পতাকা অবমাননা রাষ্ট্রদ্রোহিতার সামিল
কেবলমাত্র পাকিস্তানেই জাতীয় পতাকার অবমাননা বিষয়ক আইনি ধারা সুষ্পষ্ট নয় বলে জানি। এর বাইরে বহি:বিশ্বে জাতীয় পতাকার রাষ্ট্রীয় মর্যাদা, ভাব গাম্ভীর্য অক্ষুন্ন রাখতে সুনির্দিষ্ট আইন ও শাস্তির বিধান রয়েছে।
ভারতের চেয়েও চীন অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে আইনি পদ্ধতিতে জাতীয় পতাকার মর্যাদা সুরক্ষায়। আটকাদেশ, তিন বছরের জেল-জরিমানা ছাড়াও ব্যক্তির রাজনৈতিক অধিকার খর্ব হওয়ার সম্ভাবনা রয়েছে চীনের জাতীয় পতাকা ব্যবহার বিধি আইনে। ফিনল্যান্ড, জার্মানি এবং ডেনমার্কে জাতীয় পতাকার অবমাননা অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ। যদি ইচ্ছাকৃতভাবে সংবিধান লঙ্ঘনকর এ ধরণের কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে, তবে শাস্তির মেয়াদ বর্ধিত হয়। আরব বিশ্বের অনেক দেশেই জাতীয় পতাকায় ইসলামিক স্বাক্ষর রয়েছে। ইরানের পতাকায় ’আল্লাহু আকবার’ লিখিত আছে, আর সৌদি পতাকায় রয়েছে ইসলামি বিশ্বাস বাণী। এসব দেশে জাতীয় পতাকার মর্যাদাকে অগ্রাধিকার দেয়া হয় এবং জাতীয় পতাকার ন্যূনতম অবমাননাকে মূলত ইসলাম ধর্মের অবমাননার সামিল বিবেচিত হয়।
লাল-সুবজ পতাকা হৃদয়ে ধারণ করে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর জন্ম নিয়েছিল বাংলাদেশ। ভাষার জন্য প্রাণ দিয়েছিল এই সেই দেশ। নয় মাসে দেশ স্বাধীন করে আপন অস্তিত্ব, অধিকার, চেতনা, মূল্যবোধকে বিশ্ববাসীর কাছে ছড়িয়ে দিয়েছিল এই দেশটিই। ৩০ লাখ শহীদের রক্তে রাঙা আর নির্যাতিত ৪ লাখ মা-বোনকে আষ্টেপিষ্টে জড়িয়ে রাখা বাংলাদেশের জাতীয় পতাকা আমাদের অর্জন, আমাদের গর্ব, আমাদের অহংকার। এই পতাকার ছায়াতলে আমরা বারবার একত্রিত হই স্বাধিকার চেতনায়। মিছিল করি এই পতাকা হাতে। প্রজন্মান্তরে সঁপে দেই এই পতাকা, এই আশ্বাসে- নতুন প্রজন্মই সমুন্নত রাখবে আমাদের বিজয়, আমাদের স্বাধীনতা, আমাদের একাত্তর। এই পতাকার অবমাননা মানে জাতির হৃদন্দনকে থামিয়ে দেয়ার প্রচেষ্টা। এই পতাকাকে অসম্মান অর্থ বাংলাদেশের জন্ম ইতিহাসকে উপহাস করা। আজ সেই ধৃষ্টতাই দেখিয়েছে অপশক্তির ধারকরা।
জাতীয় পতাকার প্রতি গর্হিত অবমাননামূলক আচরণের তালিকায় রয়েছে, পতাকা পোড়ানো, পদদলিত করা, ছিঁড়ে ফেলা, কেটে ফেলার মত উগ্রতা। আর এই চিত্রটাই এখন ভাসছে জাতির সম্মুখে – জাতীয় পতাকার আধেক ছেঁড়া অংশ। রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ’র কথা প্রতিধ্বনিত হচ্ছে জনতার কানে বারবার – ’জাতির পতাকা খামচে ধরেছে আজ পুরোনো শকুন’। জাতির পতাকাকে যারা হেয় করেছে প্রকাশ্য দিবালোকে, তারা একই সাথে রাষ্ট্রবিরোধিতার অশনি সংকেত দিয়ে গেছে। জনতা এই সংকেত সম্পর্কে ওয়াকেবহাল, রাষ্ট্রকেও উপলব্ধি করতে হবে জনতার মত করে। রাষ্ট্রকে চিহ্নিত করতে হবে জাতীয় পতাকার অবমাননাকারী এই অপরাধী গোষ্ঠিকে।
