Published : 15 Dec 2019, 05:12 PM
চট্টগ্রামের রাজনীতির অবিসংবাদিত ব্যক্তি ছিলেন এ বি এম মহিউদ্দিন চৌধুরী। একজন রাজনীতিবিদের চরিত্রকে ছাপিয়ে তিনি হয়ে উঠেছিলেন চট্টগ্রামের সর্বস্তরের মানুষের প্রিয়নেতায়। শুধু রাজনৈতিক কর্মকাণ্ডে নয়, তাঁর নিজগুণে তিনি হয়ে উঠেছিলেন চট্টগ্রামবাসীর আস্থার ঠিকানায়। তিনি আমাদের মাঝে নেই প্রায় দুইবছর, কিন্তু তিনি এখনো চট্টগ্রামবাসীর হৃদয়ে এখনো আস্থার ঠিকানা হয়ে আছেন।
এ বি এম মহিউদ্দিন চৌধুরী ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি, চট্টগ্রাম সিটি করপোরেশনের তিনবারের নির্বাচিত মেয়র। তিনি চট্টগ্রামের জন্য, চট্টগ্রামের মানুষের জন্য একজন নগরপিতা হিসেবে, একজন রাজনীতিবিদ হিসেবে যে কর্মকাণ্ড করে গেছেন তাঁর জীবদ্দশায় তা কখনো ভুলবার নয়। ২০১৭ সালের ১৫ ডিসেম্বর তিনি আমাদের ছেড়ে চিরবিদায় নেন।
কেবল বিরোধী দলে থাকা অবস্থায় নয়, নিজদল সরকারে থাকলেও চট্টগ্রাম ও চট্টগ্রামবাসীর অধিকার ও স্বার্থের জায়গায় তিনি ছিলেন আপসহীন। চট্টগ্রামের কোন সমস্যা হলে সংকটময় কোন মুহুর্তে এখনো চট্টগ্রামবাসী স্মরণ করেন সেই নেতাকে, যদি মহিউদ্দিন চৌধুরী বেঁচে থাকতেন! এখনো চট্টগ্রামবাসীর মনে আফসোসের সুর শোনা যায়।
নগরজুড়ে চলছে সরকারের উন্নয়নের মহাযজ্ঞ। আর এ উন্নয়নের জোয়ারে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন সড়ক, মহাসড়ক কাটা পড়ছে। দিনের পর দিন ওয়াসা সড়ক কাটছে। গ্যাস লাইনের জন্য কাটা হচ্ছে সড়ক। সড়ক কাটা হলেও কার্যক্রম শেষের পর সড়কগুলো দ্রুত ঠিক করার দায় যেন কোন সংস্থার নেই। উন্নয়ন কাজ চলছে দিনের পর দিন। জনসাধারণের ভোগান্তির শেষ নেই। উন্নয়নের অজুহাতে জনগণের ভোগান্তি নিয়ে ভাববার যেন কেউ নেই।
চট্টগ্রামের জনসাধারণ প্রতিদিন সড়ক মহাসড়কে গিয়ে বের হয়ে ধূলি ধুসরময় প্রকৃতিতে নাকাল হতে হচ্ছে প্রায়ই। উন্নয়নের জন্য দুর্ভোগ মানতে রাজি নগরবাসী, কিন্তু কতমাস কত বছর ধরে এ যন্ত্রণা সইতে হবে তার সীমা পরিসীমা যেন নেই।
নাকাল হওয়া পথ চলতি মানুষ প্রতিনিয়ত উন্নয়নের নামে এ যন্ত্রণা নিয়ে উষ্মা প্রকাশ করেন। কিন্তু আর কতদিন। মানুষের এই ভোগান্তি লাঘবে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকরী উদ্যোগ নেই। যদি মহিউদ্দিন চৌধুরী বেঁচে থাকতেন তখনই জনগণের পাশে থাকতেন বলে আফসোস করেন নগরবাসী।
নগরবাসী আফসোসের সুরে এখনো বলেন, যদি তিনি বেঁচে থাকতেন তাইলে দুর্ভোগ এত চরম পর্যায়ে হতো না। একজন রাজনৈতিকনেতা কতটা জনবান্ধব হলে তাঁর মৃত্যুর দুই বছর পরও এখনো মানুষের মুখে মুখে তার নাম বারবার ঘুরে ফিরে আসে।
সেজন্য বলা হয়, শুধু রাজনীতির মাঠে নয়, চট্টগ্রাম জুড়ে এখনো সমস্ত আবেগ উদ্দীপনা ও আস্থার নাম এখনও মহিউদ্দিন চৌধুরী। আমৃত্যু রাজনীতির সাথে থাকা মানুষটি ভুল-ত্রুটির উর্ধে না থাকলেও তিনি তাঁর নিজগুণে ও কাজের মধ্য দিয়ে এখনো চট্টগ্রামের অভিভাবকের আসনে আসীন।
মানুষের জন্য, চট্টগ্রামের জন্য আজ মহিউদ্দিন চৌধুরীর মতো একজন মানবিক গুণ সম্পন্ন রাজনীতিকের আজ বড় বেশি প্রয়োজন।