মনমোহনের সফর ও বাংলাদেশের ট্রানজিটমুখী উন্নয়ন স্বপ্ন
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর আসন্ন বাংলাদেশ সফরকে কেন্দ্র করে নানা রকম আলোচনা পর্যালোচনা চলছে পুরো বছর ধরে। শেষ পর্যন্ত আগস্টের শেষে সরকার পক্ষ থেকে জানানো হয়েছে এই আগমনে চূড়ান্ত ট্রানজিট চুক্তি হবে না কিন্তু এর প্রস্তুতি হিসাবে আলোচনায় আসবে কি প্রক্রিয়ায় ভবিষ্যতে ট্রানজিট সম্পন্ন হবে এবং এর আনুষঙ্গিক পূর্ব প্রস্তুতি হিসাবে উভয় দেশের করনীয় কাজ কি কি হবে। তিস্তার পানি চুক্তি সেই দিক থেকে এই আলোচনার একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। যদিও মূল আলোচনার বিষয় এখন দাড়িয়েছে তিস্তা চুক্তি কিন্তু এই সব কিছুর সাথে সরাসরি ভাবে জড়িয়ে আছে ভারতের ট্রানজিট সুবিধা নিশ্চিত করা। তাই ট্রানজিট সুবিধা নিয়ে যেই তর্ক বিতর্ক সৃষ্টি হয়েছে তা আরেকবার পর্যালোচনার দাবী রাখে|
বাংলাদেশের ভারতকে ট্রানজিট দেবার পিছনে কারণ হিসাবে কয়েকটি যুক্তি সরকার পক্ষ থেকে দেখানো হচ্ছে।
তারমধ্যে প্রধান দুটি যুক্তি হচ্ছে ১) মুক্ত বাণিজ্যের পথ সুগম করে উভয় দেশই অর্থনৈতিক দিক থেকে সমান ভাবে লাভবান হবে, ২) রাজনৈতিক দিক থেকে বাংলাদেশ ভারতকে ট্রানজিট দিয়ে ভারতের কাছ থেকে পানি বন্টনের সুবিধা ও বাণিজ্য সুবিধা নিশ্চিত করবে এবং এর মধ্যে দিয়ে উভয় দেশের জন্য কূটনৈতিক দরকষাকষির নতুন ক্ষেত্র প্রস্তুত হবে। এই যুক্তি গুলো পর্যালোচনা করে দেখা যাক।
মুক্ত বাণিজ্য থেকে সুফলতা লাভের আকাঙ্ক্ষার অজুহাত :
প্রথমেই বলে নেয়া ভালো যে বিশ্ব বাণিজ্য সংস্থার আর্টিকেল ৫ অনুযায়ী মুক্ত বাণিজ্য সুবিধা প্রসারে করণীয় কাজের মধ্যে ভারতকে ট্রানজিট সুবিধা দেয়া বাংলাদেশের জন্য বাধ্যতামূলক নয় কারণ এর মধ্যে দিয়ে ভারতের অভ্যন্তরীণ বাণিজ্য সুবিধা নিশ্চিত হবে, ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য নিশ্চিত হবে না। বাংলাদেশের ভারতকে ট্রানজিট দেয়ার সিদ্ধান্তটি কারো আরোপিত নয়। বাংলাদেশ চাইলে ট্রানজিট নাও দিতে পারে যদি তার অর্থনৈতিক সুবিধা নিশ্চিত না হয়। বাংলাদেশ মূলত কয়েকটি অর্থনৈতিক সুবিধার আশায় ট্রানজিট সুবিধা দিতে আগ্রহী। সরকারের বক্তব্য অনুযায়ী ভারতের সাথে ট্রানজিট চুক্তি সম্পন্ন হলে বাংলাদেশ নাকি তার বন্দরের অব্যবহৃত ক্ষমতা ব্যবহার করতে দিয়ে ট্রানজিট ফি বাবদ বিপুল পরিমান আয় নিশ্চিত করতে পারবে এবং বাংলাদেশ ভারতে বাণিজ্য প্রসারের সুবিধা পাবে। এখানে বাণিজ্য সুবিধা মানে শুধু পণ্য বাণিজ্যের সুবিধা নয়, ট্রানজিটকে বাংলাদেশের সেবা খাতের বাণিজ্য হিসাবে দেখান হচ্ছে।
