রসায়নের দশ -দিগন্ত
আমাদের দৈনন্দিন জীবনের সর্বক্ষেত্রে নানা রকম রাসায়নিক কর্মকান্ড চলে সেটা আমরা অবচেতনে টের পাই না। এই ধরুন রান্নার কথা, সকলের নাশতা বা দুপুরের খাবার না হলে কি আমার আপনার চলবে? মোটেই না। রান্না-বান্না হল এক গ্রেট কেমিকাল এক্সপেরিমেন্ট। যে রান্না করেনি সে কখনো এই এক্সপেরিমেন্টাল অভিজ্ঞতার স্বাদ পায়নি। টুথপেস্ট, খাবার, পোশাক আশাক, গাড়ির চলন, খাবার হজম-এসবই রবায়নের বিষয়বস্তু। রসায়নের এই গুরুত্ব বুঝতে পেয়ে জাতিসংঘের পক্ষ থেকে ২০১১ সালকে আন্তর্জাতিক কেমিস্ট্রি বর্ষ' ঘোষণা দেওয়া হয়েছে। এই বর্ষের ঘোষণা – 'রসায়ন: আমাদের জীবন, আমাদের ভবিষ্যৎ'। মনে প্রশ্ন আসতে পারে, আমাদের জীবন ও ভবিষ্যতের কী এমন বিষয় আছে যা রসায়নের বুনিয়াদের উপর নির্ভরশীল। এই প্রবন্ধে আমরা দেখব এমন কিছু মৌলিক প্রশ্ন আছে, এমন কিছু চ্যালেঞ্জ আছে যার ভিত্তিমূলে কাজ করছে রাসায়নিক কলাকৌশল।
এক.
রসায়নের দুনিয়ায় পয়লা নম্বর রহস্য হলো প্রাণের উৎপত্তি ব্যাখ্যা। কীভাবে এই পৃথিবীতে প্রাণের প্রথম উদ্ভব হলো সেটা এক মহারহস্য। প্রাণের একক কোষের মধ্যে যে ধুন্ধুমার রসায়ন চলছে তা আমরা সকলেই জানি। কিন্তু প্রশ্ন হলো আদি পৃথিবীর পরিবেশে 'জড়ের বিরাট অঙ্কতলে' কবে-কখন-কীভাবে প্রাণপঙ্ক অস্তিত্ব পেল। এই সমস্যাটি আদতে একটি রাসায়নিক সমস্যা এবং রসায়নবিদেরা প্রাণ সৃষ্টির একাধিক অনুকল্প দিয়েছেন। কাদা-জাতীয় খনিজের প্রভাবে সেল্ফ-রেপ্লিকেটিং পলিমার সংশ্লেষ; গভীর সমূদ্রের তলদেশে হাইড্রোথার্মাল রন্ধ্রের বিচিত্র পরিবেশে কিম্ভূত রসায়নের উপস্থিতিতে জটিল সিস্টেমের বিবর্তন, কিংবা আরএনএ জগতের সম্ভাবনা (ডিএনএ বা প্রোটিনের আবির্ভাবের আগেই আরএনএ'র আবির্ভাব যা একই সাথে এনজাইম ও রাসায়নিক প্রভাবক হিসেবে কাজ করে) যা ৪০০ কোটি বছর আগে প্রাণের স্ফূরণে সাহায্য করেছে।
জীবন মুলত যে একগাদা রাসায়নিক বিক্রিয়ার সুশৃঙ্খল সমাহার তা তো আমরা জানিই। কিন্তু চ্যালেঞ্জ হলো এই অনুকল্পগুলোর মধ্যে কোনটি বা কোনগুলি প্রাণ সৃষ্টিতে সত্যিকারের ভূমিকা রেখেছে তা খুঁজে বের করা এবং এমন সব উপায় বাতলানো যাতে টেস্টটিউবে প্রাণের উৎপত্তির রাসায়নিক বিক্রিয়াগুলি প্রত্যক্ষ করা যায়।
বিজ্ঞানীরা বেশ কিছু কৃত্রিম রাসায়নিক ব্যবস্থা তৈরি করেছেন যারা নিউক্লিক অ্যাসিডের সাহায্য ছাড়াই রেপ্লিকেট করতে সক্ষম। কিংবা পানিই যে একমাত্র জৈব দ্রাবক, তা-ই বা কে বলল? তরল অ্যামোনিয়া, ফরমামাইড (তরল মেথেন জাতীয় তৈলাক্ত দ্রাবক) কিংবা সুপারক্রিটিকাল হাইড্রোজেন (বৃহস্পতি গ্রহের কেন্দ্রে পাওয়া যায়) কি জৈব দ্রাবক হিসেবে ব্যবহৃত হতে পারে না?