স্বাধীনতা পরবর্তীকালে, ১৯৭২ সালে পতাকা আইন করা হয়েছিল। ২০১০ এর জুলাই মাসে এই আইন সংশোধিত হয়, যার পেছনে মূল পর্যবেক্ষণ ছিল বিশেষত নাগরিকদের অজ্ঞতার কারণে জাতীয় পতাকার অবমাননা। এই সংশোধনিতে সর্বোচ্চ ২ বছর পর্যন্ত শাস্তি এবং ১০ হাজার টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়। না জেনে, না বুঝে আর অতি উচ্ছ্বাসে যারা পতাকা ব্যবহারবিধি লংঘন করেন, তাদের অপরাধের মাত্রা বিবেচনা করে এই শাস্তি বিধান যথাযথ হতে পারে। তবে কোন প্রতিষ্ঠান যদি বাণিজ্যিক কোন প্রচারণায়, বিজ্ঞাপনে জাতীয় পতাকার ব্যবহার বিধিবহির্ভূতভাবে করে থাকে, তার জন্য ১০ হাজার টাকা অর্থদণ্ড ন্যায়সঙ্গত নয়। অপরাধের মাত্রা ভেদে অর্থ জরিমানার পরিমাণ বৃদ্ধি করার আইনি বিষয়টি রাষ্ট্রকে বিবেচনায় আনতে হবে।
বাংলাদেশের জাতীয় পতাকা আইনে জাতীয় পতাকাকে কেন্দ্র করে যে কোন গর্হিত আচরণকে কীভাবে অন্তর্ভূক্ত করা হয়েছে, তা সরকারকে খতিয়ে দেখতে হবে। কোন গোষ্ঠি, সংগঠন, রাজনৈতিক দল উদ্দেশ্যপ্রণোদিতভাবে, পরিকল্পিতভাবে দেশে অরাজকতা-অস্থিরতা সৃষ্টির জন্য জাতীয় পতাকাকে অসম্মান করলে একে অপরাধ হিসেবে ঘোষণা দেয়া, অভিযোগ দাখিল করা এবং অভিযোগের অংশে রাষ্ট্রবিরোধিতামূলক আচরণ উল্লেখ করা জরুরী। প্রয়োজনে এই সব গোষ্ঠিদের নাগরিক-সামাজিক-প্রাতিষ্ঠানিক-রাজনৈতিক অধিকার রহিত করতে সরকারকে পদক্ষেপ নিতে হবে। একই সাথে মুক্তিযুদ্ধের চেতনার সাথে জড়িত সর্বোচ্চ সম্মানিত স্থাপনাগুলোতে (যেমন শহীদ মিনার, স্মৃতিসৌধ) উস্কানিমূলক, অবমাননাকর, হেয়প্রতিপন্নকারী অর্থ্যাৎ রাষ্ট্রীয় চেতনা ও স্বাধীনতার পরিপন্থি আচরণের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরী। স্বাধীনতা বিরোধীদের কর্তৃক পতাকা অবমাননার বিরুদ্ধে আইনি অভিযোগ দাখিল হোক দ্রুত। পতাকা অবমাননার অভিযোগ উত্থাপন ও আইনি ব্যবস্থা গ্রহণে সরকারের বিলম্ব অবশ্যই অবহেলার সামিল হবে।
জনতা রাষ্ট্রের সাথে আছে – তা সে ঘরে থাকুক, কর্মক্ষেত্রে থাকুক আর রাজপথে। জনতা শাহবাগ থেকে শুরু করে দেশজুড়ে পতাকা মিছিল করবে প্রয়োজনে। আসছে উত্তাল মার্চে শহরের প্রতিটি বাড়ির ছাদে, গ্রামের প্রতিটি উঠানে, প্রতিটি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের মাঠে বিজয়ের লাল-সবুজ নিশান উড়বে পত পত করে। প্রয়োজনে ’বিজয় ফুল’ বুকে ধারণ করে জীবিকার কাজ করে যাবে সকলে যার যার কর্মক্ষেত্রে। এই হবে আমাদের নিরব ও সরব প্রতিবাদ। এই হবে জাতীয় পতাকার প্রতি আমাদের উৎসর্গিত সম্মান। ’আমাদের পতাকা, আমাদের মান, সত্য, সুন্দর, বিজয় নিশান’, এই বিজয় নিশান হাতে অগ্রসরমান জাতিকে, এই লাল-সবুজকে বুকে লালন করা জনতাকে রুখবে কে?
আইরিন সুলতানা: ব্লগার।
