ডারবানে ‘ঐতিহাসিক’ মাইলফলক: এবার মূলার বদলে গাজর
সম্প্রতি সাউথ আফ্রিকার ডারবানে শেষ হল জাতিসঙ্ঘের ১৭তম জলবায়ু সম্মেলন ২০১১ (cop 17) । নভেম্বরের ২৮ তারিখে শুরু হওয়া এই জলবায়ু সম্মেলন ৯ তারিখে শেষ হওয়ার কথা থাকলেও আরো বাড়তি দুই দিন যোগ হয়ে এটি শেষ হতে সময় লেগেছে প্রায় ২ সপ্তাহ। লক্ষ্য লক্ষ্য ডলার খরচ করে গত ১৭ বছরের মধ্যে সব চাইতে দীর্ঘ এই সম্মেলন, যেখানে ১৯৪ টি দেশ অংশগ্রহণ করেছে, তার ফলাফল কী দাড়ালো তা নিয়ে আমাদের দেশের জনগনের কৌতূহল হওয়ারই কথা কিন্তু সেরকম মাত্রায় কৌতূহল বা প্রতিক্রিয়া আমাদের মধ্যে কখনোই দেখা যায়নি। দেখা না যাওয়াটা খুবই স্বাভাবিক মনে হয় আমার কাছে কারণ আমাদের দেশের জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষ এখন পর্যন্ত গত ১৭ বছর ধরে এই সম্মেলনের কারণে কিছু পায়নি। বরং বার বার দেখানো হয়েছে বাংলাদেশ কতটা ক্ষতিগ্রস্ত এবং এই ক্ষতিকে পুঁজি করেছে নানা শ্রেণীর সুবিধাভোগী দেশী বিদেশী সংস্থা। এমনকি বাংলাদেশের জন্য জলবায়ু তহবিল গঠন করে তা নিজেদের নির্বাচনে জেতার জন্য কৌশল হিসাবেও ব্যাবহার করেছে ব্রিটেন। তাই জলবায়ু সম্মেলন নিয়ে সাধারণ মানুষের মধ্যেকার নির্লিপ্ততা আমাদের সমাজে অস্বাভাবিক কোন ঘটনা নয়।
ডারবানে সম্মেলন শুরু হওয়ার প্রথম দিন থেকে অন্য অনেকের মতই আমার মধ্যেও কাজ করছিল একই ধরনের নির্লিপ্ততা । হাজার রকমের বাণিজ্যিক উদ্দেশ্য নিয়ে, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে যেই বাজারকেন্দ্রিক অর্থনৈতিক সমাধানের পিছে ছুটছেন কাতারে কাতারে মানুষ তার ফল যে ঘোড়ার ডিম হবে সেই নিয়ে কোন সন্দেহ ছিল না। আজকেও নেই। এই নির্লিপ্ততা নিয়েও লিখছি কারণ আজকেই জলবায়ু সম্মেলনে গৃহীত সিদ্ধান্তকে "ঐতিহাসিক মাইলফলক" হিসাবে আখ্যায়িত করেছেন সাউথ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রী। লিখতে চাই কেন এই 'ঐতিহাসিক' সিদ্ধান্তটি আসলে আমাদের দেশের জলবায়ু ক্ষতিগ্রস্ত মানুষের জীবনে সেই অর্থে কোন বড় পরিবর্তন আনবে না।
তার আগে বলে নেই উন্নয়নশীল দেশ হিসাবে এই সম্মেলন থেকে আমাদের জনগনের প্রত্যাশা কী? সহজ ভাষায় বললে প্রত্যশা কেবল দুইটি। প্রথমটি হল শিল্পোন্নত দেশগুলি কার্বন নিঃসরন হ্রাস করার(মিটিগেশন বা প্রশমন) মূল ভূমিকাটি পালন করবে এবং দ্বিতীয়টি হল ক্ষতিগ্রস্ত দেশ হিসাবে বাংলাদেশের মতো দেশগুলো নিজস্ব অধিকার বলে নিঃশর্তে ক্ষতিপূরণ লাভ করবে যেন তা মূলত জলবায়ু অভিযোজন বা অ্যাডাপটেশানে ব্যবহার করা যায়। এখন প্রশ্ন হতে পারে ডারবান থেকে গৃহীত সিদ্ধান্ত কোন অর্থে আমাদের প্রত্যাশা পূরণ করবে যার কারণে আমরা এই সম্মেলনকে বলতে পারি 'ঐতিহাসিক' ঘটনা?