প্রাসঙ্গিকভাবে আরো এসে যায় অন্যান্য প্রশ্ন – পৃথিবীর বাইরে কোথাও কি প্রাণের উদ্ভব হতে পারে না? যেমন, মঙ্গলের ভূ-অভ্যšতরে কিংবা শনির উপগ্রহ, টাইটানের পেট্রোকেমিকাল সমুদ্রে অথবা বৃহস্পতির উপগ্রহ গ্যানিমিড ও ইউরোপার তুষারাচ্ছাদিত পৃষ্ঠের নিচের শীতল লবণাক্ত সমুদ্রে? কিংবা গত প্রায় ষোল বছর ধরে ক্রমান্বয়ে আবিষ্কৃত প্রায় ৬০০টির মতো এক্সট্রাসোলার গ্রহগুলোতেই বা প্রাণ সৃষ্টির সম্ভাবনা কতোটা, অথবা কেপলার-২২বি'তে? এসবই আজকাল প্রাণসৃষ্টির রাসায়নিক ভিত্তিটাকে আরো গভীর ও তাৎপর্যময় করে তুলেছে।
দুই.
পরমাণুর সমন্বয়ে কীভাবে অণু গঠিত হয় সেটা রসায়নের এক বুনিয়াদী সমস্যা! ১৯২০-এর দশকে ওয়াল্টার হাইটলার ও ফ্রিৎস লন্ডন রাসায়নিক বন্ধনের ব্যাখায় প্রথম দিককার কোয়ান্টাম তত্ত্বের সমীকরণ প্রয়োগ করেছিলেন; অন্যদিকে দুইবার নোবেল-জয়ী মার্কিন বিজ্ঞানী লিনাস পলিং বিভিন্ন পরমাণুর ইলেকট্রনের অবির্টালসমূহের ওভারল্যাপিং থেকে রাসায়নিক বন্ধনের ব্যাখ্যা দিতে সচেষ্ট হন। অন্যদিকে রবার্ট মুলিকেন ও ফ্রাইডরিখ হুন্ড রাসায়নিক বন্ধনের ব্যাখায় বলেন যে পরমাণুর সীমার বাইরে বি¯তৃত আণবিক অর্বিটালের সাথে পররমাণবিক অর্বিটালের মিশে যাওয়া থেকে বন্ধনের উৎপত্তি হয়। প্রায় ১০০ বছর পর আজকের বিজ্ঞানীদের কাছে 'অর্বিটালতত্ত্ব' খুব প্রিয় হওয়া সত্ত্বেও সর্বক্ষেত্রে এটি জনপ্রিয় হতে পারেনি কিংবা গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে পারছে না। এর মূল কারণ হলো অণুর ব্যাখ্যায় এইসব মডেল নিতান্তই আংশিক; এরা পূর্ণ ব্যাখ্যা দেয় না কাছাকাছি ব্যাখ্যা দেয়।
বাস্তবে অণুর মধ্যে পরমাণু কেন্দ্রীনসমূহ ইলেকট্রন মেঘমালার মধ্যে অবস্থান করে। পুরো সিস্টেমটাই অত্যন্ত গতিশীল একটা অবস্থা যেখানে সর্বদা পজিটিভ-নেগেটিভ আকর্ষণ-বিকর্ষণ চলছে। অর্থাৎ স্থির-বিদ্যুতের খেলা চলছে। প্রচলিত অর্বিটালতত্ত্ব এই সঞ্চরণশীল চিত্রের একটি স্থির ছবি পরিবেশন করে মাত্র। কল্পনা করুন, আপনার চলমান জীবনের একটি পরিপূর্ণ ছবি নির্মিত হয়েছে ফটোগ্রাফারের তোলা কতগুলো স্থির ছবির সাহায্যে। আপনার কথা বলার ঢং, হাসার শব্দ, চলন-বলন কি আর স্থির চিত্রে ধরা