২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডায় লুটেরা বিরোধী আন্দোলন ও প্রবাসীদের দায়

মঞ্জুরে খোদা মঞ্জুরে খোদা

Published : 27 Jan 2020, 10:04 PM

Updated : 01 Jul 2022, 05:37 PM

সম্প্রতি বাংলাদেশে প্রায় সকল পত্রিকায় ঋণখেলাপীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়েছে। যে কারণে বিশেষ কোন পত্রিকার নাম এখানে উল্লেখ করছি না। সংবাদের বিষয় ছিল, কতিপয় অসাধু ব্যক্তি ব্যাংক থেকে টাকা মেরে কানাডায় পালিয়েছে। সেখানে নিরাপদ জীবন-যাপন ও ব্যবস্যা-বাণিজ্য করছে। এই সব ব্যাংক চোর-লুটেরাদের নাম-পরিচয়-অবস্থান, অতীত কর্মকাণ্ডসহ বিস্তারিত সংবাদে এসেছে। এ সংবাদ প্রবাসীরা হতাশ ও ক্ষুব্ধ করেছে। প্রকাশিত সে সংবাদের লিংক-তথ্য ফেইসবুকে শেয়ার করার মাধ্যমে আমরা আমাদের মতামত-ক্রিয়া-প্রতিক্রিয়া ব্যক্ত করতে থাকি। সেখান থেকেই এই অন্যায়ের প্রকাশ্যে প্রতিবাদের চিন্তা-পরিকল্পনা আাসে।

এ সময়ে কানাডায় বসবাসরত সচেতনা নাগরিকরা একে অন্যের সাথে কথা বলেন। নিজেদের মধ্যে যোগাযোগ করেন এগুলো নিয়ে কিছু করা যায় কি না সে বিষয়ে। এরমধ্যে ১৮ জানুয়ারি তাৎক্ষণিক মানববন্ধনের কর্মসূচী ঘোষণা আসে। যদিও সেদিনের সে কর্মসূচী পালিত হয়নি। একই সময়ে কিছু উদ্যমী তরুণ ১৯ জানুয়ারি মানববন্ধনের কর্মসূচী ঘোষণা করে। সে কর্মসূচিতে অংশ নিতে পরিবার নিয়ে সেখানে উপস্থিত হই। যথা সময়ে আমরা রাস্তার পাশে মানববন্ধনে দাঁড়িয়ে যাই। মানববন্ধন শুরু হতেই স্বতস্ফূর্তভাবে এদিক-সেদিক থেকে এসে প্রবাসী বাংলাদেশিরা মানববন্ধনে অংশ নেন ও সংহতি প্রকাশ করেন। সেদিন ছিল প্রচণ্ড ঠাণ্ডা, তাপমাত্রা ছিল হিমাংকের অনেক নিচে, তা সত্ত্বেও বরফের উপর দাঁড়িয়ে প্রবাসী নারী-পুরুষ-শিশুরা প্রতিবাদে অংশ নিয়েছিল। যে সংবাদ দেশ-বিদেশের মিডিয়া ও সামাজিক মাধ্যমে এসেছে।

এ সব কর্মসূচীর আগেই একটি ফেইসবুক পেজের মাধ্যমে ২৪ জানুয়ারি প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়। টরন্টোর সাংস্কৃতিক অঙ্গনের কর্মী-সংগঠক, অনলাইন, লেখক, সাংবাদিকসহ সর্বস্তরের সাধারণ প্রবাসী নাগরিকরা এই সাংস্কৃতিক প্রতিবাদ সমাবেশে অংশ নেন। এটা টরন্টোবাসীর প্রধান ও সার্বজনীন কর্মসূচিতে পরিণত হয় এবং প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আলোড়ন সৃষ্টি করে। ২৪ জানুয়ারি প্রতিবাদী গান-কবিতা ও আলোচনা সভা আন্দোলনকে ভিন্নমাত্রা দিয়েছে। আন্দোলনের প্রশ্নে অংশগ্রহণকারীদের মধ্যে লক্ষ্য করা গেছে প্রচণ্ড তেজি ও দৃঢ় মনোভাব। সেখান থেকে প্রতিবাদকারীরা ঘোষণা দেন দেশ থেকে সম্পদ পাচারকারী লুটেরাদের বিরুদ্ধে তাদের এ চলমান সংগ্রাম অব্যাহত থাকবে। এ আন্দোলনে কানাডার মূলধারা সংবাদপত্র, আইনপ্রণেতা ও নীতিনির্ধারকদের সম্পৃক্ত করার পরিকল্পনা ঘোষণা করা হয়।

