শেয়ারবাজার : কিছু সাদামাটা কথা
শেয়ারবাজার নিয়ে গত কয়েকমাসে বাংলাদেশে যা ঘটেছে তা পৃথিবীর অন্য কোনো দেশে ঘটেছে বলে নজির পাওয়া কঠিন। এই কয়েক মাসে কী ঘটেনি শেয়ারবাজারকে ঘিরে। শেয়ারের দর কমে গেলে, সূচক পড়তে শুরু করলে উত্তাল হয়ে ওঠে মতিঝিল পাড়া। মিছিল সমাবেশের সঙ্গে শেয়ারের দর উঠানামার কোন সম্পর্ক না থাকলেও আমাদের বিনিয়োগকারীরা বিক্ষোভ করেন। পুজিঁ হারানোর বেদনা থেকে তারা যে ক্ষুব্ধ এই প্রতিক্রিয়া প্রকাশ করেন তা আমরা বুঝতে পারি। যদিও বিক্ষোভ মিছিলের সঙ্গে আসলে শেয়ারবাজারের গতিপ্রকৃতির কোন ধরনেরই সম্পর্ক থাকে না, থাকা উচিত নয়। কিন্তু আশ্চর্য হলেও সত্য, মতিঝিলে বিক্ষোভের পর কিছুটা হলেও সূচক লাফ দেয়- এটা এত দিনে বাংলাদেশে প্রতিষ্ঠা পেয়ে গেছে।
বলছিলাম শেয়ারবাজার নিয়ে বাংলাদেশে যা ঘটছে তা নজিরবিহীন। বিশ্বের আর কোন দেশে শেয়ারবাজারের এতটা অধোগতিতেও সরকারের এমন নিস্পৃহতার দৃষ্টান্ত যেমন নেই, বাজার নিয়ে রাজনীতিকদের ঢালাও, যুক্তিবিহীন আবেগতাড়িত কথাবার্তাও বিশ্বের আর কোথাও দেখা যায় না। শেয়ারবাজার অত্যন্ত স্পর্শকাতর একটি জায়গা, সেটি বিবেচনায় রাখেন রাজনীতিকরাও। বাংলাদেশেই কেবল শেয়ারবাজার নিয়ে যে কেউ যে কোনো ধরনের মন্তব্য করতে পারেন।
বাংলাদেশের শেয়ারবাজারের কাঠামোগত অনেককিছুই আমার জানার বাইরে। তবে যে কোন দেশের শেয়ারবাজারেই বাজারকে সাপোর্ট দেওয়ার বিশেষ একটা ব্যবস্থা থাকে। কোনো কারনে বাজারে বিরূপ প্রতিক্রিয়া হলে কিংবা ঢালাওভাবে বাজার পড়তে শুরু করলে সেই 'সাপোর্ট ব্যবস্থা'র সক্রিয়তার কারনে বাজার খুব বেশি দূর নামার আগেই ঘুরে দাড়ায়। বাংলাদেশের শেয়ারবাজারে এই ধরনের কোনো ব্যবস্থা আছে কি না, তা আমার জানা নেই। তবে 'প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী' – এই শব্দগুলো বাংলাদেশের শেয়ারবাজার আঙ্গিনায় বেশ উচ্চারিত এবং পরিচিত । কিন্তু এই 'প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের' ভূমিকা কী, বাজারে তারা কী করছে–এ নিয়ে পর্যালোচনামূলক কোনো তথ্য কিন্তু মিডিয়ায় চোখে পড়ে না।
দিনের পর দিন দরপতনে পুঁজি হারানো বিনিয়োগকারীরা বাজার খানিকটা সোজা হলেই দলবেধে হাতের শেয়ার বিক্রি করে দেয়। তারা এটা করে কিছুটা হলেও পুজিঁ ফিরিয়ে আনার লক্ষ্যে। আর তাদের সম্মিলিত এই চাপে বাজার আবার ধাক্কা খায়। এখানেই 'বাজার সাপোর্ট' বা 'প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের' ভূমিকা। এই সময় যদি তারা শেয়ার কিনতে শুরু করেন, তাহলে বাজার কিছুটা হলেও স্থিতিশীলতা পায়। মূলত: প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরও কাজওতো হচ্ছে অস্থিতিশীল সময়ে বাজারকে সাপোর্ট দেওয়া।
