২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বটবৃক্ষ আসলে বটবৃক্ষই!

এনামুল করিম নির্ঝর

Published : 29 Apr 2020, 08:25 PM

Updated : 01 Jul 2022, 05:36 PM

আশির দশকে মধ্যবিত্ত পরিবারের সস্তান ঢাকায় এসে তখন বটবৃক্ষ খুঁজি। বুয়েটের ছাত্র হিসেবে জেআরসি স্যারের নামটা শুনি গল্পে গল্পে। স্থপতি এবং প্রকৌশলীদের সহাবস্থান এবং পারষ্পারিক বোঝাপড়া নিয়ে তর্ক-বিতর্কে মেধাবী মানুষের অহংকার ও আচরণ প্রসঙ্গে আসে জামিলুর রেজা চৌধুরী স্যারের কথা উদাহরণ হিসেবে। সর্বদা হাসিমুখে অসামান্য সৌজন্যবোধের শিক্ষক তিনি। কোন শিক্ষার্থী একবার পরিচিত হলে তার নাম এবং প্রয়োজনী্য় সব তথ্য অনায়াসে মনে রাখেন তিনি। তাকে বলা হয় জীবন্ত আর্কাইভ। সে সময় বুয়েটে তার সম্পর্কে একটা কথা খুব চালু ছিল। উচ্চশিক্ষার্থে বিদেশে লেখাপড়া গেলে তিনি তার শিক্ষকদের কাছে রেফারেন্স হয়ে যান। তারা বুয়েট কর্তৃপক্ষকে বলতো, সেন্ড মোর জেআরসি।

পরবর্তীতে এক নাটক মঞ্চায়ন সূত্রে স্যারকে কাছ থেকে দেখার সুযোগ হয়। যে নাটকে অভিনয় করে স্যারের ভাগ্নী স্থাপত্যের ছাত্রী জেরিন। সেই নাটকের উদ্যোক্তা হিসেবে কয়েক বছর পর একসময় স্যারের সাথে পরিচিত হই তাদের এলিফেন্ট রোডের বাড়িতে। ব্যস সেই সুত্রেই স্যারের সাথে যখনই দেখা হয়েছে কোথাও আন্তরিকতার সামান্যতম হেরফের হয়নি কখনো।

একবার 'টল বিল্ডিংস অব বাংলাদেশ' শিরোনামে এক মহা সেমিনারের আয়োজন হয় ঢাকায় । আমি তখনো স্থাপত্যের ছাত্র। কিন্তু পেট চালানোর জন্য ফটোগ্রাফি আর মুদ্রণের কাজ করি ধুন্ধুমার। ডাক পড়ে আমার, সময় একদম কম , কিন্তু তার মধ্যেই ঢাকা শহরের তখনকার নয় তলার উপর যত বিল্ডিং আছে সবগুলোর ছবি তুলে, সেগুলোর তথ্যসহ সংকলন তৈরি করতে হবে। আমি আতংকে , কিন্তু জেআরসি স্যার তার সেই পরিচিত হাসিমুখে দিব্যি বলে দিলেন উপায়, পন্থা, তথ্য, ব্যবস্থাপনা ইত্যাদি সব। সেই সুবাদে ঈদের ছুটির ঢাকা শহর, বহুতল ভবন পরিস্থিতি। স্থপতি, প্রকৌশলী, উদ্যোক্তার মানসিকতা এবং বিবেচনাবোধ বিষয়ে একধরনের পাঠপর্ব হয়ে যায় আমার। একজন এতবড় মাপের মানুষ সবকিছু মনে রেখে খুব সূক্ষ্ণ সূক্ষ্ণ বিষয় গুছিয়ে যেভাবে গাইড করেছিলেন তাতে তথ্যবহুল জটিল কাজ নির্ভুলভাবে করার সাহস শুধু নয়, প্রভাব এখনো রয়ে গেছে। এরপর যখনই কোথাও দেখা হয়েছে আমি সালাম জানাতেই, স্যারের প্রশ্ন কী কাজ করছি । আহা নামের ছবি করলাম, দেখা হতেই স্যার বিশ্লেষণ, উৎসাহ দিয়ে বললেন অনেককিছু।