"বাংলাদেশ উজাড় করে বিভিন্ন ব্যাংকের টাকা আত্মসাতের মাধ্যমে অর্থ পাচার হচ্ছে কানাডায়। এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে এভাবে লুটপাটের টাকা এনে কানাডায় গড়ে তুলছে কথিত বেগম পাড়া। নগদ টাকায় মিলিয়ন ডলারের বাড়ি কিনে শুরু করছে ব্যবসা। এমন কি কমিউনিটির মধ্যেও প্রভাব বিস্তার করে হয়ে উঠছে কমিউনিটির পৃষ্ঠপোষক। মাত্র দেড় লাখ কানাডীয় ডলার অর্থাৎ এক কোটি ১০ লাখ টাকা জমা দিলেই কানাডা নাগরিকত্ব পাওয়া যায়। অর্থ পাচারকারীরা এই সুযোগ নিয়েই কানাডায় পাড়ি জমাচ্ছেন। ফলে শান্তিপূর্ণ কানাডা হয়ে উঠছে খুনি, সন্ত্রাসী, দুর্নীতিবাজদের অভয়ারণ্য।" (ইত্তেফাক ১৭ জানুয়ারি ২০২০)

বাংলাদেশের জনগণের কষ্টার্জিত অর্থ-সম্পদ দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে, এমন সংবাদে বারবার কানাডার নাম উঠে আসছে। তারা বলছে, কানাডা হচ্ছে এই সব লুটেরাদের অভয়ারণ্য, নিরাপদ আশ্রয়। পত্রিকায় কানাডার বেগম পাড়ার রগরগে নানা কাহিনী প্রকাশ হচ্ছে। যে আলোচনা প্রবাসীদের জন্য মোটেই সম্মানজনক ও মর্যাদার নয়। কঠিন পরিশ্রম করে প্রবাসীরা যে সুনাম অর্জন করেছেন এ সকল লুটেরা, সম্পদ পাচারকারী, খুনিরা তাকে কলঙ্কিত করছে!

লক্ষ্য করেছি, এই দেশে কিছু মানুষ বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের-প্রতিষ্ঠানের লুটের টাকায় বিলাস বহুল জীবন যাপন করছে। দামী গাড়ি-বাড়ি, ব্যবসা-বাণিজ্যের মালিক বনে গেছেন। শান্তিপূর্ণ বাঙালি কমিউনিটির মাতব্বর, বিভিন্ন অনুষ্ঠান-আয়োজনের স্পন্সর সেজে বসে আছেন। টাকার গরমে তাদের ভাষারও পরিবর্তন হয়েছে। তারা বলে বেড়ায়, কী করলেন এতদিন বিদেশে থেকে? এই দেখুন আমাকে…! ব্যাংক থেকে টাকা নিলে ফেরত দিতে হয় না…। এখানকার সিস্টেমও আমি-আমরা পাল্টে দেব!

এরকম দম্ভোক্তির পরও কি নিরব থাকা যায়?  কানাডা প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘ নিরবতাই তাদের অবস্থা এমন নিয়ন্ত্রণহীন করেছে।

এমতাবস্থায় প্রবাসীরা শংকিত আগামী প্রজন্ম এখানে নিরাপদ কি না? আমাদের দায়িত্ব তাদের জন্য একটি মর্যাদাকর অবস্থান তৈরি করা। যে নিরাপদ জীবনের জন্য আমাদের শৈশব, কৈশোর, তারুণ্য, যৌবনকে মাটি চাপা দিয়ে এদেশে এসেছি তার কি কোন সান্তনা থাকবে?

এখনই এদের প্রতিরোধ করা না গেলে, আরেকটি বিশেষণের তিলক আমাদের কপালে যুক্ত হবে। বন্যা, দুর্যোগ, দারিদ্রের সাথে চোর-ডাকাত, পাঁচারকারীদের দেশ। আমার স্বজন-সতীর্থরা প্রশ্ন করবে, এ কেমন তোমার সভ্য দেশ- যে দেশ চোর, খুনি, লুটেরাদের আশ্রয় দেয়? এ কেমন নৈতিকতাবোধ তোমাদের সরকারের যেখানে অবৈধ সম্পদ পাচার করায় কোন প্রশ্ন করা হয় না!? তখন কোথায় মুখ লুকাবেন? এ অবস্থা নিশ্চয়ই আমাদেরকে হেয় ও ছোট করবে। কানাডাকে নিয়ে লজ্জিত হতে হবে। দেশ-বিদেশের মানুষের কাছে মুখ দেখাতে পারব না।

