বেতারে ‘মনের কথা’ বললেন মোদী
ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো বেতার স্টেশন থেকে ভাষণ দিলেন বিজেপি নেতা নরেন্দ্র মোদী।
শুক্রবার বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, ভারতের প্রত্যন্ত অঞ্চলসহ দেশটির কোটি কোটি বাসিন্দার কাছে নিজের বার্তা পৌঁছাতেই মোদি ভাষণ নিয়ে বেতারে হাজির হন।
রাষ্ট্র পরিচালিত ‘অল ইন্ডিয়া রেডিও স্টেশনে’ (এআইআর) সম্প্রচারিত এ ভাষণের শিরোনাম ছিল ‘মন কি বাত’ বা মনের কথা। দেশের ‘এফএম রেডিও স্টেশন’ ও ‘কম্যুনিটি রেডিও’তে ওই ভাষণ প্রচার হয়।
ভারতের সরকারি-বেসরকরি টিভিগুলোতে মোদীর বেতার ভাষণ দেখানো হয়।
গত লোকসভা নির্বাচনে বিপুল জনপ্রিয়তা নিয়ে এককভাবে ভারতের ক্ষমতায় আসা হিন্দু জাতীয়তাবাদী নেতা মোদী জনগণের আরো কাছাকাছি যেতে এ ধরনের ভাষণ প্রচলন করেছেন বলে জানান হয় খবরে।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় মোদী। ট্যুইটারে প্রায় ৬১ লাখ এবং ফেইসবুকে দুই কোটিরও বেশি অনুসারী রয়েছে তার।
শুক্রবার বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে জনগণের উদ্দেশ্যে মনের কথা বলা শুরু করেন মোদী। এর মধ্য দিয়ে সবার কাছে বিশেষত, দরিদ্র জনগোষ্ঠী এবং গ্রামের মানুষের কাছেও পৌঁছতে পারবেন জানিয়ে আনন্দ প্রকাশ করেন তিনি।
মাসে অন্তত দুই/একবার এভাবে ভাষণ নিয়ে রেডিওতে হাজির হবেন বলে আশ্বাস দেন মোদী।
তিনি বলেন, “এটা আমার ধারাবাহিক বক্তব্যের প্রথম পর্ব। প্রতিমাসে যেকোনো দুটি শনিবার এভাবে ভাষণ দেয়ার চেষ্টা করব।”
বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, প্রচার-প্রচারণায় প্রতিবছর এক কোটি রুপি খরচ করে ভারত সরকার।
‘অল ইন্ডিয়া রেডিও’র ওয়েব সাইটের তথ্যানুযায়ী, ৪১৩টি সম্প্রচার কেন্দ্র থেকে ভারত জুড়ে তাদের প্রচারণা চলে। দেশটির ৯৯ দশমিক ১৯ শতাংশ মানুষের কাছে অল ইন্ডিয়া বেতার বার্তা পৌঁছে।
