পেরুর প্রেসিডেন্ট নির্বাচন: নোবেল বিজয়ীর অগ্নিমূর্তি
পেরুর সাধারণ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দ্বিতীয় রাউন্ডে প্রতিদ্বন্দ্বী রক্ষণশীল দলের প্রার্থী কেইকো ফুহিমোরোকে সংকীর্ণ ভোটের ব্যবধানে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ৪৮ বছর বয়সী সাবেক সেনা কর্মকর্তা সমাজতন্ত্রী ওইয়ান্তো মোইসেস উমালা তাসসো উমালার জন্ম ২৬ জুন, ১৯৩২ সালে। বিদায়ী প্রেসিডেন্ট এলান গার্সিয়ার মূলাভিষিক্ত হবেন তিনি পাঁচ বছরের জন্য।
দক্ষিণ আমেরিকার অন্যতম উজ্জ্বল ও সমৃদ্ধ অর্থনীতির দেশ পেরুর জনগনের মাথা পিছু আয় প্রায় ৬০০০ ডলার। দেশটির বার্ষিক প্রবৃদ্ধি ২০১১ সালে অনুমিত হয় ২৯৯.৬৪৮ বিলিয়ন ডলারে। পরপর বারো বছর দেশটি প্রত্যক্ষ করেছে বর্ধনশীল বার্ষিক প্রবৃদ্ধি। যা ল্যাটিন আমেরিকার দেশসমূহের মধ্যে এক রেকর্ড।
প্রেসিডেন্ট পদপ্রার্থী দুই জনেরই রয়েছে বিতর্কিত অতীত। একজনের স্বীয় কর্মফলের কারণে, আরেক জনের পিতৃ অপরাধে! মিজ ফুহিমোরোর পিতা আলবের্তো ফুহিশোরোর শাসনকালের শেষ দিকে (জুলাই ২৮, ১৯৯০ -২২ নভেম্বর ২০০০)।
উমালা ৬০ জন সেনাসদস্য নিয়ে মূলত: এক ধরনের ব্যর্থ প্রতীকী বিদ্রোহ করেন টাসনা নামক দক্ষিণঞ্চলীয় শহরে। বিদ্রোহ ছিলো খুবই ক্ষণস্থায়ী এবং রক্তপাতহীন। উমালা বন্দী হলেন। সামরিক আদালতে বিচারের পর তার কারাদ- হলো। আর প্রেসিডেন্ট ফুহিমোরো তাঁর শাসনকালের অবসানের আগেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হওয়ার ভয়ে পাড়ি জমালেন পিতৃভূমি জাপানে।
সেখান থেকে ফ্যাক্সে পদত্যাগপত্র পাঠালেন। পদত্যাগপত্র গৃহীত হলো না। তাকে বলা হলো সশরীরে হাজির হয়ে পদত্যাগ করতে। অনেক কূটনৈতিক দেনদরবারের পর জাপান তাকে ফেরত পাঠালো পেরুতে। বিচার হলো তার।
দুর্নীতি আর গেরিলা দমনের নামে গণহত্যা চালানোর অভিযোগে তাঁকে পঁচিশ বছর কারাদণ্ড দেয়া হয় এবং বর্তমানে তিনি কারাভোগ করছেন। আর কারাগারে আটক উমালা পেরুর কংগ্রেসের ক্ষমা লাভ করে কারাগার থেকে মুক্ত হলেন।
পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা ইনকাম দেশ পেরু। আমাজন অববাহিকায় অবস্থিত দেশটিতে প্রশান্ত মহাসাগর আর আন্দিস পর্বতমালার সমাহার সৃষ্টি করেছে অপূর্ব নিসর্গ।
৪৯৬. ২২৫ বর্গ মাইলের দেশটির ২০১০ সালে অনুমিত জনসংখ্যা ২৯,৪৯৬.০০০। এতোজন মানুষের দেশটিতে প্রেসিডেন্ট পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কর্ণেল উমালা আর মিজ ফুহিমোরো ছাড়া আর কোনো মানুষ নেই। এমনটি ভেবে সাধারণ ভোটাররা খুবই ক্ষুব্ধ!