ব্রিটিশ আমাদের দেশের সম্পদ লুট করেছিল, পাচার করেছিল। পাকিস্তান আমাদের সম্পদ লুট করেছিল, পাচার করেছিল- তাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি। লাখ লাখ মানুষ জীবন দিয়েছে। তারা ছিল বিদেশী-বিজাতীয়। কিন্তু স্বজাতির এরা আরও ভয়ংকর, এরাই নব্য রাজাকার। কোন লুটেরা, টাকা চোর পারবেনা এ সংগ্রামকে দুর্বল করতে। তাদের বিরুদ্ধে ঘৃণার আগুন নেভাতে।

প্রতিবাদের কোন সীমারেখা নেই। অন্যায় বিশ্বের যে প্রান্তেই হোক তা অন্যায়। তা না হলে দেশে দেশে অন্যায়ের প্রতিবাদ হতো না। বিশ্বায়নের যুগে কোন দেশ-অঞ্চল একটি রাজনৈতিক ধারণা হলেও- অবাধ তথ্যপ্রবাহের কারণে আমাদের ভিতরে আর কোন প্রাচীর নেই। বিশ্ব নাগরিকতার ধারণায় অন্যায়ের প্রতিবাদ তাই সীমারেখাকে অতিক্রম করে। বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা ও গণহত্যার বিষয়ে বিশ্বের আরেক প্রান্তের গাম্বিয়া প্রতিবাদী হয়ে আন্তর্জাতিক আদালতে মামলা করে আর কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলে বাংলাদেশ ও রোহিঙ্গারা। গত সপ্তাহে আদালতের রায়ে মাধ্যমে তার ইতিবাচক ফলও আমরা পেয়েছি। কোনও দেশের আইনের সুযোগ নিয়ে অবৈধ কারবার করে আশ্রয় নিলে তার প্রতিবাদ সে দেশে হবে এটা স্বাভাবিক। কানাডা বহুজাতিক সংস্কৃতির একটি দেশ, এ দৃশ্য এখানে অতি সাধারণ ও নৈর্মিত্তিক। কানাডার বাঙালিদের ব্যাংক চোর-বিরোধী সংগ্রাম একটি নতুন মাত্রা দিয়েছে সত্য। এখানকার বাঙালিরা বাংলাদেশের চলমান সকল বিষয়ে সোচ্চার থাকে যেমন, নিরাপদ সড়ক, কোটা সংস্কার আন্দোলন, গণজাগরণ মঞ্চ, আলোচিত খুন-ধর্ষণ ইত্যাদি।

এই আন্দোলন বা লুটেরাদের নিয়ে কথা বলার কারণে, এই আন্দোলনের অনেক সংগঠকদের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠানো হয়েছে। কেন পাঠানো হয়েছে? এ সব চোরদের নাকি মানহানি হয়েছে! লুটেরাদের যে সব ছবি-তথ্য ফেইসবুকে পোস্ট করা হয়েছে, জনমত গঠন করা হয়েছে, তা সবই বাংলাদেশের শীর্ষস্থানীয় জাতিয় দৈনিকের তথ্য ও সংবাদের ভিত্তিতে। আমরা কেবল কপি করেছি মাত্র। আমরা কেউই মন গড়া কোন গল্প রচনা করেনি, তথ্য প্রচার করিনি। এতে যদি কোন চোরের মানহানি হয় তাহলে তাকে দেশের সংবাদপত্র-মিডিয়া ও সম্পাদকদের বিরুদ্ধেও মামলা করতে হবে, নোটিশ পাঠাতে হবে। সেটা কি করা হয়েছে? হয়নি।

যে সব সরকারী প্রতিষ্ঠানকে উদ্ধৃত করে এই সংবাদ পরিবেশন করা হয়েছে সে সব প্রতিষ্ঠানের বিরুদ্ধেও কি কোন পদক্ষেপ নেওয়া হয়েছে? তাদের বিরুদ্ধে কোন সম্মানহানির সমন জারি হয়েছে? না। এ সব প্রতিষ্ঠান যদি তাদের প্রকাশিত সংবাদকে ভুল ও মিথ্যা বলে, দুঃখ প্রকাশ করে, ক্ষমা চায়- তাহলে আমরাও কালবিলম্ব না করে দুঃখপ্রকাশ করব, ক্ষমা চাইবো। কিন্তু সেটা কখনো হবার নয়, আমরা জানি এর প্রকৃত সত্য।

