হুমায়ূনের সুস্থতা শুধু সময়ের ব্যাপার
হুমায়ূন আহমেদ অসুস্থ। গত শুক্রবার সকালে ঘুম থেকে উঠেই বিভিন্ন দৈনিকের পাতায় পড়লাম এই খবর। একটি দৈনিকে প্রকাশিত হয়েছে তাঁর নতুন গল্প 'মাইন্ড গেম'। আমাদের জনপ্রিয়তম কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রকাশরীতি যেমন সহজ-সরল, তেমনি পাঠক-পাঠিকাগ্রাসী। শুরু করলে শেষ না করে ওঠা যায় না। আমিও পারলাম না। বলতে গেলে এক নিঃশ্বাসে পড়ে ফেললাম। পড়েই কিছুটা কাতর হলাম। তবে কি হুমায়ূনের সত্যি সত্যি ক্যান্সার হয়েছে? পত্রিকার সংবাদই তাহলে সত্য?
কিছুদিন আগে স্বাস্থ্যপরীক্ষার জন্যে সিঙ্গাপুর গিয়েছিলো হুমায়ূন। ওপেনহার্ট সার্জারির পর এটি তার রুটিন স্বাস্থ্যপরীক্ষা। তখনি নাকি ডাক্তাররা এই সন্দেহ প্রকাশ করেছেন। শুনে প্রথমে একটু ঘাবড়েই গিয়েছিলো হুমায়ূন। তারপর ফিরে এলো নিজের স্বভাবে। এই ভীতিকর সংবাদকে মোকাবেলা করার প্রধান অস্ত্র নিজের সৃষ্টিশীলতাকে উসকে দেয়া। কোনো কিছুকে গ্রাহ্য না করাই তো হুমায়ূনের স্বভাব। সমকালীন বাংলা ভাষায় অপ্রতিরোধ্য সৃষ্টিশীলতার প্রতীক হুমায়ূন তার সেই স্বকীয় স্বভাবকেই কাজে লাগালো। লিখলো 'মাইন্ড গেম' নামক এক অত্যাশ্চর্য গল্প, যা আকারে ছোটগল্পের চেয়ে ছোট আর অণুগল্পের চেয়ে বড়।
মনস্তত্ত্ব, বৈজ্ঞানিক সত্য, সৃষ্টিকল্পনা ও প্রাত্যহিক জীবনবীক্ষণের নিরিখে প্রায় অবলীলায় রচিত এই গল্পটি হুমায়ূনের সৃষ্টিক্ষমতার এক তুঙ্গীয় নিদর্শন। মা-বাবার মধ্যে শিশু কাকে বেশি ভালোবাসে এই দ্বন্দ্বাকুল মনস্তত্ত্ব নিয়ে শুরু হয়েছে গল্পটি, তারপর তাতে এসেছে মানুষের মানবিকতা ও বিমানবিকতার ব্যাখ্যাতীত সংঘর্ষের প্রসঙ্গ। সবশেষে আছে এক চিরায়ত প্রশ্ন: মানুষ কবে পশুত্বের স্তর পেরিয়ে পুরোপুরি মানুষ হয়ে উঠবে? বিড়াল যেমন কখনো কখনো আপন বাচ্চাকে হত্যা করে তার মাংস খায়, তেমনিভাবে কোনো কোনো মানবীও কেন হঠাৎ তার সন্তান হত্যায় প্রবৃত্ত হয়? অথচ মা-বাবাকে বাঁচানোর প্রশ্ন এলে তো সন্তান আপন স্বভাবেই মায়ের পক্ষ নেয়। আমার ধারণা, জীবনের এক সংকটতম মুহূর্তে হুমায়ূন মহত্ব-খচিত এমন একটি রচনা লিখলো, যা তাকে চিরকাল অমর করে রাখবে। সঙ্গে সঙ্গে হুমায়ূন আবার প্রমাণ করলো, সৃষ্টিশীলতাই এই মরজগতে নশ্বরতা-জয়ের অভ্রান্ত ব্রহ্মাস্ত্র।