২০১০-এর ফেব্রুয়ারিতে পলিসি রিসার্চ ইনস্টিটিউট এর একটি কর্মশালায় বলা হয় যে বাংলাদেশ ভারতকে মংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে দিলে বাংলাদেশ প্রথম দিকে প্রতি বছর ৩৫০ কোটি টাকা আয় করলেও, ৫ বছর পর বাংলাদেশ আয় করতে পারবে ৩ হাজার ৫০০ কোটি টাকা এবং দীর্ঘ মেয়াদে এই আয় বেড়ে দাঁড়াবে বছরে ৭ হাজার কোটি টাকা। এখানে উল্লেখ্য যে ভারতের সাথে বাংলাদেশের রেল ও সড়ক পথে যেই পরিমান পণ্য পরিবহন হবে বলে ধারণা করে হচ্ছে তা অনুমান নির্ভর। বাংলাদেশ ল্যান্ড পোর্ট অথরিটির তথ্য অনুযায়ী পেট্রাপোল থেকে বেনাপোলে প্রতিদিন ৩৫০ টি ট্রাক যায়। ট্রানজিট প্রদান করা হলে এর সংখ্যা বাড়তে পারে। তাছাড়া ভারত বাণিজ্যের দিক থেকে প্রতিযোগী হয়ে উঠলে সম্ভাবনা আছে এই সংখ্যা বৃদ্ধি পাবার। আবার এটাও ভাবতে হবে যে প্রত্যেকটি ট্রানজিট রুটে সমান ভাবে পণ্য পরিবহন নাও বাড়তে পারে কারণ বর্তমানে আসাম বাণিজ্যের প্রধান কেন্দ্র হলেও অন্যান্য অঞ্চলের আর্থ-সামাজিক পরিবর্তনের কারণে পণ্য পরিবহনের প্রয়োজনীয়তা বদলাতে পারে। আর ট্রানজিট ফি নির্ধারণের আগে এরকম একটি অঙ্ক কত টুকু গ্রহণযোগ্য সেটাও বিবেচনা করতে হবে। সেই ক্ষেত্রে এই দীর্ঘ মেয়াদে ৭ হাজার কোটি টাকা আয়ের যেই হিসাব দেখিয়ে বলা হচ্ছে উভয় পক্ষেরই অর্থনৈতিক লাভ হবে তা কতটুকু বিশ্বাস যোগ্য? ধরে নিলাম সরকারের ট্রানজিট কমিটি পরিবেশ দূষণ, শব্দ দূষণ, কনজেশন ও ইত্যাদি আরো অনেক অর্থনৈতিক ক্ষতি ধরে ট্রানজিট ফি নির্ধারণ করলো। তার মানে কি এই যে আমরা আমাদের পরিবেশ দূষণ ও যানজটকে অর্থের বিনিময়ে গ্রহণ করতে রাজি? অথবা এর মানে কি এই যে আমরা পরিবহন খাতে লাভের পয়সা গুনে আমাদের অন্যান্য ব্যবসাকে প্রতিযোগিতার মুখে হুমকির সম্মুখীন করতে রাজি?
ধরে নিলাম যেকোনো অর্থনৈতিক কর্মকাণ্ড বা শিল্পায়ন মানেই কমবেশি পরিবেশ দূষণ। আর সাধারণ ভাবে পরিবেশ দূষণ বাবদ চার্জ করা ফি পরিবেশ দূষণ রোধে বা এর ভুক্তভোগীদের জীবনের মান উন্নয়নে ব্যয় হবার কথা। তাই যদি হয় তাহলে কেন আমাদের বাজেটের বিপুল পরিমাণ অর্থ প্রতি বছর অব্যবহৃত থাকে? কেন বছরের পর বছর ধরে নদী দূষণ রোধ করা হয় না? কেন টাকা থাকা সত্বেও উপকূলীয় অঞ্চল গুলিতে কৃষি জমি গুলো এখনো জলাবদ্ধ হয়ে আছে? কেন টাকা বরাদ্দ সত্বেও রেলওয়ের অবকাঠামো নির্মাণ বন্ধ হয়ে আছে? কেন দূরের গ্রাম গুলি যোগাযোগ ব্যবস্থার অভাবে নিজেদের উৎপাদিত পণ্যই বাজারজাত করতে পারে না? এই সব সমস্যা সমাধানে অর্থের অভাব নেই, কিন্তু কেন হচ্ছে না সেই প্রশ্ন করলেই উত্তর পাওয়া যাবে না। ট্রানজিট থেকে পরিবেশ দূষণ বাবদ অর্জিত অর্থ আমাদের পরিবেশ দূষণ রোধে ব্যবহার হবে না বরং ব্যবহার হবে এমন সব খাতে যেই সব খাতে কতিপয় ব্যবসায়ীর ব্যবসায় সমৃদ্ধি আসে এবং পরিবেশ দূষণ ও যানজটের অজুহাতে তাদের ছেলে মেয়েরা দেশের বাইরে চলে যেতে পারে।