পড়ে! ঠিক এমনটাই কাজ করে অর্বিটাল তত্ত্ব – একটা চলমান প্রক্রিয়ার তাৎক্ষণিক ও আংশিক ছবি এটি পরিবেশন করে। তাই এরা সীমিত হতে বাধ্য। তবে ইদানিং এই কাজে কমúিউটার সিমুলেশন ব্যবহার করা হচ্ছে যেখানে কোয়ান্টাম তত্ত্বের মূল নিয়মের প্রয়োগে আণবিক বন্ধনের একটা সার্বিক চিত্র দাঁড় করানোর চেষ্টা করা হয়। এর ফলে বিজ্ঞানীরা বেশ নিখুঁত একটা চিত্র পান (অবশ্য ইলেকট্রনের সংখ্যা যতক্ষণ কম থাকছে)। ইলেকট্রনের সংখ্যা কয়েক ডজন ছাড়িয়ে গেলে রাসায়নিক বিক্রিয়ার ব্যাখায় কম্পুটার সিমুলেশন আর নিখুঁত ব্যাখ্যা দিতে পারে না, কারণ তখন এতো বেশী গণনা করতে হয় যে সবচেয়ে শক্তিশালী সুপার কম্পুটারও ব্যর্থ হয়ে যায়। তাই বিজ্ঞানীদের সামনে প্রকৃত চ্যালেঞ্জ হচ্ছে কীভাবে অণুর গঠন ব্যাখ্যা করা যায় যাতে করে জটিল সিস্টেমের রাসায়নিক বিবর্তন বা কোষের অভ্যন্তরে রাসায়নিক কর্মকান্ডের সম্পূর্ণ ব্যাখ্যা পাওয়া সম্ভব।
তিন . জিনের সক্রিয়তা নিয়ন্ত্রণে রসায়ন কাজ করে বলে আমরা জানি। ভ্রুণ অবস্থায় কোন কোষ কোন টিস্যু গঠন করবে সেটা নির্ভর করে ভ্রুণকোষ বা স্টেম সেল কোন দিকে ভাগ হবে তার উপর। অর্থাৎ স্টেমসেল থেকে রক্ত বা পেশী বা স্নায়ুকলা হবে কি-না তা নির্ভর করে স্টেমসেল কোন দিকে বিভাজিত হবে তার উপর। কোন জিন বা জিনগুচ্ছ চালু বা বন্ধ থাকবে সেটা ভ্রুণকোষের ক্রোমোজোম রাসায়নিকভাবে নিয়ন্ত্রণ করে। এইভাবেই মানুষের দেহ গঠিত হয়। এই কর্মকান্ডে যেসব জিন বা জিনগুচ্ছ সাময়িকভাবে 'বন্ধ' থাকে, তাদের কিন্তু সঠিক সময়ে প্রয়োজনে 'চালু'ও করা যায়। দেখা গেছে, পরিবেশ থেকে সঠিক প্রণোদনা পেলে (অর্থাৎ সঠিক রাসায়নিকের উপস্থিতিতে) কোষ ঐসব 'বন্ধ হওয়া' জিন আবার চালু করে। অর্থাৎ 'অবস্থা বুঝে ব্যবস্থা'। বায়োকেমিস্টদের সামনে এখনকার চ্যালেঞ্জ ঐসব সঠিক রাসায়নিক প্রণোদনা খুঁজে বার করা যাতে চাইলেই কৃত্রিমভাবে জিন অ্যাকটিভিটি বাড়ানো-কমানো যায়। ক্রোমাটিন নামক ডিএনএ তন্তু এবং প্রোটিনের মিলিত এক সুন্দর কাঠামো আছে যারা জিন সক্রিয়তা নিয়ন্ত্রণ করে থাকে। আসলে কোষের অভ্যন্তরে জিনের ভাষা মূলত রাসায়নিক আর এই রসায়ন-কোডটি বুঝে-পড়ে ফেলাই এই শতাব্দীর চ্যালেঞ্জ।