আমার অহংকার, হুমায়ূন আমার বন্ধু। আমরা শুধু ১৯৬৫ সালে একই সঙ্গে এসএসসি পরীক্ষায় পাশ করিনি, বরং লেখালেখিও শুরু করেছি একই সময়ে; বিশশতকের ষাটের দশকের শেষার্ধে। আমার সম্পাদিত অধোরেখ শীর্ষক একফর্মার এক কবিতাপত্রে তার প্রথম রচনা প্রকাশিত হয়। ওটি ছিল ছন্দোবদ্ধ মিষ্টি প্রেমের কবিতা। শক্তি আর জীবনানন্দের মিশেল ছিল সেই কবিতায়। তারপরই হুমায়ূন লিখলো সেই বিখ্যাত গল্প: 'নন্দিত নরকে'। শুরুতে একটি বড় গল্পই ছিল এই রচনাটি। এর প্রথম পাঠক আমি আর ডিলু। ডিলু আজকের ডাকসাইটে ইংরেজির প্রফেসর খালিকুজ্জামান ইলিয়াস। জন্মসূত্রে সে সমকালীন বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের ছোটভাই। আমরা তিনবন্ধু তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে থাকতাম। আর রাতে ডিলুর রুমে আড্ডা দিতাম। আড্ডার প্রধান বিষয় ছিল নিজ নিজ রচনা পাঠ। হুমায়ূন প্রায়শ আমার চাটগাঁইয়া উচ্চারণ নিয়ে ব্যঙ্গ করে প্রমিত উচ্চারণ বাৎলে দিত। একরাতে তেমন এক আড্ডায় হুমায়ূন গল্পটি পড়লো। আমি আর ডিলু আঁচ করলাম, এ যেমন-তেমন লেখা নয়, সাংঘাতিক কিছু। আমার রুমে তখন মাঝে-মধ্যে আসতেন আহমদ ছফা। তার সঙ্গে বাংলাবাজারের বেশ যোগাযোগ ছিল। পরের রাতেই আমরা ছফাভাইকে লেখাটি শুনিয়ে দেই। প্রাণখোলা হাসি আর অমিত সৃষ্টিউল্লাসী ছফাভাই লেখাটি শুনেই তার স্বভাবসুলভ ঠা-ঠা হাসিতে ঘর ফাটালেন। তারপর বাংলাবাজারের প্রকাশক খান ব্রাদার্স থেকে বইটি ছাপার ব্যবস্থা করলেন। বই ছাপার সময় হুমায়ূন আদি রচনার কিঞ্চিৎ পরিবর্তন ও বেশ খানিকটা পরিবর্ধন করলো। আমাদের শিক্ষক ড. আহমদ শরীফ বইটির একটি যুৎসই ভূমিকা লিখলেন। তারপরের গল্প সকলেরই জানা। হুমায়ূন এলো, দেখলো আর জয় করলো। অচিরেই সে আমাদের সবচেয়ে পাঠকনন্দিত ঔপন্যাসিক হয়ে গেলো। আমরা, তার বন্ধুরা, তাকিয়ে তাকিয়ে দেখলাম। আমাদের মধ্য থেকেই উঠে এলো বাংলা কথাসাহিত্যের এক চিরায়ত কারুকৃৎ। এ আমাদের কম গর্ব নয়।
একসময় তার মনে হলো বইটির ইংরেজি অনুবাদ করা যেতে পারে। হুমায়ূন বন্ধুদের প্রতি চিরকাল অসম্ভব পক্ষপাতপ্রবণ। কী ভেবে সে অনুবাদের দায়িত্বটি দিলো আমাকেই। আমি অনুবাদ করলাম, আর নাম দিলাম 'ব্লিসফুল হেল'। সেই থেকে আজ পর্যন্ত চারদশকেরও বেশি সময় গড়িয়েছে। বুড়িগঙ্গায় অনেক চড়াও পড়েছে। হুমায়ুনের সাম্রাজ্য মুঘল সাম্রাজ্যের মতো বিশাল হয়ে উঠেছে। আমরা অনেকেই ছিটকে পড়েছি তার সংশ্রব থেকে। মাঝখানে অবশ্য আজিমপুর সুপারমার্কেটে, আশি ও নব্বই দশকে, আমার 'নূশা কম্পিউটার্স' থেকে কম্পোজ হয়েছে তার ৫০টিরও অধিক উপন্যাস। সে-সময় আমরা প্রায় প্রতিদিন মিলিত হতাম। 'নূশা কম্পিউটার্স' উঠে গেলে আমরা আবার বিচ্ছিন্ন হয়ে পড়লাম। দেখা হতো কালে-ভদ্রে। হুমায়ূন প্রিন্ট মিডিয়া ছেড়ে ইলেক্ট্রনিক মিডিয়ায় গেলো, নুহাশ-পল্লী করলো। আজ হুমায়ুন নিজেই একটি প্রতিষ্ঠান। তার দেখা পাওয়া, ফোনে তার সঙ্গে কথা বলতে পারাটা, কতকটা সৌভাগ্যের ব্যাপার।
