আইনের কাছে গুগলের হার
ব্যবসার প্রসারের ক্ষেত্রে দারুণ ধাক্কা খেলো ইন্টারনেট ওয়েব-সার্চ ইঞ্জিন গুগল।
গত দু'বছর ধরে নিরলস চেষ্টা করে যাচ্ছিলো গুগল পৃথিবীর যাবতীয় বই ভাণ্ডারকে তাদের সার্চ ইঞ্জিনের আওতায় আনার জন্য। গুগলের এই প্রয়াসে বড় হোঁচট খেতে হলো এক ফেডারেল জজের রায়ে।
যুক্তরাষ্ট্রের ম্যানহাট্টানের ডিস্ট্রিক্ট কোর্টের ডেনি চিন সম্প্রতি গুগল ও লেখক প্রকাশকদের মধ্যে ২০০৮ সালে সম্পাদিত চুক্তিটি বাতিল ঘোষণা করে দেন। এই চুক্তি বাস্তবায়িত হলে গুগল লক্ষ লক্ষ বই অন লাইনে প্রকাশ করতে পারতো।
৪৮ পৃষ্ঠার রায়ে বলা হয়েছে, এই চুক্তি কার্যকর হলে মাত্র বারো কোটি পঞ্চাশ লক্ষ ডলারের বিনিময়ে গুগল গ্রন্থস্বত্ব মালিকের অনুমতির তোয়াক্কা না করেই এই প্রকাশের অধিকার অপব্যবহার করার সুযোগটি পেয়ে যাবে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগও এই ব্যাপারটি নিয়ে উদ্বিগ্ন ছিলো।
জজ চিন অবশ্য তার রায়ে উল্লেখ করেন, গুগলের প্রস্তাবিত 'ডিজিটাল লাইব্রেরি' থেকে অনেকেই হয়তো উপকৃত হতেন। কিন্তু এর ক্ষতিকর অপপ্রয়োগের দিক সম্পর্কেও ভাবতে হবে। এই চুক্তি হলে অন্যান্য প্রতিযোগিদেরকে টেক্কা মেরে একচেটিয়াভাবে বিনা অনুমতিতে গ্রন্থস্বত্বভুক্ত বইয়ের অনলাইন সংস্করণ বের করতে পারে গুগল। কারণ, আইন তাদের পক্ষে! আর নিঃসন্দেহে, এর ফলে বইয়ের খোঁজখবর নেওয়ার ফলে গুগলের নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব হতো এক চেটিয়া।
বিচারপতি চিন অবশ্য গুগল এবং অথরস্ গিল্ড ও আমেরিকান পাবলিশার্সের মধ্যে সম্পাদিত চুক্তিটিতে 'মতলবী' কোনো অভিসন্ধি দেখেন নি। ফলে গুগলের রায় পুনর্বিবেচনার জন্য আপিল করার সুযোগটি রয়ে গেছে।
জজ চিন রায়ে বলেন, চুক্তির শর্তানুযায়ী গ্রন্থস্বত্ব মালিকদের 'অপ্ট্ আউট'-এর বদলে 'অপ্ট ইন' করার ব্যাপারে সুযোগ দিতে হবে।
গুগলের আইনজীবীরা গত বছর থেকেই 'অপ্ট ইন' ধারার বিরোধিতা করে চলেছেন।
গুগল কর্তৃপক্ষ এই রায়ে হতাশ। তারা মনে করেন এর ফলে যুক্তরাষ্ট্রে বর্তমানে দুষ্প্রাপ্য অথবা একদম পাওয়া যায় না এমন রকম বইয়ের সহজলভ্যতার সম্ভাবনার দ্বারটি রুদ্ধ হয়ে গেলো।
প্রকাশকরা অবশ্য বিষয়টির সন্তোষজনক নিষ্পত্তির ব্যাপারে এখনো আশাবাদী। প্রকাশকদের তরফে বিখ্যাত প্রকাশনা সংস্থা ম্যাক্সমিলানের প্রধান নির্বাহী জন সার্জেন্ট বলেন, বিষয়টি সুরাহার জন্য চুক্তিপত্রে পরিবর্তন আনার ব্যাপারে তাদের আপত্তি নেই।
গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ বলেন এক কোটি পঞ্চাশ লক্ষ বই তাদের ওয়েব-সার্চ ইঞ্জিনের আওতায় আনার স্বপ্ন দেখছিলেন, তা বড় এক ধাক্কা খেলো আদালতের রায়ে।
গুগলের এই মহাপরিকল্পনার বিরোধিতা প্রকাশকরা করে আসছিলেন ২০০৫ সাল থেকেই। 'অথরস্ গিল্ড'ও এর বিরোধিতা করে। তবে ২০০৮ সালে সবাই মিলে এই বিষয়ে সহমত হল।
গুগলের বক্তব্য বর্তমানে মুদ্রণ-নিঃশেষ বই যদি বাজারে অনলাইনে পাওয়া যায়, তাতে তো পাঠকেরই লাভ।
কিন্তু যারা এর বিরোধী তাদের বক্তব্য, গুগল এর ফলে যেসব বইয়ের এখন কোনো রকম স্বত্বাধিকারী নেই, বা যেসব বই বাজারে নেই, তাদের নিয়ে একচেটিয়া ব্যবসা করবে। এমন বইয়ের সংখ্যা লক্ষ লক্ষ।
"ওপেন বুক এলায়েন্স"-এর সদস্য হলো মাইক্রোসফট করপো, আমাজন ডট কম ইনক, ইয়াহু ডট কম, এরা গুগলের শক্ত প্রতিপক্ষ ও প্রতিযোগী। তারা এখন ধারণা করছে, আইনের কাছে মার খেয়ে গুগল এখন তাদের সার্চ ইঞ্জিনে প্রয়োজনীয় বইটির সংক্ষিপ্ত সংস্করণ সংযোজন করতে পারে।
সাধারণ পাঠকের কাছে সহজলভ্য বিশ লক্ষ বইও ইতিমধ্যে গুগল বুকের তালিকাভুক্ত হয়ে গেছে। গুগল ই-বুকের তালিকায়ও অন্তর্গত হয়েছে অনেক বই যার মধ্যে রয়েছে শেকস্পীয়রের রচনাবলীও।
গুগল বিরোধী শিবিরের ভয়ের কারণ, বইয়ের সাম্রাজ্য গুগলের একচ্ছত্র আধিপত্য বিস্তারের গোপন অভিলাষ, যা বাস্তবায়িত হলে জন্ম দিতে পারে একচ্ছত্র আধিপত্য বিস্তারকারী এক স্বেচ্ছাচারী প্রতিষ্ঠানের!