চার. মানবমস্তিষ্ক এক অসাধারণ কেমিকাল কমúিউটার। মস্তিস্কের ভেতর স্রায়ুকোষ নিউরনদের নুতন সংযোগ তৈরি করা, জোরদার করা ইত্যাদি সবই রাসায়নিক প্রক্রিয়ায় কাজ করে। দুটি নিউরনের মাঝে যে সংযোগ তৈরি হয় সেই সিন্যাপ্সের জোর নির্ভর করে ঐ সিনাপ্সে নিউরো-ট্রান্সমিটারের জোরালো উপস্থিতির উপর। নিউরো-ট্রান্সমিটার হলো বিশেষ রকমের রাসায়নিক যৌগ যারা নিউরনের বৈদ্যুতিক সংকেতকে রাসায়নিক সংকেতে রূপান্তর করে পার্শ্ববর্তী নিউরনে স্থানান্তর করে। সেখানে রাসায়নিক সংকেত পুনরায় বৈদ্যুতিক সংকেতে রূপান্তরিত হয়। স্মৃতির ক্ষেত্রে দেখা যায় কোনো সিন্যাপ্সে নিউরো-ট্রান্সমিটারের সংখ্যা বৃদ্ধির সাথে কোনো বিশেষ স্মৃতির জোরদার বা দুর্বল হওয়া নির্ভর করে। নিউরো-ট্রান্সমিটারের বাড়াকমা নির্ভর করে জটিল কিছু প্রাণ-রাসায়নিক পদ্ধতির ওপর। এইসব প্রাণ-রাসায়নিক পদ্ধতিগুলোর মূলে আছে একাধিক রাসায়নিক ধাপ। এইসব ধাপগুলি কিংবা তাদের পার্শ্বপ্রতিক্রিয়াগুলি সব যে জানা-বোঝা গেছে তা নয়। তবে এইসব ধাপগুলোকে নানারকম ওষুধ-বিষুধ দিয়ে নিয়ন্ত্রণ সম্ভব। কিছু কিছু ওষুধ আছে যা স্মৃতি সহায়ক কিংবা বিশেষ হরমোন বর্ধক। স্মৃতির গভীরে প্রোথিত রসায়ন বুঝে নিতে পারলে তা ওষুধশিল্পেও বড় প্রভাব ফেলবে।
পাঁচ. ক্লাসরুমে বিজ্ঞানাগারে মৌলিক পদার্থের সে চার্ট দেখা যায়, সেই চার্টের শেষ কোথায়? অর্থাৎ মৌলিক পদার্থের সংখ্যা কি অসীম, নাকি এর কোনো শেষ আছে? ইদানিং অত্যাধুনিক ত্বরকযন্ত্রের সাহায্যে বিজ্ঞানীরা বহুসংখ্যক প্রোটন ও নিউট্রন মিলিয়ে বেশ কিছু 'সুপারহেভি' মৌল সংশ্লেষ করতে পেরেছেন ল্যাবরেটরিতে। এইসব মৌল অবশ্য খুবই ক্ষণস্থায়ী – সেকেন্ডের ভগ্নাংশের মধ্যেই এরা ভেঙ্গে যায়। এর কারণ অবশ্য পরমাণুু কেন্দ্রীনের ভেতর সক্রিয় সবল ও দুর্বল বলের প্রকৃতির মধ্যে নিহিত। প্রকৃতিতে সাধারনভাবে ৯২টির মতো মৌল দেখা যায়, বাকি সবই এরকম এক্সপেরিমেন্টাল মৌল যাদের কেবল ল্যাবরেটরিতেই দেখা যায়। সিবর্গিয়াম (১০৬) ও হেসিয়াম (১০৮) মৌলের উপস্থিতি শুধু ল্যাবেই দেখা গেছে। কিন্তু প্রশ্ন হলোঃ এরকম ভারী মৌল কি দেখা যেতেই থাকবে? তারা কি পর্যায়সারণির নিয়ম কানুন মেনে চলবে?
