২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরাজয় মেনে নিলেন রাজাপাকসে

এক দশক ধরে শ্রীলঙ্কার নেতৃত্ব দেওয়া  মাহিন্দা রাজাপাকসে তৃতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গেছেন তার সরকারেরই সাবেক এক মন্ত্রীর কাছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2015, 08:50 AM

Updated : 12 Oct 2022, 03:09 PM

পুরনো খবর:

নির্বাচনে পরীক্ষার মুখে রাজাপাকসে

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোটের ফল আসার পর রাজাপাকসের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা বলেন, “আমাদের কোনো ভালো খবর নেই। সব খারাপ খবর।

“আমি মনে করি জনগণের পরিবর্তন দরকার এবং এটাই গণতন্ত্র।”

এখনো আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা হয়নি। তবে প্রতিদ্বন্দ্বী মিথ্রিপালা সিরিসেনা প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট পেতে চলেছেন বলে এখন পর্যন্ত গণনাকৃত ভোটের ফলে দেখা গেছে।

রাজাপাকসের মন্ত্রিসভা ছেড়ে নির্বাচনে বিরোধী প্রার্থী হয়ে  রাজনৈতিক অবক্ষয় ও দুর্নীতির মূলোৎপাটন করার প্রতিশ্রুতি দিয়েছেন সিরিসেনা।

এদিকে রাজাপাকসে নির্বাচনে পরাজয় মেনে নিয়েছেন বলে প্রেসিডেন্ট দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে।

রাজাপাকসের প্রেস অফিসার বলেছেন, “প্রেসিডেন্ট পরাজয় মেনে নিয়েছেন এবং জনগণের আকাঙক্ষার প্রতি সম্মান জানিয়ে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন।”

এরইমধ্যে রাজাপাকসে তার সরকারি বাসভবন ছেড়ে গেছেন এবং শুক্রবার দিনের শেষভাগে নতুন প্রেসিডেন্ট শপথ নিতে পারেন বলে জানিয়েছেন তিনি।

রাজাপাকসের দপ্তর থেকে পরাজয় মেনে নেওয়ার ঘোষণা আসার পর রাজধানী কলম্বোর রাস্তায় আতশবাজি ফাটিয়ে উৎসব করতে দেখা গেছে।

Image
মিথ্রিপালা সিরিসেনা

মিথ্রিপালা সিরিসেনা

রাজাপাকসে ও সিরিসেনা দুজনই শ্রীলঙ্কার সংখ্যাগরিষ্ঠ সিংহলিজ সম্প্রদায়ের সদস্য।

২০০৫ সালে রাজাপাকসে  ক্ষমতায় আসার চার বছরের মাথায় শ্রীলঙ্কায় এক সেনা অভিযানে বিদ্রোহী তামিল টাইগারদের পরাজিত করা হয়। সরকারের বিরুদ্ধে ২৬ বছর ধরে চলা সশস্ত্র সংগ্রামের অবসান করায় সৃষ্ট জনপ্রিয়তায় ভর করে ২০১০ সালে ৫৮ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হয়েছিলেন রাজাপাকসে।

জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়লেও প্রতিদ্বন্দ্বিতা গড়ার মতো কোনো উপযুক্ত প্রার্থী দিতে পারবে না বিরোধীদল, এই বিবেচনায় মেয়াদ শেষের দুই বছর আগেই প্রেসিডেন্ট নির্বাচন দেন রাজাপাকসে।

কিন্তু সিরিসেনার উত্থানের কথা ঘূণাক্ষরেও কল্পনা করতে পারেননি তিনি। অক্টোবরেও রাজাপাকসের মন্ত্রিসভার সদস্য এবং প্রেসিডেন্টের ঘনিষ্ঠজন ছিলেন সিরিসেনা। ছিলেন ক্ষমতাসীন দল শ্রীলঙ্কা ফ্রিডম পার্টির সাধারণ সম্পাদক।

দেশকে স্বৈরতন্ত্রের পথে চালিত করা ও পরিবারতন্ত্র কায়েমের অভিযোগ তুলে নভেম্বরে রাজাপাকসের পক্ষত্যাগ করেন তিনি। তারপর ক্ষমতাসীন দল ছাড়ার হিড়িক শুরু হয়।

পরে ইউনাইটেড ন্যাশনাল পার্টির নেতৃত্বাধীন বিরোধী জোট সিরিসেনাকে নিজেদের প্রার্থী ঘোষণা করে। এতে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার চেহারা আমূল পাল্টে যায়।

শুক্রবার সকালে শ্রীলঙ্কার নির্বাচন দপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত ৩২ লাখ ২৬ হাজার ভোট গণনা হয়েছে। এর মধ্যে সিরিসেনা ৫১ দশমিক ৩ শতাংশ এবং রাজাপাকসে ৪৬ দশমিক ৯ শতাংশ ভোট পেয়েছেন।

নির্বাচনে নিবন্ধিত মোট ভোটার ছিল দেড় কোটির মতো।