এখন দেখা যাক বাংলাদেশকে এই আয় নিশ্চিত করতে হলে, রেলওয়ে, সড়ক ও বন্দর ট্রানজিটের জন্য ব্যবহার উপযোগী করতে হলে কত টাকা বিনিয়োগ করতে হবে? ট্রানজিট নিয়ে সরকারের গঠন করা একটি বিশেষ কমিটি বা কোর গ্রুপ –এর প্রতিবেদনে জানানো হয় যে বাংলাদেশকে পূর্ণাঙ্গ ট্রানজিট–সুবিধা দিতে হলে আগামী দশ বছরে ৪৯ হাজার ৮৩৫ কোটি ৯৩ লাখ টাকা বিনিয়োগ করতে হবে। অর্থাৎ প্রথম ৫ বছরে বিনিয়োগ করতে হবে ২৪ হাজার ২৯০ কোটি টাকা। এবং আশা করা হচ্ছে পরবর্তী ২০ বছরে তা প্রিমিয়ামসহ বিনিয়োগ উঠে আসবে। ধরে নিলাম বিনিয়োগের পুরো টাকা ৩০ বছরের মধ্যে উঠে আসবে এবং বাংলাদেশের ট্রানজিট ফি বাবদ আয় নিশ্চিত হবে। বিনিয়োগ করলে টাকা তো একদিন না একদিন উঠবেই। তাহলে এখন প্রশ্ন উঠতে পারে বাংলাদেশ এই বিপুল পরিমান অর্থ কোথায় পাবে ও এর জন্য বাংলাদেশ কে কি কি খেসারত দিতে হবে? ইতিমধ্যে আমাদের অর্থ মন্ত্রী ওয়াশিংটনে যেয়ে বিশ্ব ব্যাংকের কাছ থেকে রাজস্ব ঘাটতি পূরণের জন্য ১ বিলিয়ন ডলার সাহায্যের আবেদন করার সিন্ধান্ত নিয়েছেন। এদিকে দেশে নাকি পুঁজির অভাবে জ্বালানি খাতে বিনিয়োগ সম্ভব হচ্ছে না। জ্বালানি উত্তোলনে জাতীয় সক্ষমতা অর্জনের জন্য নাকি অর্থের অভাব। এ বছর পেট্রোলিয়াম আমদানির খরচ ২ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৬ বিলিয়ন ডলার হয়েছে। এভাবে চলতে থাকলে জ্বালানি খাতে আমদানি বাড়তে থাকবে এবং ভর্তুকির পরিমান ও দিনকেদিন বেড়েই চলবে।
আরেকটি বিষয় এখানে গুরুত্বের সাথে বিবেচনা না করলেই নয়। আর তা হলো সড়ক পথে ভারতীয় ট্রাক যদি জ্বালানি কেনে সেই জ্বালানি ও বাংলাদেশ সরকারের ভর্তুকির টাকায় পাবে ভারত। আবার শুধু জ্বালানির ভর্তুকি বিবেচনা করলেই হবে না, পরিবহনে জ্বালানির এই ব্যবহার জ্বালানির অন্য ব্যবহার থেকে জনগনকে বঞ্চিত করতে পারে। ভারতীয় পরিবহনের জন্য যদি বেশী মূল্য নির্ধারণ করা হয়, সেই ক্ষেত্রেও দেশীয় প্রয়োজনীয় খাতের জ্বালানি চাহিদা মেটাতে যেয়ে সরকারকে অতিরিক্ত চাপের সম্মুখীন হতে হবে। যদিও বলা হচ্ছে যে প্রথম তিন বছর সড়ক রুটে ট্রানজিট বাস্তবায়ন সম্ভব নয়, তবুও কি নিশ্চিত ভাবে বলা যায় যে বাংলাদেশ আগামী তিন বছরের মধ্যে জ্বালানি নিরাপত্তা অর্জন করবে আর বাড়তি জ্বালানি চাহিদা মেটাতে সক্ষম হবে?
