২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের নির্বাচনী হাওয়া

এম আর ফারজানা

Published : 24 Sep 2020, 10:35 PM

Updated : 01 Jul 2022, 05:34 PM

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে নির্বাচন। চলছে ভোটের হিসাব-নিকাশ। কে জয়ী হবে ? সিএনএন, নিউ ইয়র্ক টাইমস, ফক্স নিউজ জরিপে উঠে এসেছে পাল্লা ডেমোক্রেটিক দলের দিকেই ভারী। তবে  দুইদল জোরালো প্রচারণা চালিয়ে যাচ্ছে। ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন তার স্বভাবসুলভ আচরণের মাধ্যমেই প্রচারণা চালিয়ে যাচ্ছে, অন্যদিকে ট্রাম্প অনেকটাই মারমুখী। প্রতিদিন এমন কিছু বক্তব্য দিচ্ছেন যা আলোচনা–সমালোচনা চলছেই। অনেকে বিরক্ত হচ্ছেন তার এসব কর্মকাণ্ডে আবার অনেকে বাহবা দিচ্ছেন। তাদের এসব কর্মকাণ্ডের উপর ভিত্তি করেই জরিপ চালিয়ে যাচ্ছে বিভিন্ন সংগঠন ও মিডিয়া।

কিন্তু এ জরিপের উপর বিশ্বাস রাখতে পারছে না জনগণ। কারণ গত নির্বাচনে জরিপে হিলারি ক্লিনটন এগিয়ে থাকলে পরবর্তীতে এসে হেরে যায়। যদিও হিলারি ক্লিনটন পপুলার ভোট প্রায় ৩০ লাখ বেশি পেয়েছিল ট্রাম্পের থেকে। কিন্তু ইলেকটোরাল কলেজ ভোটে এসে হেরে যায়। ফলে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়। আমেরিকার নির্বাচনী প্রক্রিয়াটা একটু ভিন্ন। এখানে পপুলার ভোট এবং ইলেকটোরাল ভোট। পপুলার ভোট বলতে বোঝায়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের নাগরিকেরা সরাসরি যে ভোট দিয়ে থাকেন। তাদের ভোটের মাধ্যমে একটি অঙ্গরাজ্যে যে প্রার্থী সর্বাধিক ভোট পাবে সেই জয়ী হবে আবার, প্রত্যেকটি অঙ্গরাজ্যে রয়েছে জনসংখ্যার অনুপাতে ইলেকটোরাল কলেজ ভোট।

যুক্তরাষ্ট্রে ৫৩৮ ইলেকটর আছেন। এটা স্টেটভিত্তিক জন সংখ্যার উপর নির্ভর করে। যেমন ক্যালিফোর্নিয়া ৫৫ ইলেকটোরাল ভোট, আবার পেন্সিলভেনিয়া ২১। এরকম প্রতি স্টেটেই ইলে কলেজ ভোট আছে। প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে প্রার্থীকে ২৭০টি বা তারও বেশি ইলেকটোরাল ভোট পেতে হবে। তবেই তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবেন। তাই গত নির্বাচনে হিলারি পপুলার ভোট বেশি পেয়েও প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেনি।

এদিকে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি রুথ বেডার গিন্সবার্গ পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন। ডেমোক্রেট আদর্শে বিশ্বাসী গিন্সবার্গকে ১৯৯৩ সালে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন নিয়োগ দিয়েছিলেন। সুপ্রিম কোর্টে নিয়োগ পাওয়া দ্বিতীয় নারী বিচারপতি ছিলেন তিনি। অসাধারণ মেধাবী, ন্যায় বিচারক হিসেবে পরিচিত রুথ ছিলেন উদারপন্থি। রুথ গর্ভপাতের অধিকার, অভিবাসীদের ভোটের অধিকার, স্বাস্থ্যসেবা সহ সামাজিক ইস্যুতে ভোট প্রদান করে আদালতের উদারপন্থি সদস্য হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। সুপ্রিম কোর্টে পাঁচজন রক্ষণশীল বিচারপতির বিপরীতে চারজন উদারপন্থি ছিলেন। তার মৃত্যুতে এখন উদারপন্থি বিচারপতির সংখ্যা তিনজনে দাঁড়িয়েছে। রুথের এ মৃত্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পের ভাগ্যের চাকা দ্রুতই ঘুরতে শুরু করেছে। উদারপন্থি রুথের স্থলে একজন রক্ষণশীল বিচারপতিকে নিয়োগ দিতে পারেন রিপাবলিকান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। অনেকে মনে করছেন নির্বাচনের আগেই তিনি নিয়োগ দিতে পারেন এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। কারণ ট্রাম্প চাইবেন রক্ষণশীল বিচারপতি নিয়োগ দিয়ে রক্ষণশীলদের সংখ্যাগরিষ্ঠতা বাড়াতে। এতে ট্রাম্পের সুবিধা অনেক।

