২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাবু-বিবি-সংবাদ

শিশির ভট্টাচার্য্য শিশির ভট্টাচার্য্য

Published : 26 May 2021, 02:27 AM

Updated : 01 Jul 2022, 05:32 PM

গুলশানের একটি ফ্ল্যাটে খুন হয়েছিলেন কিংবা আত্মহত্যা করেছিলেন একটি কলেজ-পড়ুয়া মেয়ে যার সঙ্গে সম্পর্ক ছিল বলে দাবি করা হয়েছিল একটি শিল্পগোষ্ঠীর মালিক এমডির এবং এক হুইপ-জাদার। খবরটা দিয়েছিল সংবাদপত্র কিংবা সাংবাদিকরাই। সামাজিক গণমাধ্যমে সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ, তারা মেয়েটির তথাকথিত প্রেমিকের বিরুদ্ধে যথেষ্ট পরিমাণে লিখছেন না, বরং মরহুমার চরিত্র হনন করছেন এই বলে যে তিনি কাপড় বদলানোর মতো প্রেমিক বদলাতেন। আত্মপক্ষ সমর্থনের জন্যে বেচারা মুনিয়া জীবিত না থাকার সুযোগে জনমনে দোষের পাল্লা যদি কোনমতে তার দিকে ভারি করা যায়, তবে প্রকৃত বিচার শুরু হবার আগেই আসামীদের দিকের পাল্লা স্বয়ংক্রিয়ভাবে হাল্কা হয়ে পড়বে।

ধনীর দুলালের বিবাহবহির্ভূত সম্পর্ক বাঙালি সমাজে নতুন ঘটনা নয়। ঊনবিংশ শতকে ঢাকা-কলকাতার বাবুরা নিজেদের বাগানবাড়িতে যৌন সম্ভোগের জন্য নারী রাখতেন। 'আমি চৌঘুড়ি বাজিয়ে যাবো, সঙ্গেতে ইয়ার'। রামকুমারের গাওয়া গান। ইয়ারদোস্তদের সঙ্গে নিয়ে, হাতে বেলিফুলের মালা জড়িয়ে একেক বাবু চার ঘোড়ার গাড়িতে করে হৈহৈ করে বাগানবাড়িতে যাচ্ছেন 'রক্ষিতাসন্দর্শনে'- এটা সেকালে শহর কলিকাতার প্রতি পড়ন্ত বিকালের চিরাচরিত ঘটনা। 'রক্ষিতা' না রাখলে, বিয়ে করা বৌয়ের সঙ্গে রাত কাটালে সে যুগের সমাজে বাবুদের ছিছিকার হতো। রাজা রামমোহন রায়েরও মুসলমান 'রক্ষিতা' ছিল বলে শুনেছি। মুসলমান নবাবদেরও হিন্দু 'রক্ষিতা' ছিল। বাবুর মৃত্যু হলে কিংবা ধনের জোর কমে গেলে 'রক্ষিতা'রা বাবু বদলাতেন। 'সেই সময়', 'সাহেব বিবি গোলাম' ইত্যাদি উপন্যাস 'রক্ষিতা'র উপাখ্যানে পরিপূর্ণ। 

'রক্ষিতা'রা নিজ নিজ বাগানবাড়িতে বিপুল সংখ্যাক ঝি-চাকর নিয়ে রানীর হালেথাকতেন। যে যার মতো স্বধর্ম পালন করতেন। বাবুর স্ত্রীকে তারা অসম্মান করতেন না, বাবুর পুত্রকন্যাকে আপন সন্তানের মতো স্নেহ করতেন। ছেলেমেয়েও মানুষ করতেন তারা। কলকাতার 'রক্ষিতা' হীরামণ তার ছেলেকে হিন্দুকলেজে ভর্তি করতে গেলে বিদ্যাসাগরের সমর্থন সত্ত্বেও সমাজপতিরা তার ভর্তির অনুমোদন দেয়নি। দানধর্মও করতেন তারা। শ্রীকান্ত উপন্যাসে রাজলক্ষ্মী স্বগ্রামে পুকুর কাটিয়েছিলেন, কিন্তু গ্রামবাসী সেই পুকুর তাকে উৎসর্গ করতে দেয়নি এবং পুকুরের জল পারতপক্ষে ব্যবহার করতো না। 