কূটনৈতিক দরকষাকষির নতুন ক্ষেত্র তৈরির আকাঙ্ক্ষার অজুহাত:
ধরে নিলাম বাংলাদেশের মানুষ সরকারের অর্থনৈতিক আয়ের বিনিময়ে সব ভোগান্তি মেনে নিল এবং বারবার প্রতারিত হওয়ার পরও বিশ্বাস করলো যে নির্বাচিত সরকার দেশপ্রেমিক। এখন প্রশ্ন হচ্ছে দেশ প্রেমিক সরকার নিজেই যে প্রতারিত হবেন না তার কি নিশ্চয়তা আছে? দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন খুবই জরুরি বিষয় কিন্তু আমাদের বন্ধু কি আমাদের যথেষ্ট মূল্যায়ন করছে? তাই যদি হবে তাহলে তিস্তার পানি ভাগাভাগি নিয়ে কেন এত রাখঢাক, কেন গজলডোবা পয়েন্টে কখনও ৭৫-২৫ আবার কখনও ৫২-৪৮ এর নামতা জপা আর তা নিয়ে মমতা বন্দোপাধ্যায়ের বাংলাদেশে আসা-না আসার নাটক? অথচ নাটক, নামতা ও মমতার আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে তিস্তার পানির ন্যায্য হিস্যার জন্য অন্তত: ২০-৩০% পানি নাব্যতার জন্য রাখা এবং গজল ডোবা পয়েন্টে ভাগাভাগি না করে উৎস মুখ থেকে পুরো নদী পথে তিস্তার ঐতিহাসিক গড় প্রবাহকে ভিত্তি করে পানি ভাগাভাগির হিসাব কষার দাবী।
বাংলাদেশ ইতিমধ্যে ভারত থেকে ১০০ কোটি ডলার বা ৭ হাজার কোটি টাকা ১.৭ শতাংশ হারে ঋণ নিয়েছে। ভারত যেই যেই প্রকল্পে বাংলাদেশকে ঋণ দিতে সম্মতি জানিয়েছে তার বেশীর ভাগই হচ্ছে ট্রানজিট, বিদ্যুত এবং জ্বালানি খাতে। শুধু তাই নয় ঋণের শর্ত অনুযায়ী এসব প্রকল্প বাস্তবায়নে ৮৫ শতাংশ পণ্য কিনতে হবে ভারত থেকে। তাহলে দেখা যাচ্ছে ভারত ঋণ দিয়েছে বাংলাদেশকে ভারতীয় পণ্যের একটি বাজার তৈরী করতে, তাও আবার ভারতের দেওয়া ঋণের টাকায়। আর এদিকে বিশ্বব্যাংকের দেওয়া ১৭৯ কোটি ডলার ঋণ এখনো অব্যবহৃত হয়ে পড়ে আছে। ব্যবহার করতে না পারাসহ নানা কারণে এখন পর্যন্ত ১৭৫ কোটি ডলার ঋণ বাতিল করেছে বিশ্ব ব্যাংক। অন্যান্য দাতা সংস্থার হিসাব নিলে অব্যবহৃত ঋণের পরিমাণ ৪০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে। এমনকি রেলওয়ে সংস্কার প্রকল্পের প্রায় ৪৬ কোটি ডলার পড়ে আছে, ছাড়া পাচ্ছে না। রেলওয়ের মত এখনো বহু উন্নয়ন প্রকল্প মুখ থুবড়ে পরে আছে। এরকম অবস্থায় ভারতের কাছ থেকে ঋণ নিয়ে ভারতকে ট্রানজিট সুবিধা দেয়া বাংলাদেশকে কূটনৈতিক দরকষাকষিতে কিভাবে শক্তিশালী করবে সেটি একটি বড় প্রশ্ন। কূটনীতিকরা যারা মনে করছেন যে ভারতকে এই সুবিধা দিয়ে ভারত থেকে পানির সুবিধা অর্জন করবে অথবা কূটনৈতিক দরকষাকষির নতুন ক্ষেত্র তৈরী করবে তাদের কাছে প্রশ্ন যে কেন সেই সুবিধা অর্জনের পথ নিশ্চিত না করে রূপরেখা চুক্তির দিকে বাংলাদেশ এগিয়ে যাবে। যদিও বলা হচ্ছে যে ৬–৭ সেপ্টেম্বরে মনমোহন সিং এর আগমনের সময় ট্রানজিট চুক্তি হবে না বরং আলোচনায় প্রাধান্য দেয়া হবে তিস্তা ও ফেনীর পানিবন্টন, জ্বালানি আমদানি ও খুলনায় ১৩২০ মেগাওয়াট থার্মাল প্ল্যান্ট স্থাপন, তবুও অস্বীকার করার উপায় নেই যে এই আগমনের পিছনের কারণ উভয় দেশের জন্য ট্রানজিট চুক্তি সম্পাদনের প্রস্তুতি।
