২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মস্তিষ্ক ও ‘আমিত্বে’র রহস্য

ফারসীম মান্নান মোহাম্মদী

Published : 27 Jul 2011, 11:35 PM

Updated : 01 Jul 2022, 05:52 PM

ছেলেবেলায় আমার একটা প্রিয় খেলা ছিল। খেলাটা ভাবনার খেলা। বাথরুমের আয়নায় নিজের চোখের দিকে গভীরভাবে তাকিয়ে ভাবনার অতলে হারিয়ে যাওয়া। আমি যেহেতু একা-একা মানুষ হয়েছি, তাই এই খেলাটি মাঝে-মাঝেই খেলতাম। অস্তিত্বের অতলান্তে হারিয়ে যেতে যেতে নিজেকে প্রশ্ন করা, 'তুমি কে? তুমি কেন 'তুমি'? তোমার অস্তিত্বের আর কোনো মানে আছে কি? এই যে আমিত্ব এর ব্যাখ্যা কী ? মানুষের চেতনার রহস্য কী?

চেতনার রহস্য মানুষের চিরন্তন প্রশ্নের অন্যতম। আমিত্ব-তুমিত্বের ব্যাখ্যা কী? এটা কীভাবে সৃষ্টি হয়, দেহের কোন অংশে সৃষ্টি হয়? দীর্ঘকাল ধরে এসব নিয়ে মানুষ ভেবেছে।

"আমাদের সুখ, আমাদের স্বাচ্ছন্দ্য, আমাদের হাসি শুধু নয়, আমাদের দুঃখ-কষ্ট, ব্যথা-বেদনা, অশ্রু এসবের উৎপত্তি আমাদের মস্তিষ্ক থেকেই, অন্য কোথাও থেকে নয়। এর সাহায্যেই আমরা চিন্তা করি, বুঝি, দেখি ও শুনি, সুন্দর ও অসুন্দরের পার্থক্য করি, আরাম ও কষ্টের পার্থক্য করি, ভালো ও মন্দের পার্থক্য করি।"

উপরের এই কথাগুলি কোনো আধুনিক মস্তিষ্ক-বিজ্ঞানের বইয়ের কথা হিসেবে মানালেও এটি আসলে খ্রিষ্টের জন্মের চারশত বছর পূর্বেকার হিপোক্রেটিক চিকিৎসকের উক্তি। তাঁরা জানতেন যে মৃগীরোগ ও পাগলামীর উৎপত্তিও আমাদের মগজ থেকেই হয়। কিন্তু তাঁদের এই জ্ঞানটি আগেকার দিনে মানুষ গ্রহণ করেনি। আমিত্বের উদ্ভব যে আমার চোখের দু-ইঞ্চি ভেতরে করোটির মধ্যে সুরক্ষিত হলদেটে সেমি-ফ্লুয়িডের নানা বিচিত্র রাসায়নিক ও বৈদ্যুতিক কর্মকাণ্ডের ফলশ্রুতি, তা নিয়ে আজকের দিনে কোনো সন্দেহ না থাকলেও প্রাচীন ও মধ্যযুগে এই বিষয়ে মতদ্বৈততা ছিল। বিশেষ করে ধ্রুপদী গ্রন্থাদিতে আমরা দেখি, সকল হার্দিক অনুভূতির উৎস হিসেবে মানুষের হৃৎপিণ্ডকে চিহ্নিত করা হতো। বুকের মাঝেই যে সকল অনুভুতির সৃষ্টি হয় তা সকল প্রত্যাখ্যাত প্রেমিকমাত্রই দাবী করে থাকেন। প্রাচীন সুমেরীয় গ্রন্থে কলজে বা লিভারকে চেতনার উৎস বলা হয়েছে। একই কথা প্রাচীন আসিরিয় ও ইহুদিরা বিশ্বাস করত। কারণ, তারা জানত যে লিভার বা কলজে বা যকৃতে রক্ত পরিশোধিত হতো এবং সবকিছুর উৎপত্তি এই যকৃত থেকেই। প্রাচীন যুগে পর্যায়ক্রমে মানুষের প্রায় সকল প্রত্যঙ্গেই চেতনার উৎস বলে একসময়-না-একসময়ে মনে করা হতো। যেহেতু হৃৎপিণ্ড রক্ত পাম্প করে এবং যেহেতু রক্ত বিনা শরীর মৃত, তাই অ্যারিস্টটল মনে করতেন হার্টই সকল চেতন-শক্তির আধার। কিন্তু প্লেটো মনে করতেন যেহেতু মস্তিষ্ক গোলাকার, গোলক একটি আদর্শ ঘনক, তাই এই মস্তিষ্কই চেতনার আধার। খ্রিষ্টিয় দ্বিতীয় শতকের মধ্যে মস্তিষ্কের নানা কার্যকারিতা সম্পর্কে মানুষ জানতে পেরেছে। গ্রিক অ্যানাটমিষ্ট গালেন মস্তিষ্কের চারটি ফাঁপা অংশ বা নিলয়ের (ventricle) কথা বলেছেন। ইবনে সিনাও মস্তিষ্কবিদ্যাকে আরো এগিয়ে নিয়ে যান।

