২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়েতে পাওয়া হোম থিয়েটার বিস্ফোরিত হয়ে বর নিহত, কনের সাবেক প্রেমিক গ্রেপ্তার

সন্দেহভাজন সরযু মারকাম ক্ষিপ্ত হয়ে প্রেমিকার বিয়েতে বিস্ফোরকভর্তি ওই হোম থিয়েটার পাঠান, বলছে পুলিশ।

বিয়েতে পাওয়া হোম থিয়েটার বিস্ফোরিত হয়ে বর নিহত, কনের সাবেক প্রেমিক গ্রেপ্তার

সন্দেহভাজন সরযু মারকামকে মঙ্গলবার পুলিশ গ্রেপ্তার করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2023, 04:47 PM

Updated : 05 Apr 2023, 04:47 PM

ভারতের ছত্তিশগড়ে বিয়েতে উপহার হিসেবে পাওয়া একটি হোম থিয়েটার সিস্টেম বিস্ফোরিত হয়ে নববিবাহিত এক ব্যক্তি ও তার ভাই নিহত হয়েছে।

পুলিশ বলছে, হোম থিয়েটারের ভেতর বিস্ফোরক বসানো ছিল, সে কারণে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সঙ্গে সঙ্গে সেটি বিস্ফোরিত হয়।

সোমবারের ওই বিস্ফোরণে ঘটনাস্থলেই বর মারা যান; পরে চিকিৎসাধীন অবস্থায় তার ভাইয়েরও মৃত্যু হয়, জানিয়েছে বিবিসি।

এনডিটিভি জানিয়েছে, নিহত বরের নাম হেমেন্দ্র মেরাভি। শনিবার তিনি বিয়ে করেন। কনের নাম ললিতা।

বিস্ফোরকভর্তি ওই হোম থিয়েটার ললিতার সাবেক প্রেমিক পাঠিয়েছিল বলে সন্দেহ করছে পুলিশ। প্রেমিকার অন্য একজনের সঙ্গে বিয়ে হয়ে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে সন্দেহভাজন এমনটা করেছে বলেই অনুমান তাদের।

ললিতার সাবেক প্রেমিকের নাম সরযু মারকাম, তিনি মধ্যপ্রদেশের বাসিন্দা। পুলিশ মঙ্গলবার তাকে গ্রেপ্তার করেছে। পুলিশ হেফাজতে থাকায় অভিযোগ বিষয়ে তার মন্তব্য পাওয়া যায়নি।

ছত্তিশগড়ের কবিরধাম জেলায় বরের বাড়িতে এই হোম থিয়েটার বিস্ফোরণের ঘটনায় ১৮ মাস বয়সী এক শিশুসহ আরও চারজন আহত হয়েছে।

পুলিশ বলছে, ললিতার সঙ্গে ৩৩ বছর বয়সী সরযুর প্রেমের সম্পর্ক ছিল; সরযু তাকে দ্বিতীয় স্ত্রী বানাতে চেয়েছিল।

কিন্তু ললিতার পরিবার তাতে রাজি না হয়ে তার সঙ্গে হেমেন্দ্রর বিয়ে ঠিক করে।

সোমবারের ওই বিস্ফোরণটি এত শক্তিশালী যে তাতে ঘরের ছাদ ও দেয়ালও ধসে পড়েছিল, বলেছে পুলিশ।