এবারের সম্মেলনে সিদ্ধান্ত হয়েছে শিল্পোন্নত দেশগুলো কার্বন নিঃসরণ নিরাপদ মাত্রায় রাখতে এখনকার একমাত্র চুক্তি কিয়োটো প্রটোকলের আওতায় অন্তত পাঁচ বছর কার্বন নিঃসরণের মাত্রা কমিয়ে রাখবে। সম্মেলনের শুরুর দিকে কিয়োটো প্রটোকলের অঙ্গীকারের মেয়াদ ২০১২ সালে উত্তীর্ণ হওয়া নিয়ে অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে শঙ্কা ছিল। প্রশ্ন ছিল এধরনের অঙ্কীকারের ধারাবাহিকতা না থাকলে কীভাবে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি নিরাপদ মাত্রায় রাখা সম্ভব হবে। এই সম্মেলনের পরে তাই অনেকেই মনে করছেন কার্বন নিঃসরণ নিরাপদ মাত্রায় রাখতে এখনকার একমাত্র চুক্তি কিয়োটো প্রটোকলের আওতায় শিল্পোন্নত দেশগুলো যে অন্তত পাঁচ বছর কার্বন নিঃসরণের মাত্রা কমিয়ে রাখবে সেটা এই সম্মেলনের একটি সাফল্য। কিন্তু আমাদের পূর্ব অভিজ্ঞতা বলে যে অন্যতম শীর্ষ কার্বন নিঃসরণকারী দেশ যুক্তরাষ্ট্র তাতে মত দেয়নি এবং এর আগেও কিয়োটো প্রটোকলেও তারা যুক্ত হয়নি। তাছাড়া সব দেশ কোন সুনির্দিষ্টভাবে বা সুপরিকল্পিতভাবে এই অঙ্গীকার রক্ষা করেনি । কাজেই কিসের ভিত্তিতে আমরা বলতে পারি যে অদূর ভবিষ্যতে এই মেয়াদ বৃদ্ধি সত্যিকার অর্থে আমাদের জন্য কোন পরিবর্তন আনতে সক্ষম?
এবারের সম্মেলনে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ঠেকাতে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কর্মপরিকল্পনা গ্রহণের একটি রোডম্যাপ করা হয়েছে। এই রোড ম্যাপ অনুযায়ী কার্বন নিঃসরণের মাত্রা কমিয়ে আনতে বিশ্বের সব দেশের জন্য একটি আইনি বাধ্যবাধকতামূলক চুক্তিতে পৌঁছানোর আলোচনা আগামী বছর থেকে শুরু হওয়ার কথা এবং তা চূড়ান্ত হওয়ার কথা ২০১৫ সাল নাগাদ। আর এই পরিকল্পিত চুক্তির আইনি বাধ্যবাধকতা কার্যকর হওয়ার কথা ২০২০ সাল থেকে। কার্বন নি:সরণ হ্রাসের কার্যকর পদক্ষেপ গ্রহণের কাজটি ২০২০ সাল পর্যন্ত পিছিয়ে দেয়ার এই মতৈক্যকে-ই সকলে 'ঐতিহাসিক মাইলফলক' বলে অভিহিত করছে! এত নিরাশার মধ্যেও আশা করা হচ্ছে ২০২০ সাল নাগাদ কার্বন নিঃসরণ রোধে সব দেশ এগিয়ে আসবে। প্রশ্ন হচ্ছে তাই যদি হয় তাহলে কিয়োটো প্রটোকল কেন তা পারল না। কিয়োটো প্রটোকলও তো আইনি বাধ্যবাধকতামূলক বা legally binding ছিল। তাহলে কি প্রশ্ন জাগতে পারে না কীসের ভরসায় বাংলাদেশের মত জলবায়ু বিপন্ন দেশগুলি এই সম্মেলনের সিদ্ধান্তকে বড় কোণ প্রাপ্তি মনে করবে?
