২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিনিতে মধু আর ভ্রমরদের গুনগুন

কিউ আর ইসলাম

Published : 04 Aug 2011, 09:57 PM

Updated : 01 Jul 2022, 05:52 PM

রমজান শুরু হওযার পূর্ব মুহুর্তে চিনির দাম হঠাৎ করে সরকারিভাবে বেঁধে দেয়া হল। ব্যাস্, চিনির দাম বেড়ে চলল। এমনকি বাজার থেকে চিনি উধাও হয়ে গল। টিভিতে দেখলাম দোকনদাররা ভ্রাম্যমান আদালতের ভয়ে চিনি রাখছেন না। ক্রেতারা দিশেহারা। তাদের আবেদন, বাণিজ্যমন্ত্রী দয়া করে মুখ বন্ধ রাখুন। আপনি কথা বললেই জিনিষপত্রের দাম বেড়ে যায়। কী ভয়ংকর ব্যাপার। মন্ত্রী একজন সরকারের প্রতিনিধি। বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত। তার আদেশের প্রতিক্রিয়া হচ্ছে উল্টো, জনগণের স্বার্থের বিপরীতে। জিনিষপত্র বিক্রয়ে সরকারী আদেশের কেউ তোয়াক্কা করছে না। অতিমূল্যে, এক এক বাজারে ভিন্ন ভিন্ন দামে বিক্রি হচ্ছে। তাও আবার ভেজাল, ওজনে কম। সরকারের নিয়ন্ত্রণে না থাকলে কার কাছে অভিযোগ করবেন? কে প্রতিকার করবে? সরকারের কাজই বা কী হবে? সরকারকে কি শুধু টেলিভিশনেই দেখা যাবে?

স্থানীয় ও আন্তর্জাতিক বাজারের মধ্যে চিনির মূল্যে বড় রকমের একটা পার্থক্য থাকায় চিনির মধু খেতে ভ্রমরদের তৎপরতা বেড়েই চলেছে। এ সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের শেষের দিকে আন্তর্জাতিক বাজারে চিনি যখন কেজি প্রতি ৫৫ টাকা, বাংলাদেশের বাজারে তখন বিক্রি হয়েছে ৬৫ থেকে ৬৮ টাকায়। গত বছরের শুরুতে আন্তর্জাতিক বাজারে ৪২ টাকায় নেমে এলেও স্থানীয় বাজারে বিক্রি হয়েছে ৫৫ টাকার উপরে। মজার ব্যাপার চিনির দাম গত বছর মে মাসে আন্তর্জাতিক বাজারে প্রতি পাউন্ড ১৫ ইউএস সেন্ট অর্থাৎ কেজি প্রতি ২৫ টাকায় নেমে এলেও আমাদের কিনতে হয়েছে ৫০ টাকায় কাছাকাছি। বেশি দামে বিক্রি করায় সরকার থেকে কোনরকম পদক্ষেপ নেয়া হয়নি। ফলে ভ্রমরদের কাছে চিনির মধুর আকর্ষণ বেড়ে গেছে। গত ডিসেম্বর মাসে চিনির দাম আন্তর্জাতিক বাজারে ৩৫ ইউএস সেন্ট অর্থাৎ কেজি প্রতি ৫৫ টাকায় বৃদ্ধি পেলে স্থানীয় বাজারে ৬৫ টাকায় বিক্রি হতে থাকে। গত জানুয়ারী মাসে কেজি প্রতি ৪৬ টাকা থেকে কমে মে মাসে ৩৬ টাকায় নেমে এলেও আমাদের ৫০ টাকার উপরে কিনতে হয়। ফলে দেখা যাচ্ছে যে চিনি আমদানীকারকরা কেজি প্রতি ১০ থেকে ২০ টাকার উপরে লাভ করতে অভ্যস্ত হয়ে গেছেন। এমনকি কেজি প্রতি ১০ টাকার নিচে লাভ করতে তারা রাজী নন।

