ফেইসবুক কবিদের দেউলিয়া প্লাটফর্ম
কবি সৈয়দ শামসুল হক বলে গেছেন, আমাদের সময়টা হচ্ছে গৌণ লেখকের কাল। কথাটা তিনি কেন বলেছেন তার বিস্তারিত ব্যাখ্যা আমার জানা নাই। তবে কথাটা যে সময়কে ঈঙ্গিত করে বলেছেন, তা আদতে ফেইসবুকের কাল। গৌণ লেখকের কাল একটা দীর্ঘ পর্যবেক্ষণের দাবি রাখে। সে দিকটায় আমি যাব না। আমি বরং ফেসবুকে কবিতা দর্শনের দেউলিয়াত্ব নিয়ে কথা বলব।
২০১০ সালে সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ 'কবিতার ভবিষ্যৎ' শীর্ষক দুইদিনব্যাপী আন্তর্জাতিক সিম্পোজিয়ামের আয়োজন করেছিল। ওই সিম্পোজিয়ামে আমিও আমন্ত্রিত হয়েছিলাম। এই আয়োজনে সুইডেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিথযশা কিছু অধ্যাপকের পাশাপাশি উদ্যমী তরুণ শিক্ষক এবং গবেষকও যোগ দিয়েছিলেন। এই সিম্পোজিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কবিতার উপর কয়েকজন প্রাজ্ঞ পণ্ডিত এবং অধ্যাপক অংশগ্রহণ করেছিলেন। এই সিম্পোজিয়ামের যিনি মূল উদ্যোক্তা তিনি পোল্যান্ডের নাগরিক। এই বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক ডানুটা ফিয়েলস্তাদ (Danuta Fjellestad)।
আমি ডানুটাকে বললাম, আমি তো বিশ্ববিদ্যালয়ের প্রাজ্ঞ পরিমণ্ডলের বাইরের মানুষ।
তিনি উত্তরে বললেন, "কবিতা নিয়ে আপনার নিজের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ শুনতে আমরা আগ্রহী।"
বেশ! দুদিনের সিম্পোজিয়ামে কবিতা ও প্রযুক্তি, ছন্দ, উপমা, মেটাফর, উত্তর উপনিবেশবাদ আমেরিকা ইউরোপ নানা বিষয়েই আলোচনা হল। বেশ কয়েকটা স্বতন্ত্র প্রবন্ধ উপস্থাপিত হল। সিম্পোজিয়ামের দ্বিতীয় দিনে শেষ এবং মূল সংলাপটা ছিল কবিতার ভবিষ্যৎ নিয়ে।
কবিতা তো জীবন ও সময়কে ছাড়া তেমন কিছুকে তোয়াক্কা করে না। ভবিষ্যতের জীবন যেমন হবে কবিতাও সেই জীবনের দুঃখ-কষ্ট ও আনন্দ-বেদনার কথা বলবে। কবিতার ভবিষ্যৎ ছক আকারে বলে দেওয়া যাবে না। কবিতার আগাম বলা অসম্ভব। কবিতার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হবার কিছু নাই। জীবন থাকলে কবিতা থাকবে। যখন মানুষের লিখিত ভাষা ছিল না, তখনও মানুষের জীবনে কবিতা ছিল।
কবিতা লেখার সময়ও কবি নিজে নিশ্চিত থাকেন না কবিতা শেষে কোথায় গিয়ে দাঁড়াবে! শেষ লাইনটা কী হবে। লিখিত হয়ে যাবার পরেই কবিতার আদ্যোপান্ত আলোচনা করা যায়। যে কবিতা লিখিত হবে- সে কবিতা নিয়ে আলোচনা করা, ভবিষ্যদ্বাণী করা অবান্তর। আমার এই কথা শুনে আমেরিকার এক অধ্যাপক সংলাপ থেকে বের হয়ে গেলেন।
তিনি বললেন, আনিসুর রহমানের এই পর্যবেক্ষণের পরে তার আর কিছু বলার নাই।
ঘটনাক্রমে এই সংলাপের যিনি সঞ্চালক তিনি লিঙসপিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অনুবাদক এবং কবি র্লাস-হকান স্ভেনসন (Lars-Hakan Svensson)। আমার মনে হল, তিনি ছিলেন আমার বক্তব্যের প্রতি সহানুভূতিশীল। সংলাপ সফলভাবে শেষ হলেও আমার মাথায় রয়ে গেছে প্রশ্নটা, কবিতার ভবিষ্যৎ।