শেয়ারবাজারের মন্দাবস্থা একদিনে হয়নি। কিন্তু মন্দার পেছনে আসল কারনটি খুজেঁ বের করে তার প্রতিকার করার চেয়ে এ নিয়ে 'চাপাবাজি'ই বেশি হয়েছে বলে আমার ধারনা। রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া নিয়ন্ত্রক সংস্থার নিয়ন্ত্রকরা পেশাদার মনোভাব নিয়ে বাজার পরিচালনা করতে পারেন নি কিংবা করেন নি। নানা পদবীর লোকদের অননুমোদিত তৎপরতা এবং সেই সব তৎপরতা নিয়ে রাজনীতি পাল্টা রাজনীতির ঢামাঢোলে শেয়ারবাজারের 'পাতালমুখী যাত্রা'র গতি বৃদ্ধি পেয়েছে কেবল।
ফোর্স সেলের প্রসঙ্গটা যেহেতু খোদ নিয়ন্ত্রক সংস্থাই সামনে নিয়ে এলো, তাই এসইসি এবং মিডিয়াকে একটা অনুরোধ করতে চাই। বিগত সময়ে বিশেষ করে মন্দাবাজারে আইসিবিসহ বড় বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কী পরিমান শেয়ার বিক্রি করেছে তার একটি খতিয়ান তৈরি করা হোক। এই খতিয়ানে 'ফোর্স সেলের' পরিমান আর স্বাভাবিক বিক্রির পরিমানের একটা তূলনামূলক চিত্রও থাকতে পারে। একই সঙ্গে তারা কী পরিমান শেয়ার বাজার থেকে কিনেছে তারও একটি খতিয়ান তৈরি করা যেতে পারে। মন্দাবাজারে বাজারকে সহায়তা দেওয়ার যে দায়িত্ব নানাবিধ প্রতিষ্ঠানগুলোর ছিলো তারা কে কতোটা পালন করেছে আর কারা হাত গুটিয়ে বসে থেকেছে তার একটা চিত্রও জানা দরকার। আরো একটা জিনিস জানা দরকার, উদ্যোক্তাদের যে পরিমান শেয়ার থাকার আইনি বাধ্যবাধকতা আছে, তা ঠিকঠাক মতো আছে কি না । উদ্যোক্তাদের শেয়ারের একটা হিসাব নিকাষ হলে ক্ষতি কী! তাদের শেয়ারের 'নয়- ছয়'-এর ব্যাপারে নানা কথাবার্তাতো বাজারে শোনা যায়। বেশ কিছুদিন আগে শীর্ষ ৫০ বিক্রেতার একটি তালিকা ঢাকার কোন কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিলো। তাদের কারো কারো বিরুদ্ধে এসইসি ব্যবস্থা নেওযারও পদক্ষেপ নিয়েছিলো। কিন্তু শেষ পর্যন্ত সবকিছু থেকেই এসইসি হাত গুটিয়ে নেয়।
