২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রাভিটি প্রোব, স্থানকালের বক্রতা ও আইনস্টাইনের নতুন প্রমাণ

ফারসীম মান্নান মোহাম্মদী

Published : 17 May 2011, 11:29 PM

Updated : 01 Jul 2022, 05:53 PM

বলা হয়ে থাকে, আইনস্টাইন যদি স্পেশাল রিলেটিভিটি আবিষ্কার না-ও করতেন তবে খুব সম্ভবত অন্য কেউ তা করে ফেলতেন। বিশেষ করে, হেনরি পঁয়কারে তো অনেকটাই কাছাকাছি পৌঁছে গেছিলেন। এমনটি কেন মনে করা হয় সেটার একটা কারণ আছে এবং সেই কারণটা জানতে হলে ঊনবিংশ শতাব্দীর শেষ দিকের বিজ্ঞানের ইতিহাসটা একটু জানা থাকা চাই।

খুব সংক্ষেপে ব্যাপারটা এই রকম: তখনকার দিনে প্রচলিত বিজ্ঞানে, যেটা ছিল নিউটন ও অন্যান্যের প্রবর্তিত মেকানিস্টিক বলবিজ্ঞান যেখানে সবকিছু ঘড়ির কাঁটার মতো নিয়মানুবর্তী, মনে করা হতো 'ইথার' নামের ব্রহ্মান্ডব্যাপী এক বস্তু আছে যার সাপেক্ষে আমরা সকল গতি ও সময় মাপি। এই 'ইথারই' হলো পরম কাঠামো যার সাপেক্ষে সবকিছুর মাপামাপি চলে। কিন্তু সমস্যা হলো 'ইথার' এমন এক বস্তু যাকে ধরাও যায় না, ছোঁয়াও যায় না। তাহলে অনেকেই ভাবতে শুরু করলেন, যে জিনিস ধরাও যায় না ছোঁয়াও যায় না তার অস্তিত্ব কল্পনা করে লাভ কী? অনেকের মতো মাইকেলসন ও মর্লি নামের দুই বিজ্ঞানী এসব নিয়ে চিন্তা করতে করতে একটা চমৎকার পরীক্ষার ব্যবস্থা করে ফেললেন। এ ব্যবস্থায় দুটো আলোর রশ্মি পরস্পর আড়াআড়ি ভ্রমণ করে এবং কল্পিত 'ইথারের' সাপেক্ষে পৃথিবীর গতির দিকে এবং তার আড়াআড়ি দিকে ভ্রমণ করে। ফলে এই দুই পথে আলোর গতি দুরকম হবার কথা। কিন্তু শত চেষ্টা করেও সেটা দেখতে না পেয়ে ত্তঁরা বললেন যে, না, যেভাবেই আলো চলুক না কেন তার গতি ধ্রুব। এমনি অবস্থায় আইনস্টাইনের আবির্ভাব। আলোর গতির ধ্রুবত্ব প্রতিষ্ঠা করে আইনস্টাইন আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব বা স্পেশাল রিলেটিভিটি প্রণয়ন করেন। এই তত্ত্বে সমবেগে চলমান প্রসঙ্গ-কাঠামোর সাপেক্ষে স্থানের তিন দিক ও সময়ের আপেক্ষিকতার কথা বলা হয়েছে। এই নতুন তত্ত্বের ফলে পরম সময়ের ধারণা লোপ পায়, ইথারের অস্তিত্ব বিলুপ্ত হয় এবং স্থান-কাল কন্টিনিউয়ামের চিন্তা শুরু হয়। কিন্তু স্পেশাল রিলেটিভিটি ত্বরণযুক্ত প্রসঙ্গ-কাঠামোর কথা কিছু বলে না। তাই আইনস্টাইন তখন মহাকর্ষীয় ক্ষেত্রের অধীনে মুক্তভাবে পতনশীল বস্তুর ওজনশূন্যতা নিয়ে চিন্তা করতে শুরু করেন। ১৯০৭ সাল থেকেই তিনি মহাকর্ষের একটি সাধারণ আইনের ব্যাপারে চিন্তা-ভাবনা শুরু করেন। ধরা যাক, একজন মানুষ পৃথিবীর আকর্ষণে মুক্তভাবে পড়ছেন। তার পা'র দিকে পৃথিবীর টানটা বেশি হবে মাথার তুলনায়। এই অসমান আকর্ষণের ফলে মানুষটির বোধ হবে তার পা ও মাথায় বিপরীতমুখী টান পড়ছে। তার মনে হবে কেউ যেন তাকে ধরে টেনে লম্বা করে দিচ্ছে। এর নাম টাইডাল ফোর্স বা জোয়ার বল যার উদ্ভব হয় মহাকর্ষের অসমান আর্কষণের ফলে। জোয়ার-ভাঁটার উৎপত্তিও এই কারণেই হয়। পৃথিবীর ক্ষেত্রে এই জোয়ার-বল সামান্যই হয়। তবে ভারী তারাদের ক্ষেত্রে এই বল অনেক বেশী হয়। কৃষ্ণবিবর বা ব্ল্যাকহোলের কাছে এই বল সর্বাধিক অনুভূত হয়। এই বল কেন-কীভাবে কাজ করে এটা নিয়ে ভাবতে ভাবতেই আইনস্টাইন মহাকর্ষের সাধারণ সূত্রে উপনীত হন। ১৯১২ সালের মাঝামাঝি তিনি বুঝতে পেরেছিলেন যে স্থান-কালের বক্রতা ও জোয়ার-বল পরস্পর সম্পর্কিত। আমি আমার বই 'জ্যোতিঃপদার্থবিজ্ঞান পরিচিতি' (বাংলা একাডেমী, ২০০০) তে লিখছি, "১৯১২ সালের গ্রীষ্ম নাগাদ আইনস্টাইন নিঃসন্দেহে বুঝতে পেরেছিলেন যে বাস্তবিক জোয়ার-বল এবং স্থানকালের বক্রতা একই মুদ্রার এপিঠ-ওপিঠ। তিনি বুঝেছিলেন যে স্থানকালের বক্রতার জন্যই স্থানীয়ভাবে মহাকর্ষীয় জোয়ার-বলের উদ্ভব হয় এবং ঠিকই অনুমান করেছিলেন যে বস্তুর ভরই এর জন্য দায়ী। … সাধারণ আপেক্ষিকতত্ত্বের অনবদ্য অবদান এই যে তত্ত্বটি মহাকর্ষকে বিশ্বের স্থানকালের জ্যামিতির বিশেষ ধর্মের (বক্রতার) বহিঃপ্রকাশ হিসেবে ভাবতে শেখায়।"