পরমাণুর কেন্দ্রিন যত ভারী হবে, তার কক্ষস্থ ইলেক্ট্রনগুলোকে ততো বেশি টাইট করে ধরে রাখে, ফলে কেন্দ্রীনের নিকটস্থ ইলেকট্রনসমূহ প্রায় আলোর গতিতে চলে। এর ফলে আপেক্ষিকতত্ত্বের প্রভাবে এর শক্তিস্তরগুলো এলোমেলো হয়ে যেতে পারে যা তার রসায়নে প্রভাব ফেলবে। এভাবে এক হিসাবে দেখা যায় কোনো পরমাণু কেন্দ্রীনে যদি ১৩৭টির বেশী প্রোটন থাকে তবে সেই পরমাণু আপেক্ষিক তত্ত্বীয় কারণেই ইলেকট্রন ধরে রাখতে পারবে না। অনেকেই মনে করছেন, পর্যায়সারণিতে এমন একটি জায়গা আছে বা এমন এক গুচ্ছ মৌল সম্ভব যারা সুপারহেভি হলেও স্থায়ী হবে। এই সোনার হরিণের নাম 'আইল্যান্ড সব স্ট্যাবিলিটি'। কিন্তু অনেকেই আবার মৌলের সংখ্যা সীমিত রাখার আইডিয়ার বিরোধী। তাঁরা মনে করেন, মৌলিক সংখ্যার মতোই মৌলিক পদার্থেরও কোনো শেষ নেই। কিন্তু কে ঠিক সেটা এখনই বোধহয় জানা যাচ্ছে না।
ছয়. ২০১০ সালে গ্রাফিন বিষয়ক দুই গবেষকের নোবেল-প্রাপ্তি গ্রাফিন সংক্রান্ত গবেষণা এবং প্রয়োগ সম্ভাবনার বিষয়ে নতুন করে উদ্দীপনার সৃষ্টি হয়েছে। গ্রাফিন মূলত কার্বনের একটি রূপভেদ। তাই গ্রাফিন এবং অন্যান্য কার্বন-ভিত্তিক ন্যানোপ্রযুক্তির বিকাশে রসায়নশাস্ত্রের যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে তা বলাই বাহুল্য। পাখির খাঁচার মতো দেখতে কার্বন অণু দ্বারা গঠিত ফাঁপা গোলকের মতো কার্বনের অদ্ভূত রূপভেদ বাকিবল আবিস্কৃত হয় ১৯৮৫ সালে। সেই থেকে কার্বনের জয়যাত্রা নতুন করে শুরু হলো। এর ছয়বছর পর কার্বন অণুর ষড়ভুজাকৃতির কাঠামো দিয়ে তৈরি টিউবসদৃশ কার্বন ন্যানোটিউব আবিস্কৃত হয়। ফাঁপা, ভীষণ শক্ত ও মজবুত, বিদ্যুৎ পরিবাহী এইসব ন্যানোটিউব বহুবিধ আকর্ষণীয় প্রয়োগের সম্ভাবনায় ঋদ্ধ। যেমন পানি বিশুদ্ধকরণ ছাকনি থেকে নিয়ে ক্ষুদ্র তার-সংযোগ ও বৈদ্যুতিক ডিভাইসও এইসব ন্যানোটিউব দিয়ে করা সম্ভব।
এতোসব গালভরা সম্ভাবনা সত্ত্বেও কার্বন-ভিত্তিক এইসব ন্যানোস্ট্রাকচারের বাণিজ্যিক প্রয়োগ এখনো পূর্ণমাত্রায় শুরু করা যায়নি। একটি কমúিউটারের চিপে যেধরনের জটিল ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় সেইরকম বা তার থেকেও সরলমাত্রার বৈদ্যুতিক বর্তনী ন্যানোটিউব দিয়ে বানানো আজও সম্ভব হয়নি। তবে কার্বনের দ্বিমাত্রিক বিন্যাস গ্রাফিন ইদানিং বৈদ্যুতিক সার্কিট থেকে শুরু করে আলট্রামিনিয়েচারাইজড বা অতীব ক্ষুদ্র বস্তুর নির্মাণে বিকল্প উপায় বাতলাতে পারবে বলে মনে হয়। জৈব রসায়নের টেকনিক ধার করে ষড়ভুজাকৃতির গ্রাফিনের পাতকে পলিঅ্যারোম্যাটিক অণুর সাথে জুড়ে দেওয়া সম্ভব। এভাবে পরমাণুর স্কেলে এঞ্জিনিয়ারিং সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।
