বিবেক জাগ্রত করুন
৪২টি বছর ধরে শহীদ পরিবাররা আপনজনের নির্মম হত্যাকান্ডের বিচার চেয়ে ঘুরছেন পথে পথে। এ আশা শুধু ক্ষীণ ছিল এতকাল, বললে কম বলা হবে। যাদের ’৭৫ পরবর্তী কালো দিনগুলোর কথা মনে নেই তাদের কাছে শুধু আমার পরিচয় দিয়ে আমার বাবার হত্যাকান্ডের ঘটনা বলি। এরপর নিজের বিবেক দিয়ে আপনারা নিজেই বিচার করে নেবেন ১৯৭৫ পরবর্তী সামরিক শাসন অথবা গণতন্ত্রের চাদরে ঢাকা সামরিক শাসনকাল কেমন ছিল।
একটি ঘটনা বিধৃত করলে বোঝা যাবে আমার বাবা কেমন মানুষ ছিলেন। তখন ১৯৭২ সাল। আমার ছোট মামা বাসা থেকে বের হয়ে দেখেন এক রিক্সাওয়ালা তার রিক্সা নিয়ে বাসার গেটে বসে আছে। মামা তাকে চলে যেতে বললেন, বললেন এখন রিক্সা লাগবে না। মামা দেখলেন রিক্সাওয়ালা অঝোর ধারায় কাঁদছে। সে বলল, “আমি তো ভাড়ার জন্য আসি নাই। আমি এসেছি স্যারের বাড়ীটা দেখতে। রাজাকাররা আমার মতো ১০০টা লোক মেরে স্যারের মত ১টা লোককে বাঁচিয়ে রাখতো!” এমন মানুষ ছিল আমার বাবা! আমি গর্বিত তার মেয়ে বলে।
আমার বাবার হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত ছিল কুখ্যাত রাজাকার তথাকথিত ‘মওলানা’ মান্নান। সে আমার বাবার আশ্রিত ছিল। তার আশ্রয়দাতার সাথে বিশ্বাসঘাতকতা করতে বিবেকে বাঁধেনি। ১৮ই ডিসেম্বর যখন সে মুক্তিযোদ্ধাদের হাতে বন্দী হয় তখন সে নিজ মুখে স্বীকার করেছিল যে তার আলবদর ছাত্ররা ডাঃ আলীম চৌধুরীকে ধরে নিয়ে গেছে। এই খুনী পরবর্তীতে ইনকিলাব পত্রিকার মালিক হয়। ৭৫-এর পটপরিবর্তনের পর খুনী মান্নান জিয়ার শাসনামলে প্রতিমন্ত্রী ও এরশাদের সময় পূর্ণমন্ত্রী হয়। আমার বাবার রক্তে ভেজা ঐ পতাকা পতপত করে ওড়ে ঐ খুনীর গাড়ীতে। বলুন আমাকে – এ লজ্জা কার ? আপনাদের বিবেককে জিজ্ঞেস করুন এই কি প্রাপ্য ছিল এক শহীদের, শহীদ সন্তানের অথবা ঐ পবিত্র পতাকার? জাতীয় পতাকার এহেন অপমান করার অধিকার কোন শাসকের আছে কি ? কিন্তু শুধু সামরিক শাসক জিয়া-এরশাদ নয়, পরবর্তীতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেত্রী খালেদা জিয়াও তুলে দিয়েছিলেন রাজাকার নিজামী, রাজাকার মুজাহিদ, রাজাকার সালাউদ্দিন কাদের চৌধুরীর গাড়ীতে এদেশের পতাকা। গাড়ীতে বসে সে হায়েনারা যে অট্টহাসি হেসেছে, তা কি আপনারা শুনতে পান ? রাজনৈতিক স্বার্থে কানে তালা দেয়া নেতারা হয়ত পায় না কিন্তু যারা তাদের সমর্থক-কর্মী তাদের জিজ্ঞেস করি – ব্যক্তি বা দলের উর্ধ্বে নিশ্চয়ই আপনার কাছে দেশ প্রিয়, তাহলে আপনাদের হৃদয়ে এ আঘাত কেন বাজে না ? পতাকার অবমাননায় আপনাদের অপমান হয় না ?