সে যুগের যৌন সম্ভোগে ব্যবহৃত হওয়া এসব নারী নিজের সীমা জানতেন। তারা সাধারণত কখনই বাবুকে বিয়ে করার আবদার করতেন না, কারণ সমাজ সেটা মেনে নিতেন না। বাবুদের বৌয়েরাও নিজের সীমা জানতেন এবং পতিদেবতার 'রক্ষিতা'কে বেঘর করার বেয়াদবি পারতপক্ষে করতেন না। অতিসংবেদনশীল 'রক্ষিতা'দের আত্মহত্যার ঘটনা তখনও যে ঘটতো না তা নয়। ভূতের গল্পে কোনো কোনো 'রক্ষিতা' মরে পেত্নি হয়ে বাবুর উপর প্রতিশোধও হয়তো নিত। কিন্তু এ ঘটনাগুলো নিয়মের ব্যতিক্রম। 

সংস্কৃত 'রক্ষিতা' বা এর হিন্দি তদ্ভব 'রাখোয়াল' শব্দের পুংলিঙ্গ বাচক শব্দ 'লুচ্চা'। শব্দটি বাবুদের সম্পর্কে কখনও ব্যবহার করা হতো না, লেখায় দূরে থাক, মুখেও নয়। সে যুগের সমাজটাই অন্য রকম ছিল। একটি নারীর সঙ্গেই পুরুষের সম্পর্ক থাকবে- এমন চিন্তা ঊনবিংশ শতকের উচ্চমধ্যবিত্ত সমাজে 'অদ্ভূত' বলে পরিগণিত হতো। 'রক্ষিতা'ও যে তখন এমন কিছু খারাপ শব্দ ছিল তাও নয়। সে যুগের সাংবাদিকেরা রামমোহন রায়কেও জানতেন, নিজের সীমাও জানতেন। রামমোহন রায়ের নামের আগে তারা 'রাজা'ই লিখতেন, 'লুচ্চা' নয়।   

'হায়! সেই বাবুও নাই, সেই রক্ষিতাও নাই!' যদি কেউ বলে তবে সে মিথ্যা বলছে। 'মধ্যযুগীয় সমস্যা বলে কিছু নাই, মধ্যযুগীয় সমাধান আছে বটে।' শ দুয়েক বছর আগে লেখা আলালের ঘরের দুলাল উপন্যাসে যে সমাজ প্রতিফলিত হয়েছে, সেটা কি আদৌ বদলেছে? 'যার শিল যার নোড়া, তারই ভাঙি দাঁতের গোড়া', 'আঙ্গুল ফুলে কলাগাছ', 'জোর যার মুলুক তার', 'অর্থই অনর্থের মূল', 'বকধার্মিক', 'অতি লোভে তাঁতি নষ্ট', 'চোরে চোরে মাসতুতো ভাই' ইত্যাদি যুগান্তরের প্রবাদ যদি বাতিল না হয়ে গিয়ে থাকে, তবে অন্তর্লীন স্তরে সমাজের মূল কাঠামো খুব একটা বদলায়নি। সব যদি ভিতরে ভিতরে আগের মতোই থাকে, তবে একা সাংবাদিকের উপরই বা সাহসী ও দায়িত্ববান হবার দায় বর্তাবে কেন? কেন চরিত্রহীন ক্ষমতাবানকে 'লুচ্চা' বলে খামাখা তারা বিপদে পড়তে যাবে? 

'পাখিটার বুকে যেন তীর মেরো না।' করোনা-আকালে স্কুল-কলেজ সব বন্ধ। সব পাখি যখন নীড়ে ফিরে গেছে, তখন একা, তরুণী একটি মুনিয়া কোন সাহসে ঢাকার জঙ্গলে উড়ছিল? এটা ঠিক যে মোবাইল ফোনের এ যুগে ঢাকায় অবস্থানরত শিকারীদের পক্ষে কুমিল্লার পাখি পাকড়াও করা অসম্ভব নয়। কিন্তু কোন উদ্দেশ্যে মাসে লক্ষ টাকা দিয়ে গুলশানে মুনিয়ার জন্যে সোনার খাঁচা নিজের নামে ভাড়া করেছিল মুনিয়ার নিকট আত্মীয়েরা? শিকারিরা ধোয়া তুলসিপাতা অবশ্যই নয়, কিন্তু শিকারির পাতা মরণফাঁদকেই মুনিয়ার মৃত্যুর একমাত্র কারণ ভেবে নেওয়াটা শিশুতোষ হবে। একাধিক পক্ষের জন্যে বেচারা মুনিয়া হয়তো ছিল সোনার ডিমপাড়া এক তরুণী রাজহংসী, পেটকাটার পরেই যে নীতিগল্পের নায়িকা হয়ে উঠেছিল। কাউকে বিপদে ফেলার জন্যেও মুনিয়াকে ব্যবহার করা হয়ে থাকতে পারে। 

