২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশি ইলিশের বিদেশ যাত্রা

কিউ আর ইসলাম

Published : 12 May 2011, 07:43 PM

Updated : 01 Jul 2022, 05:53 PM

পহেলা বৈশাখে পান্তা-ইলিশ এখন রীতিমত বাঙালী আচার হয়ে দাঁড়িয়েছে। কী ভাবে, কেন, কবে থেকে এ ব্যাপারে বিস্তর লেখালেখিও হয়েছে। এই আচার ও আলোচনা থেকে কদর বেড়েছে ইলিশের আর লাভবান হয়েছেন মাছ ব্যবসায়ীরা। পহেলা বৈশাখের দিনে এখন সবারই ইলিশ চাই — পদ্মা নদীর। বাজারে গেলে দেখাও যাবে মাছ বিক্রেতাদের সবাই হাক দিচ্ছে — পদ্মার ইলিশ। পদ্মার ইলিশ বলে বিক্রি করতে পারলে দাম পাওয়া যায় বেশি। ক্রেতারাও বেশি দামে কিনে পদ্মার ইলিশ ভেবে খুশীও হন বেজায়। অথচ বাজারে প্রতি শত ইলিশের মধ্যে পদ্মা থেকে ধরা ইলিশ পাওয়ার সম্ভাবনা মাত্র এক ভাগ। নদীর ইলিশ বেশির ভাগ ধরা পড়ে শরীয়তপুর, চাঁদপুর, লক্ষীপুর, নোয়াখালী, বরিশাল ও ভোলায় মেঘনা নদীর ভাটি থেকে। বাজারে যত ইলিশ মাছ আসে তার এক-তৃতীয়াংশ নদী এবং দুই-তৃতীয়াংশ সমুদ্র থেকে ধরা হয়। ফলে নদী থেকে ধরা ইলিশ বাজারে এখন দুষ্প্রাপ্য। আগে জৈষ্ঠ্য মাসে বর্ষার শুরুতেই নদীর নতুন ইলিশে বাজার ভরে যেত। বড় সাইজের দুই থেকে আড়াই কেজি ওজনের ইলিশ সবার দৃষ্টি আকর্ষণ করত। এখন নদীর বড় ইলিশ সচরাচর চোখেই পড়ে না। ধরা পড়ার পর সরাসরি বিদেশে পাঠানো হয় বলে শোনা যায়। শ্রাবণ-ভাদ্র মাসে দু'একটা উঠলেও দাম অত্যধিক।

বছর চারেক আগে নদীর ইলিশে বাজার ভরে গিয়েছিল। সাইজ ছিল বড় এবং দাম ছিল বেশ কম। অনেকেই সে বছর ইলিশ খেতে পেরেছিলেন। ওই বছর বাংলাদেশ সরকার ভারতে ইলিশ মাছ রফতানি বন্ধ করে দিয়েছিল। প্রণব মুখার্জি (বর্তমানে ভারতের অর্থ মন্ত্রি) সাহেবের হস্তক্ষেপে ওই বছরই ২০০৭ সালের ডিসেম্বর মাসে সরকার রফতানি বন্ধের আদেশ তুলে নেয় এবং রফতানীকৃত মাছের দাম বেঁধে দেয় প্রতি কেজি কমপক্ষে ৬ ডলার যার মূল্য টাকায় বর্তমান হারে ৪৫০। বরিশাল, চাঁদপুর, পাথরঘাটা থেকে প্রতিদিন সরাসরি হাওড়া ও শিয়ালদহে পাইকারি বাজারে ইলিশ পাঠানো হয়।