রেনেসাঁর দুই প্রধান পুরুষ–লিওনার্দো দা ভিঞ্চি এবং রেনে দেকার্তে–এই নিলয়তত্ত্ব নিয়ে প্রশ্ন তোলেন। লিওলার্দো ছিলেন এককথায় সব্যসাচী। হেন বিষয় নেই, যা নিয়ে তিনি ভবেননি-লেখেননি। তিনি ছিলেন একাধারে একজন আটির্ষ্ট-এঞ্জিনিয়ার-স্থপতি-শারীরতাত্ত্বিক-গণিতবিদ, কী নয়! ১৪৯০ সালের দিকে মানুষের শরীর ব্যবচ্ছেদ করে লিওনার্দো শারীরতত্ত্বীয় নানান চিত্র আঁকেন। শরীর কাঁটাছেঁড়ার এসব বিষয় চার্চের একদমই পছন্দের ছিল না। আর তাই শিগগিরই দেখা যায় লিওনার্দো চার্চের সাথে ঝগড়ায় লিপ্ত হয়েছেন এবং ১৫১৫ সাল নাগাদ লিওনার্দোকে রোম ত্যাগ করতে বাধ্য করা হয়।

লিওনার্দোর আঁকা ছবিগুলো থেকে মস্তিষ্কের স্নায়ুকোষগুলোর বিন্যাস সম্পর্কে আমরা অনেকটাই জানতে পারি। মস্তিষ্ক নিয়ে বিজ্ঞান-সম্মত পর্যবেক্ষণের এটাই প্রথম ধাপ। লিওনার্দোর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো রেনে দেকার্তের দেহ ও মনের দ্বৈততার বা ডুয়ালিজমের ধারণা। দেকার্তে বলেছিলেন 'আমি চিন্তা করি, তাই আমি আছি' (cogito ergo sum)। মস্তিষ্ক এবং এর সকল স্নায়ুকোষ এবং অন্যান্য কর্মকাণ্ডকে বিবেচনা করে তিনি মানবদেহকে একটি মেশিনের সাথে তুলনা করেছিলেন। তাঁর মতে, সকল যান্ত্রিকতা নিয়ে মানবদেহ একদিকে, আর অন্যদিকে আছে মনন যা পুরোটাই সাবজেক্টিভ। তার 'ত্রেতে দ্য লো'ম' (সঠিক ফরাসি উচ্চারণ নয়) বা 'ট্রিটিজ অব ম্যান' (১৬৬৪) গ্রন্থে তিনি লিখেছেন, "আমি বলতে চাই, ঘড়ির কাঁটার মতো যান্ত্রিক দক্ষতায় এই মেশিনে (মানব দেহের) বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের সাহায্যে এইসব কার্যাদি অত্যন্ত স্বাভাবিকভাবে সাধিত হয় বলে আপনি জেনে রাখুন।"
'এই সব কার্যাদি' বলতে দেকার্তে হজম, রেচন, শ্বসন, হাঁটা, ঘুমানো, কল্পনাশক্তি, এমনকি স্মৃতি ধরে রাখার ব্যাপারগুলোও অন্তর্ভুক্ত করেছেন।

দেকার্তের মতে পশু ও মানুষের দেহের যান্ত্রিকতা তুলনীয়, কিন্তু অতুলনীয় হলো মানুষের মনন। এই মননই মানুষকে পশুর থেকে আলাদা করে। তিনি মনে করতেন আত্মা বা মনন বা চেতনার উৎস মস্তিষ্কের পেছনের দিকে অবস্থিত পিনিয়াল গ্রন্থি। দেকার্তের এই দ্বৈততা মানুষকে মস্তিষ্ক এবং চেতনার উৎস নিয়ে বৈজ্ঞানিক গবেষণার পথ উন্মুক্ত করে দেয়। মানবদেহ যে আসলে একটা যন্ত্র তা বিজ্ঞানী ছাড়া আর কে ভালো জানে?

মানবমস্তিষ্কের বিভিন্ন অংশ যে নানাবিধ মানসিক কর্মকান্ডের উৎস দিনদিন আধুনিক মানুষের কাছে পরিষ্কার হতে শুরু করে। ভিয়েনায় ডাক্তার ফ্রাঞ্জ গ্যাল মস্তিষ্কের বিভিন্ন অংশের সাথে বিভিন্ন মানসিক প্রক্রিয়ার উৎস হিসেবে চিহ্নিত করতে শুরু করেন। এভাবে ফ্রেনোলজি নামের এক ছদ্ম-বিজ্ঞানের উৎপত্তি হয় যা খুলির বা করোটির উঁচু-নিচু কাঠামোর সাথে মানবচরিত্রের মিল খুঁজে পায়। ঠিক এই সময়ে ১৮৪৮ সালে এক অসাধারণ দুর্ঘটনা ঘটে যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ডে। রেললাইনের কাজে একটা বড় পাথর সরাতে গিয়ে অনিয়ন্ত্রিত বিস্কোরণের ফলে সাড়ে তিন ফুট লম্বা সোয়া ইঞ্চি ব্যাসের তেরো পাউন্ড ওজনের ভারী একটি সূঁচালো লোহার দন্ড ফিনিয়াস গেজ নামক এক ব্যাক্তিকে আঘাত করে। ভদ্রলোক পেশায় বিস্ফোরণ-বিশেষজ্ঞ ছিলেন এবং ঐ বিস্ফোরণের তদারকি করছিলেন। উক্ত লোহার রডটি গেজ সাহেবের বাঁ চোখের ঠিক নিচে আঘাত করে এবং মাথার খুলি ফুটো করে পঞ্চাশ গজ দূরে গিয়ে পড়ে। এই সাংঘাতিক দুর্ঘটনায়, দেখা গেল, গেজ সাহেবের কিছুই হয়নি। প্রচুর রক্তক্ষরণ হলেও তিনি দিব্যি সুস্থ হয়ে ওঠেন। কিন্তু কিছুদিন পর বোঝা গেল আগের সেই নম্র-ভদ্র, কাজ-পাগল ভালোমানুষটি আর নেই। বদলে দেখা গেল এক নতুন গেজ সাহেব যার মেজাজ বড়ই খিটমিটে, একটা বদমেজাজি বাচ্চা-ছেলের মতো ব্যক্তিত্ব ফুটে উঠল। গেজ সাহেবের মৃত্যুর পর তার মাথার খুলি ও লোহার রডটি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মেডিকেল কলেজ মিউজিয়ামে রাখা হয় প্রদর্শনীর জন্য। বলা বাহুল্য, তার মৃত্যু ঘটেছিল স্বাভাবিক বয়সে পরিণত বয়সে। কিন্তু এই দুর্ঘটনাটির ফলে বিজ্ঞানীরা পরিস্কার বুঝতে পারলেন, মানুষের চেতনার অস্তিত্ব তার মস্তিষ্কে। মস্তিষ্ক আঘাত পেলে মানুষের মানসিক কর্মকাণ্ড ব্যাহত হয়।

