সীমান্ত বিল উঠছে: ঢাকার রাজি হওয়া নিয়ে সংশয় বিজেপি নেতার
বাংলাদেশের সঙ্গে স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নে ভারতের সংবিধান সংশোধনের প্রস্তাব উঠতে যাচ্ছে পার্লামেন্টে।
তবে আসামকে বাদ রেখে তাদের এই উদ্যোগে বাংলাদেশকে মানানো যাবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ভারতে ক্ষমতাসীন দলের এক রাজ্যনেতা।
ভারতে অভ্যন্তরীণ মতপার্থক্যের কারণে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সংবিধান সংশোধনের এই বিল পাস হলে ছিটমহল সমস্যার সমাধান হবে বলে বাংলাদেশের কাছে এই উদ্যোগ বহু প্রতীক্ষিত।
আগামী সপ্তাহেই পার্লামেন্টের রাজ্যসভায় সংবিধান সংশোধন বিল উত্থাপন করা হতে পারে বলে ভারত সরকারের একাধিক সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছে।
বাংলাদেশ-ভারতের স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে আসামকে বাদ রেখে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন।
“স্থল সীমান্ত চুক্তি নিয়ে আসামে অনেক সমস্যা ও বিক্ষোভ। তাই এখন স্থল সীমান্ত চুক্তি থেকে আসামকে বাইরে রাখা হবে।”
এই পদক্ষেপ বাংলাদেশ সরকার মেনে নেবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করে আসামের তেজপুরের বিজেপি এমপি আর পি শর্মা বলেন, “সরকার বিলটি পার্লামেন্টে তুলতে পারে এবং সেটি পাসও হয়ে যেতে পারে। তবে প্রশ্ন হচ্ছে বাংলাদেশ সরকার এতে রাজি হবে কি না।”
ভারতে কংগ্রেস নেতৃত্বাধীন বিগত ইউপিএ সরকারও এই চুক্তি বাস্তবায়নে চেষ্টা করেছিল। চুক্তি কার্যকরে তা অনুসমর্থনে পার্লামেন্টে সংবিধান সংশোধন বিল তুলেও ছিল তারা। তবে আসাম গণপরিষদ এবং পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের বিরোধিতায় তা আটকে যায়।
কংগ্রেস সরকারের তোলা ওই বিলে পরিবর্তন এনে তুলতে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন বর্তমান সরকার। এতে আসাম রাজ্যের ভূমি বিনিময়কে বাদ রাখা হচ্ছে।
চুক্তি বাস্তবায়ন হলে বিনিময় হিসেবে বাংলাদেশ থেকে আসাম যে পরিমাণ ভূমি পাবে তার চেয়ে তাদের বেশি দিতে হবে।
এভাবে ভূমি বিনিময় করলে আগামী বছর অনুষ্ঠেয় বিধান সভা নির্বাচনে তার নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কায় স্থল সীমান্ত চুক্তির বিরোধিতা করছেন বিজেপির আসামের নেতারা।
দুটি চা বাগানসহ বাংলাদেশ থেকে ২৩১ একর জমি পাবে আসাম। অন্যদিকে বাংলাদেশকে তাদের দিতে হবে ২৬৮ একর।
এটাই আসামে এ চুক্তির বিরুদ্ধে সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে।
চুক্তি অনুযায়ী পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ পাবে এক হাজার ৯৫৭ একর; বিনিময়ে তাদের দিতে হবে দুই হাজার ৩৯৮ একর। আর মেঘালয় থেকে ৪১ একর পাওয়ার বিনিময়ে তাদের দিতে হবে ২৫০ একর।