স্থানকালের বক্রতার সাথে ভরের সম্পর্ককে গাণিতিক হিসাবে আনতে যে গণিতের প্রয়োজন সেটা হলো 'বক্ররৈখিক স্থানকালের জ্যামিতিক' বর্ণনা এবং আইনস্টাইনের বন্ধু মার্সেল গ্রোসম্যান খুব যত্ন করে তাঁকে সেটা শেখান। আসলে এই গণিতটি অনেক আগেই তৈরি ছিল, ১৮২৬ থেকে ১৮২৯ সালের মধ্যে লোবাচেভস্কি, ১৮২৯ সালে বোলাই এবং ১৮৫৪ সালে রিমান অ-ইউক্লিডিয় জ্যামিতি প্রবর্তন করেন। এই গণিতকে ব্যবহার করে অবশেষে ১৯১৫ সালের '২৫শে নভেম্বর প্রুশিয়ান একাডেমীতে আইনস্টাইন তাঁর সম্পূর্ণ তত্ত্বটি প্রকাশ করেন।" এই হলো জেনারেল রিলেটিভিটির সংক্ষিপ্ত ইতিহাস। স্মতর্ব্য যে, একইসাথে বিখ্যাত গণিতবিদ ডেভিড হিলবার্টও একটি ক্ষেত্র-সমীকরণ নির্ধারণ করেছিলেন যা ছিল মোটামুটি আইনস্টাইনের অনুরূপ। এই ধরনের ক্ষেত্র সমীকরণের বাম পক্ষে থাকে স্থানকালের বক্রতা সংক্রান্ত জ্যামিতিক বিষয়াদি আর ডান পক্ষে থাকে ভর-শক্তির টেন্সর– এভাবে স্থানকালের জ্যামিতি ভর-শক্তি দ্বারা প্রভাবিত হয় এবং উল্টোভাবে বক্রতাই ভরের অনুভূতি জন্মায় বলা যায়।

