২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিত্রসাংবাদিকের ক্যামেরা হাতে মোদী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গণমাধ্যমের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক সাক্ষাতে এক চিত্রসাংবাদিকের ক্যামেরা হাতে নিয়ে ছবি তুলে সবাইকে অবাক করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2014, 05:58 PM

Updated : 25 Apr 2022, 04:52 PM

এনডিটিভি জানায়, নয়াদিল্লিতে শনিবার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কেন্দ্রীয় কার্যালয়ে দীপাবলী উৎসবকে কেন্দ্র করে এক অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎ করেন মোদী। ক্ষমতায় আসার পর গণমাধ্যমের সঙ্গে মোদীর এটিই প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।

প্রধানমন্ত্রী হওয়ার পর মোদী তার সচিবালয়ে মিডিয়া উপদেষ্টা পদটিই বিলুপ্ত করেছিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাংবাদিকদের বিদেশ যাওয়ার রীতিটাও বন্ধ করেছিলেন তিনি। গত পাঁচ মাসে সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে কোনো কথাও তিনি বলেননি। এর পরিবর্তে টুইটার, ফেইসবুক, ব্লগ এসবই ছিল তার মাধ্যম।

দীপাবলি উপলক্ষ্যে সেই মোদীই এবার মুখোমুখি হন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক ও চিত্রসাংবাদিকদের।ভাইফোঁটার সকালটা তিনি কাটান খবরের লোকদের সঙ্গে আলাপচারিতা আর ছবি তুলে। সাংবাদিকদের সঙ্গে মোবাইলে নিজের ছবি তোলাসহ ক্যামেরা হাতে নিয়ে চিত্রসাংবাদিকদেরও ছবি তুলে দেন তিনি।

মঞ্চে সাংবাদিকদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তৃতা দিয়েছেন মোদী। তাদেরকে ভাই-বোন সম্বোধন করে মোদী জানান, সরকার আর সংবাদমাধ্যমের কাজের মধ্যে অংশীদারিত্বের সম্পর্ক গড়তে চান তিনি। উন্নয়নের আন্দোলনে সংবাদমাধ্যমকে সামিল করার কথাও বলেন মোদী। ভূয়সী প্রশংসা করেন পরিচ্ছন্নতা অভিযান নিয়ে সংবাদমাধ্যমের অবিরাম প্রচারের।

মোদী মঞ্চ থেকে নেমে এলে উৎসাহী কয়েকজন সাংবাদিক তার সঙ্গে ‘সেলফি’ তুলতে শুরু করেন। মোদী তাদের কাউকেই হতাশ করেননি।

সেলফিসহ প্রধানমন্ত্রীর প্রতিটি পদক্ষেপই যখন ক্যামেরাবন্দী হচ্ছিল তখন হঠাৎই সবাইকে চমকে দিয়ে মোদী এক চিত্রসাংবাদিক অজয় কুমার সিং এর ক্যামেরাটি নিয়ে তার একটি ছবি তুলে দেন।