ইতিমধ্যে খবর আসছে বাংলাদেশের ৬১ টি পণ্য ভারতে শুল্কমুক্ত করার জন্য আলোচনা চলছে | এর মধ্যে বস্ত্র খাতে রয়েছে ৪৭ টি পণ্য। বাংলাদেশের জন্য বাণিজ্যের দিক থেকে দরকষাকষির প্রশ্ন আসলে প্রথমেই এই ৬১ টি পণ্য শুল্কমুক্ত করার প্রসঙ্গ উঠে আসে যেন এর বাইরে আর কোনো বাণিজ্য সুবিধা পাবার নেই। প্রথমত এই পণ্য গুলি শুল্কমুক্ত ঘোষণা করা হলে প্রতিযোগিতার সম্মুখীন হবে ভারতীয় বস্ত্র ব্যবসায়ীরা। ভারতের সাউদার্ন ইন্ডিয়া মিলস এসোসিয়েশন তাদের অভ্যন্তরীণ ব্যবসা রক্ষার জন্য বহুদিন ধরেই তাদের উৎপাদিত পণ্য নেগেটিভ লিস্টে রাখার জন্য লবি করছে। টেলিগ্রাফ পত্রিকায় একজন প্রাক্তন ভারতীয় পররাষ্ট্র সচিব কৃষ্ণান শ্রীনিভাশন অভিমত দিয়েছেন যে ভারত বাংলাদেশ থেকে ট্রানজিট বাবদ যেই সুবিধা পাবে তাতে ভারতের উচিত সাউদার্ন ইন্ডিয়া মিলস এসোসিয়েশন এর অন্যায্য চাহিদা উপেক্ষা করে বাংলাদেশকে ৪৭ টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা প্রদান করা। এখন প্রশ্ন হচ্ছে আসন্ন আলোচনায় এই শুল্কমুক্ত সুবিধার ঘোষণা যদি দেয়াও হয় তাতেও কি নিশ্চিত হয়ে বলা যায় যে ভারত অন্যান্য অশুল্ক বাধা দূর করবে? ভারতের নিজের দেশের বস্ত্র উৎপাদকেরা নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না। বাংলাদেশ ও ভারতের বাণিজ্যের ক্ষেত্রে অশুল্ক বাধা দূর করা না হলে এই শুল্কমুক্ত বাজার সুবিধা কোনো কাজে আসবে কি না সেটা নিয়ে অনেক সন্দেহ আছে। অতীতের বহু অভিজ্ঞতায় দেখা গেছে, শুধু অশুল্ক বাধার কারণে বাজার সুবিধা থাকলেও তা কাজে লাগানো সম্ভব হয়নি। কাজেই এই দরকষাকষিতে কয়েকটি পণ্যকে শুল্কমুক্ত করাই বাংলাদেশের জন্য যথেষ্ট অর্জন নয়।
বাংলাদেশকে মনে রাখতে হবে অসম পানি বণ্টনের ভিত্তিতে তিস্তা চুক্তি সম্পাদন, ট্রানজিট বাবদ অবকাঠামো নির্মাণে ভারতীয় ঋণ, ৬১ টি পণ্যের শুল্ক সুবিধা অর্জন, জ্বালানি নিরাপত্তা অর্জনে ভারতের সহযোগীতা এর কোনো কিছুই বাংলাদেশের দীর্ঘ মেয়াদী উন্নয়নের চাবি কাঠি নয়। ট্রানজিট সুবিধা দিয়ে অর্থনৈতিক আয় নিশ্চিত হলেও বাংলাদেশ দীর্ঘ মেয়াদে সম্মুখীন হবে বহু অনিশ্চয়তার: বাণিজ্যের গতি পরিবর্তন, ভারসাম্যহীন শিল্পায়ন, জ্বালানির মূল্য অস্থিতিশীলতা, কৃষি খাতে অনিশ্চয়তা। ট্রানজিটকে কাজে লাগিয়ে ভারতের সাথে বঙ্গোপসাগরের সমুদ্র সীমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি ঘটানোর মাধ্যমে ইকুয়িটি বা ন্যায্যতার ভিত্তিতে সমুদ্রের তেল-গ্যাস সহ বিশাল সম্পদের উপর বাংলাদেশের হিস্যা নিশ্চিত করারও কোন তৎপরতা দেখা যাচ্ছে না। আর তাছাড়া সীমান্তে প্রাণহানি, নারী পাচার ও মানবাধিকার লঙ্ঘন তো আছেই | আসন্ন বৈঠক বাংলাদেশের জন্য বন্ধুত্ব স্থাপনে একটি পদক্ষেপ হতে পারে কিন্তু নিশ্চিত হবার কোনো কারণ নেই যে এই বন্ধুত্ব দীর্ঘ মেয়াদে বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে পারে |
মোশাহিদা সুলতানা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্ট-এর অর্থনীতির প্রভাষক।