এ কথাগুলো বললেই প্রধান বিরোধী দলের সমর্থকরা বলবেন সরকারী দলেও রাজাকার আছে, ঘরেও রাজাকার আছে। তাদের বলি, আওয়ামী লীগ-বিএনপি কারো অধিকার নাই শহীদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করার। একদল করছে বলে অন্যদলও করবে তার কোন যুক্তি নেই। আওয়ামী লীগে যে রাজাকাররা আছে বলছেন, তারা কি নিজামীর মত শীর্ষস্থানীয় আলবদরের সংগঠক, মুজাহিদ বা সাকা চৌধুরী-এর মত নিজ হাতে খুন করার অপরাধে অপরাধী?
মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞার মধ্যে যে হত্যা, ধর্ষণ, লুট, অগ্নিসংযোগ ও জানমালের ক্ষতির কথা বলা হয়েছে, তারা কি তা করেছে, সে ৫টি অপরাধ অনুযায়ী তারা কি মানবতাবিরোধী অপরাধে অপরাধী ? যদি হয় তবে আপনাদের আহ্বান জানাই আন্তর্জাতিক আদালতে তাদের বিরুদ্ধে মামলা করুন, অপরাধ প্রমাণ হোক, অবশ্যই তাদেরও শাস্তি হতে হবে। আর যদি তা না হয় শুধু শুধু জল ঘোলা করবেন না। যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে ‘কিন্তু’ ‘তবে’ যথেষ্ট করেছেন। আর না। মনে রাখবেন আওয়ামী লীগকে ঘায়েল করতে গিয়ে লাথি মারছেন যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়াকে। লাথি মারছেন শহীদ পরিবারদের বুকে। দুই দলের এই ফুটবল খেলায় বল যেন আমাদের এই পিতৃহত্যার বিচার চাওয়ার ইস্যুটা। একে অন্যকে ঘায়েল করতে লাথি মারছেন আমাদের। মাঝখানে দর্শকের সাড়িতে বসে তালি দিচ্ছে জামাতসহ সকল মুক্তিযুদ্ধবিরোধী শক্তি।
যারা আওয়ামী লীগের ঘরে রাজাকার রয়েছে–এই যুক্তিতে বিচার প্রক্রিয়াকে বারবার প্রশ্নবিদ্ধ করছেন তাদের জ্ঞাতার্থে জানাই, এই সেদিন মাত্র আখাউড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য যে মোবারক ১৯৭১-এ জামাতের রোকন থাকাকালীন মানবতাবিরোধী অপরাধ করেছে বলে অভিযুক্ত। সুতরাং কোন যুদ্ধাপরাধী রং বদলে আওয়ামী লীগের সাথে মিশে গেলেও যে সে তার ৭১ সালের মানবতাবিরোধী অপরাধের বিচারের সম্মুক্ষীন হওয়া থেকে রেহাই পেয়ে যাবে- এই যুক্তি ধোপে টিকে না।
যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে যে প্রসঙ্গটি নিয়ে সবচেয়ে বেশী প্রশ্ন তোলা হয় তা হল যুদ্ধাপরাধীদের মানবাধিকারের বিষয়টি, বিশেষত আমাদের বিদেশী বন্ধুদের প্রায়শই এ প্রসঙ্গে বিচলিত থাকতে দেখা যায়। যারা এই প্রশ্নটি করেন, তাদের আমি পাল্টা প্রশ্ন করতে চাই। আপনাদের অন্তরে যুদ্ধাপরাধীদের মানবাধিকার নিয়ে এত মায়া তার কিছুটা অংশ কেন আমাদের জন্য নাই ? ৭১ সালের যে সকল ঘটনার জন্য এ বিচার সেই বিচারের বাদী কে আর বিবাদীকে ? কার মানবতা বিরোধী অপরাধের শিকার ছিল কে ? আমরা সকল শহীদ পরিবার, বীরাঙ্গনা ও ক্ষতিগ্রস্থ সকল পরিবার ছিলাম এই রাজাকার আলবদরদের মানবতাবিরোধী অপরাধের শিকার। বিচার পাওয়া আমাদের মানবাধিকার। মনে রাখবেন ‘Justice Delayed is Justice Denied’। আমরা শুধু যে বিচার পাইনি তা নয়, বিচার প্রক্রিয়া বিলম্বিত হল ৪২ বছর, তাও একটি অবিচার। যুদ্ধাপরাধীদের