এরপর আসা যাক কিয়োটো প্রটোকলের একটি অংশ ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম নিয়ে কিছু কথায়। ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম হচ্ছে একটি বাজারনির্ভর পদ্ধতি যার মাধ্যমে মাত্রাতিরিক্ত কার্বন নিঃসরনকারী দেশগুলি স্বল্প কার্বন নিঃসরণকারী দেশগুলির কাছ থেকে কার্বন নিঃসরনের লাইসেন্স বা অধিকার কিনে নিতে পারে। যারা মনে করেন এই পদ্ধতিতে কার্বন নিঃসরন রোধ করা সম্ভব তারা ধারণা করেন যে আর্থিক মুনাফা অর্জন একদিক থেকে স্বল্পোন্নত দেশ গুলির জন্য প্রণোদনা হিসাবে কাজ করবে, অন্যদিক থেকে অতিরিক্ত উৎপাদন খরচ বৃদ্ধি শিল্পোন্নত দেশগুলিকে কার্বন নিঃসরণ কমাতে প্রনোদনা হিসাবে কাজ করবে। এই ধারণার ভিত্তি হচ্ছে প্রতিযোগিতামূলক বাজার টিকে থাকার প্রয়োজনেই কার্বন নিঃসরন নিরাপদ মাত্রায় রাখবে। বাস্তবে এর প্রমাণ এখনো মিলে নি। ধারণা করা হচ্ছে পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যাবহার করলেই এই মেকানিজম কাজে লাগবে। অর্থাৎ স্বল্পোন্নত দেশগুলি যদি উন্নত দেশগুলি থেকে পরিবেশ বান্ধব প্রযুক্তি আমদানি করতে পারে তাহলে এর বিনিময়ে স্বল্পোন্নত দেশগুলি বিপুল পরিমান অর্থ উপার্জন করতে পারে। এই সম্মেলনে এই প্রযুক্তি ব্যাবহারের উপর বিশেষ গুরুত্ব দিয়ে স্বল্পোন্নত দেশগুলির কার্বন নিঃসরন কমানোর দিকে জোর দেওয়া হয়েছে। অর্থাৎ সব সময়ের মত স্বল্পোন্নত দেশগুলির সামনে মূলা ঝুলানো হয়নি, ঝুলানো হয়েছে গাজর। রঙ ও স্বাদ একটু ভিন্ন কিন্তু প্রকৃতি এক-ই। প্রশ্ন হতে পারে এই ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম ব্যাবহার করে উন্নত বিশ্বের কী লাভ? উন্নত বিশ্ব যেহেতু প্রযুক্তির ধারক ও বাহক, এই প্রযুক্তি বাজারজাতকরন তো তাদের মুনাফা অর্জনেরই একটি কৌশল। আমরা যারা এই সময় নবায়নযোগ্য এনার্জি ও স্বল্প কার্বন নিঃসরণকারী প্রযুক্তি ব্যবহারে অনুপ্রাণিত হচ্ছি আমরা হয়তো পরিবেশবাদী দৃষ্টিভঙ্গি নিয়েই তা করছি কিন্তু যে তার পন্য বিক্রি করছে সে নিতান্ত পরিবেশ চিন্তা থেকে তা করছে না। তার উদ্দেশ্যে আরো এক ধাপ এগিয়ে, অর্থাৎ মুনাফা অর্জন। নিতান্ত পরিবেশবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে যদি তারা কার্বন নিঃসরন কমাতে চাইত তাহলে তারা নিজের দেশে তা না কমিয়ে কেন বাংলাদেশের মত স্বল্পোন্নত দেশগুলিতে তা করতে চাইবে? এবং করতে চাইবে তাদের নিজেদের উদ্ভাবিত প্রযুক্তি বিক্রি করেই। তাহলে কি প্রশ্ন হতে পারে না যে এই সম্মেলন কী অর্থে ঐতিহাসিক মাইলফলক স্থাপন করল?
সব শেষে বলতেই হয় গ্রীন ক্লাইমেট ফান্ড নিয়ে। গত বছর নাটকীয়ভাবে গ্রীন ক্লাইমেট ফান্ডের উৎপত্তি নিয়ে কথা ওঠে। কিন্তু কীভাবে এই ফান্ড তৈরি হবে, কীভাবে ব্যবহার হবে তা নিয়ে কোন দিক-নির্দেশনা না দিয়েই শেষ হয়ে গিয়েছিল সম্মেলন। এই বছর অন্যান্য সাফল্যের সাথে আরেকটি সাফল্য হিসাবে দেখানো হচ্ছে এই গ্রীন ক্লাইমেট ফান্ড নিয়ে কিছু অগ্রগতি, যদিও এবারও তহবিল চূড়ান্ত করে অর্থ ছাড় করার কাজ ২০১২ সালের জন্য রেখে দেয়া হয়েছে। নীচে "Green Climate Fund – Report of the Transitional Committee" draft decision থেকে কয়েকটি উল্লেখযোগ্য অংশ তুলে ধরছি।
8. Further requests the Board to balance the allocation of the Green Climate Fund resources between adaptation and mitigation activities
26. The World Bank will serve as interim trustee for the Fund, subject to a review three years after the operationalization of the Fund.
