বাংলাদেশের বিষয়ে হস্তক্ষেপ নয়: ভারত
বিজেপি নেতৃত্বাধীন ভারত সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে তারা নাক গলাবে না।
নিজের কার্যালয়ে ‘অবরুদ্ধ’ খালেদা জিয়াকে ভারত থেকে অমিত শাহ ফোন করেছেন বলে বিএনপি চেয়ারপারসনের প্রেস সেক্রেটারির দাবি এবং বিজেপি প্রেসিডেন্টের তা অস্বীকার নিয়ে তুমুল আলোচনার মধ্যেই ভারত সরকারের এ বক্তব্য এল।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন এক বিবৃতিতে বলেন, “আমরা শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং নিরাপদ বাংলাদেশ দেখতে চাই। তবে বাংলাদেশ কীভাবে চলবে তা সে দেশের সরকার ও জনগণই ঠিক করবে। বাংলাদেশের সরকার ও জনগণের জন্য ভারতের শুভকামনা রয়েছে।”
বাংলাদেশে ‘গণতন্ত্র সুসংহত’ করতে বিএনপির পক্ষ থেকে ভারতের সহযোগিতা চাওয়ার বিষয়ে গণমাধ্যমে খবর প্রকাশের প্রেক্ষাপটে এই বিবৃতি গুরুত্বপূর্ণ হিসাবে দেখা হচ্ছে।
খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ খান কামাল ৮ জানুয়ারি গণমাধ্যমের কাছে দাবি করেন, বিজেপি সভাপতি অমিত শাহ টেলিফোনে খালেদা জিয়ার সঙ্গে কথা বলে তার খোঁজ খবর নিয়েছেন।
যদিও পরে ফোনালাপের বিষয়টি ‘বাকোয়াজ’ জানিয়ে এ নিয়ে সংবাদ প্রচারে বিস্ময় ও বিরক্তি প্রকাশ করেন খোদ অমিত শাহ।
বিবৃতিতে আকবরউদ্দিন বলেন, “বাংলাদেশের মতো প্রতিবেশী দেশের বিষয়ে আমাদের নীতি হচ্ছে- বাংলাদেশে কেমন সমাজ গঠন হবে, নিজেদের সমস্যাগুলো তারা কীভাবে সামাল দেবে- বাংলাদেশের সরকার ও তাদের জনগণই তা ঠিক করবে।এতে ভারতের ভূমিকা রাখার কোনো সুযোগ নেই।”
বিজেপির সাধারণ সম্পাদক রমেন দেকাও একই মনোভাব জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বাংলাদেশের রাজনীতিতে কোনো ধরনের ভূমিকা রাখার সুযোগ ভারতের নেই।”
