২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মমতার মন্ত্রিসভায় রদবদল, নতুন ৮ মন্ত্রী-প্রতিমন্ত্রীর শপথ

অর্থপাচার মামলায় পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার দেড় সপ্তাহের মধ্যে এ রদবদল হল।

মমতার মন্ত্রিসভায় রদবদল, নতুন ৮ মন্ত্রী-প্রতিমন্ত্রীর শপথ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2022, 05:27 PM

Updated : 03 Aug 2022, 06:18 PM

শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট একটি অর্থপাচার মামলায় পার্থ চট্টোপাধ্যায় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেপ্তার হওয়ার দেড় সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায় রদবদল আনলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

বুধবার বিকালে রাজভবনে গভর্নর লা গণেশনের কাছে নতুন ৮ মন্ত্রী-প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন বলে আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

যে ৮ জন শপথ নিয়েছেন, তারা হলেন- উদয়ন গুহ, তাজমুল হোসেন, পার্থ ভৌমিক, প্রদীপ মজুমদার, স্নেহাশিস চক্রবর্তী, বাবুল সুপ্রিয়, বিপ্লব রায়চৌধুরী ও সত্যজিৎ বর্মন।

এর মধ্যে বিপ্লব, তাজমুল ও সত্যজিত প্রতিমন্ত্রী; বাকিরা পূর্ণমন্ত্রী।

নতুন ৮ জনকে নেওয়ার পাশাপাশি মমতা প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদারকে বাড়তি দায়িত্বও দিয়েছেন।

সোমবার মমতা মন্ত্রিসভায় রদবদলের খবর নিশ্চিত করেছিলেন। বলেছিলেন, চার-পাঁচ জন বাদ পড়বে, নতুন কয়েকজন আসবেন।

গত বছরের ৪ নভেম্বর মমতার মন্ত্রিসভার সদস্য সুব্রত মুখোপাধ্যায় এবং এ বছরের ফেব্রুয়ারিতে আরেক সদস্য সাধন পাণ্ডে মারা যান।

আর জুলাইয়ের শেষদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়ার পর পার্থকে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেন মমতা। তার পর থেকেই মন্ত্রিসভায় রদবদলের জোর গুঞ্জন শুরু হয়।