২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএল : আনাড়িপনার আসর

ফখরুজ্জামান চৌধুরী

Published : 02 Mar 2012, 12:33 AM

Updated : 01 Jul 2022, 05:52 PM

শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম আসর। চুড়ান্ত পর্যায়ে এসে যে ধরণের অঘটন ঘটলো, তা শুধু অনভিপ্রেতই নয়, অকল্পনীয়ও। এতো বড় আসর আয়োজনে উদ্যোক্তারা নানা রকম সম্ভাব্য সমস্যার ব্যাপারে হোমওয়ার্কের কাজটি এখন নবিশিপনার সঙ্গে করে রেখেছেন, তা কে ভাবতে পেরেছিলো।

ক্রিকেট নিয়ে ক্রীড়াঙ্গণে বাংলাদেশের স্বপ্ন দীর্ঘ এবং সযত্ন লালিত। একযুগেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পূর্ণ সদস্য হিসেবে বিভিন্ন আয়োজনে, ক্রীড়া আসরে, আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণের ফলে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে জড়িত ব্যক্তিদের অভিজ্ঞতার ভাণ্ডার সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হছে। সর্বশেষ একদিনের বিশ্বকাপ আসরের উপমহাদেশীয় তিন দেশের অন্যতম হিসেবে বাংলাদেশের সাফল্য ও স্বীকৃতি। আন্তর্জাতিকভাবে দেশটির নাম উজ্জ্বল করেছে। সাফল্যের মুকুটে আর একটি পালকের সংযোজন হলো।
সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখা সাফল্য অর্জনের মতোই কঠিন, কথাটা সর্বজন স্বীকৃত।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন প্রথম বংলাদেশ প্রিমিয়ার লিগের আয়োজনের কথা ঘোষণা করে, তখন কারো মনে সন্দেহ হয়নি এমন আয়োজনের কোনোদিকে তারা সামান্য ব্যর্থতা দেখাবে। নানা রকম টানাপোড়েনের সম্পর্ক যদিও দেখা দিলো ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে, অন্যান্য বোর্ড কর্তৃপক্ষ ও আইসিসি-র প্রত্যক্ষ সহযোগিতা নিয়ে আসর শুরু হলো। ক্রিকেট সংশ্লিষ্ট বিদেশি ব্যক্তিত্বের এক মহাসম্মিলন ঘটলো ঢাকা চট্টগ্রামে।

ক্ষণিক-ক্রিকেট নামে পরিচিত টি-২০ ক্রিকেটের ধুমধাড়াক্কা আসরে ভারত ছাড়া অন্য দেশের হাল আমল ও সদ্য সাবেক বা এখনো নিয়মিত না হলেও অনিয়মিতভাবে জাতীয় দলে ডাক পাওয়া খেলোয়াড়ের অংশগ্রহণের ফলে আসর প্রত্যাশিত জনপ্রিয়তা অর্জন করেছে, এমন কথা নির্দ্বিধায় বলা যায়।

যারা ক্রিকেটে শুদ্ধ রূপে বিশ্বাসী, তারা কখনো এই জাতীয় কিক্রেটকে অনুমোদন করেন না।

