নির্বাচনে পরীক্ষার মুখে রাজাপাকসে
তৃতীয় মেয়াদের জন্য শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে।
বৃহস্পতিবার সকাল ৭টা থেকে শুরু হওয়া এ নির্বাচনে কঠিন চ্যালেঞ্জের মুখে রয়েছেন তিনি।
প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে শ্রীলঙ্কার ভোটাররা “পরিচিত শয়তান” ও “অপরিচিত দেবদূত”র প্রার্থীর মধ্যে বিভক্ত হয়ে পড়েছেন। প্রেসিডেন্ট রাজাপাকসেকে “পরিচিত শয়তান” ও বিরোধীদলীয় প্রার্থী মিথ্রিপালা সিরিসেনা’কে “অপরিচিত দেবদূত” বলা হচ্ছে।
রাজধানী কলম্বোর এক ভোটকেন্দ্রে ভোট দেয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা ভোটার তানিয়া বলেছেন, “জানা শয়তান অজানাটির থেকে বেশি গ্রহণযোগ্য।”
রাজাপাকসের মন্ত্রিসভা ছেড়ে বিরোধীদলের প্রার্থীতে পরিণত হওয়া সিরিসেনা রাজনৈতিক অবক্ষয় ও দুর্নীতির মূলোৎপাটন করার প্রতিশ্রুতি দিয়েছেন।
জনপ্রিয়তা কিছুটা কমলেও প্রতিদ্বন্দ্বিতা গড়ার মতো কোনো উপযুক্ত প্রার্থী দিতে পারবে না বিরোধীদল, এই বিবেচনায় মেয়াদ শেষের দুই বছর আগেই প্রেসিডেন্ট নির্বাচনের ডাক দেন রাজাপাকসে।
কিন্তু সিরিসেনা’র উত্থানের কথা ঘূণাক্ষরেও কল্পনা করতে পারেননি তিনি। অক্টোবরেও রাজাপাকসের মন্ত্রিসভার সদস্য এবং প্রেসিডেন্টের ঘনিষ্ঠজন ছিলেন সিরিসেনা। ছিলেন ক্ষমতাসীন দল শ্রীলঙ্কা ফ্রিডম পার্টির সাধারণ সম্পাদক।
কিন্তু দেশকে স্বৈরতন্ত্রের পথে চালিত করা ও পরিবারতন্ত্র কায়েমের অভিযোগ তুলে নভেম্বরে রাজাপাকসের পক্ষত্যাগ করেন তিনি। সিরিসেনার দলত্যাগে ক্ষমতাসীন দলে দলত্যাগের হিড়িক শুরু হয়।
পরে ইউনাইটেড ন্যাশনাল পার্টির নেতৃত্বাধীন বিরোধী জোট সিরিসেনাকে নিজেদের প্রার্থী হিসেবে ঘোষণা করে। এতে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার চেহারা আমূল পাল্টে যায়।
২০০৯ সালে শ্রীলঙ্কা সরকারের বিরুদ্ধে ২৬ বছর ধরে গৃহযুদ্ধ চালিয়ে যাওয়া তামিল টাইগারদের পরাজিত করে রাজাপাকসে সরকার। সেই জয়ের ফলে সৃষ্ট জনপ্রিয়তায় ভর করে ২০১০ সালে ৫৮ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হয়েছিলেন।
কিন্তু এবার তা অতো সহজ হবে না বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।
দেশটির মোট এক কোটি ৫০ লাখ মানুষ ভোটার হিসেবে নিবন্ধিত আছেন। বৃহস্পতিবার একদিনের ভোট গ্রহণ শেষে পরদিন শুক্রবার সকালের মধ্যে ফলাফল পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।