গত জুন মাসে আন্তর্জাতিক বাজারে চিনির মূল্য বৃদ্ধি পেয়ে কেজি প্রতি ৪২ টাকায় চলে আসে। আন্তর্জাতিক বাজারে চিনির এই মূল্য বৃদ্ধি কৃত্রিম বলে অভিহিত করা হয়। জুলাই মাসেও আন্তর্জাতিক বাজারে চিনির মূল্য বৃদ্ধি অব্যাহত থাকলে এদেশের চিনি ব্যবসায়ীরা অবশ্য সুযোগের সদ্ব্যবহার করতে দেরি করেন না। বাড়তি মূল্যে চিনি আমদানি না করেও আগের স্টকের চিনি বাজারজাত করে মূল্য কেজি প্রতি ৭০ টাকার উপরে বাড়িযে দেন। এই মুহূর্তে সরকার আবার ৬৫ টাকায় দাম বেঁধে দেয়। জুলাই মাসের শেষে টন প্রতি ৮০৬ ইউএস ডলার বা কেজি প্রতি ৬০ টাকায় চলে আসে। শুরু হয় সরকার আর চিনি ব্যবসায়ীদের খেলা। নাভিশ্বাস ওঠে ক্রেতাদের। তবে আপাতত ক্রেতারা সৌভাগ্যবান বলতে হবে। আগষ্টের শুরু থেকে আন্তর্জাতিক বাজারে চিনির মূল্য পড়তে শুরু করেছে। বর্তমানে টন প্রতি ৭২৪ ইউএস ডলার বা কেজি প্রতি ৫৫ টাকার নিচে বিক্রি হচ্ছে। পরিবহন খরচ ও ব্যবসায়ীদের মুনাফা যোগ করে খোলা বাজারে চিনির মূল্য ৬০ টাকার বেশি হওয়া উচিত নয়। এদিকে সরকার দাম বেঁধে দিয়েছে ৬৫ টাকায়। ফলে দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক বাজারে চিনির দামের আরো পতন হলে ক্রেতারা সুফল না পেলেও চিনি ব্যবসায়ীরা নিশ্চিন্ত থাকবেন। এ যেন জনগণের সাথে সরকারের কৌতুক।

চিনি নিয়ে এ ধরনের কৌতুক শুরু হয় গত শতাব্দির আশি দশকে। ওই সময়ে বিশ্ব বাজারে চিনির দাম যখন কেজি প্রতি ২০ টাকার নিচে তখন সরকার বিএসএফআইসি মিলে উৎপাদিত চিনির দাম বেঁধে দেয় কেজি প্রতি ২৯ টাকায় এবং খোলা বাজারে বিক্রি হতে থাকে ৩০ টাকার উপরে। লাভবান হতে থাকে দেশীয় চিনি শিল্পের অসাধু ব্যবসায়ীরা। সরকার থেকে বলা হলো চিনি শিল্পের স্বার্থে এই মূল্য নির্ধারণ করা হযেছে। ব্যবসায়ে এই সুযোগের সদ্ব্যবহার করতে ওই সময় আবির্ভূত হন চিনির ভ্রমরেরা। শুরু হয় ব্যাপক হারে চিনি আমদানি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশে মোট চিনি চাহিদার ৮০ ভাগের উপরে আমদানী করা হয়ে থাকে এবং বাকী অংশ বিএসএফআইসি মিলে উৎপাদিত হয়। দেশে প্রতি বছর ৮ থেকে ৯ লক্ষ টন চিনি বিক্রি হয়। প্রতি কেজি চিনিতে কমপক্ষে ১০ টাকা করে লাভ হলেও বছরে ৮০০ থেকে ৯০০ কোটি টাকার ব্যবসা। এই ব্যবসায় ঢুকতে পারলে আর লাগে কী? ফলে চিনির বাজারে এখন নতুন নতুন ভ্রমরদের গুনগুন। এই ভ্রমরেরা যতদিন থাকবে, তাদের সংখ্যা যতই বাড়বে ততদিন চিনি ক্রেতাদের নিস্তার নেই। আর যদি তারা সরকারের সাথে সখ্য তৈরি করতে পারে তাহলে তো কথাই নেই। চিনির মূল্য নিয়ন্ত্রণে সরকারী উদ্যোগ কৌতুকে পরিণত হবে।