১৯৭১ সালের ৫ জানুয়ারি অস্ট্রেলিয়ার মিডিয়া-টাইকুন, প্রভাব বিস্তারের উদগ্র ইচ্ছায় প্রতিনিয়ত অস্থিরচিত্ত, চ্যানেল-৯ এর মালিক ক্যারি বিলসোর প্যাকারের অস্ট্রেলিয়ার ক্রিকেট এস্টারলিস্ট সেন্টের সঙ্গে দ্বন্দে লিপ্ত হয়ে বিশ্বের নামীদামী ক্রিকেটারদেরকে নিয়ে ওয়ার্ল্ড সিরিজ ক্রিকেটের প্রবর্তন এমনিতে আজ ইতিহাসের অধ্যায়। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে তিন দিন স্থায়ী এক ক্রিকেট প্রতিযোগিতা বৃষ্টির ধারাজলে ভেসে গেলে যে সীমিত ওভারের ক্রিকেট প্রতিযোগিতা তাৎক্ষণিকভাবে আয়োজন করা হয় পরবর্তী কালে তাই এক-দিবসীয় ক্রিকেট ওয়ানডে ক্রিকেট ওডি আই হিসেবে স্বীকৃতি ভাবে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ও ভিআইকে অফিসিয়াল স্বীকৃতি দেয় এবং বিশ্বকাপ প্রতিযোগিতার আয়োজন শুরু করে। ইংল্যন্ডে অনুষ্ঠিত প্রথম তিনটি প্রতিযোগিতায় ষাট ওভার করে দলপ্রতি খেলা হয়েও পরবর্তীকালে প্রতিযোগিতার জন্য দল প্রতি পঞ্চাশ ওভারের বিধান করা হয়।

এরপর ক্রিকেট নতুন চমক হিসেবে এলো টি-২০ দল প্রতি বিশ ওভারের খেলা। চার ঘণ্টার কম সময়ে একটি খেলার নিষ্পত্তি। সময়-শাসিত বর্তমান বিশ্বের ক্রিকেটপ্রেমিরা অকুণ্ঠ সমর্থন নিয়ে উৎসাহ জোগালেন আয়োজকদের। আরো সংক্ষিপ্ত ভার্সন নিয়ে সিক্স-এ সাইড নামে নতুন ধরনের ক্রিকেটও চালু হলো। তবে তা এখনো প্রত্যাশিত জনপ্রিয়তা পায়নি। হংকং-এ আয়োজিত এই আসরটি এখন পর্যন্ত পায়নি প্রত্যাশিত দর্শক-উপস্থিতি।

ক্রিকেটে এখন শুধু খেলোয়াড়দের নিপুনতাই নেই আছে টাকার ছড়াছড়ি। বাজিকর জুয়ারিদের আনাগোনা প্রতিটি ক্রিকেট গ্রাউন্ডে থাকে আর এক রকমের আন্ডারগ্রাউন্ড অপতৎপড়তা।

জুয়ার দায়ে ক্রিকেট প্রথম অভিযুক্ত খেলোয়াড়টি দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক হ্যান্সি ক্রনিয়ে। চমৎকার ব্যক্তিত্বের অধিকারী, নিপুন দলনেতা এবং সর্বোপরি চৌকষ খেলোয়াড়টির খেলোযার জীবনের যবনিকাপাত হলো আকস্মিকভাবেই। শুধু খেলোয়ার জীবনই নয়, পরবর্তীকালে রহস্যাবৃত বিমান দুর্ঘটনায় অকাল মৃত্যুও তাকে ছিনিয়ে নিলো সব বিচারকাজের উর্ধে।

এরপর সন্দেহের তীরটি দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। বিশ্বের বিভিন্ন ক্রিকেট এস্টাবলিস্ট জুয়ার কালো ছায়া নিয়ে সচেতন হলো। আইসিসি গঠন করলো এ. সি. ইড. (এ্যান্টিকরাপশন ইউনিট)। প্রধান হিসেবে হালে দায়িত্ব পালন করছেন যুক্তরাজ্যের অন্যতম সিনিয়র পুলিশ কর্মকর্তা স্যার রনি ফ্ল্যানাগান। আর আই সি সি কোর্ড অফ কন্ডাক্ট কমিশন প্রধান হিসেবে দায়িত্বে আছেন মাইকেল বেলফ কিউসি।

দুর্নীতির দায়ে প্রথম দিকে হ্যান্সি ক্রনিয়ের সঙ্গে আরো অভিযুক্ত হয়েছিলেন ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহার উদ্দিীন ও পাকিস্তানের সেলিম মালিক। আরো কয়েকজনের বিরুদ্ধে সন্দেহের তীর নিক্ষিপ্ত হলেও উপযুক্ত প্রমাণের অভাবে সতর্ক করে তাদের অব্যাহতি দেয়া হয়।