তিনি আমার সরাসরি শিক্ষক নন । তার সাথে যে আমার অনেক অনেক যোগাযোগ বা কাজের স্মৃতি তাও নয়। কিন্তু মনে হচ্ছে আরো অনেক কিছু লিখি। খুঁজে খুঁজে বের করি আরো কোন স্মৃতি আছে কিনা।একধরনের অপরাধবোধও কাজ করছে এই ভেবে, যে গত কয়েকবছর কেন নিয়মিত যোগাযোগ রাখিনি তার সাথে। কেন তাকে নিয়ে একটা তথ্যচিত্র বানাবার উদ্যোগ নিতে পারিনি। আমার যেটুকু শ্রদ্ধা, কেন জীবিতকালে তা প্রকাশ করতে পারলামনা পুরোপুরি ! জানিনা রাজু ভাই আমাকে কেন লিখতে বললেন? এই গৃহবন্দি সময়ে  সকালে মৃত্যুসংবাদ শুনে আব্বার কথা মনে হলো, তিনিও শিক্ষক ছিলেন। মফস্বল শহরে ছাত্র-শিক্ষক সম্পর্কের মধুরতম অধ্যায়গুলো অভিজ্ঞতা করেছি বালক বয়সেই । ঢাকা শহরের ধুসর স্পর্শকাতরতায় ভুলেই বসেছি এসব অনুভুতি! সামাজিক মাধ্যমে লোক দেখানো শ্রদ্ধাবোধ, হাহাকারের আকার তো খুব অল্পসময়ের । এমন এক দুর্ভাগা দেশে জন্মেছিলেন এই বিশেষ  মেধাবী মানব, তার আদর্শ, দর্শন, জীবনচর্চা, অবদান কে কিভাবে নিয়ে যাবে পরবর্তী প্রজন্মের কাছে? শুধু তার কৃতিত্ব নয়। ভাবনা এবং প্রয়োজনে যথার্থ প্রয়োগ, যা দেশ-জাতির জন্য জরুরী। সবসময় তৈরি তার জন্য- এই মানসিকতার প্রচার বা অনুসরণ দেখবে কী করে পরের প্রজন্ম?

সেটাই যে একটা জরুরী কাজ সেটাই বা কে, কারা বুঝবে? আপনার, আমার সাথে স্মৃতি আছে বললাম মৃত্যু- সংবাদ শুনে। আত্মা'র শান্তি চাইলাম। এগুলো খুব স্বাভাবিক বিষয়। সবচেয়ে প্রয়োজন তার চিন্তা চর্চার বিস্তার এবং প্রভাব । জাতীয় পর্যায়ের নানা ক্ষেত্রে তিনি যেভাবে সততা ও নিষ্ঠার সাথে গুরুত্বপুর্ণ ভূমিকা রেখে গেছেন তার প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধাবোধ রেখে, সেই প্রভাবটাকে টিকিয়ে রাখা। এদেশে এমন অভিভাবক ক'জন আছেন যিনি নি:স্বার্থভাবে নিজ উদ্যেগে হাসিমুখে কাছে ডাকবেন। যাকে দেখলে এই শুভ্র সত্যটাই জ্বলজ্বল করবে, মেধা যতই থাকুক তার সাথে জরুরী প্রয়োজন, মমতা, স্বচ্ছতা, সরলতা, সহজ বিশ্বাস । অন্তত আমার এই সামান্য জীবনে এমন মেধাবী ডাউন টু আর্থ মানুষ একটাও দেখিনি। তাঁকে শ্রদ্ধা করে বুয়েটের ছাত্র-ছাত্রীরা যদি এই গুণটা সত্যি সত্যিই অনুসরণ করে, দেশ ধন্য হবে! বটবৃক্ষ আসলে বটবৃক্ষই!