জেনারেল রিলেটিভিতে চিন্তা ও কল্পনার যে অপূর্ব সংমিশ্রণ ঘটেছে সেটা ইতিহাসে অতীব বিরল। শ্রেফ চিন্তার সাহায্যে আইনস্টাইন যে ভৌতবর্ণনার বাস্তবতায় উপনীত হয়েছিলেন তা এককথায় এক অনবদ্য কবিতা। ইতিহাসে এরকম সচরাচর ঘটে না, দুয়েকবার ঘটে– আমরা পাই আর্কিমিডিস, নিউটন, ডারউইন, আইনস্টাইন। বিজ্ঞানের ইতিহাসে এমনই হয়। বিজ্ঞানের ইতিহাসে বিভিন্ন শাখায় আমরা কয়েকজন দৈত্যাকৃতির মানুষ পাই যাঁদের অবদান ভূবন-পরিবর্তনকারী। এইসব দৈত্যদের কাঁধে ভর করেই বিজ্ঞানের অগ্রগতি হয়। এইজন্যই নিউটন বলেছিলেন যে তাঁর জ্ঞান অনেকের অবদানের উপর দাঁড়িয়ে আছে– 'অন দ্য শোল্ডার্স অব জায়ান্টস'। আইনস্টাইনের এই অবদান ছাড়াও ছিল কোয়ান্টাম বলবিজ্ঞান সৃষ্টিতে তাঁর ভূমিকা। এই কারণেই তাঁকে নোবেল পুরস্কার দেওয়া হয়। এসব কারণেই 'টাইমস' পত্রিকা আইনস্টাইনকে বিশ শতকের 'ম্যান অব দ্য সেঞ্চুরি ঘোষণা' করেছিল।

জেনারেল রিলেটিভিটির কয়েকটি সুন্দর প্রমাণ আছে। পূর্বোক্ত বইটিতে আমি চারটি প্রমাণের কথা লিখেছিলাম। এগুলো হচ্ছে মাধ্যাকর্ষণজনিত আকর্ষণের কারণে আলোর তরঙ্গদৈর্ঘ্য বৃদ্ধি পাওয়া, সূর্যের কাছে আলোর বেঁকে যাওয়া, বুধগ্রহের অনুসূর-বিন্দুর অগ্রগমন ও মহাকর্ষীয় তরঙ্গের উপস্থিতি। শেষেরটি ব্যতীত আর সবক'টির সূক্ষ্মাতিসূক্ষ্ম পরীক্ষালব্ধ প্রমাণ পাওয়া গেছে। একটি জোড়া পালসার পর্যবেক্ষণ করে তাদের আবর্তনকালের হ্রাসমাত্রা পরিমাপ করা হয়েছে। এ থেকে মহাকর্ষীয় তরঙ্গের পরোক্ষ উপস্থিতি প্রমাণিত হয়েছে, কিন্তু প্রত্যক্ষ প্রমাণ এখনো পাওয়া যায়নি। এর কারণ হচ্ছে সৌরজগতের সীমানায় মহাকর্ষীয় তরঙ্গ এতো সূক্ষ্ম হয়ে যায় যে তা আর আমাদের তৈরি যন্ত্রপাতিতে ধরা পড়ে না। প্রযুক্তির সীমাবদ্ধতার কারণেই এটি ধরা যাচ্ছে না। জেনারেল রিলেটিভিটি ব্যবহার করে বুধগ্রহের কক্ষপথের ঘূর্ণনের বার্ষিক হার গণনা করা যায়। এর মান প্রায় ৪৩১১ +০.৪৫ মিলি আর্কসেকেন্ড প্রতি একশত বছরে যা তাত্ত্বিক মানের সাথে সুন্দর মিলে যায়। জেনারেল রিলেটিভিটির সবচেয়ে জনপ্রিয় পরীক্ষাটি করা হয় ১৯১৯ সালে আফ্রিকার পশ্চিম উপকূলে দেখা সূর্যগ্রহণ থেকে। সূর্যগ্রহণের সময়ে সূর্যের খুব কাছ দিয়ে আসা তারার আলোর ১.৭৪ আর্কসেকেন্ড বেঁকে যাওয়া থেকে আন্তর্জাতিক অঙ্গনে আইনস্টানের তত্ত্বের সত্যতা প্রমাণিত হয়। সেই সময় থেকে আজ পর্যন্ত আমরা জেনারেল রিলেটিভিটির আরো নানারকম পরীক্ষণলব্ধ সত্যতার খবর পেয়েছি। কিন্তু 'জ্যোতিঃপদার্থবিজ্ঞান পরিচিতি' বইটি যদি আবার লিখতে হয়, তবে জেনারেল রিলেটিভিটির আরেকটি পঞ্চম পরীক্ষণলব্ধ প্রমাণের কথা আমি লিখতাম। সেটাই জিপিবি'র কাহিনী।