এবারের রমজান মাসে হঠাৎ করেই আমার ভাগ্য সুপ্রসন্ন হলো। অমার বন্ধু প্রকাশক ও গল্পকার আলমগীর রহমান দাওয়াৎ দিলো ইফতারের। কবুল না করে উপায় থাকলো না। গিয়ে দেখি টেবিল আলো করে বসে আছে স্বয়ং হুমায়ূন। আমাকে দেখেই বললো, 'হুদা, তোমার কথা শুনেই এলাম। বহুদিন দেখা হয় না।' সেই আগের মতো সজ্জন, সেই আগের মতো প্রাণখোলা। এরপর এলো তার স্ত্রী শাওন আর ছেলে নিষাদ ও নিনিত। হুমায়ূন তেমন কিছু খেলো না, তবে স্বভাববশত অনেক মজার মজার গল্প বললো। ভোজনরসিক আলমগীরের ডাইনিং টেবিল জুড়ে রকমারি খাবার। অন্তত পনেরো রকমের। তাই দেখে হুমায়ূন মহসিন হলে আমার ডালভাত ও আধা-কাঁচা মুরগি রান্না নিয়ে ফোড়ন কাটলো। জানতে পারলাম, হুমায়ূন সপরিবারে আলমগীরের ঠিক ওপরের ফ্লাটেই থাকে। ঘণ্টাখানেক আড্ডা দিয়ে হুমায়ূন বিদায় নিলো। আমি লক্ষ করলাম তাকে কেমন যেন ক্লান্ত দেখাচ্ছে। মনে হচ্ছিলো, তার শরীরটা ভালো যাচ্ছে না। কিন্তু তার আচরণে এর কোনো ছাপ নেই। স্বাস্থ্য নিয়ে তাকে কোনো প্রশ্নও করিনি।
তাই হঠাৎ পত্রিকায় খবর দেখে বিস্মিত হলাম। ভালো লাগলো এই ভেবে যে, হুমায়ূন মানসিকভাবে মোটেই বিচলিত নয়। আমিও তাই ভাবি। আগেই বলেছি, কোন অবস্থাতে ঘাবড়ে যাবার মানুষ নয় হুমায়ূন আহমেদ। আজকের পত্রিকায় দেখলাম, অসুখটা কোন পর্যায়ের তা আমেরিকার ডাক্তাররা ইতিমধ্যেই নিরুপণ করেছেন। তার শরীরের অন্যত্র ক্যান্সার ছড়ায়নি। কোলনে শনাক্তকৃত টিউমারটি কেমো দিলেই ভালো হয়ে যাবে। তবে কিছুটা সময় লাগবে। 'আমি কতদিন বাঁচবো?'–হুমায়ূনের এই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে আমেরিকার ডাক্তাররাও স্রষ্টার অভিপ্রায়ের প্রতি ইঙ্গিত করেছেন। হুমায়ুন স্রষ্টার অস্তিত্বে বিশ্বাসী। তাই এ ব্যাপারে আর কথা বাড়ায়নি। একজন শতভাগ সুস্থ মানুষও কতোদিন বাঁচবে তা কোনো ডাক্তার কবিরাজ বলতে পারেন না। আমরাও এ নিয়ে ভাবতে চাই না। ইনশাল্লাহ যথাশীঘ্র আরোগ্য লাভ করেই হুমায়ূন দেশে ফিরবে। তার সুস্থতা শুধু সময়ের ব্যাপার। হুমায়ূনের সোনার কলম যেমন সচল আছে তেমনি থাকবে। এ বিশ্বাস যেমন তার, তেমনি আমাদেরও। জয়তু হুমায়ূন, জয়তু তার সৃষ্টিশীলতা।
১৭ সেপ্টেম্বর ২০১১
মুহম্মদ নূরুল হুদা :কবি, লেখক। হুমায়ূন আহমেদের দীর্ঘদিনের বন্ধু।