প্রশ্নের শুরু আজ থেকে দশ বছর আগে। ওই সিম্পোজিয়ামে ব্লিকিংগে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকা কবিতা ও প্রযুক্তির উপর একটা প্রবন্ধ উপস্থাপন করেছিলেন। তিনি মূলত কবিতার প্রকাশ, উপস্থাপন ও প্রচারে প্রযুক্তির ব্যবহার নিয়ে কথা বলছিলেন। বিশেষ করে ডিজিটাল প্রযুক্তি। আমি যে সময়ের কথা বলছি, ওই সময়ে বাংলাদেশে শতকরা এক ভাগ মানুষও ডিজিটাল প্রযুক্তি বিশেষ করে ইন্টারনেট ব্যবহারের আওতায় আসেনি। ওই শিক্ষিকার সেমিনারের পরে চা চক্রে তার সঙ্গে আলাপে তাকে বললাম, প্রযুক্তির প্রয়োজন ও উপকারিতার বিষয়টা ঠিক আছে। তবে কবিতাকে কবিতা হয়ে ওঠার জন্যে প্রযুক্তির কিছু করার নাই। কেননা কবিতা অনুভূতির প্রকাশ। কবিতা মনের কথা বলে। কবিতাকে অনুভব করতে হয়। কবিতা হয়ে গেলে, এটিকে ছাপানো, সুর দেওয়া, অনলাইনে, কাগজে, গীতি-আলেখ্য, এমন কি চিত্রনাট্যরূপে, ছায়াছবিরূপে নানাভাবে তুলে ধরা সম্ভব। কবিতা উপস্থাপনের জন্যে আসমান থেকে জমিন পর্যন্ত প্রযুক্তির ব্যবহার করা যেতেই পারে। এইখানে কবিতার সঙ্গে কবির সঙ্গে প্রযুক্তির বিরোধ নাই।
এবার আমি এই শতকে চার দেশের চারজন প্রধান কবির কথা বলব।
প্রথমজন হলেন, দক্ষিণ কোরিয়ার কবি কো উন ((Ko Un))। যিনি কোরিয়ান ভাষায় লিখেন, ইংরেজিতে একটি বাক্যও বলতে পারেন না। প্রযুক্তির ব্যবহারে মেইল যোগাযোগ ও দোভাষীর কাজটি তার স্ত্রীই তার জন্য করে থাকেন। ফেইসবুক ব্যবহার তো সুদূর পরাহত। তিনি অনেকবার সাহিত্যে নোবেল পুরস্কারের আলোচনায় উঠে আসেন।
এর পরের উদাহরণ আমাদের বাংলাদেশের প্রধান কবি শামসুর রাহমান। যিনি কম্পিউটারের ব্যবহারই করেননি। সারাজীবন হাতে লিখে গেছেন। ইমেইল আর ফেইসবুক তো অপ্রাসঙ্গিক তার জন্য।
তৃতীয় উদাহরণ হচ্ছে, সুইডিশ কবি টমাস ট্রান্সট্রয়মার। যিনি কবিতার জন্যে ২০১১ সালে নোবেল পুরস্কার পান। তারও অবস্থা অনেকটা শামসুর রাহমানের মতই। তার পক্ষে তার স্ত্রী মনিকা ট্রান্সট্রয়মার ইমেইল যোগাযোগ চালাতেন।
চতুর্থ উদাহরণ হচ্ছে, নোবেল জয়ী জার্মান কবি গুন্টার গ্রাস। তিনি ফেইসবুক ব্যবহার করতেন না। তার নাতির ফেইসবুকে বন্ধুর সংখ্যা ছিল ৬২৫। তিনি এই প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন, যার বন্ধুর সংখ্যা ৬২৫, আদতে তার কোনও বন্ধু নাই।
এবার আমাদের সময়ের কবিদের কথা বলব, যারা ছোট এবং বড়, গৌণ এবং অগ্রগণ্য অনেকে কবিতার ও জীবনের তীর্থস্থান হিসেবে ফেইসবুকে আশ্রয় খুঁজে পেয়েছেন। তা পেতেই পারেন। কারো ব্যক্তিগত চাওয়া ও পাওয়ার বিষয়ে আমার কিছু বলার নাই। পাঠক হিসেবে আমি আমার কথা প্রকাশ করার অধিকারকেও সম্মান জানাই।
আমার মাথায় মাঝে মাঝেই প্রশ্ন জাগে- আচ্ছা লালন ফকির যদি আজ বেঁচে থাকতেন, তাঁকে একটা স্মার্ট ফোন, কম্পিউটার আর ফেইসবুকে বসিয়ে দিলে, দিনরাত ইন্টারনেটে আটকে রাখলে, কেমন হত। সময় গেলে কী সাধন হত? একই প্রশ্ন রবীন্দ্রনাথকে নিয়েও। তার যে বিশাল কর্মযজ্ঞ, কেবল লেখালেখি নয়, লেখালেখি সংশ্লিষ্ট এবং লেখালেখির বাইরে কতরকম কাজ ও সৃষ্টি যে তিনি রেখে গেছেন, তা তো বলে শেষ করা যায় না। তিনিও যদি বেঁচে থাকতেন, একটা ফেসবুক ভক্তপৃষ্ঠা চালাতেন- কেমন হত? কতগুলো লাইক পেতেন? এসবই আমার কল্পনা!
