ভারতীয় কাশ্মিরে সেনাদের গুলিতে নিহত ২
ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যে একটি গাড়ি তল্লাশি চৌকি এড়িয়ে যাওয়ার চেষ্টকালে সেনাদের গুলিতে গাড়ির দুই আরোহী নিহত হয়েছেন।
সোমবার রাজ্যটির বুদগাম জেলার এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের একটি সূত্র বার্তা সংস্থা আইএএনএস’কে বলেছেন, “চাত্তিরগাম এলাকার তল্লাশি চৌকির সেনারা পলায়নরত গাড়িটি লক্ষ করে গুলি করে। এতে গাড়ির চার আরোহী গুলিবিদ্ধ হন।”
আশঙ্কাজনক অবস্থায় চারজনকে শ্রীনগরের সেনা হাসপাতালে নেয়া হলে সেখানে দুজন মারা যান। অপর দুজন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মৃত্যুর সঙ্গে লড়ছেন বলে জানা গেছে।
ঘটনা তদন্তের জন্য সেনা ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই চার ব্যক্তির পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে।