জিপিবি'র পুরো অর্থ 'গ্রাভিটি প্রোব-বি'। এই স্যাটেলাইটটি ২০০৪ সালের ২০শে এপ্রিল ভ্যান্ডেনবার্গ এয়ারফোর্স বেইজ থেকে মহাকাশে ছোঁড়া হয়। ভূ-পৃষ্ঠ থেকে প্রায় চারশ মাইল উঁচুতে মেরু অঞ্চলীয় কক্ষপথে এটি সংস্থাপিত হয় এবং প্রতি ৪৮.৭৫ মিনিটে এটি দুই মেরুর কোনো একটির উপর দিয়ে উড়ে যেত। পুরো স্পেসক্র্যাফটির ওজন প্রায় ৩১০০ কিলোগ্রাম, প্রায় ২১ ফিট লম্বা ও প্রায় ৯ ফুট ব্যাসের আকৃতি বিশিষ্ট এবং ৬০৬ ওয়াট শক্তির চাহিদা যোগাতে সৌরপ্যানেল ও ব্যাটারি ব্যবহৃত হয়েছে। এই ছোট্ট উপগ্রহটি প্রায় পনেরো মাসে পাঁচ হাজারেরও বেশি সংখ্যক বার পৃথিবীকে ঘিরে ঘুরপাক খেয়ে ডেটা সংগ্রহ করেছে। এই ডেটা দিয়ে জেনারেল রিলেটিভিটির আরো দুটো ভবিষ্যদ্বাণী অতীব সূক্ষ্ণতায় পরিমাপ করা গেছে। অর্থাৎ জেনারেল রিলেটিভিটির সত্যতা সম্পর্কে আমাদের আত্মবিশ্বাস আরো বেড়ে গেল। ফলে জ্যোতিঃপদার্থবিদ্যার ক্ষেত্রে আমরা কিছু বিষয় সম্পর্কে আরো বেশি দক্ষতার সাথে ভবিষ্যদ্বাণী করতে পারব। মোদ্দাকথা, যে সূক্ষ্ণতায় এই পরীক্ষা করা হয়েছে তাতে বলা যায় যে অতীব সূক্ষ্ণ ক্ষেত্রেও জেনারেল রিলেটিভিটি সত্য এবং এর কোনো 'সংশোধন' প্রয়োজন পড়ে না। তাই কৃষ্ণবিবর বা ভারী তারার কাছাকাছি অঞ্চলে কিংবা আমাদের ছায়াপথের কেন্দ্রীয় অঞ্চলে সংঘটিত ঘটনাবলি আমরা আরো দৃঢ়ভাবে ভবিষ্যদ্বাণী করতে পারব।

১৯৭৬ সালে 'গ্রাভিটি প্রোব' উৎক্ষিপ্ত হয়েছিল এবং তা দশ হাজার ভাগের এক ভাগেরও বেশি সূক্ষ্ণতায় তরঙ্গদৈর্ঘ্যের সম্প্রসারণ (মহাকর্ষীয় রক্তিমসরণ) পরিমাপ করতে পেরেছিল। যেটা অবশ্য কিছুটা কম সূক্ষ্ণতায় আগেও মাপা হয়েছিল এবং তা আইনস্টাইনকেই সপ্রমাণ করেছিল। এরই ধারাবাহিকতায় জিপিবি'র পরিকল্পনা করা হয়। কারণ ঐ সময়েই এই পরীক্ষণের তত্ত্বটি প্রকাশিত হয়। সেই থেকে নানা জল্পনা-কল্পনা শেষে ২০০৪ সালে স্যাটেলাইটটি উৎক্ষিপ্ত হয় এবং ২০১০ সালে একে পরিত্যাক্ত ঘোষণা (ডিকমিশনড) করা হয়। যে পরীক্ষণের জন্য এতো দিন অপেক্ষা করতে হয়েছে তার অন্তর্নিহিত তত্ত্বকে ১৯৬০'র দশকের শুরুতেই জানা হয়ে গিয়েছিল, কিন্তু যথাযথ প্রযুক্তির জন্যই এতোদিন অপেক্ষা করতে হয়েছে।