সাত. পৃথিবীর উপর আপতিত সূর্যরশ্মির অতীব সূক্ষ্ম অংশ আমরা সত্যিকার অর্থে ব্যবহার করি। অর্থাৎ বিদ্যুত শক্তিতে রূপান্তর করে নিত্য কাজে ব্যবহার করতে পারি আর কি। সিলিকন-ভিত্তিক সোলার প্যানেলগুলোর দক্ষতা এতো কম (আপতিত সূর্যরশ্মি থেকে বিদ্যুতে রূপান্তরের দক্ষতা) ও খরচ এতো বেশী যে এ ব্যাপারে আমরা স্বয়ং প্রকৃতির কাছেই হার মানছি। প্রকৃতির পুরো জীবমন্ডলই সালোক-সংশ্লেষণের মাধ্যমে সূর্যালোকের ওপর নির্ভরশীল। গাছের পাতার কথাই চিন্তা করুন। সর্বত্র ছড়িয়ে থাকা সূলভ সোলার প্যানেল, অথচ দেখতে কতই না মনোরম। পাতার মতো পরিবেশ-বান্ধব সোলার সেল যদি তৈরি করা যেত! একদল বিজ্ঞানী চেষ্টা করছেন সৌরশক্তিকে ব্যবহার করে সরাসরি জ্বালানী তেল তৈরী করার। অর্থাৎ সৌরশক্তি ব্যবহার করে পানিকে ভেঙ্গে (আর্দ্রবিশ্লেষণ) হাইড্রোজেন ও অক্সিজেন তৈরি করা। সিলিকন ন্যানোওয়্যার ব্যবহার করে এমনতরো কৃত্রিম 'পাতা' তৈরির চেষ্টা চলছে।
এমআইটির এক গবেষক দেখিয়েছেন যে কোবাল্ট-ভিত্তিক আলোক অনুঘটকের সাহায্যে সিলিকন-ভিত্তিক ঝিল্লি পানিকে বিশ্লেষণ করতে সক্ষম। এভাবে এক গ্যালন পানি থেকে যে পরিমাণ হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস পাওয়া সম্ভব তা দিয়ে বাংলাদেশের যেকোনো একটি গড়পড়তা গৃহস্থের একদিনের শক্তির যোগান দেওয়া সম্ভব। কিন্তু প্রকৃতিতে গাছের পাতায় চারটি ম্যাগনেসিয়াম পরমাণু ও একটি ক্যালসিয়াম পরমাণুর সমন্বয়ে যে সুলভ ও সহজ অনুঘটকটি কাজ করে তার প্রকৃতিও আমরা এখনও বুঝি নাই কিংবা এর মতো সুলভ অনুঘটকও আমরা আজো পাইনি। প্রকৃতিতে যেভাবে বায়োলজি সুলভ অনুঘটকের সাহায্যে সালোক-সংশ্লেষণ করে থাকে কিংবা গাছের পাতার কোষকলা যেভাবে তাদের ক্ষতিগ্রস্ত টিস্যুর মেরামত করে সেটা কৃত্রিম 'পাতায়' করা যায়না। কিন্তু প্রকৃতিকে অনুকরণ করাই বিজ্ঞানীদের লক্ষ্য।
আট. সূর্যরশ্মিকে শক্তিতে রূপান্তরের পাশাপাশি আমরা জৈব জ্বালানী বা বায়োফুয়েল নিয়েও চিন্তাভাবনা করতে পারি। যেমন কর্ন-শস্য থেকে ইথানল এবং বীজ থেকে বায়োডিজেল আমরা ব্যবহার করছি। কিন্তু শস্য থেকে জ্বালানি নিষ্কাশনের অপরিহার্য সামাজিক সমস্যা হলো খাদ্য শস্যের ঘাটতি। এখন জ্বালানী তেলের যা চাহিদা সেটা পূরণ করতে হলে প্রচুর পরিমাণ উর্বরা জমি চাষ করতে হবে এবং সেটা খাদ্যশস্যের চাষ বাদ দিয়ে। বরঞ্চ আমরা বায়োমাস (কৃষিজমি, বনাঞ্চল ও অন্যত্র থেকে প্রাপ্তব্য) থেকে জ্বালানী পেতে পারি। এক্ষেত্রে জটিল জৈব-অণুকে (লিগনিন বা সেলুলোজ) ভেঙ্গে সরলতর অণুতে পরিণত করতে হয়। রসায়নশাস্ত্রীরা অবশ্য সেটা জানেন কীভাবে করতে হয়, কিন্তু তাঁদের জানা পদ্ধতিটা বেশ ঘোরালো আর মোটেই সুলভ নয়। এখানেও