অস্ত্রোপচারের পর ‘স্থিতিশীল’ প্রণব মুখার্জি
হৃৎপিণ্ডের ‘ব্লক’ অপসারণে অস্ত্রোপচারের পর ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
টাইমস অফ ইন্ডিয়া ও ইনডিটিভির খবরে বলা হয়, শনিবার সন্ধ্যায় আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হসপিটালে প্রণবের অস্ত্রোপচার হয়।
বুকে ব্যাথাসহ কিছু শারীরিক সমস্যা দেখা দিলে ৭৯ বছর বয়সী এই বাঙালি রাজনীতিবিদকে শনিবার সকালেই হাসপাতালে নেওয়া হয়। সেখানে স্বাস্থ্য পরীক্ষায় প্রণবের হৃৎপিণ্ডের ধমনীতে ব্লক ধরা পড়লে চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।
তার প্রেস সচিব ভেনু রাজামনিকে উদ্ধৃত করে ভারতীয় পত্রিকাগুলো লিখেছে, অস্ত্রোপচারের পর প্রণব মুখার্জির শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে তাকে আরও কয়েকদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে।
ভারতের রাষ্ট্রপতি সোমবার নাগাদ হাসপাতাল ছাড়তে পারেন বলে ভেনু রাজামনি জানিয়েছেন।
গত ১১ ডিসেম্বর ৭৯ বছরে পা দিয়েছেন ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। ২০১২ সালের ২৫ জুলাই ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন তিনি।
আজীবন কংগ্রসের রাজনীতির সঙ্গে থাকা প্রণব রাষ্ট্রপতি হওয়ার আগে বিভিন্ন সময়ে ভারতের প্রতিরক্ষা, পররাষ্ট্র, বাণিজ্য ও সবশেষ অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
