সভ্যতার সূচনা-মানবতা শুরু যেখান থেকে
মার্গারেট মিড একজন আমেরিকান নৃতত্ত্ববিদ বা অ্যানথ্রোপোলজিস্ট। চেহারা দেখে তাকে এই জাজমেন্টাল যুগে কারও অবশ্য তেমন ভালো লাগার কথা না। তার চেয়ে বরং তার প্রজ্ঞার একটা গল্প আজকে বলি।
বহু বছর আগে উনাকে জিজ্ঞেস করা হয়েছিল, সভ্যতার শুরু কিভাবে হয় বলে আপনি মনে করেন? মানে কোনও একটা জায়গায় বা সমাজে বা রাষ্ট্রে সভ্যতার প্রথম চিহ্ন কী?
মার্গারিট যেহেতু নৃতত্ত্ববিদ- মানুষের আচরণ নিয়ে গবেষণা করা, অতীতের সাথে বর্তমানের সংযোগ ঘটিয়ে পুরো মানবসভ্যতা টিকে থাকার রহস্য উদ্ঘাটন করা, এবং সেগুলো নিয়ে লেখালেখি করাই তার কাজ। তাই সভ্যতার চিহ্ন নিয়ে উনি ভালো বলতে পারবেন এটাই স্বাভাবিক।
কিন্তু উনি যে উত্তর দিয়েছিলেন তা ছিল অদ্ভুত, খুবই অদ্ভুত। উনি বলেছিলেন, "একটা দেশে, সমাজে বা গোত্রে সভ্যতার শুরু সেদিন থেকে হয়, যেদিন থেকে একটা প্রাণীর ভাঙা পা (রান বা থাই অংশ) ভালো হয়ে যেতে শুরু করে এবং পুরোপুরি ভালো হয়ে যায়। যে জায়গায় কোনো প্রাণীর ভাঙা পা ভালো হয়ে যাবে, বুঝতে হবে সেখানে সভ্যতার অভ্যুত্থান হয়েছে।"
এ উত্তরের কোনও আগা-মাথা বোঝা গেল না। যিনি প্রশ্ন করলেন, তিনি কনফিউজড হয়ে বললেন 'বিষয়টা একটু খুলে বলেন ম্যাডাম। ভাঙা পা মানে?'
উনি বললেন, "প্রাচীন কালে কী হতো? সকল প্রাণীকুল কিভাবে বেঁচে থাকতো? সেসময় তারা দলবদ্ধ হয়ে ঘোরাফেরা করলেও যার যার চিন্তা ছিল তার তার। যেমন তাদেরকে নিজ দায়িত্বে নদীর পাড়ে গিয়ে পানি পান করতে হতো , শিকারে দৌড়ে গিয়ে নিজের খাদ্য জোগাড় করতে হতো, এমনকি নিজেও শিকারির কবলে পরলে নিজেকেই দৌড়ে পালিয়ে যেতে হতো। এইটাই ছিল জীবন, এইটাই বেঁচে থাকা।"
"এখন সেই প্রাণীর যদি পা ভেঙে যায় তাহলে কী হবে? সে নদীর পারে যেতে পারবেনা, পানি পাবেনা। নিজে দৌড়িয়ে শিকার ধরতে পারবে না, এমনকি হেঁটেও কোনও খাদ্য সন্ধানে যেতে পারবে না। ফলে সে মারা যাবে। যদি এগুলো সে কোনোভাবে ম্যানেজও করে ফেলে, কোনও শিকারী প্রাণীর কবল থেকে সে পালিয়ে বাঁচতে পারবে না। কারণ এসবকিছু করার জন্য একজোড়া পা দরকার!"
"অতএব পা ভাঙা কোনও প্রাণী আসলে বেশিদিন বেঁচে থাকতে পারেনা, তার ভাঙা পা ভালো হয়ে যাবার আগেই তাকে না খেয়ে বা শিকারীর কবলে পরে মরে যেতে হয়। যখন থেকে কিংবা যেদিন থেকে কারও ভাঙা পা জোড়া লেগে যায় এবং সে বেঁচে থাকার জন্য আবার দৌড়াতে পারে, তখনই সভ্যতার সূচনা হয়।"
"কারো ভাঙা পা এমনি এমনি ভালো হয়ে যেতে পারেনা। সেজন্য যত্ন লাগে, তার পাশে কাউকে দরকার হয়- তাকে পানি এনে দেওয়ার জন্য, খাদ্য জোগাড়ের জন্য এবং তাকে শিকারির কবল থেকে রক্ষা করার জন্য। যদি কারো ভাঙা পা ভালো হয়ে যায় তাহলে বুঝতে হবে তার আশেপাশে সেই যত্ন করা বা যত্ন নেওয়া কোনও প্রাণের উৎপত্তি হয়েছে। আর এভাবেই সভ্যতার চিহ্ন আমরা খুঁজে পাই। সভ্যতা গাড়ি-বাড়ি নয়, অন্যের বিপদে পাশে থাকা, সাহায্য করার নামই সভ্যতা।"
মার্গারেটের গল্প এখানেই শেষ !
যাহোক, আপনাদের যদি কখনো মানবতা খোঁজার দরকার পরে আপনারা খুঁজেটুজে একজন মন ভাঙা মানুষকে বের করতে পারেন। মানসিকভাবে বিপর্যস্ত ছিল বা আছে তেমন কাউকে খুঁজে দেখেন। যদি তার বিপর্যস্ততা কেটে যায় তাহলে বুঝতে হবে তার আশেপাশে সত্যিকারের মানবতার জন্ম নিয়েছে, তার পাশে সত্যি সত্যি কেউ একজন আছে যে নিয়মিত তার মনের যত্ন নেয়।
শুধু ওষুধ-কাউন্সেলিং নয়- এমন মানুষের পাশে সত্যি সত্যি কাউকে থাকতে হয়। নইলে হয় না, হবেই না।
মানবতার চিহ্ন কবে পাবো সেই অপেক্ষা না করে, আমরা নিজেরাই কিন্তু প্রজেক্ট শুরু করে ফেলতে পারি। কম চেনা, অল্প চেনা এমনকি 'নান অভ মাই বিজনেস' টাইপ মানুষের পাশেও আমরা দাঁড়িয়ে যেতে পারি।
আমরা বললাম এইজন্য, কারণ আমরাই জানি ভাঙা মন নিয়ে দিশেহারা হওয়ার যন্ত্রণা, আমরা ছাড়া আর কে বুঝবে ভাঙা পা নিয়ে আসলে বেশিদূর দৌড়ানো যায়না!
তবুও তাদের বিপর্যস্ততা তো আমাদের বিপর্যয় না। কাজেই তাদের বিপর্যয়ে আমরা খুব শক্ত করে তাদের হাত ধরে ফেলতে পারি, বাকিটা দেখা যাবে।
অবশ্য হাত ধরতে গিয়ে প্রেম হয়ে যেতে পারে, সেটাও খারাপ না। ফেইসবুকে প্রোফাইল পিকচার দেখে প্রেম হওয়ার এই সস্তা যুগে, মনের ক্ষত দেখে যে প্রেম হয় সেইটা অসাধারণ হওয়ার তো কথা।
পৃথিবীর সব প্রেম শুরু হোক মন দিয়ে, মনন দিয়ে, মনের ক্ষতস্থানে মলম দিয়ে।
