ইন্দোনেশিয়ায় ভিড়েছে আরও পাঁচশ মানুষ
মানবপাচার নিয়ে সাম্প্রতিক সঙ্কট মোকাবেলার পথ খুঁজতে দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশের মন্ত্রীদের বৈঠকের প্রস্তুতির মধ্যেই ইন্দোনেশিয়া উপকূলে প্রায় পাঁচশ বাংলাদেশি ও রোহিঙ্গাকে উদ্ধার করার খবর দিয়েছেন উদ্ধারকর্মীরা।
বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বুধবার ভোরের দিকে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় আচেহ প্রদেশের উপকূলে মালাক্কা প্রণালীতে এই অবৈধ অভিবাসীদের ভাসমান অবস্থায় পাওয়া যায়।
ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির কর্মকর্তা খায়রুল নোভা বলেন, “আমরা সব মিলিয়ে প্রায় পাঁচশ জনকে পেয়েছি। ছোট ছোট নৌকায় করে তাদের সাগর থেকে তীরে আনা হচ্ছে।”
গত দুই সপ্তাহে দুই হাজারেরও বেশি মানুষ পাচারকারীদের নৌকায় করে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মাটিতে নামতে পারলেও এর চেয়ে কয়েক গুণ বেশি মানুষ আন্দামান সাগর ও থাই উপকূলে আটকা পড়ে আছে বলে মানবাধিকার সংস্থাগুলোর ধারণা।
গত কয়েক দিনে ওই তিন দেশের উপকূলরক্ষীরা মানুষবোঝাই বেশ কিছু নৌকা উপকূলে ভিড়তে না দিয়ে গভীর সাগরে ঠেলে দেয়, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।
এদিকে সমুদ্রপথে মানবপাচার বন্ধে বুধবার কুয়ালালামপুরে জরুরি বৈঠকে বসেছেন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যাণ্ডের পররাষ্ট্রমন্ত্রীরা।
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আনিফা আমান, থাইল্যান্ডের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী তানাসাক প্রতিমাপ্রগর্ন এবং ইন্দোনেশিয়ার রিন্টো মার্সুদি এ বৈঠকে অংশ নেবেন বলে বার্তা সংস্থা বারনামার খবর।