আর নির্বাচনে ডেমোক্রেটের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হলেও কোন আইন পাশ করলে সুপ্রিমকোর্ট আটকে দিতে পারে। যেহেতু সুপ্রিমকোর্টের নয়জন বিচারপতির মধ্যে পাঁচজন রিপাবলিকান, এখন রুথের মৃত্যুতে যদি আবার রিপাবলিকান ধারার কেউ আসে তাহলে ছয়জন হবে। এতে করে কঠিন হয়ে যাবে জো বাইডেনের ক্ষেত্রে পথ চলা। ফলে রুথের মৃত্যুর পর ভোটাররা আবার নতুন করে হিসেব-নিকাশ শুরু করছেন।

তবে এবারের আমেরিকার নির্বাচনে যে বিষয়টা প্রভাব ফেলবে তাহলো করোনাভাইরাস। অর্থাৎ অন্য নির্বাচনের সময় এই বিষয় ছিল না। এই কারোনাভাইরাসের কারণে প্রায় দুই লাখ মানুষ প্রাণ হারিয়েছে। এটার প্রভাব থাকবেই নির্বাচনে। তাছাড়া এখনো কোনও ভ্যাক্সিন বাজারে আসেনি। এই ভ্যাক্সিন নিয়েও ট্রাম্প রাজনিতি করবে বলে ভাবছেন অনেকে। ট্রাম্প প্রশাসন  বলছেন নির্বাচনের আগেই ভ্যাক্সিন বাজারে নিয়ে আসতে। কিন্তু এটাতো এমন কোন বিষয় না যে চাইলে ইচ্ছামত যখন খুশি ক্ষমতা ব্যবহার করে আনা যাবে। ভ্যাক্সিনের ট্রায়াল লাগে, তারপর অপেক্ষা করতে হয়। এর সাথে মানুষের জীবন-মরণ জড়িত। যুক্তরাষ্ট্রের শীর্ষ টিকা উৎপাদক, মর্ডানা ও ফিজার। তাদের উৎপাদিত টিকা কার্যকরী কিনা তার জন্য  ট্রায়াল প্রয়োজন। যদিও তারা শুরু করেছে জুলাইয়ে। কিন্তু সময় তো দরকার! কারণ ইমিউনিটি তৈরি হচ্ছে কিনা তা দেখার জন্য ধাপে ধাপে দেখতে হয়। তাই নভেম্বরে বা নির্বাচনের আগে ভ্যাক্সিন বাজারে আসবে- এমন কোনও সুযোগ নাই। অনেকে মনে করছেন এটা ট্রাম্পের একটা রাজনৈতিক চাল ছাড়া আর কিছু না। এদিকে করোনাভাইরাসের কারণে বেকারের সংখ্যা প্রায় কোটিতে পৌঁছেছে।

অনেকে কাজ হারিয়ে নি:স্ব। সেক্ষেত্রে ট্রাম্প প্রশাসন চেষ্টা করছে তা কাটিয়ে ওঠার। এই অর্থনৈতিক বিপর্যয় নির্বাচনে প্রভাব ফেলবে বলে ধারণা। এছাড়া সুইং ভোট নিয়েও ভাবনা আছে। মূলত এই সুইং ভোটাররা নির্বাচনে প্রভাব ফেলে। কারণ আগে থেকেই বলা যায় না এরা কোন দিকে যাবে। অনেকে ভোটের ঠিক আগের দিন মতামত পাল্টে ফেলে।