কিন্তু পরীক্ষাটি কী? এটি আসলে দুটি পরীক্ষা। একটি হলো, ১/ জিওডেটিক এফেক্ট, অর্থাৎ পৃথিবীর ভরের কারণে স্থান-কালে যে সূক্ষ্ণ বক্রতার সৃষ্টি হয় সেটা মাপা; এবং ২/ ফ্রেম-ড্র্যাগিং এফেক্ট অর্থাৎ যে পরিমাণে ঘূর্ণ্যমান পৃথিবী তার ঘূর্ণনের সাথে স্থান-কাল কাঠামোকে টেনে নিয়ে চলে তা মাপা। আইনস্টাইন দেখিয়েছেন যে ভর-শক্তির উপস্থিতি স্থান-কাল কন্টিনিউয়াম বা সন্ততিতে বক্রতার সৃষ্টি করে। কল্পনা করুন একটি রাবার ইউনিভার্স যেখানে কোনো বস্তু রাখলে তা ঐ বস্তুর ভর অনুযায়ী দেবে গিয়ে রাবার শিটে বক্রতার সৃষ্টি করে। কিংবা টান টান বিছানার চাদরে একটা ভারী বই রাখলে যেমন একটা বক্রতার সৃষ্টি হয়, ব্যাপারটা ঠিক তেমনি। একইভাবে আমরা বলতে পারি, পৃথিবীও তার ভরের কারণে তার নিকটবর্তী স্থানকালে অতি সামান্য বক্রতার সৃষ্টি করে। পৃথিবীর ব্যাস যদি ৭,৯০০ মাইল হয় তবে তার পরিধি হবে প্রায় ২৬,০০০ মাইল। ধরা যাক, আমরা মহাশূন্যে ৭৯০০ মাইল ব্যাসের একটা বৃত্ত আঁকলাম। এখন এর পরিধি হবে = ২ x পাই x ব্যাসার্ধ, কিংবা পাই x ব্যাস, অর্থাৎ প্রায় ২৬০০০ মাইল। এখন যদি ঐ বৃত্তের মধ্যে খাপে খাপে পৃথিবীকে বসিয়ে দিই, তবে কিন্তু ঐ পরিধি ২৬০০০ মাইল হবে না। যেহেতু পৃথিবীর বিপুল ভর তার আশপাশে বক্রতার সৃষ্টি করে, তাই এর পরিধি হবে ইউক্লিডিয় বৃত্তীয় ফর্মুলার তুলনায় ১.১ ইঞ্চি কম। চিন্তা করুন, কত সূক্ষ্ণতায় এটা মাপতে হচ্ছে; ছাব্বিশ হাজার মাইলের পরিধিতে এক ইঞ্চি ফারাক হলে তার কারণে সৃষ্ট কৌণিক বিচ্যুতি। আবার উপরের উদাহরণে ফিরে যাই। পৃথিবী-হীন ঐ ৭,৯০০ মাইল ব্যাসের কাল্পনিক বৃত্তটির চারপাশে যদি জাইরোস্কোপ বসাই, তবে তারা একই দিক নির্দেশ করবে। তার কারণ, নিউটনীয় গতিবিজ্ঞান বলে যে বাহ্যিক বলের অনুপস্থিতিতে জাইরোস্কোপের কোনো সরণ ঘটবে না বা সেটা দিক বদলাবে না। কিন্তু এখন চিন্তা করুন যে ঐ ২৬০০০ মাইল পরিধি থেকে সামান্য একটু অংশ (১.