মানুষের মস্তিষ্কের কার্যকারিতা এখনো পুরোপুরি বুঝে ওঠা সম্ভব হয়নি। তাই বর্তমানে বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে জটিল ও রহস্যময় বস্তু হলো মানুষের মস্তিষ্ক। গড়পরতায় মানুষের মগজের ওজন দেড় কিলোগ্রাম যার মধ্যে প্রায় এক বিলিয়ন সংখ্যক নিউরন বা স্নায়ুকোষ আছে। দেহের ওজনের তুলনায় মানুষের মগজের ওজন ও আকৃতি আমাদের নিকটতম প্রজাতির তুলনায় অনেক বেশি। এখন আমরা নিশ্চিতভাবেই জানি যে মানবমস্তিষ্কেই থাকে মানুষের মননের উৎস, তার চেতনা, তার 'আমিত্ব'। কীভাবে জানি? যেমন ফিনিয়াস গেজের আঘাতের ফলে তার ব্যক্তিত্ব বদলে যায়, তেমনি অন্যান্য বহু ক্ষেত্রে দেখা গেছে যারা মাথায় আঘাত পেয়েছে, তাদের মানসিক কর্মকাণ্ড নানাভাবে বদলে গেছে। বিশেষ করে দেখা যায়, বিভিন্ন ড্রাগের প্রভাবে মানসিক অবস্থার পরিবর্তন ঘটে। মস্তিষ্কের বিভিন্ন অংশের বৈদ্যুতিক ক্রিয়াকলাপ পর্যবেক্ষণ করেও একই জিনিস দেখা গেছে। মস্তিষ্কের বেশ কিছু অঞ্চলের উদ্দীপিত ক্রিয়ার ফলে নির্দিষ্ট কিছু দৈহিক বা মানসিক ক্রিয়া চালিত হয়। আমাদের মস্তিষ্কের গঠনও একটু বেমানান। কেননা এর কার্যকর কেন্দ্রগুলো বেশ বিস্তৃত বা ডিস্ট্রিবিউটেড, ঠিক কেন্দ্রীভূত নয়। অর্থাৎ কোনো একটি কাজের জন্য মস্তিষ্কের একাধিক অঞ্চল উদ্দীপিত হয়। এর অর্থ হলো কার্যকর কেন্দ্রগুলো মস্তিষ্কের একাধিক জায়গায় বিস্তৃত এবং স্নায়ুসংযোগগুলো সমান্তরাল। অর্থাৎ মস্তিস্কের মূলসূত্র হলো প্যারালাল কমপিউটিংয়ের ধারা যাতে একাধিক সংযোগের মাধ্যমে সমান্তরাল ধারায় কার্যক্রম পরিচালিত হয়। এরকম বিকেন্দ্রীভূত ও সমান্তরাল সংযোগ ঠিক কীভাবে নিরবচ্ছিন্ন চেতনার জন্ম দেয় তা ঠিক স্পষ্ট নয়।