প্রতি বছর নতুন নতুন ভোটার হচ্ছে, এই তরুণ প্রজন্ম ভোটের দিক প্রভাব ফেলে। এবার আরো একটি বিষয় আছে বর্ণ বৈষম্য। সরাসরি প্রভাব না ফেললে ও খুব সূক্ষ্ণ ও অলিখিতভাবে ভোটের হিসাব-নিকাশ পাল্টে দেয়।

বিশেষ করে এ বছর জর্জ ফ্লয়েডের ঘটনা তোলপাড় করে যা মানুষের মনে দাগ কেটে যায়। ডেমোক্রেট থেকে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলাকে কিভাবে নেবে মানুষ তাও এক দেখার বিষয়। যদিও অনেকে মনে করে, আমেরিকানরা শেষ পর্যন্ত ওই রিপাবলিকান আর ডেমোক্রেট দেখেই ভোট দিবে। তাছাড়া কমলার ভারতীয় বংশোদ্ভুত হওয়ার ব্যাপারটা ঘোলা পানিতে মাছ শিকারের একটা প্রচেষ্টা হলেও- তরুণ প্রজন্মের কাছে পাত্তা পাবে বলে মনে হয় না। অনেক তরুণ ভোটারের আবার নির্বাচনে কোনও আগ্রহ নাই।

অভিবাসনের উপর ছুরি চালিয়েছে ট্রাম্প প্রশাসন। আগের তুলনায় ফি বেড়েছে। ইমিগ্রেশনের অনেক কাজ বন্ধ রাখা হয়েছে ট্রাম্পের নির্দেশে। এক্ষেত্রে পরিবারের কেউ ভোটার থাকলে তা ট্রাম্পের বিপক্ষেই যাওয়ার কথা। কারণ অনেক ভুক্তভোগী আছেন যারা দীর্ঘদিন আটকে আছেন এই ইমিগ্রেশনের জালে। তারা রীতিমত বিরক্ত কাজ বন্ধ থাকার কারণে। এবারের নির্বাচন তাই অন্য নির্বাচন থেকে একটু ভিন্ন। তাছাড়া অনেক মনে করছে বাইডেন বয়সের কারণে পাশ করলেও পরবর্তীতে আসবেন না।

সেক্ষেত্রে কমলাই সামনে থাকবেন। অনেকের আবার ডেমোক্রেট পছন্দ হলেও কমলাকে পছন্দ নয়। সবদিক থেকে ভাবলে এবারের নির্বাচনে কে জয়ী হবে বলা মুশকিল। কারণ গত নির্বাচনে জরিপে হিলারি ক্লিনটন এগিয়ে ছিল ট্রাম্প থেকে। কিন্তু নির্বাচনের ফলাফল যখন আসতে শুরু করে দেখা যায় তার বিপরীত চিত্র। তাই জরিপে এ পর্যন্ত বাইডেন এগিয়ে থাকলেও ভরসা পাচ্ছে না সমর্থকরা।

এদিকে ডাকযোগে যেসব ভোট নেবে প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন সেখানে জালিয়াতি হতে পারে। যদিও এমন কোনও নজির নাই। ট্রাম্প একেবার এমন কথা বলেন যা হাস্যরস সৃষ্টি করে। আসলে তিনি মিডিয়াতে আলোচনায় থাকতে চান। বাইডেন তার স্বভাবসুলভ বক্তব্য দিয়ে জনগণের মন জোগানোর চেষ্টা করছেন। আসলে এবারের ভোটে পপুলার ভোট কেমন পড়বে তার চেয়ে বড় কথা ইলেক্টোরাল ভোটে কে জিতবে।  যার ইলেক্টোরাল ভোটের পাল্লা ভারি হবে সেই হবে আমেরিকার প্রেসিডেন্ট।