ইলিশ কী পরিমাণে বিদেশ পাঠানো হয় তার সঠিক তথ্য পাওয়া মুশকিল। মৎস্য অধিদপ্তরের মতে বাংলাদেশ থেকে প্রতি বছর রপ্তানিকৃত ৭৫ হাজার টন মৎস্য ও মৎস্যজাত দ্রব্যের মধ্যে ২৪ হাজার টন হিমায়িত মাছ রয়েছে। অনুমান করা যেতে পারে যে এই হিমায়িত মাছের বেশিরভাগই ইলিশ মাছ। অন্যদিকে কলকাতায় প্রকাশিত খবরের কাগজের তথ্য অনুযায়ী বাংলাদেশে যত ইলিশ ধরা হয় তার চার ভাগের এক ভাগ ভারত আমদানি করে থাকে। শুধুমাত্র হাওড়া ও শিয়ালদহে পাইকারি বাজারে প্রতিদিন প্রায় অর্ধশত টন পাঠানো হয়ে থাকে। তবে সপ্তাহের শেষে এবং উৎসব-পার্বণে পরিমাণ দ্বিগুণ হয়। সীমান্ত দিয়ে প্রতিবেশী দেশে ইলিশ পার হয়ে যাওয়া অনেক পুরানো ঘটনা। যাহোক দেশে সব মিলে বছরে প্রায় পৌনে তিন লক্ষ টন ইলিশ ধরা হয়। এর মধ্যে আড়াই লক্ষ টন স্থানীয় বাজারে বিক্রিত হলেও বছরে মাথাপিছু ইলিশ মাছের ভাগ পড়ে দেড় কেজি এবং প্রতি পরিবারে ৮ কেজি। অর্থাৎ প্রতি মাসে আমরা এক কেজির কাছাকাছি ওজন হলে ১টি ইলিশ আর আধা কেজির কাছাকাছি ওজন হলে ২টি ইলিশ মাছ খেতে পারি। এর বেশি হলে মনে করতে হবে অন্যের স্বত্বে ভাগ বসাচ্ছি। দু' যুগ আগেও মাথাপিছু হিস্যা এখনকার তুলনায় বেশি ছিল। বেশি খেতে পারতাম। বড় বড় টুকরো করে রান্না হত। এখন ইলিশের টুকরো সবদিক থেকেই ছোট করে কাটা হয়। বেশির ভাগ ইলিশ আবার সমুদ্রের। খেয়ে তৃপ্তি নেই। কিছুদিন আগে ঢাকায় ফেরার পথে শরীয়তপুর শহরে বাজার থেকে ইলিশ মাছ কিনেছিলাম। রান্নার সময় মনে হল ইলিশে এখনও নদীর ঘ্রাণ আছে। যাহোক মাথাপিছু হিস্যার ক্রম হ্রাস, অন্যদিকে বিদেশে পাঠানো; সবমিলে ইলিশ মাছ কেনা দুষ্কর হয়ে পড়ছে। ইলিশ খাওয়া ভবিষ্যতে শুধুমাত্র উৎসবের দিনে সীমাবদ্ধ হয়ে দাড়াতে পারে, শুধুমাত্র পহেলা বৈশাখে পান্তা-ইলিশ। এখন যেমন গ্রামে অনেকেরই শুধুমাত্র ঈদ উল আযহার দিনে গরুর মাংস খাওয়ার সুযোগ হয়।

বাংলাদেশের বেশ কিছু এলাকায় ইলিশের কদর খুব বেশি। ইলিশ মাছ দিয়ে আপ্যায়ন করলে মেহমান খুশী হন। এ দেশে ইলিশ মাছের দাম নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়। দাম কমলে সবাই খুশী হন, বৃদ্ধি পেলে উৎকণ্ঠার সৃষ্টি হয়। অন্যান্য মাছের ক্ষেত্রে এমন আগ্রহ দেখা যায় না। মনে পড়ে ছোটকালে মামার সাথে শহর থেকে নানাবাড়ি যাচ্ছি। বাস থেকে নেমে হাট থেকে মামা একটা ইলিশ মাছ কিনলেন। এর পর শুরু হল হাঁটা। মামার হাতে ঝুলন্ত মাছ। তিন মাইলের পথ। বিকেল বেলা। পথে উল্টো দিক থেকে সারি সারি লোক হাটের দিকে রওয়ানা দিয়েছেন। ইলিশ মাছ দেখা মাত্র প্রশ্ন — কত দাম পড়ল? মামাও বেশ গর্বের সাথে উত্তর দিতে থাকলেন। কেউ কেউ কাছে এসে মাছের দাম অনুযায়ী সাইজ ঠিক আছে কিনা অনুসন্ধান করতে লাগলেন। তাদের কেউ কেউ মন্তব্য করলেন — ঠিক দামে কিনেছেন, জিতেছেন, হাটের শেষে আরও সস্তা হতে পারে, ইত্যাদি। আমাদের হাটার গতি কমে গেল। দেরি  হয়েছিল বাড়ি পৌঁছাতে। পথে একবার মনে হয়েছিল মামাকে ইলিশ মাছটি পিছনে লুকিয়ে রাখার পরামর্শ দেই।