১ ইঞ্চি পরিমাণ) কেটে নিয়ে জুড়ে দিলাম। তাহলে কী হবে? বৃত্তটি আর বৃত্তীয় থাকবে না, একটু গোত্তা খেয়ে কোণের আকৃতি নেবে। যেকোনো মাপের কাগজে যে কোনো পরিমাণ অংশ কাঁচি দিয়ে কেটে নিয়ে আপনি এটি দেখতে পারেন। স্কেলের পার্থক্য থাকলেও মূল ফিজিক্সের কোনো হেরফের হবে না। এখন ঐ কোণের ধার বরাবর যদি জাইরোস্কোপ বসাই, তাহলে কিন্তু তারা একটা কৌণিক বিচ্যুতি দেখাবে, কারণ তাদের তলটি আর সমতল নেই, কোণের মতো বা শঙ্কুর মতো গোত্তা খেয়ে বক্র হয়ে গিয়েছে। ১৯৬০'র দশকে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ফিজিক্স ডিপার্টমেন্টের তৎকালীন চেয়ারম্যান এবং বিখ্যাত 'কোয়ান্টাম মেকানিক্স' বইটির রচয়িতা লিওনার্ড শিফ এই তাত্ত্বিক ব্যাপারটি প্রথম প্রকাশ করেন। তাঁর গণনা অনুযায়ী স্থানকালে সৃষ্ট বক্রতার জন্য পৃথিবীর চারপাশে ঘূর্ণ্যমান জাইরোস্কোপে এক বছরে ৬.৬ আর্কসেকেন্ড কৌণিক বিচ্যুতির সৃষ্টি হবে। তিনি আরো দেখিয়েছিলেন যে পৃথিবীর ঘূর্ণনের কারণে সৃষ্ট ফ্রেম-ড্র্যাগিংয়ের পরিমাণ বছরে ০.০১৪ আর্কসেকেন্ড। ফ্রেম-ড্র্র্যাগিংয়ের ব্যাপারটা এভাবে কল্পনা করা যায়: ধরা যাক আপনি একটি ঘুরন্ত মার্বেলকে ঘন মধুর পাত্রে রাখলেন। তাহলে দেখা যাবে, মার্বেলের ঘূর্ণনের সাথে মধুও তার সাথে মাখামাখি হয়ে ঘুরছে। এটাই ফ্রেম-ড্র্র্যাগিং। এভাবে পৃথিবী তার নিকটবর্তী স্থানকাল কাঠামোকে টেনে নিয়ে ঘুরছে। অনেকটা ঘূর্ণ্যমান চার্জের পাশে আবিষ্ট চৌম্বকক্ষেত্রের মতো বিধায় এই এফেক্টকে অনেকেই 'গ্রাভিটোম্যাগনেটিজম' বলে থাকে। এইসব পরিমাপ অতিসূক্ষ্ণ। সেইজন্য বিশেষ পদ্ধিততে জাইরোস্কোপ নির্মাণ করতে হয়েছে যার সূক্ষ্ণতা এমনই যে তা ০.৫ মিলি আর্কসেকেন্ড(১.৪x১০^-৭ ডিগ্রি) পর্যন্ত পরিমাপ করতে পারে। এর তুল্য অর্থ হলো বিশ মাইল দূর থেকে একটি চুলের ব্যাস মাপা। বিস্ময়কর!

