দায়বদ্ধতা অথবা দায়হীনতার কথা
পুঁজিতান্ত্রিক অর্থনীতি আমাদেরকে ক্রমশই এক 'আমিত্ববাদিতার' দিকে ঠেলে দিয়েছে। আমরা সেই আমিত্ববাদিতা থেকে এখন আর বের হতে পারছি না। অথবা বের হতে চাইছি না। বিপুল আয়োজনে চারিদিকে যে ভোগবাদের প্রাচুর্য ছড়ানো সাধ্য কি তা উপেক্ষার! ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ এই ভোগবাদী আয়োজনের কাছে মাথা নত করছে প্রতিনিয়ত। আমরা নির্মমতার দৃশ্য ক্যামেরাবন্দি করতে গিয়ে মানবিক দায়বদ্ধতা হারিয়েছি, 'সেলফি প্রজন্ম' গড়ে তোলাসহ দ্বিধাহীন দুর্নীতি, সন্ত্রাসবাদিতা ও অবিশ্বাসের দিকেই এগিয়েছি শুধু। আমাদের উত্তরসূরির কাছে 'এ পৃথিবীকে বাসযোগ্য' করে যাওয়ার বদলে হয়ত আমরা রেখে যাব সন্ত্রাসবাদের উপাখ্যান, অসহিষ্ণুতা ও মূল্যবোধহীন এক বিরাট দীর্ঘশ্বাসময় পৃথিবী। কিন্তু এই পৃথিবীই কি আমরা চেয়েছিলাম!
চারিদিকে ঘটনারা ঘটে অবিরত। আর আমরা আরো সংকুচিত হতে থাকি নিজেদের তৈরি করা স্বার্থপরতার বৃত্তে। চোখ বন্ধ রাখা অন্ধের পৃথিবীতে আমাদের দিন-মান কাটে আগামীকালের সুদিনের অপেক্ষায়। আমরা ভাবি, কেউ হয়ত সত্যিই একদিন হাত ধরে এনে দেবে সুদিন। পরনির্ভরশীলতার চূড়ান্ত এই প্রেক্ষাপটে এর বেশি কিছু আমরা ভাবতে পারি না। আমাদের এই অস্থিরতা নিয়ত ধরা পড়ে আমাদের যাপিত জীবনে। ক্রমশ একা হতে হতে প্রযুক্তিগত সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজেদের তৈরি করা পৃথিবীতে আমরা আরো অসামাজিক ও একা হয়ে পড়ি। এই একাকিত্ব যেন একটি চক্র, যার থেকে জন্ম নেয় নৈরাশ্যবাদ আর সন্ত্রাসবাদিতার আগ্রাসী সব উপখ্যান। আমরা প্রশান্তি খুঁজি স্বার্থপরতায় ও নির্মমতায়। জাগতিক আকর্ষণ তুচ্ছ করে পরাবাস্তব পৃথিবীতে নিয়ত বিচরণ করি কি এক দুর্বোধ্য মোহে!
প্রতিদিন খবরের পাতা জুড়ে থাকে ভয়াবহতা আর নির্মমতার গল্প। এসব কিছু পড়ে ও শুনে আমরা ক্লান্ত হই, ক্লান্ত হতে হতে ক্লেদাক্ত হই। তারপর আসে হতাশা, আসে ক্রোধ। একটি ইস্যু শেষ হতে না হতেই জন্ম হয়, আরও একটি উপাখ্যান, তারপর আরও। এভাবে চলতেই থাকে রিফাত অথবা মিন্নির গল্প, তনু অথবা নুসরাত কথকতা; তৈরি হয় নয়ন বন্ডেরা, তৈরি হয় কিশোর গ্যাং। পুঁজিবাদী সভ্যতার (?) সকল উপাদান ধারণ করে আমরা এগিয়ে যাই আরো অসহিষঞ্চুতা আর নিমজ্জিত এক অন্ধকারের দিকে। মানুষ হয়ে জন্মগ্রহণ করা সহজ, কিন্তু একথা কে না জানে যে, একবার জন্মগ্রহণ করলে পুণরায় আর ফেরা যায় না মাতৃগর্ভে। এরপর মনুষ্যত্ব তৈরি করা এবং তা রক্ষার দায় সম্পূর্ণ নিজের ও সমাজের। পরিবার ও সমাজ আমাদেরকে জন্মগ্রহণ করার পর শুধু বেড়ে ওঠা শেখায় না, সাথে মূল্যবোধ তৈরি করে, ভালো-মন্দের দ্বান্দ্বিকতা ও সর্বোপরি সমাজ ও রাষ্ট্রের কাছে দায়ব্ধতাও শেখায়। এই শিক্ষাটা যে কী ভীষণ জরুরি তা এখন আমরা প্রতিমুহূর্তে টের পাচ্ছি। আমাদের দায়বদ্ধতা ও মূল্যবোধ নিয়ে আজ যে বিভ্রান্তি তৈরি হয়েছে তার দায় শুধু ব্যক্তির নয়। পরিবার, সমাজ ও সর্বোপরি রাষ্ট্রকেও তার সমান দায়ভার নিতে হবে।