43. The facility will promote the participation of private sector actors in developing countries, in particular local actors, including small and medium-sized enterprises and local financial intermediaries. The facility will also support activities to enable private sector involvement in SIDS and LDCs.
উপরের তুলে ধরা কয়েকটি অংশ থেকে দেখা যায় যে তহবিল গঠন ঠিকই হয়েছে কিন্তু বাংলাদেশের ক্ষতিপূরণ বিষয়ক প্রত্যাশা পূরণে আকাঙ্খিত কোন দিক-নির্দেশনা এই তহবিল ব্যবহারের সিদ্ধান্তে নেই। প্রথমত বাংলাদেশকে এই তহবিল নিঃশর্তভাবে ক্ষতিপূরণ হিসাবে দেওয়া হবে না। ২৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বিশ্ব ব্যাঙ্ককে ট্রাস্টি নির্বাচনের মধ্যে দিয়ে তাদেরকে কর্তৃত্ব প্রদান করা হল। দ্বিতীয়ত বাংলাদেশের জন্য প্রশমন বা মিটিগেশন খাতে অর্থ বরাদ্দের চাইতে বেশী প্রয়োজন অভি্যোজন বা এডাপ্টেশন খাতে অর্থ বরাদ্দ। অথচ ৮ অনুচ্ছেদ অনুযায়ী তহবিলের টাকা বন্টনে অভি্যোজন ও প্রশমন খাতে ভারসাম্য রক্ষা করতে বলা হয়েছে। এতে প্রকৃত ক্ষতিগ্রস্তের কাছে সুবিধা না পৌঁছে ক্লিন ডেভেলপমেন্ট ফান্ডকে কেন্দ্র করে উদ্ভুত নব্য ব্যাবসায়ীদের কাছে সুবিধা পৌঁছানোর পথ প্রশস্ত করে দেয়া হল। এর প্রমাণ আমরা এখনই দেখতে পাই। জলন্ত প্রমাণ আমাদের দেশেই। যেখানে আইলা দুর্গত এলাকায় মানুষ জলাবদ্ধতা, মাটির অনুর্বরতা, ও অন্যান্য পরিবেশ দূষনের কারণে গ্রাম ছেড়ে পালানো শুরু করেছে, যেই দেশে এখন পর্যন্ত জলবায়ু তহবিলের অর্থ প্রকৃত ক্ষতিগ্রস্তের কাছে পৌছাতে পারেনি সেখানে ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজমের মাধ্যমে কার্বন নিঃসরন রোধে কীভাবে বেশী অর্থ খরচ হয়? এখন পর্যন্ত বাংলাদেশে অভি্যোজনের থেকে বেশী বরাদ্দ হয়েছে কার্বন নি:সরণ হ্রাস বা মিটিগেশনে, যা মূলত শিল্পোন্নত দেশগুলোর কাজ হওয়ার কথা। কেন জনগনের জরুরী প্রয়োজনের চাইতে কম প্রয়োজনীয় খাতে খরচ বেশী হয় এই প্রশ্নের উত্তর খুঁজলেই বুঝা যায় কেন এই সম্মেলন আমাদের আপামর জনগনের স্বার্থ সংরক্ষনে কোন অগ্রগতি নয়।
সাউথ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রী মিথ্যা বলেন নি। তার কথা মত 'ঐতিহাসিক' মাইলফলক স্থাপিত হয়েছে ঠিকই, কিন্তু বাংলাদেশের মত বিপন্ন দেশগুলোর স্বার্থে নয়, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিতে অবদান যাদের বেশী সেই উন্নত দেশগুলির স্বার্থে।
মোশাহিদা সুলতানা ঋতু :ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্ট-এর অর্থনীতির প্রভাষক।