বলা বাহুল্য, উপরোক্ত যেসব মহাকর্ষীয় এফেক্ট বর্ণনা করা হলো, পৃথিবীর কাছে তা অতীব সূক্ষ্ণ হলেও অতিভারী তারা বা ব্ল্যাকহোলের কাছে তারা বেশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই কিপ থর্নের ভাষায়, "ব্ল্যাকহোলদের জগতে এবং সারা মহাবিশ্বে জেনারেল রিলেটিভিটির কথা শোনা যায় এবং জোরালোভাবেই শোনো যায়। কিন্তু আমাদের ছোট্ট সৌরজগতের পরিসরে জেনারেল রিলেটিভিটির ফলাফলগুলো ফিসফিসানির মতো অস্পষ্ট।'

জিপিবি স্যাটেলাইটটি এই পরীক্ষাটা চালিয়েছে কীভাবে? জিপিবিকে পৃথিবী থেকে ৪০০ মাইল ওপরে পোলার অর্বিটে সংস্থাপন করে হয়েছে। এর মধ্যে একটি টেলিস্কোপ ও চারটি অতিমসৃণ জাইরোস্কোপ রাখা হয়েছে। টেলিস্কোপ ও জাইরোস্কোপের ঘূর্ণন-অক্ষকে দূরের একটি স্থির তারার দিকে তাক করে রাখা হয়। এই দিকটি রেফারেন্স হিসেবে কাজ করে। একবছর পর জাইরোস্কোপগুলোর ঘূর্ণন-অক্ষের বিচ্যুতির পরিমাপ গ্রহণ করা হয়। পৃথিবীর চারদিকে পোলার অর্বিটের তল সাপেক্ষে যে বিচ্যুতিটি হয় সেটি জিওডেটিক বক্রতার কারণে হয় এবং এই তলের সাথে উলম্ব দিকের তলে অর্থাৎ পৃথিবীর ঘুর্ণনতলেও একটি বিচ্যুতি ধরা পড়ে। সেটি হলো ফ্রেম-ড্র্যাগিংয়ের ফলে সৃষ্ট কৌণিক বিচ্যুতি। জিওডেটিক বক্রতার কারণে এবং ফ্রেম-ড্র্যাগিংয়ের কারণে জাইরো ঘূর্ণন অক্ষের যথাক্রমে ৬,৬০৩ মিলি আর্কসেকেন্ড এবং ৩৯ মিলি আর্কসেকেন্ড কৌণিক বিচ্যুতি পরিমাপিত হয়েছে। এই পরিমাপে সূক্ষ্ণতার মান যথাক্রমে ০.০১% ও ১%। এই সূক্ষ্ণতা অভাবনীয় ! পরিমাপে এই পরিমাণ সূক্ষ্ণতা বা ক্রটিশূন্যতা আনতে জিপিবি'তে সাংঘাতিক নিখুঁত সব যন্ত্রপাতি ব্যবহৃত হয়েছে। যে জাইরোস্কোপ বর্তুলগুলো ব্যবহৃত হয়েছে তাদেরকে নিখুঁত গোলকে পরিণত করতে হয়েছে। এই চারটি বর্তুলের গোলকত্ব ১০ ন্যানোমিটারের কম সূক্ষ্ণতায় ক্রটিশূন্য রাখতে হয়েছে। এই বর্তুলগুলো যদি পৃথিবীর আকৃতি পেতো, তবে তাদের পৃষ্ঠে সর্বোচ্চ চূড়া কিংবা খাদের গভীরতা ৮ ফিটের বেশি হতো না। অর্থাৎ এই গোলকগুলো অত্যন্ত নিখুঁত গোলক হিসেবে বানানো হয়েছে। প্রকৃতপক্ষে, পৃথিবীর মাধ্যাকর্ষণের কারণে আদর্শ বর্তুল বানানো বেশ মুশকিল, কেননা বর্তুলের কোনো-না-কোনো অংশ কিছুটা প্রলম্বিত হবেই (মাধ্যাকর্ষণের টানের জন্য)। এইজন্য বল বিয়ারিংগুলো এতো ঘন ঘন ভেঙ্গে যায়। কিন্তু এই যান্ত্রিক ক্রটিকে প্রায় শূন্যের কোঠায় নিয়ে যাওয়া হয়েছে যাতে করে ঐ বর্তুলের গায়ে এবড়োথেবড়ো স্তরের পুরুত্ব সর্বদাই ৪০টি পারমাণবিক স্তরের কম থাকে। এতোই নিখুঁত গোলক এরা!

এই গোলকের ওপরে অতিপরিবাহী ধাতু নিওবিয়ামের প্রলেপ দেওয়া হয়েছে। তারপর এসব যন্ত্রপাতিকে ৬৪৫ গ্যালন সুপারফ্লয়িড হিলিয়ামের ভেতরে রাখা হয়। এর ফলে ১.৮ কেলভিন তাপমাত্রা বজায় রাখা যায় যাতে নিওবিয়াম সুপারকন্ডাকটিং হতে পারে। এসব জটিল ব্যবস্থার লক্ষ্য হলো যাতে জাইরোস্কোপটি পৃথিবীর চুম্বকেক্ষেত্র দ্বারা প্রভাবিত না হয় এবং এর ঘূর্ণন-অক্ষটিকে নিখুঁতভাবে অ্যালাইন করা যায়। অ্যালাইনমেন্টের এই কাজে ব্যবহৃত হয় ঘূর্ণ্যমান সুপারকন্ডাকটর দ্বারা আবিষ্ট চৌম্বক মোমেন্ট।

জিপিবি'র পরীক্ষণে আধুনিক প্রযুক্তির সাহায্যে আরো নিখুঁতভাবে পর্যবেক্ষণ করা গেছে। জিপিবি'র সম্পূর্ণ প্রজেক্টে প্রায় একশ জন পিএইচডি গবেষক কাজ করেছেন, সাড়ে তিনশত স্নাতক ছাত্র ও প্রায় পঞ্চাশজন উচ্চ-মাধ্যামিক ছাত্র বিভিন্ন পর্যায়ে কাজ করেছে। জিপিবি'র কাজের সাথে সম্পৃক্ত ছিলেন এমন দুজন বিখ্যাত মানুষ হলেন স্যালি রাইড (প্রথম মার্কিন মহিলা নভোচারী) এবং এরিক কর্ণেল (২০০১ সালে ফিজিক্সে নোবেলজয়ী)।