এবার কল্পনা থেকে বাস্তব জগতে ফিরে আসি। শুরুতেই বলেছি, ফেসবুক জামানার কথা। এই ফেসবুকে রাষ্ট্রযন্ত্রের প্রচার প্রচারণা থেকে শুরু করে পণ্য ও ব্যক্তির গুণ, কীর্তি ও খ্যাতির প্রচারের জন্যে এক ডিজিটাল বাজার। এই বাজারে খ্যাতিমানদের মেলা বসে, খ্যাতিমান হতে ইচ্ছুকদেরও মেলা এই ফেইসবুক। এই মেলায় আছে দুনিয়ার কোটি কোটি বোকা ও বুদ্ধিমান, চতুর ও ধড়িবাজ, সাধারণ ও অসাধারণ মানুষের আনাগোনা। এখানে যে যার সাধ্য মত তার নিজের ও নিজের ভাললাগা, খারাপ লাগা বিষয় ও জিনিসের নিজ নিজ স্বার্থ ও ইচ্ছার অনুকূলে বিপণনে নেমে পড়েন। কেউ কেউ রয়ে সয়ে, কেউ কেউ কোন রাখঢাক না রেখেই। সেখানে কবিরা বাদ যাবেন কেন? কবিরাও তো এই গ্রহেরই মানুষ।
কবিরা ফেইসবুকের এই মেলায় কী করেন?
তালিকাটা এরকম- কোথায় বেড়ালেন- তার ছবি বা খতিয়ান, কী কী পড়লেন, কী লিখলেন, কারো সম্পর্কে স্মৃতিচারণ, কোনও বিষয়ে প্রতিবাদ, কোনও বিষয়ে ফরিয়াদ, অনেক সময় জনস্বার্থ সংশ্লিষ্ট কোনও বিষয়ে বিবৃতি, আবার কারও প্রতি কৃতজ্ঞতা, নিজের লেখাও ছাপেন অনেক সময়। আবার অ্যালবাম ঘেঁটে ঘেঁটে পুরনো ছবিও ফেইসবুকে ছাপান। নিজের পুরস্কার লাভের খবর লিখেন। পুরস্কার না পাবার হায়-দায় লিখেন। নিজের বইয়ের আলোচনা করের ইত্যাদি।
ভাগ্যিস ফেইসবুক ছিল এবং তা কবিদের জন্যেও অবারিত ছিল। ফেইসবুক কবির কথা ও ছবি ধরে ভক্তকূলের নানা মন্তব্য আলোচনা। যদিও তার অধিকাংশই তেলমর্দনের পর্যায়েই পড়ে। কবিও ব্যস্ত থাকেন এসব মন্তব্য, প্রশ্ন আর আলোচনায় অংশ নিয়ে। একই সঙ্গে ইনবক্স বা অন্দরের সিন্দুক তো আছেই। অন্দরের যোগাযোগ অন্দরেই থাকতে পারে কী? ব্যক্তিগত পর্যায়ে যতটুকু যেতে পারেন- কোন নর বা নারীর কোন অঙ্গে কতটুকু বিবরণ ও ছবিতে একজন কবি যতটুকু খুশি ও খায়েশ মেটাতে পারেন, ইনবক্সে সে চেষ্টাও বাদ যায় না।
এই দিনমান ফেইসবুক কর্মকাণ্ডে ফেইসবুক যেন কবির জন্য একটা জার্নাল। এই জার্নালে কবি নিজেই সম্পাদক, প্রতিবেদক, আলোকচিত্রী। এরকম ডাহা সাংবাদিকতা। অথচ সাংবাদিকতাকে কবিতার জাতশত্রু হিসেবে অভিহিত করেছিলেন শামসুর রাহমান। যিনি নিজেও সারাজীবন সাংবাদিক ছিলেন। এর পেছনে তার ব্যাখ্যা ছিল প্রতিদিন যদি একজন কবি পত্রিকার খবর আর সম্পাদকীয় লেখায় ব্যাতিব্যস্ত থাকে, এরপরে কবিতা লেখার জন্যে যে সতেজ উদ্যম দরকার, দিন শেষে তা আর থাকে না। অধিকন্ত পরের দিন খবরের সঙ্গে নিজের নামটি দেখে কবির কি ফূর্তি! তারপর নানাজনের প্রতিক্রিয়া সারাদিন কবিকে ওই খবরের সঙ্গেই আটকে রাখে। যা কবি ও কবিতার বড় ক্ষতি করে। তবে খবর সম্পাদনা বা ডেস্কের কাজে থাকলে এরকম ক্ষতি থেকে রক্ষা পাওয়া যেতে পারে।