প্রসঙ্গক্রমে বহুত দিন আগের একটা ঘটনা মনে পড়ে গেল। যশোহরে বাস করি। উনিশ শ' পঁয়ষট্টি সালের শেষ দিক। হঠাৎ চালের দাম বেড়ে গেল। একদিকে, পাক-ভারতের মধ্যে সংক্ষিপ্ত যুদ্ধ কেবল শেষ হয়েছে। অন্যদিকে, আমন ধান তখনও ওঠেনি। এক টাকা সেরের চাল পাঁচ সিকে। সরকারী তৎপরতা বেড়ে গেল । কি করে চালের মূল্য বৃদ্ধি ঠেকানো যায়। শোনা গেল প্রেসিডেন্ট আসবেন ঢাকা থেকে। চালের বাজার পরিদর্শন করবেন। তাকে বলা হয়েছে বাজার ঠিক আছে; কোন পরিবর্তন নেই। সেটাই সরেজমিনে দেখবেন। চাল ব্যবসায়ীদের স্থানীয় প্রশাসন থেকে কঠোরভাবে বলে দেয়া হয় এক টাকার নিচে দাম রাখতে। প্রেসিডেন্ট বাজার ঘুরলেন। দেখলেন ক্রেতারা এক টাকায় চাল কিনছেন। সরকারী আদেশ তামিল হতে দেখে খুশী হয়ে মহামান্য প্রেসিডেন্ট পাক-ভারত সীমান্তের অবস্থা পরিদর্শনে বেনাপোলের দিকে রওয়ানা হয়ে গেলেন। কে চাল কিনলো আর কে বিক্রি করল কিছুই টের পেলেন না। সুযোগ পেয়ে কম দামে চাল কেনার আগ্রহ থাকলেও কড়া নিরাপত্তার মাঝে সাধারণ ক্রেতাদের কেউ বাজারে ঢুকতে পারেননি। চাল ব্যবসায়ীরা ও স্থানীয় প্রশাসন হয়তোবা সেটা আগে থেকেই জানতেন। হয়তো তাদেরই নির্বাচিত লোকেরাই চাল কেনার ভূমিকায় ছিল। তাই চালের দোকান খোলা রাখতে কোন ব্যবসায়ী অস্বীকার করেনি। স্থানীয় প্রশাসনও তাদের সাফল্যে খুশী। চালের দাম আবার যথাস্থানে ফিরে এলো। ক্রেতাদের সাথে এ যেন ছিল সরকারী কৌতুক। এই কৌতুক আজও অব্যাহত। ইদানিং মনে হয় আরো জমে উঠেছে।

রাস্তাঘাটে বিশৃঙ্খলা। ড্রাইভার ইচ্ছামত গাড়ী চালাচ্ছে। বাসের ভাড়াও ইচ্ছামত। একই গন্তব্যস্থল কিন্তু এক এক বাসে ভিন্ন ভাড়া। বাসগুলোর অবস্থ কাহিল, অথচ গরুছাগলের মত প্যাসেঞ্জার ভরছে। রাস্তাঘাটে প্যাসেঞ্জার নামিয়ে দিচ্ছে। কার কাছে অভিযোগ করবেন? স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ইচ্চামত ভর্তি ফি, টিউশন ফি, বিশেষ ফি। কার কাছে অভিযোগ করবেন? সিএনজি, ট্যাক্সি, রিক্সাওয়ালা ইচ্ছামত ভাড়া নিচ্ছে। প্রতিবাদ করলে গাড়ী ঘুরিয়ে চলে যাচ্ছে। সরকারী আদেশ নিয়মের কোন তোয়াক্কা করে না। কার কাছে অভিযোগ করবেন? কী হবে অভিযোগ করে? সরকারী অফিসে কোন কাজে আগে তদবির লাগতো। এখন এতে কাজ হয় না। নগদ ও অগ্রিম দিতে হয়, উঁচু অংকের। আগে চাকুরী খুঁজতে হতো, এখন কিনতে হয়।

কিউ আর ইসলাম: কৃষিগবেষক ও কলামলেখক।