বিজ্ঞানীরা কিছু অনুঘটকের খোঁজ পেয়েছেন যারা বায়োমাসকে ভেঙ্গে তরল জ্বালানীতে রূপান্তর করতে সক্ষম, তবে এখনো বাণিজ্যিকভাবে উৎপাদন সেইভাবে শুরু হয়নি। সমস্যা হলো, কঠিন বায়োমাস থেকে তরল জ্বালানী উৎপাদন করতে হবে যাতে সেই তরলকে সহজেই স্থানান্তর করা যায়। কঠিন জৈববস্তুকে রাসায়নিক বিশ্লেষণের সাহায্যে ভেঙ্গে তরল জ্বালানীতে রূপান্তর, বিশেষ করে বায়োমাসের মতো অবিশুদ্ধ পদার্থকে, বিশেষ কষ্টসাধ্য প্রক্রিয়া। এই প্রক্রিয়াকে সহজ করে আনাই আগামীতে রসায়নের অন্যতম চ্যালেঞ্জ।
নয়. রসায়নের একটি প্রধান কাজই হলো নতুন অণু তৈরি করা। বহুসংখ্যক পরমাণুর সমন্বয় থেকে বিন্যাস-সমাবেশের মাধ্যমে নতুন ও কার্যকর অণুর সংশ্লেষণ কম্বিনেটরিয়াল কেমিস্ট্রির প্রধান কাজ। মনে করা হতো এভাবে অসংখ্য অণু-পরমাণুর মিশেল থেকে বেছে-কুঁটে আমরা নতুন অণু বের করে নিয়ে আসতে পারব যা নতুন ওষুধ তৈরিতে সাহায্য করবে। এসব কাজে ইদানিং ডিএনএ-ভিত্তিক বায়োইনফরম্যাটিক পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে যাতে নতুন জীবাণুদের ধ্বংস করার জন্য ক্ষমতাবান নুতন অ্যান্টিবায়োটিক সংশ্লেষ করা সম্ভব। এই সংক্রান্ত গবেষণার উপর ফার্মাসিউটিকাল ইন্ডাস্ট্রি বেশ জোর দিচ্ছে। এসব কাজে বৃহদাণু বা ম্যাক্রোমলিকুলের ভূমিকা গবেষকরা খতিয়ে দেখছেন।
দশ. মানুষের দেহযন্ত্রের সুলুকসন্ধান করাও রসায়নের একটি বুনিয়াদী কাজ। বায়োসেন্সর ব্যবহার করে দেহে গ্লুকোজের পরিমাণ নির্ণয় করা সেই ১৯৬০'র দশকেই সম্ভব হয়েছে। ইদানিং এই প্রযুক্তি আরো সুলভ, সহজ ও বহনযোগ্য হয়েছে এবং ঘরে-ঘরে ডায়াবেটিস রোগীর মুশকিল-আসান করেছে। কেমিকাল সেন্সিংয়ের সাহায্যে পানি ছাঁকনি, খাদ্যে ভেজাল নির্ণয়, দূষণ-নির্ণয়, বিষাক্ত গ্যাসের উপস্থিতি নির্ণয় ইত্যাদি সুলভে ও সহজে করা সম্ভব হচ্ছে। বায়োমেডিসিনের সাহায্যে রাসায়নিক সেন্সর তৈরি করা সম্ভব যাদের সাহায্যে রোগের আগাম খবর পাওয়া সম্ভব। যেমন ক্যান্সার জিনের কিছু উৎপাদ রোগীর রক্তে পাওয়া যায় রোগের লক্ষণ প্রকট হওয়ার অনেক আগেই। ব্লাডস্ট্রিমে এই রাসায়নিক পদার্থের উপস্থিতি সনাক্ত করে আগেভাগেই রোগের প্রগনসিস সম্ভব। জিন-প্রোফাইলিং এর সাহায্যে ব্যক্তিবিশেষের জন্য বিশেষ ওষধ সংশ্লেষণও সম্ভব হবে।
তাই রসায়ন শাস্ত্রীদের সামনে এ শতাব্দীর চ্যালেঞ্জ হলো দেহযন্ত্র এবং রোগব্যাধির এক পূর্ণাঙ্গ মনিটরিংয়ের ব্যবস্থা রাখা এবং সার্বক্ষনিক স্বাস্থ্য পরিবীক্ষণের সুবিধা রাখা।
[সায়েন্টিফিক অ্যামেরিকান, অক্টোবর ২০১১, ফিলিপ বলের লেখা অবলম্বনে।]
ফারসীম মান্নান মোহাম্মদী: বিজ্ঞান গবেষক ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।