পার্সোনাল কমপিউটারের মতো মস্তিষ্কের কোনো কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ কেন্দ্র বা সিপিইউ নেই। পঞ্চেন্দ্রিয়ের সাহায্যে মস্তিষ্ক বাইরে থেকে সংকেত গ্রহণ করে। তারপর এর বহুধাবিস্তৃত নেটওয়ার্কের সাহায্যে দৃষ্টি, শ্রুতি, বাচন, মোটর স্নায়ুকোষ নিয়ন্ত্রণসহ অন্য বহু সিদ্ধান্ত গ্রহণ ও তার পরিচালনা সম্পন্ন করে। কিন্তু এসব কাজ নির্দিষ্ট কিছু অঞ্চলে কেন্দ্রভূত থাকে না। বরঞ্চ দেখা যায়, একাধিক অঞ্চলের সমন্বিত প্রক্রিয়ায় কোনো একটি কাজ সমাধা হচ্ছে।
অথচ মস্তিষ্ক বিকেন্দ্রীভূত ও সমান্তরাল হলেও আমার 'আমিত্ব' একটি একক অনুভূতি। বিয়েবাড়িতে কাচ্চি বিরিয়ানির গরম-নরম রসালো মাংসপিণ্ডটি আমি মুখে দিচ্ছি, এই যে অনন্য অনুভূতি কিংবা আঙ্গুলে পিন ফুটালে যে ব্যথা আমি পাচ্ছি, কিংবা সত্যজিতের 'পথের পাঁচালী' দেখে যে তুরীয় আনন্দ আমি উপভোগ করছি, অথবা এই যে আমি লিখছি, এর যে আনন্দ আমি পাচ্ছি, কিংবা এটি পড়ে আপনি যে কষ্ট (কিংবা আনন্দ?) পাচ্ছেন–এসব অনুভূতিই একক সত্তার চেতন-ফল। এর মধ্যে কোনো ফাঁক নেই। এই নিরবচ্ছিন্ন চেতন-বোধের ব্যাখ্যা প্রয়োজন; চেতনার নির্ঘন্ট (কন্টেন্ট্স অব কনশাসনেস), চেতনার নিরবচ্ছিন্নতা (কন্টিনিউটি অব কনশাসনেস) এবং চেতনার 'আমিত্বে'র ব্যাখ্যা আমরা জানতে চাই। মজার বিষয়, মস্তিষ্কের অভ্যন্তরে আমাদের চেতনা জাগ্রত রাখতে যে ধুন্ধুমার কাণ্ড ঘটছে তার বিষয়ে আমরা কিন্তু অচেতন। কোনো কিছু দেখলে মস্তিষ্কের ভিজুয়াল কর্টেক্সে যে বৈদ্যুতিক ক্রিয়াকলাপ দেখা যায়, কিংবা পায়ের আঙ্গুলে স্পর্শ করলে সেই সংকেত নার্ভের বৈদ্যুতিক পরিবেশের মধ্য দিয়ে আমাদের মেরুদণ্ড বেয়ে আমাদের মস্তিষ্কে ঢুকছে–এসব বিষয়ে আমরা সম্পূর্ণ অসচেতন। এভাবে চেতনার জগতে অচেতন (আনকনশাস) বা অবচেতনার (সাব-কনশাস) সৃষ্টি হয়। এসব নিয়ে অবশ্য সিগমুন্ড ফ্রয়েড বা কার্ল ইয়ুঙের গবেষণা আছে।

একজন বিজ্ঞানী মস্তিষ্কের কোথায় চেতনার উৎপত্তি হয় তা কীভাবে খোঁজেন? আমরা দেখেছি, মানবমস্তিষ্কে অসংখ্য নিউরনের অগণন সমান্তরাল সংযোগ থাকে, তার মধ্যে আবার মস্তিষ্কে কোনো কেন্দ্রীভূত প্রক্রিয়াকরণ অঞ্চলও নেই। তাহলে প্রশ্ন আসে, কী খুঁজব, কোথায় খুঁজব? এই কাজকে সহজ করার জন্য আজকাল নিউরোসায়েন্টিস্টরা একটা বিশেষ শব্দের সংজ্ঞা দিয়েছেন। শব্দটি হলো 'নিউরাল কোরিলেট্স অব কনশাসনেস' (সংক্ষেপে এনসিসি)। এর দ্বারা বিজ্ঞানীরা একগুচ্ছ নিউরাল সংযোগ বুঝে থাকেন যেগুলো কোনো সাবজেক্টিভ অভিজ্ঞতার সাথে সরাসরি সম্পর্কযুক্ত বা যাদের সাথে পরোক্ষ কোনো সংস্রব আছে। যেমন, ব্যথার কথা যদি আমরা আলোচনা করি, তাহলে ভাবুন তো দেখি আপনি আপনার ব্যথাকে কীভাবে ভাষায় প্রকাশ করবেন? ব্যথার এই যে অনন্য সাবজেক্টিভ এক্সপেরিয়েন্স, তা কারো ক্ষেত্রে তুলনীয় নয়। 'কী যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু আশীবিষে দংশেনি যারে'–ব্যথার কোনো তুলনা সত্যিই নেই। কিন্তু আমরা ব্যথা টের পাই কী করে ? বিজ্ঞানী বলবেন, "আঘাতের স্থানে বিবিধ রাসায়নিকের লেনদেন ঘটে, তারপর 'সি-ফাইবার' নামের বিশেষ স্নায়ুকোষ বাহিত হয়ে ঐ সিগনাল আমাদের মেরুদণ্ডে পৌঁছে, তার থেকে মস্তিষ্ক-কাণ্ড হয়ে সংকেত গিয়ে পৌঁছে থ্যালামাস, সোমাটোসেন্সরি কর্টেক্স (যেখানে আমাদের দেহের একটা সম্পূর্ণ ম্যাপ সংরক্ষিত আছে) এবং মস্তিষ্কের সিঙ্গুলেট কর্টেক্সে। ব্রেইন স্ক্যান স্পষ্ট দেখিয়েছে যে ব্যথা যতো তীব্র হয়, ঐসব অঞ্চলে উদ্দীপনা ততো বেশি হয়। কাজেই ব্যথার স্নায়বিক সংশ্রব সম্পর্কে আমরা কিছুটা জানি।" (সুজান ব্ল্যাকমোর, 'কনশাসনেস', পৃ.২১, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, ২০০৫)