আমরা দেখি- একজন কবি গৌণ হোক বড় হোক; আমি কবি নামধারী অকবিদের হিসেবের মধ্যে রাখছিনা। যে সময়, যে মনোযোগ, যে মগ্নতায় একজন কবি ফেইসবুকে লেগে থাকেন এই লেগে থাকায় তার যে ফেইসবুক রচনা বা আবর্জনা আমরা পাচ্ছি- তার আড়ালে মার খাচ্ছে আমাদের সাহিত্য, প্রবন্ধ, ভ্রমণকাহিনী, সমালোচনা সাহিত্য এমন কি কবিতাও ক্ষেত্র বিশেষে মার খাচ্ছে। হারিয়ে যাচ্ছে লেখকের লেখা দিনলিপি। এমনতর গ্যাঁড়াকলে আমাদের কাল।
কবি বা লেখক এতটা প্রচার কাঙাল কেন হবেন? একজন লেখক তার লেখার প্রাপ্য মনোযোগ চাইবেন এটা স্বাভাবিক। কিন্তু ফেইসবুকে আত্মপ্রচারের যে প্রবণতা, ঘরের খবর পরের কাছে জানাবার যে ব্যাকুলতা, তা লেখালেখির কোন্ বিবেচ্য মানদণ্ডে পড়ে? আমার জানা নাই।
আমার মনে পড়ে কয়েক দশক আগে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত একটি বিজ্ঞাপনের কথা। বিজ্ঞাপনে স্বামী বেচারার বাজারে গিয়ে শাড়ি কেনার কথা মনে থাকে না। তার বুদ্ধিমতী বউ একদিন কাগজে লিখলেন, আজ শাড়ি কেনার কথা ভুলবেনা কিন্তু। তারপর কাগজটা স্বামী বেচারার পিঠে চুপচাপ লাগিয়ে দিলেন। স্বামীজী হাটে যাবার পর হাটুরে লোকজন একের পর এক তাকে থামিয়ে বলছেন, এই যে ভাইজান আপনি কিন্তু শাড়ি কেনার কথা ভুলবেন না। এরপর তিনি অবাক হয়ে বলেন, ঘরের কথা পরে জানলো কেমনে? আরেক হাটুরে তার পিঠে লেখা কাগজ দেখিয়ে বলেন, এই যে এমনে।
কবিতার কথায় ফিরে আসি। সময়টা বিজ্ঞাপনের দখলে। ফেইসবুকের কল্যাণে নিলামে উঠার অবারিত সুযোগ। একদিকে কাটতি জিনিস যেমন দেদারছে প্রচার পায় অবাধে। অন্যদিকে অকাটতি জিনিস নিলামে তোলার কী এক ব্যবস্থা! এই ব্যবস্থা থেকে কবিরাও বাদ যাবেন কেন? অবারিত এই ব্যবস্থায় কবি ও ভাঁড় সমানে সমান। দুনিয়ার কবিরা নিলামে উঠে যান। এই কারবারে পুঁজির দরকার নাই। কেবল চাই জীবনের মুঠো মুঠো সময়-দিনের পর দিন, ঘণ্টার পর ঘণ্টা।
অবস্থাদৃষ্টে বলে রাখি, আদতে ফেইসবুক কবিদের দেউলিয়া প্লাটফর্ম। অবাক হলেন?