আই সি সি-র এই দুর্নীতি বিরোধী কঠোর অবস্থানের ফলে দুর্নীতির কালো ছায়াটি অপসৃত হবে, এমন ধারণা যারা করেছিলেন, তাদেরকে বিরাট এক অট্টহাস্যে ভুল প্রমাণিত করলেন তিন পাকিস্তানী ক্রিকেটার দলনায়ক শালমান বাট, পেস বোলার মোহাম্মদ আসিফ এবং মোহাম্মদ আমির। স্পট ফিক্সিং-এর দায়ে বিভিন্ন মেয়াদের সাজা ভোগ করছেন দুইজন। একজন জেলের মেয়াদ শেষে ছাড়া পেলেও খেলা থেকে নিষিদ্ধই থেকে যাবেন আগামি পাঁচ বছর। ২০১০ সালে ইংলন্ড সফরের সময় লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে চতুর্থ টেস্ট চলাকালীন সময়ে এই অপকর্মের জন্য ধরা পড়লেন এই তিন ক্রিকেটার। দারুন এক নাড়া খেলো ক্রিকেট-বিশ্ব।

ক্রিকেট বিশ্বের হাল আমলের সবচেয়ে ঘৃনিত কেলেংকারির সঙ্গে জড়িয়ে আছে মিডিয়া টাইকুন হিসেবে বর্তমানে ধিকৃত রূপার্ট মারডকের নামও। বন্ধ করতে বাধ্য হওয়া তার টেবলয়েড নিউজ অফ দি ওয়ার্ল্ড-এর পক্ষে আড়ি পেতে বাজিকর মাজেদ মাযহার জুয়ার অর্থ লেনদেনের অপকর্মটি করেন। এইভাবে আন্ডার কভারে বা কোনে আড়ি পেতে খবর সংগ্রহের অনৈতিক দিক নিয়ে প্রচুর হৈ চৈ হলে থ্যাংক ইউ এ্যান্ড গুডবাই বলে টেবলয়েড বন্ধ করে দিলেন অপদস্ত মারডক।

কিন্তু এরপরও জুয়ারিদের আনাগোনা বন্ধ হয়েছে–এমনটা দাবি অতি আশাবাদী ক্রীড়াভক্তও করেন না।

ক্রিকেট আসরে আর এক নতুন সংযোজন চিয়ার লিডার নামে একদল স্বল্পবসনা তরুনীর নৃত্য প্রদর্শনের নামে দৈহিক প্রদর্শনী যা প্রথম আমদানী করা হয় সবচেয়ে ব্যয়বহুল এবং জাঁকজমকপূর্ণ আই পি এল-এর আসরে। ললিত মোদীর নেতৃত্বে আই পি এলে যখন কাড়ি কাড়ি টাকার উৎসব তখন উঠলো ঘুষ লেনদেনের অভিযোগের।

তখন ঘুষ কেলেংকারির দায়ে অভিযুক্ত হয়ে অপমানে শাসক কংগ্রেসদল থেকে পদত্যাগ করতে বাধ্য হলেন একদা কুটনীতিক, পরবর্ততীকে রাজনীতিতে আসা প্রতিমন্ত্রী শশি থারুর। তার সঙ্গে যুক্ত হলো সুনন্দা নামক এক সুন্দরী নারীর নাম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে সরে যেতে বাধ্য হলেন এর প্রধান সংগঠক ললিত মোদী।

ক্রিকেটে শুদ্ধাচারীরা এই মনি কাঞ্চনের সংযোগের ফলে শংকিত হলেন। কিন্তু শক্তি অর্থ আর প্রভাবে নিজেদেরকে অপ্রতিদ্বন্দ্বী ভাবা ভারতীয় ক্রীড়া সংগঠকরা এই সব ওজর আপত্তি আমলেই নিলেন না।