আরেক পাখিশিকারি, যিনি ঝর্ণার আশেপাশে শিকার করতেন, তিনি এখন কারাগারে। সামাজিক গণমাধ্যমে এই দুই লুচ্চা বাবুর তুলনা করা হচ্ছে। আগের দিন হলে এ শিকারিদের উপজীব্য করে কালীঘাটের পট আঁকা হতো। এক যাত্রায় কেন পৃথক ফল হবে? লক্ষ্য করার বিষয় হচ্ছে, প্রথমত, ফেইসবুকাররা মামুর উপর ততটা ক্ষিপ্ত ছিল না, যতটা ক্ষিপ্ত হয়েছে তারা আনুর উপর। দ্বিতীয়ত, একই অপরাধে তারা কিন্তু শানুর উপর ক্ষিপ্ত হয়নি। তৃতীয়ত, ঝর্ণা ততটা সহানুভূতি পায়নি যতটা পেয়েছে মুনিয়া। আনু-শানুর ধন ও ক্ষমতা এবং মুনিয়ার অপমৃত্যুই এর একমাত্র কারণ নিশ্চয়ই নয়।  

একই ধরনের অপরাধে একজন কারাভোগ করবে এবং অন্যজন কেন বহাল তবিয়তে থাকবে বা মতান্তরে বিদেশ চলে যাবে- এ প্রশ্নগুলো জনমনে বা সামাজিক গণমাধ্যমে উঠছে। প্রশ্নগুলোর উত্তর দেওয়ার দায় সাংবাদিকের নয়, সরকার কিংবা রাষ্ট্রের। সমস্যা হচ্ছে, হাজার হিসেব করে সরকারকে একেকটি সিদ্ধান্ত বা পদক্ষেপ নিতে হয়, যার কোনওটা কোনওটা আপনার চোখে ভুল হতে পারে, কিন্তু আপনি ক্ষমতায় থাকলেও কি সব সিদ্ধান্ত সঠিক নিতে পারতেন? গত পঞ্চাশ বছরে আমরা দেখেছি, সরকারগুলো নিজের সুবিধা অনুসারেই সিদ্ধান্ত নিয়েছে সব সময়। ক্ষমতার লড়াই একটা দাবাখেলা। 'সতরঞ্জ কী খিলাড়ি' যত চিন্তাভাবনা করেই দান দিক না কেন, প্রতিটি দান সঠিক নাও হতে পারে, হিতে বিপরীত হতে পারে কখনও- এ ভয়ও সরকারের আছে বৈকি। শিকারি এমডি একা নয়, তার পিছনে আছে যে একটি প্রতিষ্ঠান, লাখ খানেক শ্রমিক-কর্মচারী, তাদের কথা, প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত বিচিত্র ও বহুসংখ্যক কুশীলবদের কথাও হিসেবে নিতে হয় সরকারকে। স্রেফ ন্যায়-অন্যায়ের কথা মাথায় রেখে হুট করে কোনও সরকারই সিদ্ধান্ত নেয় না, নেওয়া যায় না। সাম-দান-দণ্ড-ভেদ, চাণক্য কথিত এ চারটি সিদ্ধান্তক্রম যে কোনো সরকারকে কমবেশি অনুসরণ করতেই হয়।  