দৃষ্টিশক্তি নিয়ে গবেষণাও দৃষ্টি সংক্রান্ত এনসিসি'গুলি আলাদা করতে সাহায্য করে। মানুষ ও বানরের ক্ষেত্রে দেখা গেছে, মস্তিষ্কের ভিজুয়াল কর্টেক্স ও টেম্পোরাল কর্টেক্স অঞ্চলে দৃষ্টি-জনিত উদ্দীপনা দেখা যায়। কিন্তু উদ্দীপনা দেখা এক কথা আর চেতনার পীঠস্থান হওয়া আরেক কথা। বিজ্ঞানীরা তাই দৃষ্টির চেতনাদানকারী কেন্দ্র ঐ দুটি অঞ্চল কিনা সে বিষয়ে নিঃসন্দেহ নন। এ প্রসঙ্গে একটা কথা বলা দরকার। চোখের রেটিনা বাইরের জগতের যে ছবি ধারণ করে তা বড়ই ত্রুটিপূর্ণ। এর সাথে যদি ক্যামেরায় তোলা কোনো ছবির তুলনা করা যায়, তবে দেখা যাবে রেটিনার ছবিতে এখানে-ওখানে অনেক পিক্সেল নেই। এরকম একটা অসম্পূর্ণ ছবি থেকে মস্তিষ্ক আমাদের একটা পরিপূর্ণ ধারণা তৈরি করে দেয়। অর্থাৎ রেটিনা থেকে টুটাফাটা ছবি নিয়ে মস্তিষ্কের বিভিন্ন অংশে উন্নত সিগনাল প্রসেসিং করা হয়, ফলে দ্বিমাত্রিক অসম্পূর্ণ ছবি থেকে আমরা বাইরের জগতের একটা ত্রিমাত্রিক পরিপূর্ণ ধারণা পাই। ইমেজ প্রসেসিংয়ের এই দুর্দান্ত কাজটা আমাদের মগজ আমাদের অজান্তে সেকেন্ডের ভগ্নাংশ সময়ের মধ্যে প্রতিনিয়ত করে চলেছে।