ইলিশের শত রকমের রান্না আছে। ইলিশের মুড়ো দিয়ে কচু শাক থেকে শুরু করে ইলিশের পোলাও। সরিষা ইলিশ সবারই প্রিয়। ফরিদপুরের মধুখালী উপজেলায় এক বাড়িতে খেয়েছিলাম ইলিশ মাছ দিয়ে মুগ ডালের এক অপূর্ব রান্না। ইলিশ ও মুগডাল এই দুই উপকরণের ভিন্ন ভিন্ন আঘ্রাণের মিশ্রণে তৈরি চমৎকার আস্বাদের রসনাকর এক ব্যঞ্জন। লোনা ইলিশের ডিম আর ঝুনো নারকেলের দুধ দিয়ে মালাই কারি তৈরি করতেন আমার নানি। রান্না শেষ হলেই ঝাঁপিয়ে পড়তাম খেতে। পদ্মা পারাপারের সময় লঞ্চের ছোট্ট ক্যান্টিনে সদ্য ধরা ইলিশের ঝোল খেয়েছিলাম, এখনও তার স্বাদ ভুলিনি। গত যুগেও আরিচা থেকে ফেরিতে পারাপার হয়ে ফরিদপুর যেতে পদ্মা নদীতে বেশ ইলিশ ধরতে দেখা যেত। ফেরিতে সরষে-ইলিশ পাওয়া যেত। কখনও মিস করতাম না, দুই টুকরো খেতাম — পেটি ও গাদা। ফেরি ঘাটে সারি সারি দোকানে ইলিশ ভাজা হত। বড় দেখে ভাজা ডিম খেতাম। সাথে করে নিয়েও আসতাম। টাটকা ইলিশ হওয়ায় স্বাদ ছিল অসাধারণ। ফেরি ঘাটে এখন আর পাওয়া যায় না। পরিবর্তে এসেছে পরাটা আর ফার্মের মুরগির ডিমভাজা। এ সব দেখে শঙ্কা হয় ভবিষ্যতে ইলিশ মাছ খেতে বিদেশে যেতে হতে পারে। নদীর ইলিশ মাছ হয়ত পুরোটাই বিদেশে চলে যাবে। বাজারে এখন বড় সাইজের নদীর ইলিশ প্রতি কেজি হাজার টাকার উপরে। পঞ্চাশ বছর আগে একই সাইজের ইলিশ বিক্রি হয়েছে খুব বেশি হলে দু'টাকায়। পটুয়াখালী'র বাউফলে আমাদের সকলের মুরুব্বী হাওলাদার ভাই বলছিলেন ষাট বছর আগে উনি টাকায় ৫টি ইলিশ কিনেছেন, প্রতিটির ওজন দু'কেজির।

ইলিশের উৎপাদনও ভবিষ্যতে কমে যেতে পারে। অনেক আগে ইলিশের বিচরণ ছিল প্রায় সব নদীতেই। দক্ষীণ-পশ্চিমে পশুর, রূপসা, মধুমতি, চিত্রা, ভৈরব, গড়াই, পদ্মা হয়ে উত্তর-পশ্চিমে মহানন্দ নদী পর্যন্ত। দক্ষিণে বলেশ্বর, তেতুলিয়া, মেঘনার ভাটি থেকে শুরু করে একদিকে আড়িয়াল খাল ও পদ্মা হয়ে তিস্তা-যমুনার উজান; অন্যদিকে চাদঁপুর মোহনা হয়ে কালনি-কুশিয়ারা পর্যন্ত। এখনও এসব নদীতে ইলিশ পাওয়া যায় তবে কালে ভদ্রে। ইলিশ দিনে ৭০ কিলোমিটারেরও বেশি ভ্রমণ করতে পারে। বয়স এক বছর পার হতেই নারী ইলিশ সমুদ্র থেকে নদীতে এস ডিম পাড়ে। প্রতিটি মাছ এক নিযুতের কাছাকাছি থেকে তিন নিযুত পর্যন্ত ডিম পাড়ে। মূলত ডিম পাড়ার পরদিন থেকে বাচ্চা ফুটে বের হতে থাকে। তবে পানির তাপমাত্রা ও গুণাগুণের উপর নির্ভর করে ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পরিমাণ। কারও মতে নদীর ক্যালসিয়াম সমৃদ্ধ ঘোলাপানি ইলিশ মাছকে ডিম পাড়তে আসার জন্য আকৃষ্ট করে। বর্ষাকালে নদীর পানিতে মাছের বৃদ্ধিহারও বেশি, প্রতিদিন প্রায় এক মিলিমিটার। সব মিলে মনে হয় পদ্মা নদী ছিল ইলিশ মাসের ডিম পাড়া ও শৈশবকাল কাটানোর জন্য উপযুক্ত জলাশয়। এখন আর সেই পরিবেশ হয়ত নেই। তাই পদ্মার ইলিশ হয়ে উঠছে স্বপ্নের মাছ।

সূত্র
১) India Mike.Com (indiamike.com), জুলাই ৭, ২০০৭।
২) The Telegraph, Calcutta, India, জুন ৯, ২০০৮।
৩) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, ২০০৮, ৪) BNET, The CBS Interactive network (http://findarticles.com/p/news-articles/times-of-india-the/mi_8012/is_20090526/hilsa-prices-worry-importers-kolkata/ai_n39575355/), 5) Express India.Com, 7 May 2011 (http://www.expressindia.com/latest-news/For-a-change-Padma-hilsa-flood-city-markets/361967/)।

কিউ আর ইসলাম: কৃষিগবেষক ও কলামলেখক।