বলা হয় আই পি এল-এ ক্রিকেটের চেয়ে অক্রিকেটিয় ক্রিয়াকলাপই বেশি হয়। আর এই যে ধুমধাড়াক্কা খেলা এর ফলে খেলোয়াড়রা আসল ক্রিকেট টেস্ট ক্রিকেট থেকে ক্রমশ: দূরে সরে যাচ্ছেন। এখন তাদের খলার মোটিভেশন্যাল ফোর্স টাকা, শুধুই টাকা। টাট্কা উপহার সদ্য সমাপ্ত বিপিএল-এ পাকিস্তানী তারকা আফ্রিদি, সাঈদ আজমলদের বিদ্যুত গতিতে দুবাই থেকে উড়ে আসা, খেলায় অংশগ্রহণ এবং দলকে জেতানোর কাজটি। এই খেলেয়াড়ড়াই মাত্র একদিন আগেই দুবাইয়ে ইংল্যান্ড দলের কাছে সর্বশেষ টি-২০ ম্যাচটি হারে অবিশ্বাস্য অদক্ষতার সঙ্গে।

বিপিএল-এর শেষ দিকটায় সেমিফাইন্যাল বার্থ নির্ধারণ নিয়ে যে আনাড়িপনার পরিচয় দিলেন কর্তৃপক্ষ তার রেশ এতো সহজে কাটবে বলে হয় না। প্রতিটি টুর্নামেন্ট আয়োজন করা হয় বিভিন্ন লজ, বাইলজের আওতায়, এই টুর্নামেন্টেও
নিশ্চয়ই তা ছিলো, তা হলে মাঝরাতে বর বদলের মতো সেমিফাইন্যালের দল পরিবর্তনের ব্যাপারটির কি ব্যাখ্যা দেবেন কর্তৃপক্ষ, তা তারাই ভালো বলতে পারবেন।

সংক্ষুব্ধ পক্ষ সংগত কারণেই নানা রকমের অভিযোগ করবেন কর্তৃপক্ষের বিরুদ্ধে। পুরো আসরটি ছিলো জুয়ার আসর– এই গরুতর অভিযোগ ইতিমধ্যে উচ্চারিত হয়েছে।

জুয়ারি হিসেবে এক পাকিস্তানি নাগরিক মীরপুর ক্রিকেট ময়দানে ধরাও পড়েছেন। তার কাছে পাওয়া গেছে দুই পাকিস্তানি ক্রিকেটারের কিছু ব্যক্তিগত তথ্য। ধুয়া থাকলে আগুনের অস্তিত্ব আঁচ করা সহজ।

আই সি সি-এর এ. সি. ইউ. যদি এই সব ঘটনার ফলে নড়েচড়ে বসে, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। এমনিতেই এসিইউ এবং এর সঙ্গে সংশ্লিষ্ট বিভাগ যথেষ্ট সমালোচনার মুখোমুখি, তাদের বিরুদ্ধে অভিযোগ একপেশে নীতি অবলম্বনের; তারা নাকি শক্তের ভক্ত এবং দুর্বল পক্ষের বিরুদ্ধে অমিত শক্তিশালী এবং সর্বোপরি দুর্নীতির কালো থাবা বিস্তার রোধে অদক্ষ।

ভয় হয় এতো অর্থবিত্ত খরচ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড না নিজেকে নিয়ে এলো আই সি সি -র এন্টিকরাপশন ইউনিটের স্ক্যানারের নিচে।

সেমি ফাইন্যালিস্ট নির্ধারনে এমন আনাড়িপনার কী ব্যাখ্যা হতে পারে জানি না। তবে আমরা যে আরম্ভ করি হৈ চৈ করে, কিন্তু ভালোভাবে যে শেষ করতে প্রায়শ ব্যর্থ হই, তা আর একবার প্রমাণ হলো হযতো।

অদক্ষ অব্যবস্থাপনার এক কালো নজির হয়ে থাকবে না তো বি পি এল, ভবিষ্যতের কাছে?ফখরুজ্জামান চৌধুরী: প্রাবন্ধিক, অনুবাদক ও কথাসাহিত্যিক।