মানবাধিকারের বিষয়টি নিশ্চিত করার জন্যই এই ট্রাইবুনালে পর্যাপ্ত ব্যবস্থা দেয়া হচ্ছে বলে আইনজ্ঞরা মনে করেন। বিদেশী বন্ধুদের বলছি খেয়াল করে দেখুন একটি ‘ফেয়ার ট্রায়াল’ -এর প্রশ্ন তুলে আপনারা শহীদ পরিবারদের প্রতি ‘আন-ফেয়ার’ হচ্ছেন কিনা ? দেশে যারা বলছেন বিচার মানবেন যদি বিচার প্রক্রিয়া ‘স্বচ্ছ’ হয়, তাদের স্পষ্ট করে বলতে অনুরোধ জানাই, স্বচ্ছ বলতে আপনারা কী বোঝাচ্ছেন, বিচার প্রক্রিয়ায় কী কী পরিবর্তন আনলে বিচার প্রক্রিয়াটিকে আপনাদের কাছে স্বচ্ছ মনে হবে। একটি কথা স্পষ্ট করে বলতে চাই এই ট্রাইবুনালে ৭১-এর অপরাধীদের বিচার প্রক্রিয়া কারো কারো কাছে রাজনৈতিক ইস্যু, কারো কারো কাছে একটি বিচারিক প্রক্রিয়া, কারো কারো কাছে শুধুই খবর। কিন্তু লক্ষ লক্ষ শহীদ পরিবারের কাছে এই বিচার তাদের অন্তর থেকে উৎসারিত প্রাণের দাবি। মায়ের চেয়ে মাসির দরদ বেশী- দয়া করে এ ভাব কেউ দেখাবেন না। স্বজন হত্যার বিচার সুষ্ঠু হউক এবং কখনোই যেন কেউ এ বিচার কার্যকে প্রশ্নবিদ্ধ করতে না পারে, তা একজন শহীদ পরিবারের সদস্যের চেয়ে আন্তরিকভাবে আর কেউ চাইছেন তা বিশ্বাসযোগ্য নয়। আপনাদের নিশ্চিত করতে চাই শহীদ পরিবাররা সতর্ক সজাগ দৃষ্টি নিয়ে এ বিচার কার্য পর্যবেক্ষণ করছে। সেই সাথে আপনাদেরকেও আহ্বান জানাচ্ছি, আমাদের সহযোগিতা করুন, ভুল-ক্রটি আছে মনে করলে তা সংশোধনে সহযোগিতা করুন। কিন্তু শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা করবেন না। এতে আমার আপনার কারোই লাভ নেই, লাভ শুধুই অপরাধীর।
আমরা সাধারণ মানুষ বিএনপির অধঃপতন দেখতে চাই না। কারণ, তাহলে জামাত বা অতি ডানপন্থী দল উঠে আসবে প্রধান বিরোধী দলের স্থানে। বিরোধীদলের সমর্থকদের বলি, শুধু আওয়ামী লীগের দিকে সন্দেহের দৃষ্টি দিয়ে না দেখে, নিজের ঘরের দিকে তাকান যত্ন নিয়ে। জামাত সুকৌশলে বিএনপির মধ্যপন্থী গণতান্ত্রিক দলের ইমেজটি ধ্বংস করে দিচ্ছে না তো ? খেয়াল করুন বিএনপির মুক্তিযুদ্ধের পক্ষের মানসিকতার নেতা কর্মীরা দূরে সরে যাচ্ছে না তো ? নিন্দুকেরা বলে বিএনপি এখন জামাতের ‘বি’ টিম হয়ে যাচ্ছে। মাঠ গরম করছে শিবিরকর্মী, ছাত্রদলের নেতা-কর্মী খুঁজে পাওয়া যায় না। আমরা এটা চাই না। এটা বাংলাদেশের ভবিষ্যতের জন্য মঙ্গলজনক হতে পারে না। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে সরকারী দল, বিরোধী দল, জনতা সবাই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হবে। তাদের রাজনৈতিক মত পথ ভিন্ন হতেই পারে, হওয়াই সুস্থ রাজনীতির লক্ষণ, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার ব্যাপারে সকল দল থাকবে একমত। সকল দল চাইবে একটি মুক্তিযুদ্ধের আদর্শে গড়া বাংলাদেশ- যার স্বপ্ন নিয়েই আমাদের স্বজনরা দিয়েছিলেন আত্মাহুতি এবং যে বাংলাদেশের স্বপ্নই শোককে শক্তিতে পরিণত করে আমাদের মত শহীদ স্বজনদের জীবনযুদ্ধে টিকে থাকার অনুপ্রেরণা যোগায়।
ডাঃ নুজহাত চৌধুরী: শহীদ ডাঃ আব্দুল আলীম চেীধুরীর সন্তান