অবশ্য ঢাকার একটি সূত্র বলেছে, 'প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী'র ধারনাটিই বাংলাদেশে বিভ্রান্তির জালে আবদ্ধ। প্রচলিত আইনকে পাশ কাটিয়ে ঢাকার বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঢালাওভাবে মার্চেন্ট ব্যাংকিংয়ের লাইসেন্স দেওয়া হযেছিলো। সেই ব্যাংকগুলো মার্চেন্ট ব্যাংকের লাইসেন্স নিয়ে নিজেদের পরিণত করেছে বড় ধরনের ব্রোকারেজ হাউজে আর বিস্তার ঘটিয়েছে সুদের ব্যবসার। ব্যক্তি বিনিয়োগকারীদের ঋণ দিয়ে যেনতেন শেয়ার কেনায় উদ্বুদ্ধ করে এরা সুদের পয়সা কামিয়েছে। এখন তারাই আবার বিনিয়োগকারীদের শেয়ার বিক্রি করে দিয়ে নিজেদের বকেয়া ঋণটুকু উশুল করে নিচ্ছে। বেচারা বিনিয়োগকারীরা পুঁজিও হারাচ্ছে কিন্তু ঋণমুক্তও হতে পারছে না। কারন শেয়ারের দাম এখন তাদের কেনাদামের অর্ধেকেরও নীচে নেমে গেছে।
এ পর্যন্ত যা বললাম, এর কোনোটাই 'রকেট সায়েন্স' বা 'বড় মাপের' কোনো কথাবার্তা নয়। এগুলো দৈনন্দিন বাজার মনিটরিংয়ের অংশ মাত্র। কিন্তু সেই মনিটরিংটা সঠিকভাবে হয়নি বলেই এই দূরাবস্থার সৃষ্টি হয়েছে। এই দূরাবস্থা থেকে পরিত্রানের প্রথম পথ হচ্ছে বাজারে ক্রেতা তৈরি করা। কোনো সংস্থা কিংবা গোষ্ঠীর হাতে তহবিল ছড়িয়ে নয়, প্রাতিষ্ঠানিক চ্যানেলেই এই ক্রেতা সৃষ্টি করতে হবে। আর ঢাকঢোল পিটিয়ে `উদ্যোক্তারা তাদের শেয়ার কিনে নেবেন' জাতীয় ঘোষনা দিয়ে নয়, বাজারের স্বাভাবিক গতিপ্রবাহে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বা সাপোর্ট ব্যবস্থার মাধ্যমে বাজারে ক্রেতার সক্রিয়তা বাড়ালেই কেবল বাজারে দ্রুত একটা স্বাভাবিক পরিমণ্ডল ফিরিয়ে আনার আশা করা যায়। আর হ্যাঁ, এই সময়ে শেয়ারবাজার নিয়ে রাজনৈতিক বক্তৃতাটা অবশ্যই বন্ধ রাখতে হবে। সেটি করতে হবে বাজারের স্বার্থেই।
একটা আশংকার কথা বলে রাখি। যে সব আর্থিক প্রতিষ্ঠান শেয়ারবাজারে বিনিয়োগের জন্য বিনিয়োগকারীদের ঋণ দিয়েছে তাদের হিসাবের খাতাটা মেলাতে হবে আগামী ৩১ ডিসেম্বর। তারা যে নিজেদের পুজিঁ থেকেই সব ঋণ দিযেছে এমনটা কিন্তু নয়। ফলে তারা নিজেরাও এখন ঋণ পরিশোধের চাপের মধ্যে আছে। ৩১ ডিসেম্বরের আগের এই ঋণগুলো পরিশোধ করা না হলে সেগুলো চিহ্নিত হবে খেলাপি ঋণ হিসেবে। আর তারা বিনিয়োগকারীদের যে ঋণ দিযেছে সেগুলো আদায় না হলে সেটাও চিহ্নিত হবে খেলাপি হিসেবে। আর বিনিয়োগকারীদের দেওয়া পুরো ঋণের টাকাটা উঠিয়ে আনার চেষ্টা হলে পরিস্থিতিটা কোনদিকে মোড় নেবে? নিয়ন্ত্রক সংস্থা, সরকার সবারই এই পরিস্থিতিটার দিকে নজর দেওয়া দরকার। নইলে ২০১২ সালের সূচনাটা যে কীভাবে হবে তা ভাবতেও আশংকা হয়।
শওগাত আলী সাগর : টরন্টোপ্রবাসী সাংবাদিক। প্রথম আলোর সাবেক বিজনেস এডিটর।