উমালা নিজেই শুধু সেনা বিদ্রোহ করার মতো গুরুতর অপরাধ করেননি। তার এক ভাই আনতাউরো উমালা ২০০৫ সালে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার অপরাধে বিভিন্ন কারাগারে পঁচিশ বছরের কারাদণ্ড ভোগ করছেন।
আর নির্বাচনী প্রচারণার শুরুতে মিজ ফুহিমোরো তাঁর বাবা আলবের্তোকে 'পেরুর ইতিহাসের সেরা প্রেসিডেন্ট' অভিহিত করায় ভোটাররা ক্ষুন্ন হন। আলবের্তোর জন্য পিতৃভক্তি থাকা কন্যা কেইকোর পক্ষে স্বাভাবিক। কিন্তু সাধারণ ভোটারের কাছে তিনি দুর্নীতিগ্রস্ত, গনহত্যাকারী একজন কারাদণ্ডভোগী অপরাধী ছাড়া কিছু নন।
ভোটারদের মনোভাব বুঝতে পেরে মিজ ফুহিমোরো অবশ্য পরবর্তীকালে তার ফেসবুক একাউন্টে ক্ষমা প্রার্থনা করেন। কিন্তু ভোটাররা ততদিনে তাদের মনস্থির করে ফেলেছেন।
এদিকে পেরুর নির্বাচনের কড়া প্রতিদ্বন্দ্বিতার আগুনে নতুন করে জ্বালানি সরবরাহ করেন ২০১০ সালে সাহিত্য নোবেল পুরস্কার বিজয়ী পেরুর লেখক মারিও বার্গাস ইয়োসা। তিনি তীর্যক ভাষায় আক্রমণ করে বসলেন পেরুর প্রধান এবং দক্ষিণ আমেরিকার সবচেয়ে প্রভাবশালী দৈনিক এল কমার্শিও এর পরিচালক মন্ডলীকে। এই পত্রিকার জন্য বহু বছর ধরে তিনি নিয়মিতভাবে পাক্ষিক কলাম লিখে আসছিলেন। এই কলাম আবার ছিলো বিখ্যাত স্পেনিশ ভাষার পত্রিকা এল পাইস এর সিন্ডিকেটেড কলাম। 'টাচ্ স্টোন' নামক কলামটি যাতে আর এল কমার্শিও প্রকাশ না করে তার জন্য কড়া ভাষায় 'প্রিয় পরিচালক' সম্বোধনে চিঠি লিখে পত্রিকার কর্তৃপক্ষকে বারণ করেন ইয়োসা। তিনি অভিযোগ করেন, 'পত্রিকাটি মিজ ফুহিমোরোর প্রচার মাধ্যমে পরিণত হয়েছে সাংবাদিকতার সব নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে। ইয়োসা বলেন, একদা যা ছিলো মুক্ত চিন্তা প্রচারের হাতিয়ার, তা আজ এক ক্যারিকেচারে পরিণত হয়েছে।' মত দ্বৈধতার কারণে কোনো গণমাধ্যম্যকে এমন ভাষায় কেউ আক্রমন করতে পারেন, একথা পেরুর বিদগ্ধসমাজ বিশ্বাস করতে পারছেন না।
পত্রিকার পক্ষ থেকে এর প্রকাশক ফ্রান্সিসকো মিরো কেসিদাও শক্ত জবাব দেন এক খোলা চিঠি লিখে। চিঠিতে বলা হয়, নোবেল বিজয়ীর চিঠি অমূলক, মিথ্যা আর অসম্পূর্ণ। এই পত্রিকা সব সময়ে সত্য, বহুমত আর সহনশীলতাকে লালন করেছে ও করবে। এ নীতি থেকে আমরা বিচ্যুত হইনি ও হবো না।'
কেন ইয়োসার এই কঠোর আক্রমণ একটি দৈনিককে? এর কারণ ব্যক্তিগত আক্রোশ ছাড়া আর কিছু নয়। ইয়োসা ভুলতে পারেননি ১৯৯০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে তিনি হেরে গিয়েছিলেন মিজ ফুহিমোরোর পিতা আলবের্তোর কাছে!
প্রথম রাউন্ডে সামান্য এগিয়ে থেকেও দ্বিতীয় রাউন্ডে তিনি বিশাল ব্যবধানে হেরে যান। তাই পরাজয়ের ব্যাখ্যা তিনি খুঁজে পাননি এখনো।
এদিকে যখন তাঁকে প্রশ্ন করা হয় বিতর্কিত দু'জন প্রার্থীর মধ্যে কেন একজনকে তিনি বেছে নিলেন সমর্থনের। জন্য, জবাব তার সহজ: এইডস্ আর ক্যান্সারের মধ্যে বাছাই করার মতো ব্যাপার এটি।
এদিকে নব নির্বাচিত প্রেসিডেন্ট উমালা দেশকে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট উগো শ্যাভেজের সমাজতন্ত্রী নীতির পরিচালনা করবেন বলে ঘোষণা দেয়ার পর দেশটির অর্থনীতিতে অস্থিরতা দেখা দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রও উদ্বেগের সঙ্গে লক্ষ্যে করছে দক্ষিণ আমেরিকায় আরেক বিষ ফোঁড়ার অভ্যূদয়।
অবস্থা বুঝে সরকারের নীতির আগাম আভাস দিয়ে ইয়োসা বলেছেন: না, পেরু হবে না ভেনিজুয়েলার কোনো স্যাটেলাইট রাষ্ট্র। গণতান্ত্রিক শক্তিসমূহকে সব সময়ে সতর্ক থাকতে হবে যাতে দেশের শাসন ব্যবস্থা ভেঙ্গে গিয়ে কুহকে জড়িয়ে না পড়ে! যুগোপযোগী শাসন ব্যবস্থার অভাবে ভেনিজুয়েলা এখন বিপন্ন।'
ইয়োসার এই সাবধান বাণীর কতোটা মূল্য দেবেন নব নির্বাচিত প্রেসিন্ডেট উমালা, তা দেখার জন্য পেরুবাসীকে আরো কিছু কাল অপেক্ষা করতে হবে।
এখন তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ২৮ জুলাই শপথ গ্রহণের পূর্বে প্রেসিডেন্ট উমালা অর্থনৈতিক দায়িত্ব পালনের জন্য কাদেরকে নিয়োগ দেন, তা দেখতে।