মস্তিস্কের স্নায়ুকোষগুলো খুবই সংবেদনশীল। স্নায়ুকোষ একবার মরে গেলে আর নতুন করে গজায় না। দেহের অন্যত্র কোষের প্রতিস্থাপন ঘটলেও স্নায়ুকোষ তার ব্যতিক্রম। তাই মস্তিস্ক কোনো কারণে আঘাত পেলে বা স্নায়ুকোষ ক্ষতিগ্রস্ত হলে সে আঘাত থেকে ফিরে আসা যায় না। মস্তিষ্কের স্ট্রোকে যেমনটি দেখা যায়, রোগীর প্যারালাইসিস হয়। আমার পিতামহের ঘটনার কথাই বলি। তিনি ছিলেন অতি সাবধানী ডায়াবেটিক রোগী। তিনি এমন সাবধানী ছিলেন যে, কোনো একদিন তাঁর দেহে চিনির মারাত্মক স্বল্পতা দেখা দেয়। চিনি শর্করার উৎস এবং মস্তিষ্কের প্রধান শক্তি-উৎস। দেহে চিনির মাত্রা কমে যাওয়ায় তাঁর মস্তিস্ক-কোষগুলো চিনির জন্য ব্যাকুল হয়ে ওঠে। সময়মতো চিনি না পাওয়ায় তাঁর মস্তিষ্কের এক-অংশের স্নায়ুকোষগুলো স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। কাজেই তাঁর দেহের বাঁ পাশটি আমৃত্যু প্যারালাইজ্ড হয়ে পড়ে। এমনি ঘটনা হামেশাই আমরা শুনে থাকি। একই ঘটনা ঘটে যদি মস্তিষ্কের রক্তকোষ বন্ধ হয়ে যায়। এর ফলে মানবদেহে অভূতপূর্ব শারীরিক ঘটনার সৃষ্টি হয়। যেহেতু মস্তিষ্কের ডান-অর্ধ দেহের পুরো বাম অংশ এবং বাম-অর্ধ দেহের ডান-অংশ নিয়ন্ত্রণ করে, তাই এই ধরনের অসুস্থতা চিকিৎসকদের সুযোগ করে দেয় মস্তিষ্ক নিয়ে অধিকতর গবেষণা করতে। দেখা যায়, এধরনের রোগীরা যেন তাদের অর্ধেক জগৎ হারিয়ে ফেলেছে। যদি কারো মস্তিষ্কের ডান অংশ ক্ষতিগ্রস্থ হয়, তবে তার দেহের বাম-অংশ অকেজো হয়ে যায়। সেক্ষেত্রে সে তার বাম চোখ দিয়ে যা-ই দেখুক না কেন তা তার চেতনার সম্পূর্ণ বাইরে থাকে বলে প্রতীতি হয়। তারা হয়ত বামদিকের জগতের সবকিছু দেখছে-শুনছে-স্পর্শ করছে, কিন্তু সেটা অচেতনভাবে। এমন রোগীদের ক্ষেত্রে দেখা গেছে তারা হয়ত গালের শুধু ডানপাশ শেভ করছে, কিংবা ঘরে ঢুকে শুধু ডানদিকে দাঁড়ানো মানুষজনকে দেখছে, অন্যপাশ সম্পূর্ণ উহ্য থাকছে। স্মৃতি নিয়েও বহু গবেষণা হয়েছে এবং মজার সব তথ্য সেখান থেকেও শেখা গেছে। ১৯৬০-এর দশকে বেঞ্জামিন লিবেটের করা পরীক্ষায় দেখা গেছে কোনো স্নায়বিক উদ্দীপনা আধা-সেকেন্ড পর চেতনা সৃষ্টি করে। বাহুতে কোনো স্পর্শ লাগলে তার থেকে তৈরি সিগনাল মস্তিষ্কে পৌঁছে কয়েকশত মিলিসেকেন্ডে, কানের শব্দ তারও আগে পৌঁছে, চোখে আলো পড়লে তার সংকেত পৌঁছোতে সময় নেয় দুইশত মিলিসেকেন্ড। অথচ চেতনা সৃষ্টি হতে সময় লাগে অর্ধেক সেকেন্ড (পাঁচশত মিলিসেকেন্ড)। মজার বিষয়, মস্তিষ্ক চেতনার সংগঠনকে এমনভাবে প্রতিস্থাপন করে যে মনে হয় যেন ঘটনাটি সত্যিই আগে ঘটেছে, অর্থাৎ তাৎক্ষণিক নয়। এর নাম 'ব্যাকওয়ার্ড রেফারাল'। যেহেতু চেতনা সম্পন্ন হতে বেশ দেরী হয়, মস্তিষ্ক তাই দেরীটুকু ধরেই চেতনাকে উপস্থাপন করে। কাজেই যে উদ্দীপনা চেতনা সৃষ্টি করে, সেই উদ্দীপনার সিগনাল মস্তিষ্কে পৌছঁনোর পর চেতনা সৃষ্টি হয়। অতঃপর চেতনার টাইমিং ঐ উদ্দীপনার টাইমিংয়ের সাথে মিলিয়ে পিছিয়ে দেওয়া হয়। তাই ঐ আধ-সেকেন্ড দেরীটুকু বোধের বাইরে থেকে যায়। এটা অবশ্য লিবেটের ব্যাখ্য। এই ব্যাখ্যা নিয়ে অন্য বিজ্ঞানীরা সন্তষ্ট নন মোটেও, কিন্তু বিকল্প কোনো ভালো ব্যাখ্যাও দিতে পারছেন না। অনেকে আবার মনে করেন, মস্তিষ্কের কোষের ভেতরের মাইক্রোটিউবিউল বা অণু-নালিকার ভেতরের ক্রিয়াকারিতায় যেহেতু এই সংকেতগুলোর আদান-প্রদান হয় এবং ঐ অণু-নালিকার আকৃতি অত্যন্ত ক্ষুদ্র (বাইরের ব্যাস ২৫ ন্যানো, ভেতরের ১৪ ন্যানো), তাই কোয়ান্টাম তত্ত্ব আসলে চেতনার মূল রহস্যকে ব্যাখ্যা করবে। এই তত্ত্বের উদগাতা স্যার রজার পেনরোজ। (দেখুন তাঁর গ্রন্থ 'শ্যাডোস অব দ্য মাইন্ড', পৃ ৩৫৮- ৩৯২, ১৯৯৪)।