গ্রাভিটি প্রোব-বি কর্তৃক জেনারেল রিলেটিভিটির আরো দুটো ভবিষ্যদ্বাণী সপ্রমাণ করা গেল। একটি হলো জিওডেটিক এফেক্ট অর্থাৎ পৃথিবী তার ভরের দ্বারা স্থান-কালে যে বক্রতার সৃষ্টি করে সেটা। এটি এর আগেও মাপা হয়েছিল (পৃথিবী-চাঁদ ব্যবস্থাকে ব্যবহার করে)। কিন্তু সেবারের ১% সূক্ষ্ণতার তুলনায় এবারেরটি একশগুণ ক্রটিশূন্য করা গেছে। দ্বিতীয়টি হলো, ফ্রেম-ড্র্যাগিং অর্থাৎ ঘূর্ণ্যমান পৃথিবী তার সাথে কী পরিমাণ স্থান-কাল টেনে নিয়ে যায়। এটি আগে কখনো পরীক্ষা করে দেখা হয়নি। কাজেই এই পরীক্ষাটি আইনস্টানের সপক্ষে আনকোরা নতুন একটি প্রমাণ। তাহলে জিপিবি আইনস্টাইনকে আবারো সপ্রমাণ করল, আগেই পরীক্ষাকৃত একটি ফলাফলের আরো নিঁখুত প্রমাণ যোগাড় করল এবং একটি আনকোরা নতুন ঘটনার প্রমাণ জুড়ে দিল। জেনারেল রিলেটিভিটির সত্যতা আরো সূক্ষ্ণ পর্যায়ে সপ্রমাণিত হলো। আমরা আরো একবার বুঝতে পারলাম আইনস্টাইনের গুরুত্ব। এই সব পরীক্ষণের গুরুত্ব জ্যোতিঃপদার্থবিজ্ঞানের জন্যও গুরুত্ববহ। কিপ থর্নের ভাষায়,
"জিপিবি পরীক্ষণের ফলাফলের সাহায্যে আমরা বুঝতে পারলাম যে ফ্রেম-ড্র্যাগিং সত্যিই ঘটে এবং এটা সরাসরি ঘূর্ণ্যমান পৃথিবীর কৌণিক ভরবেগের সমানুপাতিক। পৃথিবীর চতুস্পার্শে পরিদৃশ্যমান এই ফ্রেম-ড্র্যাগিং এফেক্ট থেকে শিক্ষা নিয়ে বিজ্ঞানীরা আরো ভারী জ্যোতিষ্ক, যেমন ব্ল্যাক-হোল ও কোয়েসার সম্পর্কে ধারণা নিতে পারবে।"

কিন্তু ১৯১৯ সালের সূর্যগ্রহণ থেকে জেনারেল রিলেটিভিটির যে প্রথম প্রমাণটি আমরা পেয়েছিলাম সেটার ঐতিহাসিক উত্তেজনা এখনো যেন অনুভব করা যায়। পৃথিবীর প্রায় সমস্ত পত্রিকা জুড়ে হেডলাইন ছিল এই খবরটি। কিন্ত আর কতোবার আইনস্টাইনকে প্রমাণিত হতে হবে? প্রকৃত ব্যাপারটি হলো এরকম যে, বিজ্ঞানীরা বুঝতে চাইছেন জেনারেল রিলেটিভিটির কোনো সীমাবদ্ধতা আছে কি-না, কোনো একটা পর্যায়ে এর কোনো সংশোধন প্রয়োজন হয় কি-না, এটা অল্প-গভীর তত্ত্ব কি-না। কিন্তু প্রকৃতি যেন আইনস্টাইনকে অনুসরণ করেত ভোলে না। তাই ১৯১৯ সালে আইনস্টাইনকে জিজ্ঞেস করা হয়েছিল কী হতো যদি পরীক্ষাটি ভুল প্রমাণিত হতো, তার উত্তরে তিনি বলেছিলেন যে সেক্ষেত্রে ঈশ্বরের জন্য দুঃখ প্রকাশ ছাড়া তাঁর আর কিছুই করার থাকত না। যোগ্য বিজ্ঞানীর যোগ্য উত্তর, কী বলেন?

তথ্যপঞ্জি :
১/ ফারসীম মান্নান মোহাম্মদী, 'জ্যোতিঃপদার্থবিজ্ঞান পরিচিত', বাংলা একাডেমী, ২০০০।
২/ জিপিবি মিশন ওভারভিউ einstein.stanford.edu Ges gravityprobed.com ।

ফারসীম মান্নান মোহাম্মদী : বিজ্ঞান গবেষক ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।