এ আন্দোলন কোন প্রতিহিংসা থেকে নয়, ব্যক্তির বিরুদ্ধে নয়, এ আন্দোলন আমাদের প্রিয় মাতৃভূমির প্রতি দায়বদ্ধতা থেকে। বিশ্বের যে প্রান্তেই থাকি- দেশকে বুকে ধারণ করি। দেশের স্বার্থ বিরোধী যে কোন তৎপরতার প্রতিবাদ করা আমার নৈতিক কর্তব্য মনে করি। সে তাগিদ থেকেই আমরা এদের বিরুদ্ধে দাঁড়িয়েছি। তাদেরকে সামাজিকভাবে বর্জন করার ঘোষণা দিয়েছি। আমরা বলেছি তাদের আর কোন অনুষ্ঠানে, আয়োজনে আমন্ত্রণ জানাবেন না। তাদের নিকট থেকে কোন ধরনের আর্থিক সহযোগিতা, দান-অনুদান নেবেন না। তাদের বাণিজ্যিক প্রতিষ্ঠানের সাথে কোন ধরনের লেনদেন করবেন না। কোনও স্থানে তাদের সাথে দেখা-সাক্ষাৎ হলে তারা যেন চোরের মত মাথা নিচু করে যায়, লজ্জা পায়, উল্টো দিকে ঘুরে যায় সেই সামাজিক পরিস্থিতি সৃষ্টির করার আহ্বান জানিয়েছি। এবং আমাদের অনুরোধে প্রবাসীরা সাড়া দিতে শুরু করেছেন।

দেশের সম্পদ পাচারকারী কানাডায় আত্মগোপন করা লুটেরাদের বিরুদ্ধে চলমান আন্দোলনে না এসে যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন, বিভেদ সৃষ্টির চেষ্টা করছেন, দোদুল্যমান থাকছেন, না-কিন্তু-বা বলছেন, নানা ইস্যু-বিষয় যুক্ত করে কথা প্যাঁচাচ্ছেস, তারাও চোর-চোট্টাদের সমার্থক হিসেবে বিবেচিত হবেন। ইতিহাস তৈরীর এই মাহেন্দ্রক্ষণ থেকে তারা ছিটকে পড়বেন। যে কোনও সংগ্রামে- চিহ্নিত শত্রুর চেয়ে, অচিহ্নিত মিত্র ভয়ঙ্কর হয়ে থাকে! তাই বিভ্রান্ত না হয়ে নিজেকেই প্রশ্ন করা উচিত কোন পক্ষে যাবেন?

বাংলাদেশের কোন গার্মেন্টেসেও যদি কোন দুর্ঘটনা ঘটে, উন্নত বিশ্বের যে প্রতিষ্ঠানই তার ক্রেতা- তাকেও তার দায়িত্ব নিতে হয়, সেও তার দায় এড়াতে পারে না, এবং দায়িত্ব নেয়। তারা তাদের কমপ্লায়েন্সের বিষয়গুলো খতিয়ে দেখে। তারা ক্ষতির অংশীদার হয়, ক্ষতিপূরণ দেয়। এগুলো নিয়ে মামলা-মোকদ্দমা হয়। আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন এগুলো নিয়ে কাজ করে।

একটি সভ্য রাষ্ট্র হিসেবে কানাডার সরকার ও প্রশাসনকেও বিনিয়োগ কোটায় আসা অভিযুক্ত অভিবাসীদের বিষয়ে খতিয়ে দেখতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। এই সব চোর-ডাকাত লুটেরারা কানাডায় থাকতে পারবে কি না? সরকারের দুর্বল নীতির কারণে আমাদের মত উন্নয়নশীল দেশ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বর্তমান বিশ্বের উন্নয়ন অংশীদার ও সহযোগী হিসেবে এ দেশগুলোকে তাদের উন্নয়ন ভাবনায় এক্ষেত্রে পরিবর্তন আনতে হবে। কেবল বাংলাদেশ থেকেই লুটেরা, সম্পদ পাচারকারীরা এখানে আসে না, অন্যান্য উন্নয়নশীল দেশ থেকেও খুনি-সন্ত্রাসী-ব্যাংক লোপাটকারীরা আসে। এতে কানাডার মত উন্নত দেশগুলোর সম্পদের পরিমাণ বাড়ে কিন্তু একটি নৈতিক প্রশ্ন-বিষয় হচ্ছে সরকার ও নীতি নির্ধারকদের অবশ্যই তাদের এই সম্পদের প্রকৃত উৎস জানতে হবে। একটি সম্পদশালী উন্নত সভ্য দেশ গরীব দেশের সাধারণ মানুষের চুরির অর্থ দিয়ে নিজেদের সম্পদ বাড়াবে সেটা আমরা কোনওভাবেই চাই না।