মস্তিষ্কের কার্যকারিতার বিষয়টি আরো কৌতূহলোদ্দীপক হয় স্পিট ব্রেইন পরীক্ষায়। এইসব পরীক্ষায় মস্তিষ্কের ডান ও বাম-অর্ধকে আলাদা করা হয় সার্জারির মাধ্যমে। ১৯৫০ ও ১৯৬০'র দশকে মৃগীরোগের চিকিৎসায় মস্তিষ্কের কর্পাস কলোসামকে বিচ্ছিন্ন করা হতো। এতে করে মস্তিষ্কের দুই অর্ধের মধ্যের সংযোগ ছিন্ন হয়ে যায়। আমরা সবাই জানি যে, দেহের বাম অংশের সকল স্নায়ু এবং ডান অংশের সকল স্নায়ু পরস্পরকে আড়াআড়ি ক্রস করে মস্তিষ্কের যথাক্রমে ডান ও বাম অংশের সাথে যুক্ত হয়েছে। এই ক্রসিং কেন হয় সেটার বিবর্তনজনিত কোনো ব্যাখ্যা আজো স্পষ্ট নয়। যা-হোক, স্পিট ব্রেটন এক্সপেরিমেন্টে দেখা যায় মানুষের চেতনা কীভাবে মস্তিষ্কের আন্তঃসংযোগের উপর নির্ভর করে। সেই সংযোগ বিচ্ছিন্ন হলে চেতনাও খণ্ডিত হয়। দেখা গেছে, স্পিট ব্রেইন রোগীর ক্ষেত্রে ডান চোখে যা-কিছু দেখে তা বাম মস্তিষ্কে চলে যায়। অধিকাংশ মানুষের মস্তিষ্কের বাম অংশেই থাকে কথা-বলার কেন্দ্রটি। তাই এ ধরনের রোগী ডান চোখে যা দেখে শুধু সেটাই বলতে পারে। বাম চোখে যা দেখে সে সম্পর্কে ওয়াকিবহাল থাকলেও কিছু বলতে পারে না। মস্তিষ্কের ডান-বাম সংযোগটি বিচ্ছিন্ন থাকায় কোন অংশ কী দেখছে তা অপর অংশটি জানে না। এই সংক্রান্ত একটি বিখ্যাত পরীক্ষায় এক রোগীর বাম চোখে বরফ পড়ার দৃশ্য ও ডান চোখে মুরগির পায়ের ছবি দেখানো হয়। তারপর তাকে একগুচ্ছ বিভিন্ন ছবির সংগ্রহ দিয়ে বলা হলো যে তুমি যেমনটি দেখলে তার সাথে মেলে এমন ছবিটি চিহ্নিত কর। রোগীটি তার বাম হাত দিয়ে একটি কোদাল ও ডান হাত দিয়ে একটি মুরগি'র ছবি তুলে আনে। তার মস্তিষ্কের ভিন্ন ভিন্ন অংশ ভিন্ন ভিন্ন ছবি দেখেছে এবং তদনুযায়ী সে ছবি পছন্দ করেছে। এক্ষেত্রে বরফ পড়ার ছবি দেখে সে বরফ সরানোর জন্য কোদাল পছন্দ করে, আবার মুরগির পা দেখায় সে মুরগির ছবি পছন্দ করে। দুটোই কিন্তু পরস্পর বিচ্ছিন্ন দুটি বিষয়। কিন্তু তাকে যখন প্রশ্ন করা হলো, তুমি কেন মুরগির ছবির সাথে কোদালের ছবি নিলে, তখন সে বলল যে মুরগি থাকলে মুরগির ঘরও থাকবে, আর সে ঘর পরিস্কার করতে কোদাল লাগবে। বোঝা যায়, এই রোগীর মস্তিস্কের দুই সংযোগহীন অংশ আলাদাভাবে সচেতন। কিন্তু দুই অংশের মধ্যে কোনো যোগাযোগ না থাকায় এবং বাম-অর্ধে কথা বলার অংশটি থাকায় সেই অংশটি তার খণ্ডিত চেতনার একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছে। তাই সংযোগ বিছিন্ন বা স্পিট র্রেইন মস্তিষ্কের দুটি আলাদা সত্তা থাকে বলে মনে হয়, কিন্তু এ বিষয়ে আরো পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন। অনেক বিজ্ঞানী মনে করেন যে আসলে স্পিট-ব্রেইন রোগীদের দ্বৈত-সত্তা বা ওরকম কিছু নেই। যা হচ্ছে তা হলো ব্রেইনের বিভিন্ন অংশ বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছে, কোনো ক্ষেত্রে সেসব অভিজ্ঞতার কোনো দাবীদার নেই, কোনো ক্ষেত্রে আছে। এটাই সারকথা। ব্রেইন একটা মেশিন, সে তার মতো কাজ করে যাবে, তথ্যের ইনপুট গ্রহণ করবে, তারপর সেই অনুযায়ী প্রক্রিয়াকরণ করে একটা আউটপ্টু দেবে। সেই আউটপুট সিগনাল গ্রহণ করার মতো কোনো এজেন্ট না থাকলে নেই। আপনি চলা টেলিভিশনের মতো, দর্শক না থাকলেও টেলিভিশনটি চলতেই থাকে।

চেতন-সত্তা বা 'আমিত্বে'র ব্যাখায় বিভিন্ন নিউরোসায়েন্টিস্ট, সাইকোলজিস্ট, দার্শনিকরা একেক তত্ত্ব দিচ্ছেন। বিজ্ঞনীদের লাখ কথার এক কথা– মস্তিষ্কের কোনো-না-কোনো অংশের ক্রিয়া-তৎপরতার ফলে অভিজ্ঞতার একটা প্রতিরূপ (বাইরের ইনপুট সিগনাল ও মস্তিষ্কের নিজস্ব প্রক্রিয়াকরণের ফলে উদ্ভূত আউটপুট সিগনাল) তৈরি হয়। এই প্রতিরূপ তখন একটি সামগ্রিক চেতনার অংশ হিসেবে উপস্থাপিত হয়। অর্থাৎ বাইরের গৃহীত সংকেতের উপর মস্তিষ্ক তার নিজস্ব কারিগরী খাটিয়ে একটা ফাইনাল সিগনাল তৈরি করে (ভিজুয়াল বা দৃশ্য সংকেতের ক্ষেত্রে এটা খুব সত্যি)। এরকম আরো বহু সিগনাল মিলেই 'আমিত্বের' একটা প্রবহমান অস্তিত্বের সৃষ্টি হয়। ঠিক কীভাবে সেটা পরিষ্কার নয়, কিন্তু এমনটাই হয়। মস্তিষ্কের কোনো নিদিষ্ট অংশের নির্দিষ্ট কার্যশৃঙ্খলাকে যেহেতু চেতন-সত্তার জন্য দায়ী করা যায়নি, তাই অনেক বিজ্ঞানীই এই মত পোষণ করে যে 'আমিত্ব' বলে কিছু নেই, পুরোটাই মায়া।