আজকাল রাস্তায় বের হলে প্রায়ই দেখা যায় বিত্তশালী বাবা-মা'র সদ্য কৈশোরোত্তীর্ণ ছেলেটি ভীষণ দৃষ্টিকটূ, অশোভন এবং ভয়ঙ্কর কায়দায় সকলকে ত্রস্ত করে করে মোটরসাইকেল অথবা দামি গাড়ি চালায়। পৃথিবীতে বসবাসের অযোগ্য শহরের তৃতীয় তালিকায় থাকা দেশের বাতাসকে নিশ্বাস নেওয়ার জন্য আরো অযোগ্য করে যখন তারা সামনে দিয়ে চলে যায়, তখন মানুষ হিসেবে প্রবল এক অসহায়ত্ব ঘিরে ধরে। অথবা যখন দেখি, স্যুট-বুট পরা, ফিটফাট স্কুল-কলেজ পড়ুয়া ছেলেটি অবলীলায় বাবার বয়সী রিক্সাওয়ালাকে বলছে, 'অ্যাই ধানমণ্ডি যাবি?'- তখন মনে হয় এই অবাধ্যতার দায় একা ছেলেটির নয়, তার পরিবার আর সমাজও সমান দোষে দোষী। কারণ সন্তান যখন চাহিবা অথবা না চহিবামাত্রই প্রাপ্যর অধিক দামী বস্তগত সামগ্রী আর অগাধ নিরাপত্তার নিশ্চয়তা পায় তখন তার কাছে সব মানুষই ক্ষুদ্রাতিক্ষুদ্র ও তুচ্ছতম হয়ে ওঠে। এইসব অর্থ আর ক্ষমতার উৎসের কাছে আমরা নিয়ত হেরে যাচ্ছি; আত্মসন্মানবোধের অর্থ অভিধানে ছাড়া আর কোথাও থাকছে না। আমাদের প্রতিবাদের ভাষা ক্ষীণ থেকে ক্ষীণতর হতে হতে আমরা ক্রমশ বোধহীন যন্ত্রে পরিণত হচ্ছি। এই বধিরতার সুযোগ নিয়ে সর্ব অর্থে ক্ষমতাশীল ও ধনতন্ত্রের ধারক-বাহকেরা তাদের খেয়াল খুশি মত আমাদেরকে চালিত করছে। একসময় আমরা সবকিছু মেনে নেবার অধীনস্ত দাসে পরিণত হচ্ছি। আমাদের শিক্ষা ব্যবস্থায় অহরহ চলছে গিনিপিগ টেস্ট। এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি আমাদের শিক্ষা ব্যবস্থা কী হবে? স্কুল, কলেজ ছাড়িয়ে বিশ্ববিদ্যালয় এমনকি চাকুরীর নিয়োগ পরীক্ষাও প্রশ্ন ফাঁস আমাদের ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে। দিনের ঝলমলে আলোয় ঘোষণা দিয়ে কালো টাকা সাদা করা হচ্ছে। আমলাতন্ত্র আমাদের এমন জাঁতাকলে রেখেছে যে এই জটিলতায় পিষ্ট হতে হতে আমাদের বিবেক 'ফেরি ঘাটে' এসে আটকে গিয়ে সন্তানের জন্ম-মৃত্যুর ব্যবধান ঘুচিয়ে ফেলছে। নিরাপদ ও নির্বিঘ্নে পথ চলার স্বাধীনতাটুকুও আর আমাদের থাকছে না। দ্রুতগতির ভীষণ বেপরোয়া গাড়ি এসে কখনো আমাদের হাত বিচ্ছিন্ন করছে, কখনো পা, আবার কখনো বা পুরো শরীরটাকেই। মরে যেতে যেতে আমাদের প্রতিবাদের ভাষা কারো কাছে আর পৌঁছাচ্ছে না। আমাদের সবকিছুই যেন পৌরাণিক কাহিনীর মত শুধু পত্রিকার পাতায় আটকে থাকছে। যেন কোন উপকথা, প্রজন্মের পর প্রজন্ম ধরে শুধু এই উপাখ্যানই পড়ে যাবে।
এই দায় থেকে আমরা মুক্ত হতে চাই। কিন্তু জানিনা কখন, কিভাবে সম্ভব। তবে মুক্তির অপেক্ষায় থাকা চাতক পাখির মত বসে আছি সকল বঞ্চনা আর অসহিঞ্চুতার অবসান দেখবো বলে। রাষ্ট্রতন্ত্র বিচার করুক সকল অনাচার, অবজ্ঞা আর অবহেলার। শৃংখলা ফিরুক দিনান্তের শেষে। কোন এক বৃষ্টিমুখর সকালে ধুয়ে যাক সকল সন্তাপ, শুদ্ধতা আসুক দিনযাপনে।
