় মেধাস্বত্ব নিয়ে বাংলাদেশে সামান্য কাজ হয়েছিল; দুইদিনব্যাপি একটা সিম্পোজিয়াম হয়েছিল। ওটাকে ভিত্তি ধরে কমিশন গঠনের বিষয়ে প্রয়োজনীয় আলোচনা শুরু হতে পারে।

প্রসঙ্গক্রমে আমি একটা প্রশ্ন উত্থাপন করতে চাই। আমাদের ক্রিয়াশীল জাতীয় পর্যায়ের সাংস্কৃতিক সংগঠন বা পরিষদগুলোর কাজ কী? এসব সংগঠনের মোড়লদের সিন্ডিকেটের অনেকেই নিজেদের ব্যবসা, ঠিকাদারি, তদবিরগিরি, পদ, পদবী কব্জায় রাখার তাগিদ যতটা অনুভব করেন, সাংস্কৃতিক অঙ্গনের জন্য আবশ্যক সংস্কার ও পেশাদারী উন্নয়নের স্বার্থে তার ছিটেফোঁটাও কি করেন? নিজেদের হীন স্বার্থ রক্ষা করতে গিয়ে 'চামচায়ে তুঘলক' সেজে বড় বড় রাজনৈতিক দলের লেজ হিসেবে কাজ করেন। এখন তাদের উচিত পেশাদারী উন্নয়নের জন্যে মেধাস্বত্বসহ নানাবিধ অধিকার রক্ষায় সোচ্চার হওয়া এবং প্রয়োজনীয় সংস্কারের জন্যে আলোচনা ও বিতর্ক শুরু করা। তা না হলে মোড়লদের সিন্ডিকেট ভাঙার এখনই সময়। 

অন্যদিকে সংস্কৃতি মন্ত্রণালয় এবং মন্ত্রীর কাজ কি কেবল রুটিন দায়িত্ব চালিয়ে যাওয়া?

২০০৬ সালে জামাত-বিএনপি প্রণীত সংস্কৃতি নীতি দিয়ে পরিচালিত হচ্ছে একযুগ ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়। অথচ কথায় কথায় সাংস্কৃতিক অঙ্গনের মোড়ল ও সংশ্লিষ্টরা আপ্ত বাক্যের মতো বলে যাচ্ছেন মুক্তিযুদ্ধের চেতনার কথা। 'চেতনা' শব্দটি কি কেবল কথার কথা আর লোক দেখানো আনুষ্ঠানিকতা? এখন দরকার নতুন যুগোপযোগী আধুনিক একটি 'জাতীয় সংস্কৃতি নীতি'। যেখানে অন্যান্য নানাবিধ প্রাসঙ্গিক বিষয়সহ মেধাস্বত্ব নিশ্চিতের জন্য পরিকাঠামো এবং অবকাঠামোর বিষয়ে প্রয়োজনীয় প্রস্তাবনাও থাকতে পারে।

মেধাস্বত্ব নিয়ে বিতর্কে ফিরে আসি।  আদালতে মোকদ্দমা চলা অবস্থায়, উচ্চ আদালতের রায় বিশ্লেষণের সুযোগ নাই।  চূড়ান্ত রায় পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।  তবে একটা অগ্রিম কথা বলে রাখি, সেবা প্রকাশনী ঘিরে মামলাটির চূড়ান্ত রায় যে পক্ষেই যাক, অনাগত ভবিষ্যতে মেধাস্বত্বের আড়ালে- প্রকাশনা জগতে যে আনাড়িগিরি চলে তা বাদী বা বিবাদী সেবা প্রকাশনী বা শেখ আব্দুল হাকিমই শেষ কথা নয়।  এরকম উদাহরণ বা চর্চা যে আরো ভুরিভুরি নাই, তা কেউ হলফ করে বলতে পারবেন?

অনেক দেশেই গ্রন্থাগারে প্রতিবার পাঠকের বই ধারের বিপরীতে সরকারি রাজস্ব থেকে জাতীয় লেখক তহবিল বা ট্রাস্টে নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দের ব্যবস্থা থাকে। এই অর্থ থেকে লেখকরা নানা ধরনের কর্মবৃত্তি পেতে থাকেন। বঙ্গবন্ধু স্বাধীনতার পর আমাদের দেশে 'বঙ্গবন্ধু লেখক ট্রাস্ট' নাম একটি তহবিল চালু করেছিলেন। ১৯৭৫ এর পর এটি বিলুপ্ত হয়ে যায়। স্বাধীনতার পঞ্চাশ বর্ষে আর বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে এটি নিয়ে কোনো আলোচনা পর্যন্ত হলো না। 

কথা আরো আছে। মেধাস্বত্ব স্বীকার করা হলো, সেই অনুযায়ী কোনো সৃজনশীল কর্ম প্রকাশ বা বাজারজাত করা হলো, কিন্তু তার বিপরীতে প্রাপ্য প্রতিমূল্য পাওয়ার নিশ্চয়তা কিভাবে নির্ধারিত হবে? প্রকাশক বা সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান একটি বই বা ডিভিডি চুক্তিতে দেখালেন একহাজার কপি ছাপালেন বা তৈরি করলেন, অথচ বাজারে ছাড়লেন পাঁচ হাজার কপি। এর প্রতিকার কী?

সরকারি কেনাকাটায় মূল্যলেখা পৃষ্ঠা বদলিয়ে নতুন অতি উচ্চমূল্য দেখানোর চর্চা সম্পর্কেও অনেকের কাছে খবর থাকে। এরকম নানা গল্প আমরা অসমর্থিত সূত্রে শুনে থাকি। এসব ক্ষেত্রে মেধাস্বত্ব থাকা আর না থাকা এক গুবলেট ব্যাপার।

অন্যদিকে বিদেশি জিনিসের অনুকরণ বা নকল শেষ কথা না। বাইরের প্যাকেট বা বাজারজাত করণের ব্র্যান্ড বা কাগজাদি দেখানো হলো একটা, অথচ ভেতরের জিনিস আরেকটা, তার কী হবে? বিশেষ করে ওষুধ এবং অন্যান্য নিত্যব্যবহার্য জিনিসের ক্ষেত্রে নেতিবাচক চর্চা হয়ে থাকে; এমন কি বড় বড় কোম্পানিও এই কাজ করে থাকে। এসব চর্চায় মেধাস্বত্ব বিষয়ক সত্য বা শর্তাবলী কোথায় উবে যায়! কথায়  আছে না- চোরা না শোনে ধর্মের কাহিনী।

তাই বলি, মেধাস্বত্বের মতো বিষয়টি মেনে চলা আর সম্মান করার জন্য আমাদের আধুনিক পরিকাঠামো, অবকাঠামোর পাশাপাশি সৃজনশীল ক্ষেত্রে বিশেষ করে প্রযোজনা এবং প্রকাশনা জগতে পেশাদারিত্ব চর্চা থাকা আবশ্যক। তা না হলে মেধাস্বত্ব বিষয়টি 'মানলে তাল গাছ, আর না মানলে কচু গাছ' বাস্তবতা হয়েই রয়ে যাবে।