অর্থাৎ আমাদের চেতনা একটা প্রবহমান কল্পনা। কিন্তু চেতনা যে কী বাস্তব তা আমরা সবাই জানি। এই যে আমি অত্যন্ত সচেতনভাবে লিখছি, আপনি সচেতনভাবে পড়ছেন, আঙুলে পিন ফোটালে আমি সংঘাতিক ব্যথা পাই, একটি ছেলে একটি মেয়েকে অত্যন্ত সচেতনভাবে ভালোবাসে কিংবা মেয়েটি ছেলেটিকে (কিন্তু অন্য কাউকে নয়)– এই যে চেতন সংঘটন, একে অস্বীকার করি কী করে? এমনকি হতে পারে যে, মস্তিকের বিলিয়ন-সংখ্যক নিউরন এবং ততোধিক সমান্তরাল সংযোগের ফলে যে জটিল নেটওয়ার্কের সৃষ্টি হয় তার ফলে যে এমার্জেন্ট বিহেভিয়ারের (অন্যান্য নেটওয়ার্কের ক্ষেত্রেও দেখা যায়) উৎপত্তি হয় সেটাই চেতনার অনুভূতির সৃষ্টি করে?

চেতনার পরিবর্তিত রূপ প্রকাশ করতে সাইকোঅ্যাকটিভ ড্রাগের জুড়ি মেলা ভার। বিভিন্ন ওষুধ-ওষধি-ড্রাগ যে আমাদের সত্তাকে নানাভাবে প্রভাবিত করে তা বহুকাল ধরে মানুষ জানে। গাঁজার ব্যবহার পাঁচ হাজার বছরের পুরনো, প্রাচীন বেদ-গ্রন্থে সোমরসের কথা আছে। এরা সবাই নানাবিধ নেশাজাত দ্রব্য। একই রকম আছে হেরোইন, চরস, কোকেন, মরফিন, এলএসডি ইত্যাদি। শেষোক্তটি বিশেষ শক্তিশালী মাদকতার সৃষ্টি করে। এক বর্ণনায় দেখা গেছে, এলএসডি সেবনের ফলে এক দীর্ঘস্থায়ী (আট থেকে দশ ঘন্টা) তুরীয় দশায় পৌঁছনো যায় যেখানে রঙের এক বর্ণিল অভিজ্ঞতা পাওয়া যায়, ওয়ালপেপারকে মনে হয় অসাধারণ উজ্জ্বল রঙের সাপের মতো, চলমান গাড়িকে মনে হয় সহস্রপদী ড্রাগন ইত্যাদি। এসব ওষুধের কার্য দেখে সত্যিই প্রতীয়মান হয় মস্তিষ্কের বিভিন্ন রাসায়নিক বস্তু কম-বেশি আমাদের চেতনাকে প্রভাবিত করে। 'লাফিং গ্যাস' নামে পরিচিত নাইট্রাস অক্সাইডের কথা তো অনেকেই পাঠ্যবইয়ে পড়ে থাকবেন, কিংবা সার্জারির আগে চেতনানাশক অ্যানেস্থেশিয়ার কথা আমরা সবাই জানি। ক্লোরোফর্ম বা হাশীশের কথাও আমরা জানি। এসব ওষুধের ক্রিয়া আসলে এই কথাই বলে যে মস্তিষ্কে নানারকম রাসায়নিকের উপস্থিতি আছে, যাদের নিত্য ক্রিয়া-বিক্রিয়ায় আমাদের চেতনা নানাভাবে প্রভাবিত হয়। আমাদের অনূভূতির অনেক ব্যাখ্যা আসে এসব সাইকো-অ্যাকোটিভ ড্রাগের কল্যাণে।

এই রচনার শুরুতে আয়না নিয়ে আমার ব্যক্তিগত বালসুলভ চিন্তাভাবনার কথা বলেছি। আয়না দিয়ে অন্যান্য প্রাণীর আত্মসচেনতনা পরীক্ষা করা হয়েছে। দেখা গেছে, মানব-শিশু আঠারো মাস বয়স থেকে আত্মসচেতন। শিম্পাঞ্জি, ওরাং-ওটানরা আধা-আত্মসচেতন; গরিলারা নয়, বানর তো নয়ই। ১৮৭২ সালে ডারউইন দুই ওরাং-ওটানকে আয়না দিয়ে মজা দেখেছিলেন। তিনি দেখেছিলেন, ওরা আয়নায় অনেক চুমু দিচ্ছে, নানারকম খেলা খেলছে।

অনেকেই মনে করেন ভাষার সাথে চেতনার একটা গূঢ় সংযোগ আছে। ভাষার মাধ্যমে চেতনাধারী আত্মসচেতন হয়, মননের অধিকারী হয় এবং নিজের সত্তার ধারাবাহিকতা (অতীত-ভবিষ্যৎ) সম্পর্কে অবহিত থাকে। সেক্ষেত্রে মানুষ ছাড়া আর কোনো প্রাণীর চেতনা নেই। তাই কি? তাই চেতনার মহান নাটকের এখনো অনেক অজানা আছে। চেতনা আসলে কী, কেন জন্মায়, কীভাবে তার উৎপত্তি তার কিছুই আমরা এখনো স্পষ্টভাবে জানি না।

তথ্যঃ
১। সুসান ব্লাকমোর, 'কনশাসনেস : আ ভেরি শর্ট ইন্ট্রোডাকশন,' অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, ২০০৫।
২। কলিন ব্লেকমোর, 'মেকানিক্স অব দ্য মাইন্ড,' ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস, ১৯৭৭।

ফারসীম মান্নান মোহাম্মদী: বিজ্ঞান গবেষক ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।