লেখার উপর যাদের জীবন ও জীবিকার নিরাপত্তা নির্ভর করে, সেই সাংবাদিক-লেখকেরা ইচ্ছা হলো বলেই আমজনতার মতো প্রতিবাদ করতে পারেন না। অনেক ক্ষেত্রেই পেটের দায়ে সাংবাদিকদের তাই লিখতে হয়, যা তাদের লিখতে বলা হয়। হুকুমের গোলাম। হুকুম পালন করতে গিয়ে, যা লেখার ইচ্ছা, যা লেখা উচিত, তা লিখতে না পেরে গোলামের কি মনোকষ্ট হয় না? গোলামের কলমের কালিটাই আপনার চোখে পড়ে, তার চোখের জল আপনার দৃষ্টি এড়িয়ে যায়। সাহেব-বিবি-গোলাম। বিনাপ্রতিবাদে বাবু ও বিবিদের অন্যায় মেনে নিতে হয় যাদের, সেই আমরাও সবাই কমবেশি গোলাম বৈকি। আপনি নিজেও কি সামাজিক গণমাধ্যমে যা খুশি লিখতে পারেন? সাংবাদিকদের দোষ দিই বটে, কিন্তু আমরা নিজেরাও কি একেকজন বিপ্লবী ক্ষুদিরাম বা চেগুয়েভারা? ক্ষমতার 'ক্ষুদি আরাম' আনছে আমাদের অনেকেরই জীবনে যা বিচিত্র অন্যায়ের 'সে গুয়ে ভরা'।

বাংলাদেশে সাংবাদিকদের জীবন ও পেশা কি আদৌ নিরাপদ? একটি সাধারণ রিপোর্ট করার অপরাধে গুম, খুন, কারারুদ্ধ হবার খবর পাই আমরা হরহামেশা। শিশির ভট্টাচার্য্য রাজনৈতিক কার্টুন আঁকছেন না আজ কত বছর? মওসুমী, শৌখিন লেখক, যা খুশি লিখে আপনি ফেইসবুকের চায়ের কাপে ঝড় তুলতে পারেন, কিছুক্ষণ পর বিপদ বুঝলে 'থুক্কু' বলে মুছেও দিতে পারেন, কিন্তু একজন সাংবাদিককে হাজার বিপদের কথা ভেবে একটা লাইন লিখতে হয়। সাংবাদিকদের 'তেলবাজ', 'পা-চাটা' বলে আত্মতৃপ্তি আপনি পেতেই পারেন, আছাড় খেয়ে ব্যথা পাওয়া বাচ্চা যেমন রাগ কমাতে মাটিতে লাথি মারে, কিন্তু আমার প্রশ্ন:  প্রথমত, বাংলাদেশের কোন পেশায় তেলবাজি, পা-চাটন নেই? এবং দ্বিতীয়ত, 'নগরে আগুন লাগিলে দেবালয় কি এড়ায়?'  

দৃশ্য-শ্রাব্য-মুদ্রিত মিডিয়ার বিকল্প সামাজিক মিডিয়া আপনার হাতের নাগালে এসে গেছে বেশ কিছু দিন হয়। অন্যায়ের প্রতিবাদ না করতে পারার যত দোষ নন্দঘোষ ছাপোষা সাংবাদিকের উপর না চাপিয়ে নিজেই সাধ্যমতো ঝড় তুলুন না কেন বারোয়ারি চায়ের কাপ ফেইসবুকে? 'তুমিই লিখো না কেন একটি কবিতা!' নাদান সমালোচকের উপর বিরক্ত হয়ে বলেছিলেন জীবনানন্দ। 

সাংবাদিকরা সমাজেরই অংশ। সমাজ পরিবর্তন সাংবাদিকের দায়িত্বের মধ্যে পড়ে না। এটা জনগণের, বুদ্ধিজীবীদের দায়িত্ব। সমাজ যেভাবে ভাবে, সাংবাদিক সেভাবেই ভাবতে বাধ্য হয়। চুঙার কাজ আগুনে ফুঁ দেওয়া, কুত্তার বাঁকানো লেজ সোজা করা চুঙার দায়িত্বের মধ্যে পড়ে না। কুত্তার লেজ বারো বছর চুঙায় রাখলেও সোজা হয় না বলে শুনেছি। তাছাড়া আগুনই যেখানে নিভে গেছে, সেখানে ফু দিলে ছাই উড়ে মুখটাই শুধু নোংরা হবে, কাজের কাজ কিছু হবে না।

সম্পাদকের নোট:
বিষয়বস্তু ও গদ্যরীতির কারণেই এ লেখায় 'রক্ষিতা' শব্দটির কোনও বিকল্প ব্যবহার করা গেল না। এ কারণে সিঙ্গেল কোট ব্যবহার করা হয়েছে।